দ্বিতীয় ওয়ানডের শুরু থেকে শেষ: ব্যাটিং বিপর্যয়ে ১৩ রানে হার বাংলাদেশের

হারারেতে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচের লাইভ বিবরণী ও বিশ্লেষণ জানতে চােখ রাখুন এখানে।

Jul 9, 2026 - 23:06
 0  0
দ্বিতীয় ওয়ানডের শুরু থেকে শেষ: ব্যাটিং বিপর্যয়ে ১৩ রানে হার বাংলাদেশের

স্বাগতম

হারারেতে আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৫ রানে হারে মেহেদী হাসান মিরাজের দল। আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।

টস

টস জিতেছে বাংলাদেশ। ফিল্ডিং বেছে নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি জানিয়েছেন, শুরুর ১০ ওভার কাজে লাগাতে চান তারা।

একাদশে নেই মোস্তাফিজ

প্রথম ওয়ানডের একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান নেই আজ। তাঁর বদলে একাদশে ঢুকেছেন আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, নুরুল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

উইকেট

প্রথম ওভারে কোনো রান দেননি তাসকিন আহমেদ। তাঁর দুর্দান্ত এক ডেলেভারিতে বোল্ড হয়ে গেছেন ব্রায়ান বেনেট। রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে।

তাসকিনের দুই

উইকেট মেডেন করে গিয়েছিলেন আগের ওভারে। এবার তাসকিনের হাত ধরে এল দ্বিতীয় উইকেটও। তাঁর বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন ইনোসেন্ট কাইয়া।

৩ ওভারে ৮ রান তুলতে গিয়ে ২ উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। তারা চাপে আছে।

এবার নাহিদ

তাসকিনের দুই উইকেট পর এবার আঘাত নাহিদ রানার। তাঁর ইয়র্কারে বোল্ড হয়ে গেছেন ক্রেইগ আরভিন।

জুটি ভাঙল...

দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল জিম্বাবুয়ে। দলটিকে আশা দেখাচ্ছিলেন বেন কারান ও ওয়েসলি মাধাভেরে। তবে এবার জুটি ভেঙে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাঁর বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন মাধাভেরে। কারানের সঙ্গে ৪৫ বলে ৩৪ রানের জুটি ছিল তাঁর।

জিম্বাবুয়ে এখন ১৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে।

আবার মিরাজ

আগের জুটিটা বড় হওয়ার আগেই ভেঙে দিয়েছিলেন মিরাজ। পরে কারানের সঙ্গী হন সিকান্দার রাজা। তাদের জুটি বড় হয়ে গিয়েছিল আরও। ৯৫ বলে ৬৯ রানের এই জুটিটিও ভেঙেছেন মিরাজ। তাঁর বল কাভারের উপর দিয়ে তুলে মারতে গিয়েছিলেন রাজা। ৫৫ বলে ৩৩ রান করে তিনি ক্যাচ দিয়েছেন মোসাদ্দেক হোসেনের হাতে।

জিম্বাবুয়ে: ৩৩ ওভারে ১৩৪/৫

রিশাদের উইকেট

একটু আগেই তাঁর বলে ক্যাচ ছেড়ে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে রিশাদ হোসেনের উইকেটের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ক্লিভে মান্দান্ধে তাঁর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে থাকা বেন কারান অবশ্য আরেকপ্রান্তে অপরাজিত এখনও, ৭৭ রান করেছেন তিনি।

জিম্বাবুয়ে: ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান

কারানের সেঞ্চুরি

দুর্দান্ত একটা ইনিংসই খেললেন বেন কারান। আরেক প্রান্তের ব্যাটসম্যানরা যেখানে আসা–যাওয়ার মিছিলে, সেখানে একপ্রান্ত আগলে রেখেছেন— সচল রেখেছেন রাচেনে চাকাও। তাসকিন আহমেদকে পরপর দুই বলে চার মেরে ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ হয়েছে কারানের।

জিম্বাবুয়ে: ৪৫.৩ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান

বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান

আগের ম্যাচে ১৪২ রানই করতে পারেনি বাংলাদেশ। আজ তা ছাড়িয়ে আরও অনেক দূর গিয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে তারা। সেঞ্চুরি করা বেন কারানই দলকে টেনেছেন পুরো পথ। তাঁর সঙ্গী হয়ে শেষদিকে ঝড় তোলেন ব্রেড ইভান্সও, তাসকিনের শেষ ওভারে ২২ রান আনেন তিনি। ৩৮ বলে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৮ রান। কারানও শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ১৩৫ বলে ১১১ রান করে।

৩ ওভার...

বাংলাদেশের রান তাড়ার ৩ ওভার গেছে। বাংলাদেশ করেছে ১৩ রান। দুই ওপেনার একটু সতর্ক আছেন, শুরুতে উইকেট দিতে চাইছে না বাংলাদেশ। ৮ বলে ৫ রান করেছেন সৌম্য, ১৯ বলে ৫ রান করেছেন তানজিদ হাসান।

আউট!

বলতে বলতেই আউট হয়ে গেলেন সৌম্য সরকার। মুজারাবানির হঠাৎ লাফিয়ে উঠা বলটা ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর ব্যাটের কানা ছুয়ে ক্যাচ গেছে স্লিপে।

১৩ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। সামনে ২৪৮ রানের লক্ষ্য।

জুটি হলো না

সৌম্যর বিদায়ের পর নাজমুল হোসেন ও তানজিদ হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু এই জুটিও বড় হলো না। প্রথম ওভারে বল করতে এসেই উইকেট পেয়েছেন ক্রেইগ আরভিন। ১৬ বলে ৯ রান করে ক্যাচ দিয়ে আউট হয়েছেন নাজমুল।

৯ ওভারে বাংলাদেশের রান এখন ৩৮, উইকেট নেই দুটি।

পঞ্চাশ পার

পঞ্চাশ পেরিয়েছে বাংলাদেশ। তানজিদের নতুন সঙ্গী তাওহিদ হৃদয়। দুজনের ব্যাটেই নতুন করে আশা দেখছে বাংলাদেশ। তানজিদ ৪৩ বলে করেছেন ৩৩ রান। হৃদয় ৯ বলে করেছেন ৩ রান।

তানজিদের পঞ্চাশ

তানজিদের ফিফটি। ২ উইকেট যাওয়ার পর তাঁর সঙ্গে হৃদয়ের জুটিতেই জয়ের আশা দেখছে বাংলাদেশ। এখনও অবশ্য ওভারপ্রতি প্রায় সাড়ে পাঁচ গড়ে রান দরকার তাদের। হৃদয় ও তানজিদের এখনও তাড়াহুড়ো নেই, তারা খেলছেন স্বাচ্ছন্দ্যে।

বাংলাদেশ : ২১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৫।

তানজিদ আউট!

জিম্বাবুয়ের পেসারদের কঠিন সময়টা পার করে দিয়েছিলেন। ফিফটি পেয়ে যাওয়া তানজিদ খেলছিলেন স্বাচ্ছন্দ্যেই। কিন্তু তিনি কি না উইকেট দিয়ে এলেন ব্রায়ান বেনেটকে! ১২ ওয়ানডের ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার বল হাতে নিয়েছিলেন তিনি, আজ পেলেন প্রথম উইকেট। তাঁর বলে বোল্ড হয়েছেন তানজিদ।ভেঙে গেছে তাঁর সঙ্গে তানজিদের ১০৭ বলে ৮৪ রানের জুটি।

বাংলাদেশ: ২৭ ওভারে ১২৩/৩। জয়ের জন্য দরকার আরও ১২৫ রান।

হৃদয়...

ফিফটি পেলেন তাওহিদ হৃদয়। তানজিদ আউট হওয়ার পর নুরুল হাসানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন তিনি। কিন্তু হুট করেই তিনি ক্যাচ তুলে দিলেন! ৮০ বলে ৭৭ রান দরকার। হাতে আছে ৬ উইকেট।

এবার মোসাদ্দেক!

হুট করে বিপদে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেন আউট হয়ে গেছেন। ব্লেসিং মুজারাবানির বলে মিড অনে ক্যাচ দিয়েছেন ৯ বলে ৭ রান করে। ৫ উইকেট নেই! এখন শেষ ভরসা মিরাজ আর নুরুল। জয়টাও এখনও অনেক দূর। ৭৪ বলে দরকার ৭২ রান।

হঠাৎ হারের দরজায়

হঠাৎ করেই খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ৭ উইকেট নেই তাদের। সর্বশেষ রিশাদ হোসেন আউট হয়েছেন। এখনও জয়ের জন্য ২৭ বলে ২৯ রান দরকার। বাংলাদেশ পারবে তো?

বাংলাদেশের হার

টেস্টের মতো দুটি ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারল বাংলাদেশ। ২ উইকেটে ১১৩ রান করে ফেলেছিল তারা। সেখান থেকে জিম্বাবুয়ের দেওয়া ২৪৮ রান তাড়া করতে নামা বাংলাদেশ ম্যাচটা হেরেছে ১৩ রানে। প্রথম দুটি ম্যাচই হেরে সিরিজটাও হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow