কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড
ফিফা বিশ্বকাপ ২০২৬–এর মাঠের লড়াই, ম্যাচের ফলাফল ও পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থা জানতে চোখ রাখুন এখানে।
কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
বৃহস্পতিবার, ৯ জুলাই
ফ্রান্স বনাম মরক্কো
বাংলাদেশ সময় রাত ২টা
ভেন্যু: জিলেট স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস
শুক্রবার, ১০ জুলাই
স্পেন বনাম বেলজিয়াম
বাংলাদেশ সময় রাত ১টা
ভেন্যু: সোফি স্টেডিয়াম, ইনগলউড, ক্যালিফোর্নিয়া
শনিবার, ১১ জুলাই
নরওয়ে বনাম ইংল্যান্ড
বাংলাদেশ সময় রাত ৩টা
ভেন্যু: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস
রোববার, ১২ জুলাই
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড
বাংলাদেশ সময় সকাল ৭টা
ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি
ভাগ্য হাসল সুইসদের পক্ষে
সুইজারল্যান্ড ০ : ০ কলম্বিয়া (টাইব্রকোরে সুইজারল্যান্ড ৪–৩ গোলে জয়ী)
পেনাল্টি শুটআউট আসলে অনেকটাই ভাগ্যের খেলা। সেখানে যেমন ছিল কয়েকটি হতাশাজনক শট, তেমনি ছিল দুর্দান্ত আত্মবিশ্বাসে নেওয়া কিছু পেনাল্টিও।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পেনাল্টিটি নিয়েছেন রুবেন ভার্গাস। দারুণ ঠান্ডা মাথায় বল জড়িয়ে দেন জালের কোণায়। সেই গোলেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে সুইজারল্যান্ড।
এই জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেল সুইজারল্যান্ড। আগামী ১২ জুলাই রোববার সকাল ৭টায় মুখোমুখি হবে দুই দল।
টাইব্রেকারে সুইজারল্যান্ডের বাজিমাত
নির্ধারিত সময় ০ : ০ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৪–৩ গোলে জিতেছে সুইজারল্যান্ড
কলম্বিয়ার প্রথম শট : গোল।
সুইজারল্যান্ডের প্রথম শট : গোল। কলম্বিয়া ১ : ১ সুইজারল্যান্ড।
কলম্বিয়ার দ্বিতীয় শট : মিস।
সুইজারল্যান্ডের দ্বিতীয় শট : গোল। কলম্বিয়া ১ : ২ সুইজারল্যান্ড।
কলম্বিয়ার তৃতীয় শট : গোল।
সুইজারল্যান্ডের তৃতীয় শট : মিস। কলম্বিয়া ২: ২ সুইজারল্যান্ড।
কলম্বিয়ার চতুর্থ শট : মিস।
সুইজারল্যান্ডের চতুর্থ শট : গোল। কলম্বিয়া ২: ৩ সুইজারল্যান্ড।
কলম্বিয়ার পঞ্চম শট : গোল।
সুইজারল্যান্ডের চতুর্থ শট : গোল। কলম্বিয়া ৩: ৪ সুইজারল্যান্ড।
পেনাল্টিতে কলম্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচের ভাগ্য
১২০ মিনিটেও গোল এল না কলম্বিয়া–সুইজারল্যান্ড ম্যাচে। দুই দলই সুযোগ পেয়েছিল, কিন্তু ফিনিশিং দুর্বলতার কারণে পায়নি গোলের দেখা। এখন টাইব্রেকারেই নির্ধারিত হবে ভাগ্য।
যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা বরখাস্ত
বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত করেছে ফিফা।
বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন যুক্তরাষ্ট্র দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল।
তবে ঠিক কী কারণে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ফিফা।
৯০ মিনিটে হলো না, অতিরিক্ত সময়ে কলম্বিয়া–সুইজারল্যান্ড ম্যাচ
এই বিশ্বকাপের শেষ ষোলোতে এবারই প্রথম, আর একমাত্র ম্যাচ হিসেবে গড়াল অতিরিক্ত সময়ে।
৯০ মিনিটের এই গোলশূন্য ড্র যেন গোলশূন্য ম্যাচেরও চূড়ান্ত উদাহরণ। অল্প কিছু মুহূর্ত ছাড়া পুরো সময়জুড়ে একেবারেই নিষ্প্রাণ, নিরস এক লড়াই।
গোলের খোঁজে কলম্বিয়া–সুইজারল্যান্ড
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিট পর্যন্ত গোলশূন্য অবস্থায় আছে কলম্বিয়া–সুইজাল্যান্ড ম্যাচ। দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, কিন্তু গোল পায়নি কোনো দলই।
সমতায় বিরতিতে সুইজারল্যান্ড–কলম্বিয়া
সুইজারল্যান্ড ০ : ০ কলম্বিয়া (হাফ টাইম)
প্রথমার্ধে আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল কলম্বিয়ার। তারা বেশি শট নিয়েছে, আদায় করেছে বেশি কর্নার এবং প্রতিপক্ষের বক্সেও বল ছুঁয়েছে অনেক বেশি।
কলম্বিয়ার লাগাতার চাপে সুইজারল্যান্ডকে ১৭ বার বল ক্লিয়ার করতে হয়েছে। বিপরীতে কলম্বিয়াকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে মাত্র পাঁচবার।
এ যেন পুরো বিশ্বকাপজুড়ে কলম্বিয়ার পরিচিত চিত্র। ম্যাচে আধিপত্য দেখালেও সুযোগগুলো কাজে লাগাতে না পারায় তারা প্রতিপক্ষকে পুরোপুরি ছিটকে দিতে পারছে না।
এখন দেখার বিষয়, দ্বিতীয়ার্ধে তারা এই দাপট ধরে রেখে গোল আদায় করতে পারে কি না।
জমছে কলম্বিয়া–সুইজারল্যান্ড
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে এখন লড়ছে কলম্বিয়া–সুইজারল্যান্ড। ম্যাচের প্রথম হাইড্রেশন ব্রেকের আগে দুই দলই আক্রমণ, প্রতি–আক্রমণে লড়াই জমিয়ে তুলেছে। একাধিকবার কাছাকাছি গেলেও এখনো গোল পায়নি কোনো দল।
আর্জেন্টিনা ৩–২ মিসর (ফুল টাইম)
শেষ বাঁশি বাজল যোগ করা সময়ের ১২তম মিনিটে। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে আর্জেন্টিনা উঠে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
কাঁদছেন মেসি। সতীর্থদের আলিঙ্গনে সেই কান্না যেন আরও বেড়ে চলেছে। মেসি কাঁদছেন দর্শকের দিকে তাকিয়েও।
৭৮ মিনিট পর্যন্ত ২–০ গোলে পিছিয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে বিদায়ের পথ ছিল মাত্র কয়েক মিনিট দূরে। এরপরই আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তন, আর তা মেসির হাত ধরেই।
৭৯তম মিনিটে মেসির অ্যাসিস্টে একটি গোল শোধ দিলেন ক্রিস্টিয়ান রোমেরো। ৮৩ মিনিটে ম্যাচে সমতা নিয়ে এলেন মেসি নিজেই। মূলত, তখনই ‘লাইফলাইন’ পেয়ে যায় আর্জেন্টিনা, জেগে ওঠে মেসির বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনাও।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাওতারো মার্তিনেজের ক্রসে এনজো ফার্নান্দেজের হেড করে দেয় বাকি কাজটা। ৩–২ গোলে জিতে আর্জেন্টিনা উঠে গেল কোয়ার্টার ফাইনালে, মেসিও বিশ্বমঞ্চে টিকে থাকলেন আরও কিছুটা সময়।
আর্জেন্টিনার অবিশ্বাস্য ফেরা
২–০ গোলে ৩–২ করল আর্জেন্টিনা। দুর্দান্ত এক প্রতি আক্রমণে লাওতারোর মার্তিনেজের ক্রসে হেডে গোলটি করেছেন এনজো ফার্নান্দেজ।
ম্যাচে ফিরল আর্জেন্টিনা
আর্জেন্টিনা ২ : ২ মিসর
আর্জেন্টিনাকে আবারও বাঁচালেন মেসিi! দুই গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ম্যাচে ফিরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আক্রমণ গড়ে তোলার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লাওতারো মার্তিনেজ। বলটি বদলি খেলোয়াড় গনসালো মন্তিয়েলের গায়ে লেগে চলে আসে মেসির সামনে। সুযোগ পেয়েই শট নেন তিনি। মিসরের গোলরক্ষক মোস্তাফা শোবাইর বলে হাত ছোঁয়াতে পারলেও তা পুরোপুরি ঠেকাতে পারেননি। বল ক্রসবারের নিচের অংশে লেগে জালে জড়িয়ে যায়।
এবারের বিশ্বকাপ যেন একের পর এক রোমাঞ্চকর নাটকের জন্ম দিয়েই চলেছে।
আর্জেন্টিনা ১ : ২ মিসর
এখনও সব শেষ হয়ে যায়নি।
৭৯ মিনিটে ডান প্রান্ত থেকে দুর্দান্ত এক ক্রস ভাসিয়ে দেন লিওনেল মেসি। সেই বলের দারুণ ব্যবহার করেন ক্রিস্টিয়ান রোমেরো। কোনো বাধা ছাড়াই জোরালো হেডে বল পাঠিয়ে দেন জালে।
অবশেষে শোবেরের জাল ভেদ করেছে আর্জেন্টিনা। ম্যাচে ফেরার আশা জিইয়ে রাখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
অবিশ্বাস্য, ২–০ গোলে পিছিয়ে আর্জেন্টিনা
এবার আর কোনো সন্দেহ নেই। ২–০ গোলের লিডটা নিয়েই ছাড়ল মিসর। গোল করেছেন মোস্তাফা জিকো। অবিশ্বাস্য এক গল্পের জন্ম দিচ্ছে মিসর।
গোলটিও ছিল দারুণ। ‘ক্লাসিক কাউন্টার অ্যাটাকে’ আক্রমণের সূচনা করেন মোহাম্মদ সালাহ। তিনি ডান প্রান্তে বল বাড়িয়ে দেন দুর্দান্ত খেলতে থাকা হাইসেম হাসানের কাছে। হাসান নিচু ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মাঝখানে, আর কোনো মার্কিং ছাড়াই থাকা জিকো সহজ এক শটে বল জালে পাঠান।
শিরোপাধারী আর্জেন্টিনা এখন ভয়ংকর চাপে। তারা ইতোমধ্যেই দুই গোলে পিছিয়ে পড়েছে।
ফাউলের কারণে বাতিল হলো মিসরের গোল
আর্জেন্টিনা ০ : ১ মিসর
মিসরের গোলের ঠিক আগে দেখা যায়, আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজর এর পায়ের ওপর দাঁড়িয়ে ছিলেন মারওয়ান আত্তিয়া।
ভিএআরের দ্রুত হস্তক্ষেপের পর ঘটনাটি ফাউল হিসেবে ধরা হয় এবং শেষ পর্যন্ত মিসরের গোলটি বাতিল করে দেন রেফারি।
আর্জেন্টিনা ০ : ১ মিসর (হাফ টাইম)
প্রথমার্ধের বাঁশি বাজল। পিছিয়ে থেকে মাঠ ছাড়ল আর্জেন্টিনা। ৪৫ মিনিটের খেলায় ৬০ শতাংশ বলই ছিল স্কালোনির দলের দখলে, সবচেয়ে বেশি ৭টি শটও। তবে দুটি শট নিয়েই ম্যাচে এগিয়ে মিসর।
৩৯ মিনিট: আলভারেজকেও ফেরালেন শোবের!
আর্জেন্টিনা ০–১ মিসর
মিসরের বক্সে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন হুলিয়ান আলভারেজ। নিখুঁত নিয়ন্ত্রণে গোলপোস্টের মাঝ বরাবর নিচু শটও নিয়েছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু আজ যেন অতিমানবীয় ফর্মে আছেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের। শেষ মুহূর্তের এক দুর্দান্ত ও অবিশ্বাস্য সেভে এবারও আর্জেন্টিনাকে গোলের আনন্দ থেকে বঞ্চিত করলেন তিনি। প্রথমার্ধ শেষের দিকে, কিন্তু এখনো লিড ধরে রেখেছে মিসর।
৩১ মিনিট: মেসির বুলেট গতির শট প্রতিহত পোস্টে!
আর্জেন্টিনা ০–১ মিসর
আজ ভাগ্যটাও যেন আর্জেন্টিনার সঙ্গে নেই! পেনাল্টি মিসের পর এবার ব্যবধান কমানোর অবিশ্বাস্য এক সুযোগ হাতছাড়া হলো লিওনেল মেসির। বক্সের বেশ কিছুটা দূর থেকে বাঁ পায়ের এক দুর্দান্ত বুলেট গতির শট নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। মিসরীয় গোলকিপারকে পরাস্ত করলেও তাঁর সেই বজ্রবিদ্যুৎ গতির শটটি এবার সাইড পোস্টে লেগে ফিরে আসে। গোলপোস্টের বাধায় সমতায় ফেরা হলো না আলবিসেলেস্তেদের।
আর্জেন্টিনা ০–১ মিসর
২৮ মিনিট: ম্যাক আলিস্টারের দারুণ হেড রুখে দিলেন শোবের!
সমতায় ফিরতে মরিয়া আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করে যাচ্ছে। এবার মিসরীয় ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সে আসা একটি চমৎকার ক্রসে মাথা ছুঁইয়েছিলেন আলেক্সিস ম্যাক আলিস্টার। তাঁর নেওয়া হেডটি পোস্টের মাঝ বরাবর জালের দিকেই যাচ্ছিল। কিন্তু আজ যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন মিসরের গোলকিপার মোস্তফা শোবের। দুর্দান্ত রিফ্লেক্সে দারুণ এক সেভ করে এবারও আর্জেন্টিনাকে হতাশ করলেন তিনি।
পেনাল্টিতে মেসির এ কী হতশ্রী রেকর্ড!
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের নামের পাশে এই পরিসংখ্যান আসলেই বড্ড বেমানান! বিশ্বকাপে এই নিয়ে মোট ৮টি পেনাল্টি নিলেন লিওনেল মেসি। আর তার মধ্যে ৪টিই মিস! বিশ্বমঞ্চে নেওয়া তাঁর স্পট কিকের অর্ধেকই জালে জড়াতে ব্যর্থ হয়েছেন এই মহাতারকা। ১২ গজ দূরত্বের এই স্নায়ুযুদ্ধে মেসির এমন রেকর্ড আসলেই অবিশ্বাস্য।
টেলিভিশন চ্যানেল আইটিভির তথ্য অনুযায়ী, বিশ্বকাপে এক অনন্য ও অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন লিওনেল মেসি। চলতি আসরে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিসের পর আজ মিসরের বিপক্ষেও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হলেন তিনি। এর মাধ্যমে (টাইব্রেকার বাদে) বিশ্বকাপের একই আসরে দুটি পেনাল্টি মিস করা ইতিহাসের প্রথম খেলোয়াড় হলেন মেসি।
১৯ মিনিট: পেনাল্টি মিস মেসির! সমতায় ফেরা হলো না আর্জেন্টিনার
আর্জেন্টিনা ০–১ মিসর
নাটক, চরম নাটক মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে! এবার পেনাল্টি পেল আর্জেন্টিনা। মিসরের হাইসেম হাসান বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে বক্সের ভেতর ফাউল করে বসেন আর্জেন্টাইন খেলোয়াড়কে। রেফারি ফ্রঁসোয়া ল্যতেক্সিয়ে বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দিতে একদমই দেরি করেননি।
স্পট কিক থেকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। শট নিতে এসেছিলেন খোদ অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ডান দিকের নিচু কোণ ঘেঁষে নেওয়া মেসির শটটি দুর্দান্ত দক্ষতায় রুখে দিলেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের! মেসির মনের কথা যেন আগেই পড়ে ফেলেছিলেন শোবের, নিখুঁত টাইমিংয়ে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দিলেন নিশ্চিত গোল। হতাশায় পুড়ল আর্জেন্টিনা, উল্লাসে মাতল মিসর!
১৫ মিনিট: গোল! এগিয়ে গেল মিসর
শর্ট কর্নার থেকে দারুণ এক আক্রমণ সাজাল মিসর। বল পেয়ে চমৎকারভাবে বক্সে ক্রস বাড়ালেন মারওয়ান আত্তিয়া। আর সেখানে লিসান্দ্রো মার্তিনেজকে বাতাসে পরাস্ত করে নিখুঁত টাইমিংয়ে লাফিয়ে উঠলেন ইয়াসের ইব্রাহিম। বুলেট গতির এক হেডে বল পাঠিয়ে দিলেন দূরের পোস্টে! এমিলিয়ানো মার্তিনেজের কিছুই করার ছিল না।
এলোমেলো আর্জেন্টিনা
শুরুর ১০ মিনিট কিছুটা এলোমেলো খেলেছে আর্জেন্টিনা। মাঝমাঠে বল হারিয়েছে, ভুল পাস খেলছে।
ম্যাচের আগে কিছু জানা-অজানা তথ্য:
দুই দলের আগের দুই দেখাতেই জিতেছে আর্জেন্টিনা। প্রথম দেখা হয়েছিল প্রায় এক শতাব্দী আগে, ১৯২৮ অলিম্পিকের সেমিফাইনালে মিসরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল আলবিসেলেস্তেরা। আর শেষ দেখায়, ২০০৮ সালের মার্চে কায়রোতে এক প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
বিশ্বকাপে আফ্রিকান দেশগুলোর বিপক্ষে টানা ৮ ম্যাচ জিতেছে লা আলবিসেলেস্তেরা। শুধু তা-ই নয়, এই ৮ ম্যাচের শেষ ৬টিতেই প্রথমার্ধে এগিয়ে ছিল আর্জেন্টিনা।
বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান কোনো দলের বিপক্ষে মিসর খেলেছে কেবল একটি ম্যাচ। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বের সেই ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরেছিল তারা।
আর্জেন্টিনা দলে তিন পরিবর্তন
মিসরের বিপক্ষে হাইভোল্টেজ এই ম্যাচের আগে আর্জেন্টিনার শুরুর একাদশ নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগের ম্যাচ থেকে আজ একাদশে আসছে তিনটি পরিবর্তন।
ইনজুরি কাটিয়ে ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো ফিরছেন শুরুর একাদশে। গত ম্যাচে তাঁর জায়গায় খেলা ফাকুন্দো মেদিনা পেশিতে টান পড়ায় আজ বেঞ্চে থাকছেন।
আক্রমণভাগেও বড় বদল। প্রথম চার ম্যাচে মূল একাদশে থাকা লাওতারো মার্তিনেজ আজ জায়গা ছেড়ে দিচ্ছেন হুলিয়ান আলভারেজের জন্য। জর্ডানের বিপক্ষে পেনাল্টিতে গোল করলেও শেষ ৩২-এর ম্যাচে চেনা ছন্দে ছিলেন না লাওতারো। অন্যদিকে বাঁ পায়ের গোড়ালির চোট কাটিয়ে ফিরেই আজ শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন তরুণ আলভারেজ।
তৃতীয় পরিবর্তনটি এসেছে মাঝমাঠে। কেপ ভার্দের বিপক্ষে মিডফিল্ডে ছন্দের অভাব থাকায় আজ শুরু থেকেই খেলবেন লিয়ান্দ্রো পারেদেস। গত ম্যাচে বদলি নেমে দারুণ খেলেছিলেন বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। তাঁর অন্তর্ভুক্তিতে একাদশ থেকে বাদ পড়েছেন থিয়াগো আলমাদা।
পারেদেস আজ খেলবেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। ফলে এত দিন এই ভূমিকায় থাকা আলেক্সিস ম্যাক আলিস্টার কিছুটা ওপরে উঠে খেলার স্বাধীনতা পাবেন। মাঝমাঠে তাঁর সঙ্গী হিসেবে থাকছেন এনজো ফার্নান্দেজ।
আর্জেন্টিনার শুরুর একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
মিসর ম্যাচের আগে যা বললেন আর্জেন্টিনা কোচ
আটলান্টায় আজ বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোয় মিসরের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমার মনে হয় এই বিশ্বকাপ সবার জন্যই খুব কঠিন। এখানে স্পষ্ট ফেবারিট দল কেউ নেই।’
স্কালোনি এরপর বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগে যেমনটা দেখা যেত, এবার তেমন নিশ্চিত ফেবারিট কোনো দল নেই। কন্ডিশনও আগের আসরগুলোর চেয়ে অনেক আলাদা। আমি বুঝতে পারছি যে বেশির ভাগ খেলোয়াড়কেই প্রচুর ম্যাচ খেলতে হয়েছে, যার ধকল তাঁদের পায়ের ওপর দিয়ে যাচ্ছে। সম্ভবত এ কারণেই খেলার মানটা ঠিক তেমন হচ্ছে না, যেমনটা আমরা সচরাচর দেখে অভ্যস্ত। মূল চার-পাঁচটি ফেবারিট দল টিকে থাকার পরও, বিশ্বকাপ শুরুর আগে তাদের কাছ থেকে যেমন ফুটবল আশা করা হয়েছিল, তারা তেমনটা খেলতে পারছে না।’
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম
বেলজিয়াম ৪: ১ যুক্তরাষ্ট্র (ফুল টাইম)
নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো যুক্তরাষ্ট্রকে। সিয়াটলে বেলজিয়ামের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে শেষ হলো স্বাগতিকদের স্বপ্নযাত্রা।
মরিসিও পচেত্তিনোর দল টুর্নামেন্টের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে দারুণ ছাপ রেখেছিল। কিন্তু অনেক বেশি গোছানো ও উন্নত বেলজিয়ামের বিপক্ষে সেই ছন্দ একেবারেই ধরে রাখতে পারেনি তারা।
চার্লস ডি কেটেলার প্রথমার্ধে জোড়া গোল করেন। এর মাঝেই মালিক টিলম্যানের ফ্রি-কিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে একবার সমতায় ফিরেছিল যুক্তরাষ্ট্র। তবে এরপর গোলরক্ষক ম্যাট ফ্রিজ বল নিয়ন্ত্রণে অযথা দেরি করে বড় ভুল করেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান হান্স ভানাকেন।
যোগ করা সময়ে রোমেলু লুকাকুর গোল যুক্তরাষ্ট্রের হতাশা আরও বাড়িয়ে দেয়।
এই হারের মধ্য দিয়ে শেষ ষোলো থেকেই বিদায় নিল তিন স্বাগতিক দেশই। অন্যদিকে বেলজিয়াম উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। শেষ চারে ওঠার লড়াইয়ে লস অ্যাঞ্জেলেসে তাদের প্রতিপক্ষ হবে স্পেন।
লুকাকুর গোলে ব্যবধান আরও বাড়ল
বেলজিয়াম ৪ : ১ যুক্তরাষ্ট্র
বেলজিয়ামের বিপক্ষে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচের বেলজিয়ামের হয়ে ৯৩ মিনিটে চতুর্থ গোলটি করেন রোমেলু লুকাকু।
নিজেদের ভুলে আরও পিছিয়ে যুক্তরাষ্ট্র
বেলজিয়াম ৩ : ১ যুক্তরাষ্ট্র
একেবারে অবিশ্বাস্য ভুলে গোল হজম করল যুক্তরাষ্ট্র!
বল ক্লিয়ার করতে পেনাল্টি বক্স ছেড়ে অনেক দূর পর্যন্ত বেরিয়ে এসেছিলেন গোলরক্ষক ম্যাট ফ্রিজ। কিন্তু বলে তিনি ঠিকঠাক স্পর্শই করতে পারেননি। সেই সুযোগে ম্যাক্সিম ডি কুইপার বলটি নিজের নিয়ন্ত্রণে নেন।
তাঁর কাছ থেকে বল গিয়ে পড়ে হান্স ফানাকানের সামনে। তাঁর শটটি টিম রিম সহজেই ঠেকিয়ে দেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু তিনিও বল মিস করেন। শেষ পর্যন্ত বল গড়িয়ে জড়িয়ে যায় জালে।
একেবারেই এলোমেলো আর বিশৃঙ্খল এক মুহূর্ত—এমন ভুলের ব্যাখ্যা খুঁজে পাওয়াই কঠিন।
এগিয়ে থেকে বিরতিতে বেলজিয়াম
বেলজিয়াম ২ : ১ যুক্তরাষ্ট্র (হাফ টাইম)
চার্লস ডি কেটেলারের জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বেলজিয়াম। মালিক টিলম্যানের ফ্রি-কিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ানোর পর স্বাগতিক যুক্তরাষ্ট্র সমতায় ফিরেছিল। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ডি কেটেলার।
ম্যাচের শুরুতেই কাছ থেকে বল জালে ঠেলে বেলজিয়ামকে এগিয়ে দিয়েছিলেন ডি কেটেলার। পরে টিলম্যানের গোলে যুক্তরাষ্ট্র সমতা ফেরালেও অল্প সময়ের মধ্যেই হেডে নিজের দ্বিতীয় গোল করে আবারও বেলজিয়ামকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এর আগে ম্যাচের ৯ মিনিটে প্রথম গোলটি করেছিলেন তিনি।
২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র। এই ম্যাচের বিজয়ী শেষ আটে মুখোমুখি হবে স্পেনের।
তিন মিনিটে সমতা হারাল যুক্তরাষ্ট্র
দুর্দান্ত এক ফ্রি–কিক গোলে ৩১ মিনিটে যুক্তরাষ্ট্রকে সমতায় ফিরিয়েছিলেন মালিক টিলম্যান। কিন্তু ৩৩ মিনিটে বেলজিয়ামের হয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ব্যবধান ২–১ করেন চার্লস ডি কেটেলারা। 
বেলজিয়ামের লিড
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে গেল বেলজিয়াম। ম্যাচের ৯ মিনিটে গোলটি করেন চার্লস ডি কেটেলারা। বক্সের ভেতর বল পেয়েছে সহজেই জালে জড়ান এই ফরোয়ার্ড।
পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ
বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে হেরে বিদায়ের পর সরে দাঁড়িয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ।
সংবাদ সম্মেলনে স্প্যানিশ এই কোচ জানান, ‘পর্তুগালে আমি বিশ্বকাপ জিততে এসেছিলাম। সেটা হয়নি। এখন আর চালিয়ে যাওয়ার মানে হয় না। এখানেই আমার শেষ।’
যুক্তরাষ্ট্রের একাদশে সেই বালোগান
যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার জন্য ফিফাকে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বালোগান বসনিয়ার বিপক্ষে ম্যাচে তারিক মুহারোমোভিচকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেছিলেন। নিয়মানুযায়ী শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে তাঁর বসে থাকার কথা থাকলেও নজিরবিহীনভাবে ফিফা তা স্থগিত করেছে। আর এখন তিনি যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন বেলজিয়ামের বিপক্ষে। এখানে পড়ুন বালোগানকে নিয়ে ট্রাম্পের অনুরোধের খবর।
স্পেনের রেকর্ড
পর্তুগালের বিপক্ষে কোনো গোল হজম না করে ১–০ গোলে জিতেছে স্পেন। এটি ছিল বিশ্বকাপে টানা ষষ্ঠ ম্যাচ, যেখানে স্পেন কোনো গোল হজম করেনি। এবারের আসরে গ্রুপ পর্বে কেপ ভার্দে, উরুগুয়ে ও সৌদি আরব, শেষ বত্রিশে অস্ট্রিয়া এবং শেষ ষোলোয় পর্তুগাল তাদের জালে বল পাঠাতে পারেনি। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে খেলা সর্বশেষ ম্যাচেও মরক্কোর বিপক্ষে ক্লিনশিট রেখেছিল স্পেন (শেষে টাইব্রেকারে হেরেছিল)।
সব মিলিয়ে টানা ৬ ম্যাচ ও ১০ ঘণ্টা ৯ মিনিট ধরে স্পেন বিশ্বকাপে গোল হজম করেনি। এমন কীর্তি আর কারও নেই।
স্পেন ১ : ০ পর্তুগাল (ফুল টাইম)
কোয়ার্টার ফাইনালে উঠে গেল স্পেন, আর বিশ্বকাপ থেকে বিদায় নিল পর্তুগাল। এর মধ্য দিয়েই শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন। মিকেল মেরিনোর শেষ মুহূর্তে করা গোলটিই পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচের।
ম্যাচে দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। তবে পর্তুগালের চেয়ে স্পেনের দাপটই ছিল বেশি। একাধিকবার কাছাকাছি গিয়ে হতাশ হতে হয়েছে স্প্যানিশ ফরোয়ার্ডদের। ম্যাচজুড়ে আক্রমণে পিছিয়ে থাকলেও রক্ষণ ভালোই সামলেছিল পর্তুগাল। যদিও শেষ রক্ষা হয়নি। শেষ দিকে বদলি নামা মেরিনোর লক্ষ্যভেদে বিদায় নিশ্চিত হয় পর্তুগালের।
রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন কি শেষ হতে চলল
ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দিয়েছেন মিকেল মেরিনো। ফেরান তোরেসের কাছ থেকে বল পেয়ে গোলটি করেন এই বদলি তারকা।
গোলের খোঁজে পর্তুগাল–স্পেন
৬৮ মিনিটে হাইড্রেশন বিরতির সময়ও গোল পায়নি স্পেন–পর্তুগাল। দুই দলই সতর্ক হয়ে খেলছে। ম্যাচের বাকি সময়ে গোল আসবে তো? হাইড্রেশন বিরতির পর দুটি বদল এনেছে পর্তুগাল। উঠে গেছেন জোয়াও ফেলিক্স ও জোয়াও কানসেলো, আর নেমেছেন রাফায়েল লিয়াও এবং দিয়োগো দালত।
চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস
ইয়ামালকে ভালোই সামলাচ্ছিলেন নুনো মেন্দেস। কিন্তু চোট নিয়ে ম্যাচের ৫৬ মিনিটে মাঠ ছেড়েছেন তিনি। তাঁর বদলে মাঠে নেমেছেন নেলসন সেমেদো। মেন্দেসের চোট কি পর্তুগালের বিপদের কারণ হবে?
বিরতির আগের গোলহীন স্পেন–পর্তুগাল
পর্তুগাল ০ : ০ স্পেন (হাফ টাইম)
স্পেন–পর্তুগালের শেষ ষোলোর ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়েছে। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে দুই দলই দারুণ কিছু সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার। পর্তুগালের চেয়ে স্পেনের সামনেই অবশ্য এগিয়ে যাওয়ার বেশি সুযোগ এসেছিল। তবে সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি দে লা ফুয়েন্তের দল।
বিশেষ করে ম্যাচের ৯ মিনিটের মাথায় সূবর্ণ সুযোগ নষ্ট করেছেন মিকেল ওইয়ারসাবাল। গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মেরেছেন তিনি। প্রথমার্ধে নিচে নেমে আক্রমণ তৈরিতে ভূমিকা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বক্সের ভেতরও তুলনামূলক সক্রিয় ছিলেন তিনি।
রোনালদোর অ্যাক্রোবেটিক প্রচেষ্টা
৩৮ মিনিটে নীচে নেমে আক্রমণটা রোনালদোই তৈরি করেছিলেন। পরে জোয়াও ফেলিক্সের হেড স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন ফিরিয়ে দেন। এরপর বক্সের ভেতর দারুণ একটি অ্যাক্রোবেটিক প্রচেষ্টা নেন রোনালদো। তবে সেটিও ঠেকিয়ে দেন সিমন।
কস্তার ডাবল সেভ
১৭ মিনিটে স্পেনের আক্রমণে পরপর দুবার সেভ করে দলকে রক্ষা করেছেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা।
রদ্রি বল নিয়ে সামনে এগিয়ে যান। তিনি বল বাড়ান ডানদিকে থাকা লামিন ইয়ামালের কাছে। বাঁ পায়ে ভেতরে ঢুকে জোরালো শট নেন ইয়ামাল, তবে সেটি দারুণভাবে ঠেকিয়ে দেন উনাই সিমন।
ফিরে আসা বল পেয়ে আবার শট নেন আলেক্স বায়েনা। কিন্তু এবারও স্পেনকে হতাশ করেন সিমন, দুর্দান্ত এক সেভে রুখে দেন সেই প্রচেষ্টাও।
রোনালদোকে নিরাশ করলেন সিমন
১২ মিনিটে রোনালদোর শট ঠেকিয়ে দিয়েছেন উনাই সিমন। দারুণ এক আক্রমণে বল পেয়ে জোরাল শট নেন রোনালদো। কিন্তু সেটি ঠেকিয়ে দেন সিমন।
স্পেনের অবিশ্বাস্য মিস
ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল স্পেনের। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মেরেছেন মিকেল ওইয়ারসাবাল।
যে পথে শেষ ষোলোয় পর্তুগাল–স্পেন
পর্তুগাল বিশ্বকাপ অভিযান শুরু করে ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করে। এরপর উজবেকিস্তানকে উড়িয়ে দিলেও, পরের ম্যাচে আবার রোনালদোদের রুখে দেয় কলম্বিয়া। শেষ ৩২–এ পর্তুগাল হারায় ক্রোয়েশিয়াকে। এখন কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য তাদের সামনে অপেক্ষা করছে স্পেনের কঠিন চ্যালেঞ্জ।
অভিষিক্ত দল কেপ ভার্দের বিপক্ষে অপ্রত্যাশিত ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল স্পেন। তবে এরপর থেকে তারা নিজেদের ভয়ংকর রূপই দেখিয়েছে। বিশেষ করে শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা।
রোনালদোর লাস্ট ড্যান্স!
ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলে জেতার মতো প্রায় সবকিছুই জিতেছেন। শুধু সবচেয়ে বড় শিরোপাটিই এখনো অধরা। ৪১ বছর বয়সে এসে এটাই তাঁর শেষ সুযোগ। কারণ, তিনি নিজেই জানিয়েছেন—এটাই হবে তার শেষ বিশ্বকাপ। তাহলে কি রূপকথার মতো এক সমাপ্তি অপেক্ষা করছে রোনালদোর জন্য নাকি আজ রাতেই লেখা হবে বিদায়ী এপিটাফ।
পর্তুগাল ও স্পেনের একাদশে কারা
পর্তুগালের একাদশ
দিয়োগো কস্তা, জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, পেদ্রো নেতো, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স, ক্রিস্টিয়ানো রোনালদো।
স্পেনের একাদশ
উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি, দানি ওলমো, লামিন ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল, আলেক্স বায়েনা।
লাল কার্ড বিতর্ক
বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে এবার ফিফার ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ফিফা এই সিদ্ধান্তের মাধ্যমে সব সীমা অতিক্রম করেছে।
ব্রাজিলের বিদায়ের পর আনচেলত্তি যা বললেন...
গত বছর মে মাসে ব্রাজিল কোচের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। সম্প্রতি ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর তাদের কোচের দায়িত্বে থেকে যেতে চাওয়ার কথাই বলেছেন ইতালিয়ান এ কোচ, ‘হার হলো নতুন এক অভিযানের শুরু। এখন আমাদের কঠোর পরিশ্রম ও উন্নতি করে যেতে হবে। এটাই ফুটবল, এটাই খেলাধুলা। এটি মেনে নিতেই হবে। সামনে এগিয়ে যেতে এই হার আমাদের প্রেরণা।’
ইংল্যান্ড ৩: ২ মেক্সিকো
পারল না মেক্সিকো। ইংল্যান্ডের কাছে ৩–২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিক দেশটি।
দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিট আর যোগ করা সময়ের ১১ মিনিট ইংল্যান্ড খেলেছে ১০ জন নিয়ে। একের পর এক আক্রমণ করে এরপরও মেক্সিকো কাঙ্খিত গোলটি পায়নি। নিজেদের লিড ধরে রেখে কোয়ার্টার ফাইনালে কেইনের দল।
এমন জয়ে উল্লসিত ইংল্যান্ড। আর মেক্সিকো? কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই!
আরও জানতে পড়ুন
পেনাল্টি গোলে ব্যবধান ৩–২ করল মেক্সিকো
বক্সের ভেতর হ্যারি কেইন মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেজকে ফাউল করায় পেনাল্টি পেল মেক্সিকো। মনিটরে দেখে সিদ্ধান্ত দিয়েছেন রেফারি।
স্পট কিকে গোল করে মেক্সিকোর হয়ে ব্যবধান ৩–২ করলেন রাউল হিমিনেজ।
কেইনের গোল
অবিশ্বাস্য এক রোমাঞ্চ উপহার দিচ্ছে ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচ। এবার ১০ জনের দল নিয়ে ৬০ মিনিটে পেনাল্টি গোলে ৩–১ গোলে এগিয়ে গেল ইংল্যান্ড। স্পট কিক থেকে নিজের ৬ নম্বর গোলটি করেছেন হ্যারি কেইন। একজন কম নিয়ে আধঘণ্টা দুই গোল ডিফেন্ড করতে পারবে তো থ্রি লায়ন্সরা।
পেনাল্টি পেল ইংল্যান্ড
বক্সের ভেতর অ্যান্থনি গর্ডনকে রাউল রানহেল ফাউল করায় পেনাল্টি পেয়েছে ইংল্যান্ড।
লাল কার্ড দেখে ১০ জনের দল ইংল্যান্ড
হেসুস গায়ার্দোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা।
ম্যাচের আগে ইংল্যান্ডের রাইট-ব্যাক পজিশন নিয়ে আলোচনা কম হয়নি। বিকল্পের অভাব, একের পর এক চোট—তার ওপর এবার লাল কার্ড। থ্রি লায়ন্সের জন্য যেন দুঃস্বপ্নই হয়ে দাঁড়িয়েছে সবকিছু।
এখন ১০ জনের দল নিয়েই শেষ ৩৫ মিনিট টিকে থাকার কঠিন পরীক্ষা দিতে হবে ইংল্যান্ডকে।
বিরতির আগে ছড়াল রোমাঞ্চ
ইংল্যান্ড ২ : ১ মেক্সিকো (হাফ টাইম)
কী অসাধারণ ম্যাচ! আজতেকায় ইংল্যান্ড–মেক্সিকোর ম্যাচের প্রথমার্ধ ছিল দেখার মতো। আক্রমণ, প্রতি–আক্রমণে ম্যাচের প্রথম ৪৫ মিনিটের প্রতিটা মুহুর্ত রোমাঞ্চ ছড়িয়েছে। তবে এই মুহূর্তে এগিয়ে আছে ইংল্যান্ড। ৩৬–৩৮—দুই মিনিটের মধ্যে দুই গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন জুড বেলিংহাম। এরপর এক গোল শোধ করেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস। শেষ দিকে একাধিকার সমতা ফেরানোর কাছাকাছি চলে গিয়েছিল মেক্সিকো। কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটা আর আসেনি।
দুটি খেয়ে একটি শোধ করল মেক্সিকো
ইংল্যান্ড ২ : ১ মেক্সিকো
জমে ওঠেছে ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচ। বেলিংহাম দুই মিনিটে দুই গোল করার চার মিনিট পর একটি গোল শোধ করেছে মেক্সিকো। ৪২ মিনিটে গোলটি করেছেন হুলিয়ান কিনিয়োনেস।
মুহূর্তেই বেলিংহামের জোড়া গোল
ইংল্যান্ড ২ : ০ মেক্সিকো
স্রোতের বিপরীতে দুর্দান্ত এক প্রতিআক্রমণ থেকে ম্যাচের ৩৬ মিনিটে প্রথম গোলটি করেন বেলিংহাম।
পুরো আক্রমণের সূচনা করেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ডেকলান রাইস বল এগিয়ে নিয়ে ডান প্রান্তে থাকা বুকায়ো সাকার কাছে পাস বাড়ান।
সাকা সেখান থেকে বক্সে দারুণ একটি ক্রস ভাসান। বলটি হ্যারি কেইনকে ফাঁকি দিয়ে গেলেও জুড বেলিংহামের নাগাল এড়ায়নি। ডাইভিং হেডে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন তিনি।
গোলে স্তব্ধ হয়ে যায় আজতেকা স্টেডিয়াম।
৩৮ মিনিট
এক মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করল ইংল্যান্ড। কিক–অফের পরপরই আবারও মেক্সিকোর রক্ষণে ঝাঁপিয়ে পড়ে থ্রি লায়ন্স। দুর্দান্ত লড়াই করে বল দখলে নেন এলিয়ট অ্যান্ডারসন। এরপর বল যায় হ্যারি কেইনের কাছে। তিনি বক্সের ভেতরে থাকা জুড বেলিংহামের জন্য নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন। ডান পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন বেলিংহাম।
এক ঘণ্টা পিছিয়ে গেল ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচ
বৈরী আবহাওয়ার কারণে ইংল্যান্ড ও মেক্সিকোর বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। এখন ৭টায় শুরু হবে ম্যাচ।
দিনভর মেক্সিকো সিটিতে ভারী বৃষ্টি হয়েছে। ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়ামের আকাশে বজ্রপাতও দেখা গেছে।
ফিফার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট না পেরোনো পর্যন্ত খেলা শুরু করা যাবে না।
নেইমারের অবসরের ইঙ্গিত
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন নেইমার।
ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।’
আবারও ব্যর্থ ব্রাজিল, নরওয়ের ইতিহাস
ব্রাজিল ১ : ২ নরওয়ে (ফুলটাইম)
আর্লিং হলান্ডের জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিল নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নর্ডিক দেশটি।
দুর্দান্ত লড়াইয়ে ভরা ম্যাচে ৭৯ মিনিটের হেডে নরওয়েকে এগিয়ে দেন হলান্ড। এরপর বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর নিচু শট আলিসনকে পরাস্ত করলে জয় একরকম নিশ্চিত হয়ে যায় নরওয়ের। শেষ দিকে নেইমার এক গোল শোধ করলেও তা কেবল সান্ত্বনা হয়েই ছিল।
এর আগে প্রথমার্ধে ব্রুনো গিমারাইসের নেওয়া পেনাল্টি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরিয়ান নিল্যান্ড। সহজ সুযোগ হাতছাড়া করেছেন এনদ্রিকও।
১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপে এত তাড়াতাড়ি বিদায় নিতে হলো ব্রাজিলকে। অন্যদিকে নরওয়ে গড়েছে নতুন ইতিহাস। বিশ্বকাপে এটিই তাদের সেরা সাফল্য। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো কিংবা ইংল্যান্ড।
এই ম্যাচে জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে ৭ গোল করা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে ছুঁয়ে ফেললেন হলান্ড।
নরওয়ে ২ : ১ ব্রাজিল
পেনাল্টি থেকে এক গোল শোধ করলেন নেইমার। তবে ব্রাজিল এখনো পিছিয়ে ২–১ গোলে। ম্যাচের কয়েক সেকেন্ড বাকি। কাসেমিরো ফাউলের শিকার হওয়ায় এই পেনাল্টিটি পেয়েছিল ব্রাজিল।
হলান্ডের গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে ব্রাজিল
বিশ্বকাপ থেকে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল। হলান্ডের জোড়া গোলে এখন ব্রাজিল পিছিয়ে ২–০ গোলে। এটি বিশ্বকাপে হলান্ডের ৭ম গোল। এর ফলে সর্বোচ্চ গোল তিনি ছুঁলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে।
হলান্ডের গোলে পিছিয়ে পড়ল ব্রাজিল
এমন একটি মুহূর্তের অপেক্ষাতেই ছিলেন আর্লিং হলান্ড। সেই মুহূর্তটি আসল ম্যাচের ৭৯ মিনিটে। দুর্দান্ত এক হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দিলেন এই ম্যানচেস্টার সিটি তারকা। ব্রাজিল কি ঘুরে দাঁড়াতে পারবে?
নেইমার পারবেন কি?
গোলের আরও দুই পরিবর্তন আনল ব্রাজিল দল। হাইড্রেশন ব্রেকের ঠিক আগ মুহূর্তে রায়ান ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির বদলে মাঠে নামলেন নেইমার ও দানিলো।
আবারও গোল করতে ব্যর্থ ব্রাজিল
৬২ মিনিটে দারুণ টাইমিংয়ে পাঞ্চ করে বল বিপদমুক্ত করেন অরিয়ান নিল্যান্ড। তবে তাতেও থামেনি ব্রাজিলের আক্রমণ।
প্রায় ২০ গজ দূরে বল পেয়ে শট নেন রায়ান। আবারও পরীক্ষায় পড়তে হয় নিল্যান্ডকে, আর দারুণ এক সেভে দলকে রক্ষা করেন নরওয়ের গোলরক্ষক।
এনদ্রিকের অবিশ্বাস্য মিস
মাঠে নেমেই গোলের সুযোগ পেয়েছিলেন এনদ্রিক। কিন্তু ৬০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ পাসে গোলরক্ষককে এক পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন এনদ্রিক।
কুনিয়ার বদলে এনদ্রিক
গোলের সন্ধানে থাকা ব্রাজিল এবার দলে পরিবর্তন আনল। ৫৮ মিনিটে মাতেউস কুনিয়ার বদলে মাঠে নমালেন এনদ্রিক।
নরওয়ে দলে দুই পরিবর্তন
বিরতির পর নরওয়ে দলে এসেছে দুটি পরিবর্তন। আলেক্সান্দার সরলথ ও আন্তোনিও নুসার জায়গায় মাঠে নেমেছেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপ।
৪০ বছরে গিমারাইসই প্রথম
বিশ্বকাপে (টাইব্রেকার বাদে) গত ৪০ বছরে প্রথম ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন ব্রুনো গিমারাইস।
গোলহীন সমতায় শেষ প্রথমার্ধ
ব্রাজিল ০ : ০ নরওয়ে (হাফটাইম)
গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে গেছে ব্রাজিল–নরওয়ে। প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগটি এসেছিল ব্রাজিলের সামনে। বক্সের ভেতর মাতেউস কুনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু ১৪ মিনিটে স্পট কিকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস। তাঁর শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড।
ম্যাচের প্রথম ৪৫ মিনিটে দুই দলই সতর্ক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। তবে গোল করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে দুদলই। এখন বিরতির পর ডেডলক ভাঙার অপেক্ষা।
আলিসনের সেভ
প্রথমার্ধের শেষ দিকে নরওয়ের একটি আক্রমণ ঠেকিয়ে ব্রাজিলকে রক্ষা করেছেন আলিসন।
বক্সের ঠিক বাইরে গ্যাব্রিয়েলকে পরাস্ত করে বলের নিয়ন্ত্রণ নেন হলান্ড। আলগা হয়ে যাওয়া বলটি বক্সের ভেতরে পেয়ে যান মার্টিন অডেগার্ড। নিচের কর্নার লক্ষ্য করে জোরালো শট নিলেও দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন আলিসন।
সেভ!
৪০তম মিনিটে পা দিয়ে ভিনিসিয়ুসের শট সেভ করেছেন নরওয়ে গোলকিপার। বক্সের মধ্যে ওডেগার্ড বল হারান ভিনির কাছে। তবে শেষ পর্যন্ত বাধা হয়ে ওঠেন নিলান্ড।
হাইড্রেশন ব্রেক
২৬ মিনিটে ম্যাচের প্রথম হাইড্রেশন ব্রেকের বাঁশি বাজান রেফারি। ব্রাজিল শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু ব্রুনো গিমারাইস পেনাল্টি মিস করেন। এ ছাড়া ওপেন প্লেতে কোনো দলই এখন পর্যন্ত বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
এগিয়ে যাওয়ার সুযোগ হারাল ব্রাজিল
শুরুতেই ব্রাজিলকে এগিয়ে দেওয়ার সুযোগ এসেছিল ব্রুনো গিমারাইসের সামনে। কিন্তু ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন এই মিডফিল্ডার। তাঁর শট ঠেকিয়ে দিয়েছেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।
পেনাল্টি পেল ব্রাজিল
১১ মিনিটে বক্সের ভেতর ফাঁকা জায়গায় বল পেয়ে যান মাতেউস কুনিয়া। তবে মুহূর্তেই স্লাইডিং ট্যাকলে তাঁকে থামিয়ে দেন ক্রিস্টোফার আয়ের। কুনিয়া সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি সেটি নাকচ করে দেন। পরে ভিএআর যাচাইয়ের পর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
শুরুতেই কাঁপল ব্রাজিল
ব্রাজিলিয়ান ডিফেন্সের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে ৪ মিনিটে বল জালে জড়িয়েছিল নরওয়ে। যদিও সেই গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
ব্রাজিলের যেখানে ভয়
ইতিহাসে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে। কিন্তু অবাক করার মতো হলেও, এই চার দেখায় একবারও জয়ের মুখ দেখেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি হয়েছে ড্র।
দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৬ সালে, আজ থেকে ২০ বছর আগে। সেই ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল।
দুই দলের একাদশ
ব্রাজিলের একাদশ :
আলিসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস; ব্রুনো গিমারাইস, কাসেমিরো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি; রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।
ব্রাজিলের একাদশে জাপান ম্যাচ থেকে একটি পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। চোটাক্রান্ত লুকাস পাকেতার জায়গায় এসেছে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
নরওয়ের একাদশ:
ওরইয়ান নিল্যান্ড; ফ্রেডরিক বিয়ারকোন, ক্রিস্টোফার আয়ের, টোরবিয়র্ন হেগেম, ডেভিড মোলার উলফ; সান্ডার বার্গ, প্যাট্রিক বার্গ, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্দার সরলথ, আন্তোনিও নুসা এবং আর্লিং হলান্ড।
বেলজিয়ামের বিপক্ষে খেলতে বাধা নেই লাল কার্ড দেখা বালোগানের
বসনিয়ার বিপক্ষে শেষ ৩২–এর ম্যাচে ফাউলের দায়ে সরাসরি লাল কার্ড দেখেছিলেন এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সেরা খেলোয়াড় ফোলারিন বালোগান। লঘু পাপে গুরুদণ্ড হিসেবেই সবাই দেখছিলেন এই শাস্তিকে। স্বাভাবিকভাবেই তাতে এক ম্যাচ নিষিদ্ধ হন মার্কিন তারকা। তবে আজ সুখবর পেয়েছে যুক্তরাষ্ট্র। ফিফা স্থগিত করেছে নিষেধাজ্ঞা। তাই বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলতে বাধা রইল না মার্কিন স্ট্রাইকার বালোগানের। ফিফা বলেছে আগামী এক বছরের মধ্যে আবারও এমন কোনো ফাউল না করলে পুরোপুরিই উঠে যাবে শাস্তি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দেশে ফিরে সংবর্ধনা
প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই সবাইকে চমকে দিয়েছে ৫ লাখ ৩০ হাজার মানুষের দেশ কেপ ভার্দে। গ্রুপ পর্বের তিন ম্যাচে তারা ড্র করে স্পেন–উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে। সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউটে জায়গা পায় তারা। শেষ ৩২–এ আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে তারা। দুবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে, ম্যাচ যায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ৩–২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কেপ ভার্দে।
দেশে ফেরার পর বীরোচিত সংবর্ধনা পেয়েছেন কেপ ভার্দের ফুটবলাররা। ওই সংবধর্নার সময় রাতারাতি তারকা বনে যাওয়া দলটির গোলরক্ষক ভোজিনিয়া বলেছেন, ‘আমরা খুব খুশি ও বিশ্বকাপযাত্রা নিয়ে গর্বিত। কিন্তু আমরা আরও কিছু চেয়েছিলাম।’
রাফিনিয়ার ফেরার আশায় আনচেলত্তি
নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আজ বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচের আগে গতকাল রাফিনিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, ‘রাফিনিয়ার খুব ভালো উন্নতি হচ্ছে। সে এখনো শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকার জন্য প্রস্তুত। ম্যাচের কোনো একপর্যায়ে ও কিছু সময়ের জন্য সে মাঠে নামতে পারবে।’
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে গত শুক্রবার অনুশীলনে ফিরেছেন রাফিনিয়া। গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের ম্যাচে চোট পেয়ে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন এই ফরোয়ার্ড। 
দেশমের কীর্তি
দিদিয়ের দেশম বিশ্বকাপের নকআউট পর্বে নিজের দশম জয়ের কীর্তি গড়েছেন। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকাপ ইতিহাসে প্রথম কোচ হিসেবে নকআউট পর্বে ১০টি ম্যাচ জয়ের অনন্য মাইলফলক স্পর্শ করলেন।
শেষ আটে মরক্কোকে পেল ফ্রান্স
ফ্রান্স ১ : ০ প্যারাগুয়ে (ফুল টাইম)
তীব্র গরমের সতর্কতার মধ্যে অনুষ্ঠিত ফ্রান্স–প্যারাগুয়ের ম্যাচটি ছিল টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে উষ্ণ আবহাওয়ায় খেলা ম্যাচগুলোর একটি। এমন কঠিন পরিস্থিতিতেও প্যারাগুয়ে দীর্ঘ সময় ধরে আটকে রেখেছিল ফ্রান্সকে। ফ্রান্স গোল আদায়ের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে গেলেও বারবার তাদের আক্রমণগুলো মুখ থুবড়ে পড়েছে প্যারাগুয়ের রক্ষণে।
প্যারাগুয়ে যতটা না নিজেরা গোল আদায়ের চেষ্টা করেছে, তারচেয়ে বেশি তাদের মনোযোগ ছিল ফ্রান্সের খেলার স্বাভাবিক গতি নষ্ট করার দিকে। যে কারণে শরীরিকভাবেও ফ্রান্সের জন্য ম্যাচটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। শেষ পর্যন্ত বদলি নামা দেজিরে দুয়েই পথ খুলে দেন ফ্রান্সের জন্য।
মাঠে নেমেই বক্সের ভেতর ড্রিবল করে ঢোকার সময় ফাউলের শিকার হন দুয়ে, মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর স্পট কিকে এমবাপ্পে লক্ষ্যভেদ করে এগিয়ে দেন ফ্রান্সকে। এই গোলেই নিশ্চিত হয় ফ্রান্সের জয়। এই জয়ে শেষ আটে মরক্কোকে পেল ফ্রান্স। আগামী শুক্রবার রাত ২টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
মেসিকে ছুঁলেন এমবাপ্পে
ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দিলেন এমবাপ্পে। এরপর নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে লাফ দিয়ে উদ্যাপন করেন বিশ্বকাপে নিজের সর্বশেষ গোলটি।
এই গোলে চলতি বিশ্বকাপে গোল সংখ্যায় মেসিকে ছুঁয়ে ফেললেন ফরাসি অধিনায়ক। দুজনেরই গোলসংখ্যা এখন সাত। এদিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির (২০) থেকে আর মাত্র এক গোল পিছিয়ে আছেন এমবাপ্পে।
এমবাপ্পের গোলে ফ্রান্সের লিড
ফ্রান্স ১ : ০ প্যারাগুয়ে
পেনাল্টি গোলে ফ্রান্সকে ৭০ মিনিটে এগিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এটি চলতি বিশ্বকাপে তাঁর ৭ম গোল।
মাঠে নেমেই ফ্রান্সকে এই পেনাল্টি এনে দিয়েছেন দেজিরে দুয়ে। ড্রিবল করে বক্সে ঢুকে পড়া দুয়েকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন প্যারাগুয়ের রক্ষণভাগের খেলোয়াড়রা। এক পর্যায়ে বক্সের ভেতর তাঁকে ফেলে দেওয়া হয়। ফরাসি খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে ফ্রান্স দলে পরিবর্তন
একের পর এক আক্রমণে গিয়েও গোল পাচ্ছে না ফ্রান্স। এমবাপ্পে–দেম্বেলেদের সব আক্রমণ মুখ থুবড়ে পড়ছে প্যারাগুয়ের রক্ষণে গিয়ে। এই পরিস্থিতিতে ম্যাচের ৬১ মিনিটে প্রথম পরিবর্তন আনলেন দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার বদলে নামলেন দেজিরে দুয়ে।
গোলশূন্য প্রথমার্ধ
ফ্রান্স ০ : ০ প্যারাগুয়ে (হাফ টাইম)
প্রথমার্ধে ফ্রান্সকে আটকে রেখে বিরতিতে গেছে প্যারাগুয়ে। ম্যাচে দাপট ছিল ফ্রান্সেরই। বলের দখল ফরাসিদের কাছে ছিল ৮০ শতাংশ। কিন্তু সে হিসেবে খুব বেশি সুযোগ তারা তৈরি করতে পারেনি। অন্য দিকে প্যারাগুয়ের সময় কেটেছে ফ্রান্সের আক্রমণকে থামানোয় নিজেদের ব্যস্ত রেখে।
উত্তপ্ত পরিস্থিতি
৩৬ মিনিটে প্যারাগুয়ের বক্সের কাছাকাছি জায়গায় কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করা হলে নিজের হতাশা লুকাতে পারেননি তিনি। ক্ষোভে আন্দ্রেস কুবেসের বুকে হালকা ধাক্কা দেন।
এরপর দুই দলের খেলোয়াড়রাই একে অপরের মুখোমুখি হয়ে উত্তেজনায় জড়িয়ে পড়েন। তবে পরিস্থিতি সামাল দিয়ে রেফারি কাউকেই কার্ড দেখাননি।
ফ্রান্সের দাপট
ফ্রান্স–প্যারাগুয়ে ম্যাচে এখন হাইড্রেশন ব্রেক চলছে। ম্যাচের প্রথম ২৪ মিনিটে একচ্ছত্র দাপট ছিল ফ্রান্সের। বল মূলত প্যারাগুয়ের বক্সের আশপাশেই ছিল। তবে ৮১ শতাংশ বলের দখল রেখেও খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি ফ্রান্স। বক্সের ভেতর ফরাসি আক্রমণভাগকে ভালোভাবেই আটকে রেখেছে প্যারাগুয়ে।
এখন মুখোমুখি ফ্রান্স–প্যারাগুয়ে
বিশ্বকাপে ফ্রান্স এখন পর্যন্ত একরকম অপ্রতিরোধ্য। আগের চার ম্যাচের সবগুলোতেই জিতেছে তারা। দলটির আক্রমণভাগ রীতিমতো ভয়ংকর। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পেকে যেন থামানোই যাচ্ছে না। চার ম্যাচে তিনি করেছেন ৬ গোল। ফর্মে আছেন মাইকেল ওলিসে–উসমান দেম্বেলেরাও। এই মুহূর্তে শিরোপার অন্যতম প্রধান দাবিদারও দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্য দিকে জার্মানিকে হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি উপহার দিয়েছে প্যারাগুয়ে। তবে ফ্রান্সকে হারিয়ে এখান থেকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পথ তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং।
ফ্রান্স–প্যারাগুয়ে ম্যাচে ঝড়ের শঙ্কা
দুঃসংবাদ! ঝড়ের শঙ্কা আছে ফ্রান্স–প্যারাগুয়ে ম্যাচে।
মাঠের আশপাশে বজ্রঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ম্যাচ শুরু বা চলাকালে আবহাওয়ার কারণে দীর্ঘ বিরতি কিংবা খেলা স্থগিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ
মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), জুলস কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, কিলিয়ান এমবাপ্পে।
দাপুটে জয়ে শেষ আটে মরক্কো
মরক্কো ৩ : ০ কানাডা (ফুলটাইম)
হিউস্টনে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও প্যারাগুয়ে ম্যাচের বিজয়ী দল।
অন্যদিকে কানাডার জন্য এটি বড় হতাশার বিদায়। ম্যাচের লড়াইয়ে তারা মোটেও ৩–০ ব্যবধানে হারার মতো খেলেনি, কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারার মূল্যই দিতে হয়েছে তাদের।
কানাডা তিনটি গোলই হজম করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫০ ও ৮২ মিনিটে মরক্কোর হয়ে গোল করেন আজ্জেদিন উনাহি। এরপর একেবারে শেষ দিকে আফ্রিকার অ্যাটলাস সিংহদের হয়ে তৃতীয় গোলটি করেন সুফিয়ান রাহিমি।
কানাডার জালে মরক্কোর তৃতীয় গোল
ম্যাচের শেষ দিকে কানাডার জালে তৃতীয়বারের মতো বল জালে জড়ান সুফিয়ান রাহিমি। দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি।
উনাহির জোড়া গোলে শেষ আটের কাছে মরক্কো
মরক্কো ২ : ০ কানাডা
সমতায় ফেরার মরিয়া চেষ্টায় একসঙ্গে অনেক খেলোয়াড়কে সামনে তুলে আনে কানাডা। কিন্তু ৮২ মিনিটে সেই সুযোগই কাজে লাগায় মরক্কো। বল দখলে নিয়েই দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা।
দারুণ এক থ্রু পাস গিয়ে পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। তিনি সামনে এগিয়ে এসে বল বাড়িয়ে দেন আজ্জেদিন উনাহিকে। কোনো ভুল না করে কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ওউনাহি।
এই গোলের পর কানাডার জন্য ম্যাচে ফেরা এখন ভীষণ কঠিন হয়ে গেল।
উনাহির গোলে মরক্কোর লিড
মরক্কো ১ : ০ কানাডা
বিরতি থেকে ফিরে ৫ মিনিটের মাথায় লিড নিয়েছে মরক্কো। ৫০ মিনিটে ডান প্রান্তে আশরাফ হাকিমি ফ্রি–কিক থেকে সরাসরি শট না নিয়ে বল পাঠান বক্সের কাছাকাছি থাকা আজ্জেদিন উনাহিকে। দারুণ এক মাটি কামড়ানো শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার।
প্রথমার্ধে গোলহীন কানাডা–মরক্কো ম্যাচ
বিশ্বকাপে শেষ ষোলোর প্রথম ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়েছে। ম্যাচের প্রথম ৪৫ মিনিট চেষ্টা করেও গোলের দেখা পায়নি কানাডা ও মরক্কো। এখন পর্যন্ত বল দখলে মরক্কো এগিয়ে থাকলেও, সুযোগ বেশি তৈরি করেছে কানাডা। কানাডার একটি শটের বিপরীতে মরক্কো শট নিয়েছে চারটি। যেখানে কানাডার ২টি শট লক্ষ্যে ছিল এবং মরক্কোর মাত্র ১টি। এখন বিরতির পর কোন দল আগে ডেডলক ভাঙবে বা আদৌ ভাঙতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা।
কানাডাকে গোল পেতে দিলেন না বুনু
হিউস্টনে চলছে মরক্কো–কানাডা ম্যাচ। শেষ ষোলোর প্রথম ম্যাচটিতে শুরু থেকেই মরক্কোকে চাপে রেখেছে সহস্বাগতিক কানাডা। ১০ম মিনিটে বাঁ পা বাড়িয়ে অসাধারণ এক সেভ করে মরক্কোকে বাঁচিয়েছেন গোলরক্ষক ইয়াসিন বুনু। ১৫ মিনিট শেষেও কেনো দল গোল পায়নি।
ফ্রান্সের জন্য দুঃসংবাদ
দারুণ ছন্দে থাকা ফ্রান্স শিবিরে বড় এক ধাক্কা লেগেছে। উরুর চোটের কারণে শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারছেন না ফরাসি মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি। ফিলাডেলফিয়ায় আজ রাত ৩টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এই দুই দল।
নরওয়ের বিপক্ষে নেই পাকেতা
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে নামতে পারছেন না মিডফিল্ডার লুকাস পাকেতা, নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। জাপানের সঙ্গে ম্যাচেই চোট পেয়েছিলেন, যে কারণে দ্বিতীয়ার্ধে খেলতে পারেননি। সেই চোট এবার পাকেতাকে ছিটকে দিল ব্রাজিলের শেষ ১৬-এর ম্যাচ থেকে। ফলে মিডফিল্ড নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে।
শেষ ষোলোয় উঠে আর্জেন্টিনা কোচ যা বললেন...
শেষ ৩২ দলের রাউন্ডে কেপ ভার্দেকে ৩–২ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা। দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো কেপ ভার্দের প্রশংসা করে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমি শুধু চাচ্ছিলাম ম্যাচটা যেন দ্রুত শেষ হয়। ওরা কী দুর্দান্ত একটা গোল করল, আপনারা তো দেখলেনই...সবাই ভেবেছিল ম্যাচটি সহজ হবে। কিন্তু আমরা জানতাম সেটা হবে না।’
আর্জেন্টিনার কোচ হিসেবে এটা ছিল স্কালোনির ১০০ তম ম্যাচ। ৭৩ জয়, ১৮ ড্র ও ৯ হার।
শেষ ষোলোয় কে কার মুখোমুখি
কানাডা–মরক্কো ( ৪ জুলাই, বাংলাদেশ সময় রাত ১১টা)
প্যারাগুয়ে–ফ্রান্স (৪ জুলাই, বাংলাদেশ সময় রাত ৩টা)
ব্রাজিল–নরওয়ে (৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ২টা)
মেক্সিকো–ইংল্যান্ড (৬ জুলাই, বাংলাদেশ সময় সকাল ৬টা)
পর্তুগাল–স্পেন (৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ১টা)
যুক্তরাষ্ট্র–বেলজিয়াম (৭ জুলাই, বাংলাদেশ সময় সকাল ৬টা)
আর্জেন্টিনা–মিসর (৭ জুলাই, বাংলাদেশ সময় রাত ১০টা)
সুইজারল্যান্ড–কলম্বিয়া (৭ জুলাই, বাংলাদেশ সময় রাত ২টা)
* ব্র্যাকেটের ভেতরে ম্যাচ শুরুর দিন ও সময়।
কলম্বিয়া ১–০ ঘানা (ফুল টাইম)
ম্যাচের ১৪ মিনিটে জন আরিয়াসের গোলেই শেষ পর্যন্ত ঘানার বিপক্ষে ১–০ ব্যবধানে জিতে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠল কলম্বিয়া। সেখানে লাতিন আমেরিকার দলটির প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে শেষ ষোলোর এই ম্যাচ।
কলম্বিয়া–ঘানা লড়াই দিয়ে শেষ হলো শেষ ৩২ দলের রাউন্ডে সব ম্যাচ। নিশ্চিত হলো শেষ ষোলোর সবগুলো দল।
ঘানার বিপক্ষে এগিয়ে গেল কলম্বিয়া
কলম্বিয়া ১ : ০ ঘানা
শেষ ৩২–এর সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয়েছে কলম্বিয়া–ঘানা। কানসাস সিটির ম্যাচটিতে ১৪তম মিনিটে এগিয়ে গেছে কলম্বিয়া। গোল করেছেন জন আরিয়াস।
অভিবাদন কেপ ভার্দে
কেপ ভার্দের বিপক্ষে ৩–২ গোলে জিতেছে আর্জেন্টিনা। এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ মোহাম্মদ সালাহর মিসর। কিন্তু কেপ ভার্দে হেরেছে কি?
পুরো ম্যাচে তারা যে সাহস, আত্মবিশ্বাস আর লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে, তা সত্যিই অসাধারণ। অনেক দিন মনে রাখার মতো এক পারফরম্যান্স। এক মুহূর্তের জন্যও তারা নিজেদের গুটিয়ে নেয়নি। বরং চোখে চোখ রেখে লড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। শেষ পর্যন্ত লিওনেল মেসিদেরকে জেতার জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে হয়েছে।
অনেক দিন মনে রাখার মতো এক ফুটবল ম্যাচ! ছিল রোমাঞ্চ, নাটকীয়তা, আবেগ, অবিশ্বাস্য সব মুহূর্ত। বিশ্বকাপ ফাইনালের অনুভূতি দেওয়ার মতো এক ম্যাচ! কেপ ভার্দে এই বিশ্বকাপে তিনটি বিশ্চচ্যাম্পিয়নকে ৯০ মিনিট পর্যন্ত আটকে রেখেছে। গ্রুপপর্বে তারা ড্র করেছিল স্পেন ও উরুগুয়ের বিপক্ষে। আর আর্জেন্টিনাকে জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ১২০ মিনিট পর্যন্ত।
পূর্ণাঙ্গ ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে: বিদায়ের আগে আর্জেন্টিনাকে কাঁপিয়ে গেল কেপ ভার্দে
আর্জেন্টিনা ৩ : ২ কেপ ভার্দে (ফুল টাইম)
রেফারির শেষ বাঁশিতে যেন হাঁফ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। অবশেষে ‘যুদ্ধ’টা শেষ হলো, আর সেই যুদ্ধে তারাই জয়ী।
কেপ ভার্দেকে ৩–২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা।
৩–২ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
১১১ মিনিটে তৃতীয়বারের মতো এগিয়ে গেল আর্জেন্টিনা!
বাঁ দিক থেকে লিওনেল মেসির নেওয়া কর্নার নিখুঁতভাবে ভেসে আসে বক্সে। সবার ওপরে উঠে শক্তিশালী হেড করেন ক্রিস্টিয়ান রোমেরো, বল জড়িয়ে যায় জালে।
তবে গোলটি শেষ পর্যন্ত রোমেরোর নাম থাকছে না। কারণ বলটি কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্হেসের হাতে লেগে জালে ঢুকেছে। ফলে এটি আত্মঘাতী গোল হিসেবে যোগ হলো।
অবিশ্বাস্য গোলে সমতা ফেরাল কেপ ভার্দে
আর্জেন্টিনা ২ : ২ কেপ ভার্দে
অবিশ্বাস্য! সত্যিই অবিশ্বাস্য!
বাঁ প্রান্তে বল পেয়ে সিডনি কাবরাল ভেতরের দিকে কাট করেন। এরপর ডান পায়ে দুর্দান্ত এক বাঁকানো শট নেন, আর বল গিয়ে জড়ায় দূরের ওপরের পোস্টে।
এর চেয়ে নিখুঁত শট আর হতে পারে না!
গোল করার পর উচ্ছ্বাসে ছুটে যান কাবরাল। সোজা গ্যালারিতে লাফ দিয়ে পরিবারের সদস্যদের খুঁজে বের করেন। তার মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল, এমন মুহূর্ত যেন তিনিও বিশ্বাস করতে পারছেন না।
৯৩ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের গোল
আর্জেন্টিনা ২ : ১ কেপ ভার্দে
৯৩ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন লিসান্দ্রো মার্তিনেজ।
সেই কর্নার থেকেই বিপদ ডেকে আনে আর্জেন্টিনা। প্রথম পোস্টে একজনের ছোঁয়ায় বল চলে যায় দূরের পোস্টে দাঁড়িয়ে থাকা লিসান্দ্রো মার্তিনেজের কাছে।
একবার বল নিয়ন্ত্রণে নিয়ে তিনি এমন ভঙ্গি করেন যেন দূরের কোণে শট নেবেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে বলটি জোরালো বাঁকানো শটে নিজের দিকের ওপরের কোণেই পাঠিয়ে দেন। আবারও এগিয়ে গেল আর্জেন্টিনা।
অবিশ্বাস্য! আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচ অতিরিক্ত সময়ে
নির্ধারিত সময়ের শেষ বাঁশি বাজল। আর্জেন্টিনা ১ : কেপ ভার্দে ১। ম্যাচ গড়াচ্ছে অতিরিক্ত সময়ে।
সত্যি বলতে, এমন নাটকীয় পরিণতি কে-ই বা আগে থেকে কল্পনা করেছিলেন?
আর্জেন্টিনা ১ : ১ কেপ ভার্দে (৯০ মিনিট)
আবার মেসিকে হতাশ করলেন ভোজিনিয়া
৭৩ মিনিটে ফ্রি-কিক নেওয়ার প্রস্তুতি তখনও পুরোপুরি শেষ করতে পারেননি ভোজিনিয়া। সেই সুযোগ কাজে লাগাতে দ্রুত শট নেন লিওনেল মেসি, বল পাঠাতে চান দূরের পোস্টে।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ভোজিনিয়া বিদ্যুৎগতিতে নিজের অবস্থান ঠিক করেন। গোললাইন বরাবর ছুটে গিয়ে দারুণ ক্ষিপ্রতায় হাত বাড়িয়ে বলটি ফিরিয়ে দেন।
অসাধারণ এক সেভ! মেসির বুদ্ধিদীপ্ত প্রচেষ্টাও ব্যর্থ করে দেন কেপ ভার্দের গোলরক্ষক।
ভোজিনিয়ার দারুণ সেভ
৬৩ মিনিটে লিওনেল মেসি একেবারে একা গোলমুখে ছুটে গিয়েছিলেন। গোলের দারুণ সুযোগও তৈরি হয়েছিল তাঁর সামনে।
কিন্তু কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া অসাধারণ ক্ষিপ্রতায় শরীর ছড়িয়ে দেন এবং মেসির শট ঠেকিয়ে দেন দুর্দান্ত এক সেভে।
এই সেভটি ভোজিনিয়া অনেক দিন মনে রাখবেন—ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকতে পারে এটি।
আর্জেন্টিনার বিপক্ষে সমতা ফেরাল কেপ ভার্দে
আর্জেন্টিনা ১ : ১ কেপ ভার্দে
অবিশ্বাস্য!
৫৯ মিনিটে রায়ান মেন্দেস ডান দিক থেকে বল বাড়িয়ে দেন দেরয় দুয়ার্তের কাছে। আর্জেন্টিনার রক্ষণভাগের নজর এড়িয়ে তিনি ফাঁকা জায়গায় বল পান।
তাঁকে ঠেকাতে দ্রুত এগিয়ে আসেন লিসান্দ্রো মার্তিনেজ। কিন্তু দুয়ার্তে দুর্দান্ত এক শটে বল পাঠিয়ে দেন মার্তিনেসের দুই পায়ের ফাঁক দিয়ে। এরপর বল চলে যায় এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে জালে।
অবিশ্বাস্য দৃশ্য! কেপ ভার্দে সমতায় ফিরেছে, আর স্টেডিয়ামে শুরু হয়েছে উল্লাসের বিস্ফোরণ।
বিরতির পর শুরু খেলা
মেসির গোলে এগিয়ে থেকে বিরতির পর খেলা শুরু করল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে কেপ ভার্দে কি ঘুরে দাঁড়াতে পারবে? নাকি দেখা মিলবে আরেকটি মেসিময় দাপুটে প্রদর্শনীর!
মেসির গোলে প্রথমার্ধ শেষ করল আর্জেন্টিনা
আর্জেন্টিনা ১ : ০ কেপ ভার্দে (হাফ টাইম)
মায়ামিতে প্রথমার্ধ শেষ। স্কোরলাইনটি হয়তো অনেকের প্রত্যাশিতই ছিল, কিন্তু ম্যাচের লড়াই মোটেও একপেশে হয়নি।
কেপ ভার্দে আর্জেন্টিনার বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। সুযোগ তৈরি করেছে, আক্রমণও সামলেছে সাহসিকতার সঙ্গে। তবে লিওনেল মেসির অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যের সামনে শেষ পর্যন্ত তাদের কিছুই করার ছিল না।
মেসির দুর্দান্ত সেই গোলেই বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনা।
মেসির অসাধারণ ফিনিশিং
আর্জেন্টিনা ১ : ০ কেপ ভার্দে
কখনো কখনো প্রতিপক্ষের অসাধারণত্ব মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না।
২৯ মিনিটে রক্ষণভাগ থেকে নিখুঁত এক লম্বা পাস বাড়ান লিসান্দ্রো মার্তিনেস। বলটি গিয়ে পড়ে লিওনেল মেসির দৌড়ের পথে, আর ততক্ষণে তিনি ডিফেন্ডারের থেকে অর্ধ গজ এগিয়ে।
প্রথম স্পর্শেই বলকে দারুণভাবে নিয়ন্ত্রণে আনেন মেসি। এরপর দ্বিতীয় ছোঁয়ায় গোলরক্ষক ভোজিনিয়াকে পরাস্ত করে বল তুলে দেন জালের ছাদে।
এ পর্যন্ত কেপ ভার্দে প্রায় নিখুঁত ফুটবলই খেলছিল। কিন্তু প্রতিপক্ষে যখন লিওনেল মেসি থাকেন, তখন এক মুহূর্তের জাদুই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। এটি বিশ্বকাপে সব মিলিয়ে মেসির ২০তম গোল। আর চলতি বিশ্বকাপে ৭ম।
গোল ছাড়াই হাইড্রেশন ব্রেকে আর্জেন্টিনা
গোল ছাড়াই হাইড্রেশন ব্রেকে গেল আর্জেন্টিনা–কেপ ভার্দে। ম্যাচের প্রথম ২৬ মিনিট আর্জেন্টিনার দাপট থাকলেও, খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। মেসির ফ্রি–কিক সরাসরি জমা পড়েছে গোলরক্ষক ভোজিনিয়ার হাতে।
শুরুতে ইতিবাচক কেপ ভার্দে
ম্যাচের প্রথম ১০ মিনিট ভালোই খেলেছে কেপ ভার্দে। নিজেদের গুটিয়ে না রেখে চেষ্টা করছে আক্রমণে যাওয়ার। যদিও এখনো বলার মতো কোনো সুযোগ কেউই তৈরি করতে পারেনি।
মাঠে নামতেই মেসির কীর্তি
বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক গড়লেন মেসি। এই ম্যাচটি বিশ্বকাপে তার ৩০তম ম্যাচ, যা এই প্রতিযোগিতার ইতিহাসে কোনো ফুটবলারের সর্বোচ্চ।
শুধু তাই নয়, এটি বিশ্বকাপে তাঁর ২৭তম একাদশে শুরু করা ম্যাচও, এটিও আরেকটি নতুন রেকর্ড।
অপ্রতিরোধ্য আর্জেন্টিনার সামনে অপরাজেয় কেপ ভার্দে
গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য ছিল আর্জেন্টিনা। তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে দাপটের সঙ্গে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিততে পেরেছে মাত্র তিনটি দল—আর্জেন্টিনা, মেক্সিকো ও ফ্রান্স।
আর্জেন্টিনা এই শতাব্দীতে শিরোপাধারী তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের নকআউটে পৌঁছেছে। এর আগে ২০০৬ সালে ব্রাজিল এবং ২০২২ সালে ফ্রান্স এই কৃতিত্ব দেখিয়েছিল।
অন্য দিকে চমক জাগানো কেপ ভার্দে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে গ্রুপ পর্ব শেষ করে তারা।
১৯৯৮ সালে চিলির পর একটি ম্যাচও না জিতেই শেষ ষোলোতে ওঠা প্রথম দল কেপ ভার্দে।
আরও একটি দিক থেকে তাদের অর্জন উল্লেখযোগ্য। বিশ্বকাপে অভিষেক আসরে গ্রুপ পর্বে তারা মাত্র দুটি গোল হজম করেছে, যা ২০০৬ সালে অ্যাঙ্গোলার পর কোনো অভিষিক্ত দলের সর্বনিম্ন গোল হজমের রেকর্ড।
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজ।
সালাহদের আনন্দের কান্না
আফ্রিকার ফুটবলে মিসরকে দীর্ঘদিন ধরেই বলা হতো ‘অপূর্ণ সম্ভাবনার’ দল। সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন হলেও এটি তাদের মাত্র চতুর্থ বিশ্বকাপ, আর এবারের আসরের আগে বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচও জয়ের স্বাদ পায়নি তারা।
কিন্তু এবার যেন বদলে গেছে গল্প। বিশ্বকাপে নিজেদের সেরা অভিযানের পথেই এগিয়ে চলছে মিশর। আজকের জয়টি ছিল পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। বিশেষ করে পুরোপুরি ফিট না থাকা সত্ত্বেও মোহাম্মদ সালাহকে ঘিরে সবাই যেভাবে দায়িত্ব ভাগ করে নিয়েছে, সেটিই ছিল এই সাফল্যের বড় ভিত্তি।
ডালাসে ম্যাচ শেষে গ্যালারিতে থাকা সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠেন মিসরের ফুটবলাররা। আর দলের কোচ হোসাম হাসান হাতে বিশাল এক মিশরীয় পতাকা নিয়ে উদ্যাপনের নেতৃত্ব দেন।
অন্য দিকে সতীর্থদের সঙ্গে জয় উদ্যাপন করতে গিয়ে মোহাম্মদ সালাহর চোখে যেন আনন্দাশ্রুর ঝিলিক। ক্লাব ফুটবলে তিনি অসংখ্য সাফল্য পেয়েছেন, কিন্তু দেশের জার্সিতে এই অর্জনের গুরুত্ব তার কাছে নিঃসন্দেহে অনেক বেশি।
পুরোপুরি ফিট না থাকলেও ম্যাচজুড়ে নিজেকে উজাড় করে খেলেছেন সালাহ। টাইব্রেকারে অসাধারণ স্নায়ু ধরে রেখে চিপ শটে পেনাল্টি থেকে গোলও করেছেন তিনি।
এখন তার সামনে নতুন চ্যালেঞ্জ—শেষ ষোলোর ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠা।
অস্ট্রেলিয়ার হতাশা
অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মুখে হতাশার ছাপ স্পষ্ট। টাইব্রেকারের কথা ভেবেই শেষ দিকে গোলরক্ষক ম্যাথু রায়ানকে নামানোর যে ঝুঁকি নেওয়া হয়েছিল, তা কাজে আসেনি। পেনাল্টিগুলোর কোনোটিতেই তিনি তেমনভাবে হাত লাগাতে পারেননি।
হ্যারি সুটার ও লুকাস হেরিংটনের জন্য বিষয়টি আরও বেদনাদায়ক। দুজনই পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন, কিন্তু টাইব্রেকারে তাদের নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকেই মূল্য দিতে হয়েছে।
বিশেষ করে মাত্র ১৮ বছর বয়সী হেরিংটনের জন্য এটি কঠিন এক মুহূর্ত। তবে এই হতাশা কাটিয়ে তিনি আবারও ঘুরে দাঁড়াবেন বলেই আশা করা যায়।
মিসর ১ (৪) : ১ (২) অস্ট্রেলিয়া
পঞ্চম শটের দরকার হলো না। চতুর্থ শটেই নিস্পত্তি হলো ম্যাচের। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪–২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে মিসর।
টাইব্রেকারে মিসরের চারজনই বল জালে পাঠিয়েছেন, অস্ট্রেলিয়ার দুজন বল লক্ষ্যে রাখতে পারেননি।
টাইব্রেকার
অস্ট্রেলিয়ার ১ম শট : মিস। হ্যারি শুটারের বল গেল বারের ওপর দিয়ে।
মিসরের ১ম শট : গোল। গোল করলেন মাহমুদ সাবের। মিসর ১ : ০ অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ২য় শট : গোল। গোল করলেন জ্যাকসন আরবিন।
মিসরের ২য় শট : গোল। গোল করলেন রামি রাবিয়া। মিসর ২ : ১ অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার তৃতীয় শট: গোল। করেছেন আওয়ার মাবিল।
মিসরের তৃতীয় শট: গোল। সোজাসুজি শটে গোল মোহাম্মদ সালাহর। মিসর ৩ : ২ অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার চতুর্থ শট: মিস। বারে লেগেছে লুকাস হেরিংটনের শট।
মিসরের চতুর্থ শট: গোল। আবদেল মাগিদের শট জালে। মিসর ৪ : ২ অস্ট্রেলিয়া।
জিতে গেল মিসর।
টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ মিসর–অস্ট্রেলিয়ার
১–১ সমতায় শেষ হলো অস্ট্রেলিয়া–মিসরের ১২০ মিনিটের খেলা। এখন দুই দলের ভাগ্য নির্ধারিত হবে টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে কার ভাগ্য খোলে সেটাই দেখার অপেক্ষা।
গোলরক্ষক বদলি অস্ট্রেলিয়ার
১–১ সমতায় থাকা অস্ট্রেলিয়া–মিসর ম্যাচ এখন টাইব্রেকারের যাওয়ার অপেক্ষায়। এর মধ্যে গোলরক্ষক বদলাল অস্ট্রেলিয়া। প্যাট্রিক বিচের বদলে মাঠে নামলেন ম্যাথু রায়ান।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও সমতায় মিসর–অস্ট্রেলিয়া ম্যাচ
অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিট শেষ হয়েছে। কিন্তু মিসর–অস্ট্রেলিয়া কেউই গোল করতে পারেনি। ম্যাচ এখনো ১–১ সমতায়।
নির্ধারিত সময়ে সমতায় মিসর–অস্ট্রেলিয়া
৯০ মিনিট শেষে ১–১ সমতায় মিসর–অস্ট্রেলিয়া ম্যাচ। ফল নির্ধারণে এখন খেলা হবে অতিরিক্ত ৩০ মিনিট। এই ৩০ মিনিটেও ফল না আসলে ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।
অস্ট্রেলিয়ান গোলরক্ষকের অবিশ্বাস্য সেভ
যোগ করা সময়ে মিসরের একটি প্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে অস্ট্রেলিয়াকে রক্ষা করেছে গোলরক্ষক প্যাট্রিক বিচ।
সমতায় অস্ট্রেলিয়া
মিসর ১ : ১ অস্ট্রেলিয়া
৫৫ মিনিটে মোহাম্মদ হানির করা আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। ফ্রি–কিক থেকে উড়ে আসা বলটিকে ক্লিয়ার করতে চেয়েছিলেন হানি। কিন্তু ঠিকঠাক সংযোগে ব্যর্থ হওয়ায় বল জড়ায় নিজেদে জালে।
সুযোগ হাতছাড়া করল মিসর
বিরতির পরপরই গোলের সুযোগ পেয়েছিল মিসর। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন ওমর মারমুশ।
প্রথমার্ধে এগিয়ে মিসর
মিসর ১ : ০ অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে মিসর। ইতিহাস গড়ার খুব কাছাকাছি দলটি। ম্যাচের ১৩ মিনিটে গোলটি করেন ইমাান আশুর। বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয়ের জন্য এখন তাদের সামনে আর মাত্র ৪৫ মিনিট।
শুরুতেই মিসরের গোল
১৩ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ইমান আশুরের গোলে এগিয় গেছে মিসর।
ফ্রি-কিক থেকে দারুণ এক পরিকল্পিত আক্রমণ সাজায় মিসর। মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস দেন ইমান আশুরকে। আশুরের প্রথম শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে।
তবে বলটি বিপদমুক্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। আবারও বল ভেসে আসে বক্সে, আর পেছনের পোস্টে ওঁত পেতে থাকা আশুর এবার নিখুঁত হেডে জাল খুঁজে নেন।
মিসর এগিয়ে গেল, আর এই গোলটি নিঃসন্দেহে তাদের স্নায়ুর চাপ অনেকটাই কমিয়ে দিল।
৯২ বছর পর মিসর
মিসরের বিশ্বকাপ ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় নকআউট ম্যাচ। এর আগে তারা একবারই নকআউট পর্বে খেলেছিল ১৯৩৪ সালের বিশ্বকাপে। সেবার অবশ্য পুরো আসরই সরাসরি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল।
সেবার প্রথম রাউন্ডে হাঙ্গেরির কাছে ৪-২ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল মিসরকে। প্রায় এক শতক পর আবারও নকআউট মঞ্চে ফিরেছে তারা। এবার প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে সেই পুরোনো হতাশার ইতিহাস বদলে দিতে চায় মিসর।
অন্য দিকে আজকের ম্যাচে অস্ট্রেলিয়া জিততে পারলে, ২০০২ সালে নিজেদের মাটিতে দক্ষিণ কোরিয়ার পর প্রথম এএফসি দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের কীর্তি গড়বে তারা।
জার্মানি কোচের পদত্যাগ
শেষ ৩২ এর ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার চার দিন পর জার্মানির কোচের পদ ছাড়লেন ইউলিয়ান নাগলসমান। স্কাই স্পোর্টস জানিয়েছে, গত বৃহস্পতিবার জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন নাগলসমান। সেই আলোচনার পরই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি।
স্কাই জার্মানি জানিয়েছে, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রস্তাব পেলে জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন ইয়ুর্গেন ক্লপ।
অবসর নিলেন মাহরেজ
সুইজারল্যান্ডের বিপক্ষে ২–০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আলজেরিয়া। বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াদ মাহরেজ।
তিনি বলেছেন, ‘দেশের জার্সিতে এটাই আমার শেষ ম্যাচ ছিল।’ আলজেরিয়ার হয়ে ১১৯ ম্যাচে ৪০টি গোল করেছেন মাহরেজ।
সুইজারল্যান্ড ২: ০ আলজেরিয়া
ভ্যাঙ্কুভারে সহজ জয় পেয়েছে সুইজারল্যান্ড। এমবোলো ও এনদোয়ের গোলে ২–০ গোলে আলেজরিয়াকে হারিয়েছে তারা। ৮৮ বছর পর বিশ্বকাপে নকআউট ম্যাচে জিতল সুইজারল্যান্ড।
শেষ ষোলোতে তারা খেলবে কলম্বিয়া বা ঘানার বিপক্ষে।
এবার ড্যান এনদোয়ে
আবারও পিছিয়ে পড়ল আলজেরিয়া। ড্যান এনদোয়ের গোলে ২–০তে এগিয়ে গেল সুইজারল্যান্ড। ৪৬ মিনিটে দারুণ এক শটে গোল করেছেন এনদোয়ে।
গোল...
ম্যাচের ১১ মিনিটে গোল পেলেন ব্রিল এমবোলো। পাল্টা আক্রমণে এমবোলোর গোলে ম্যাচে এগিয়ে গেল সুইজারল্যান্ড। দারুণ শুরুর পরও গোল হজম করল আলজেরিয়া।
ভ্যাঙ্কুভারে মুখোমুখি আলজেরিয়া–সুইজারল্যান্ড
ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে শেষ ৩২ এর ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড।
এক ম্যাচে এত নাটক!
এমন নাটকীয় দ্বিতীয়ার্ধ শেষ কবে দেখা গিয়েছিল? পর্তুগাল–ক্রোয়েশিয়া ম্যাচ শেষ হতে এমন প্রশ্ন জাগতেই পারে। ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে ক্রোয়েশিয়ার এগিয়ে যাওয়া দিয়ে শুরু। এরপর রোনালদোর দুর্দান্ত ফিনিশিংয়ে করা গোল বাতিল হলো অফসাইডে।
সেই রোনালদো ৬৮ মিনিটে পেনাল্টি গোলে সমতায় ফেরালেন পর্তুগালকে। এরপর ক্রোয়েশিয়ার গোল বাতিল হলো অফসাইডে। একটু পর হতাশা নিয়ে বদলি হয়ে মাঠ ছাড়লেন রোনালদো। ম্যাচের ৯৪ মিনিটে পর্তুগালকে এগিয়ে দিলেন বদলি নামা গনসালো রামোস। এই গোলের পর মনে হচ্ছিল ম্যাচ শেষ, কিন্তু কে জানত নাটক যে আরও বাকি! ম্যাচে ৯০+১৩ মিনিটে গোল করে বসল ক্রোয়েশিয়া।
এই গোলের পর চলল ক্রোয়েশিয়ার দীর্ঘ উদ্যাপন। কিন্তু উদ্যাপন শেষ হতেই নামল বিষাদ। মনিটর দেখে রেফারি জানালেন অফসাইডে বাতিল গোল। তারপর বাজল শেষ বাঁশি। রোনালদোর মুখে ফুটল হাসি, মদরিচ ভাসলেন হতাশায়।
পর্তুগাল ২ : ১ ক্রোয়েশিয়া (ফুল টাইম)
যোগ করা সময়ের ১৯তম মিনিটে বাজল রেফারির শেষ বাঁশি। ক্রোয়েশিয়াকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল পর্তুগাল। বাদ পড়ল লুকা মদরিচের ক্রোয়েশিয়া। শেষ ষোলোয় সোমবার বাংলাদেশ সময় রাত একটায় পর্তুগালের প্রতিপক্ষ স্পেন।
অফসাইডে ক্রোয়েশিয়ার গোল বাতিল
যোগ করা সময়ের ১৩তম মিনিটে পর্তুগালের জালে বল জড়িয়েছে। স্কোরলাইন হয়ে যায় ২–২ সমতা। তবে ভিএআর পর্যালোচনায় অফসাইডের সিদ্ধান্ত দিয়েছেন রেফারি। ক্রোয়েশিয়া স্তব্ধ। উল্লাস পর্তুগাল দলে।
৯৪তম মিনিটে পর্তুগালের গোল!
পর্তুগাল ২ : ১ ক্রোয়েশিয়া
গোল করেছেন গনসালো রামোস। রাফায়েল লিয়াও বাঁ প্রান্ত থেকে বল বাড়িয়েছিলেন। দুজন ডিফেন্ডারের মাঝখান থেকে লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠিয়েছেন রামোস। পর্তুগালের জয় কি তবে নিশ্চিত হয়ে গেল?
রোনালদোকে তুলে নিলেন কোচ
৮১ মিনিটে রোনালদোকে বদলি হিসেবে তুলে নিলেন কোচ রবার্তো মার্তিনেজ। তাঁর জায়গায় মাঠে নেমেছেন রুবেন নেভেস। রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ার এখন সতীর্থাদের হাতে। তবে মাঠ ছাড়ার সময় কিছুটা হতাশই ছিলেন পর্তুগিজ মহাতারকা।
অল্পের জন্য এগিয়ে যাওয়া হলো না ক্রোয়েশিয়ার
৭৫ মিনিটে পর্তুগালের বিপক্ষে অল্পের জন্য এগিয়ে যাওয়া হলো না ক্রোয়েশিয়ার। মাতেও কোভাচিচ বল নিয়ে মাঝমাঠ থেকে এগিয়ে এসে নেন জোরালো শট। তবে বলটি পোস্টে লেগে ফিরে আসে।
ফিরে আসা বল আবারও পেয়ে দ্বিতীয়বার শট নেন কোভাচিচ। এবার দুর্দান্ত ডাইভ দিয়ে অবিশ্বাস্য এক সেভ করেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা।
পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো
পর্তুগাল ১ : ১ ক্রোয়েশিয়া
৬০ মিনিটে অফসাইডে থাকায় অল্পের জন্য দলকে সমতায় ফেরাতে পারেন রোনালদো। তবে ৬৮ মিনিটে সুযোগ পেয়ে আর ভুল করেননি। পেনাল্টি গোলে সমতায় ফিরিয়েছেন পর্তুগালকে। এটি বিশ্বকাপ নকআউটে রোনালদোর প্রথম গোল এবং চলতি বিশ্বকাপে তৃতীয়।
গোল করার পর দুই হাত মুঠো করে উচ্ছ্বাস প্রকাশ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থদের ভালোবাসায় ঘিরে থাকা রোনালদোর মুখজুড়ে তখন চওড়া হাসি।
পেনাল্টি নিতে নিজের চিরচেনা ভঙ্গিতেই এগিয়ে যান তিনি। এরপর একদম মাঝ বরাবর শট নিয়ে গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে সহজেই বল জালে জড়ান।
চাপের মুহূর্তেও ছিলেন একেবারে শান্ত। রোনালদোর স্বভাবসুলভ নিখুঁত ফিনিশিং।
অসফাইডে বাতিল রোনালদোর গোল
৬০ মিনিটে দারুণভাবে বল জালে পাঠিয়ে উদ্যাপনে মাততে গিয়েছিলেন রোনালদো। কিন্তু সঙ্গে সঙ্গে অফসাইডের পতাক তুলে দেন লাইন্সম্যান। উদ্যাপন আর করা হলো না পর্তুগিজ মহাতারকার।
পোস্টে প্রতিহত পর্তুগালের প্রচেষ্টা
৫৮ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে গোলের লক্ষ্যভেদ করতে চেয়েছিলেন রাফায়েল লিয়াও। তবে তার নেওয়া শটটি পোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে ম্যাচটি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। দুই দলই একের পর এক আক্রমণ তুলে এনে জমিয়ে তুলেছে লড়াই।
ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে গেল পর্তুগাল
ক্রোয়েশিয়া ১ : ০ পর্তুগাল
৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে লিড নিয়ে ক্রোয়েশিয়া। বিশ্বকাপে টিকে থাকার কঠিন চ্যালেঞ্জের সামনে রোনালদোর পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে নেমেই ক্রোয়েশিয়া যে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে, এই গোলটি যেন তারই প্রমাণ।
দ্রুত থ্রো-ইন থেকে আক্রমণ গড়ে তোলে তারা। ইয়োসিপ স্তানিশিচের বাড়ানো বল বক্সের ভেতর দিয়ে গড়িয়ে যায় ইভান পেরিসিচের কাছে। অভিজ্ঞ এই উইঙ্গার বাঁ পায়ের নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে।
অল্পের জন্য গোল পেল না ক্রোয়েশিয়া
৪৮ মিনিটে মাতেও কোভাচিচ বল জালে পাঠিয়েছেন ভেবে গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েন ক্রোয়েশিয়ার সমর্থকেরা।
বক্সের ভেতরে প্রতিপক্ষের চ্যালেঞ্জ দারুণভাবে সামলে ভারসাম্য ধরে রেখে নিচু শটে গোলের চেষ্টা করেছিলেন কোভাচিচ। তবে বলটি একজন ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে সাইড নেটে আঘাত করে। ফলে গোলের উদ্যাপন আর হয়নি।
গোলের খোঁজ মেলেনি প্রথমার্ধে
পর্তুগাল ০ : ০ ক্রোয়েশিয়া (হাফ টাইম)
গোলের খোঁজেই প্রথমার্ধ পার করল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে ক্রোয়েশিয়ার চেয়ে পর্তুগালের দাপট ছিল বেশি। কিন্তু সেটা গোলমুখ খোলার জন্য যথেষ্ট ছিল না। একাধিকবার কাছাকাছি গিয়েও ব্যর্থ হতে হয়েছে তাদের। ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুকা মদরিচ নিজ নিজ দলের পারফরম্যান্সে তেমন প্রভাব রাখতে পারেননি। এখন বিরতির পর কারা আগে গোল করে কিংবা আদৌ গোল করতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা।
এখনো গোলহীন পর্তুগাল–ক্রোয়েশিয়া ম্যাচ
ম্যাচের ২৪ মিনিটের সময় দেয়া হয়েছে হাইড্রেশন ব্রেক। এখন পর্যন্ত গোল পায়নি কোনো দল।
শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া
ম্যাচের চার মিনিটে রাফায়েল লিয়াওয়ের দুর্দান্ত দৌড়ে গড়ে ওঠা আক্রমণ থেকে পরপর দুটি শট নেন ব্রুনো ফার্নান্দেজ। তবে দুবারই দারুণ সেভ করে পর্তুগালকে গোলবঞ্চিত করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।
জোতার মৃত্যুবার্ষিকীতে মাঠে পর্তুগাল
আজ পর্তুগাল ও ইংলিশ ক্লাব লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর আগে এই দিনে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান এই পর্তুগিজ ফরোয়ার্ড। এমন এক দিনে জোতার স্মৃতিকে সঙ্গী করেই গুরুত্বপূর্ণ এই নকআউট লড়াইয়ে নামছে পর্তুগাল। জয় দিয়েই নিশ্চয় জোতাকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করতে চাইবেন রোনালদোরা। জাতীয় সংগীত চলাকালে পর্দায় ভেসে উঠেছে জোতার মুখ।
রোনালদো নাকি মদরিচ
২০১২ থেকে ২০১৮—এই ছয় বছরে রিয়াল মাদ্রিদের জার্সিতে একসঙ্গে ২২২টি ম্যাচ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদরিচ। এই সময়ে তারা জিতেছেন ১৩টি শিরোপা, যার মধ্যে ছিল চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।
ইউরোপীয় ফুটবলে আধিপত্য বিস্তার করা সেই দলের দুই প্রধান স্তম্ভ ছিলেন তারা। মাঝমাঠ থেকে খেলার ছন্দ নিয়ন্ত্রণ করতেন মদরিচ, আর আক্রমণভাগে নির্ভুল ফিনিশিংয়ে গোলের পর গোল করে দলকে সাফল্য এনে দিতেন রোনালদো।
ফুটবলারের ব্যক্তিগত সর্বোচ্চ স্বীকৃতি ব্যালন ডি'অরও জিতেছেন দুজনই। রোনালদোর ঝুলিতে রয়েছে পাঁচটি, আর মদরিচের একটি।
আজ আবারও মুখোমুখি হচ্ছেন ইউরোপীয় ফুটবলের এই দুই কিংবদন্তি। তবে এবার সতীর্থ হিসেবে নয়, প্রতিপক্ষ হয়ে।
বিশ্বকাপের মঞ্চে হয়তো এটাই শেষবারের মতো একসঙ্গে মাঠে দেখা যাবে রোনালদো ও মদরিচকে। শেষ হাসিটা কে হাসবেন, সেটিই এখন দেখার অপেক্ষা।
রোনালদো ও মদরিচকে নিয়েই দুই দলের একাদশ
পর্তুগালের একাদশ:
দিয়োগো কস্তা (গোলরক্ষক), জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্রোয়েশিয়ার একাদশ:
দমিনিক লিভাকোভিচ, ইয়োসিপ স্তানিসিচ, ইয়োস্কো শুতালো, মারিন পংরাচিচ, ইভান পেরিসিচ, মাতেও কোভাচিচ, লুকা মদরিচ, পেতার সুচিচ; মার্তিন বাতুরিনা, আন্তে বুদিমির, নিকোলা ভ্লাসিচ।
ওইয়ারসাবালের কীর্তি
১৯৮৬ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে এক ম্যাচে জোড়া গোল করা স্পেনের প্রথম ফুটবলার হলেন মিকেল ওইয়ারসাবাল । সেবার শেষ ষোলোয় ডেনমার্কের বিপক্ষে এমিলিও বুত্রাগেনিও করেছিলেন দুই গোল।
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
স্পেন ৩ : ০ অস্ট্রিয়া (ফুল টাইম)
অস্ট্রিয়াকে ৩–০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। ২০১০ সালের ফাইনালের পর এই প্রথম নকআউট ম্যাচ জিতল তারা।
স্পেনের হয়ে জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল। মার্ক কুকুরেয়ার পাসে ম্যাচের প্রথম গোলটি তিনি করেন প্রথমার্ধের ৩৬ মিনিটে। এরপর দ্বিতীয় গোলটি করেন ৮৯ মিনিটে। এটিও এসেছে কুকুরেয়ার সহায়তায়।
ওইয়ারসাবালের দুই গোলের মাঝে অন্য গোলটি করেছেন পেদ্রো পোরো। ম্যাচের ৬৬ মিনিটে আলেক্স বায়েনার ক্রসে জোরাল হেডে বল জালে জড়ান এই ডিফেন্ডার।
৩–০ গোলে জেতা এই ম্যাচটিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে স্পেন। ম্যাচে ৬৪ শতাংশ বলের দখল রাখা স্পেন ২৩ শটের ১০টিই লক্ষ্যে রাখে, অন্য দিকে অস্ট্রিয়া ৫টি শট নিলেও কোনোটি লক্ষ্যে ছিল না। বলা যায়, ম্যাচজুড়ে অস্ট্রিয়া স্পেনকে তেমন কোনো বিপদই তৈরি করতে পারেনি। স্বস্তির এক জয় নিয়েই নকআউটের প্রথম পর্ব পার করল ২০১০ সালের চ্যাম্পিয়নরা।
বড় জয়ের পথে স্পেন
আবার সেই কুকুরেয়ার অ্যাসিস্টে গোল করলেন মিকেল ওইয়ারসাবাল। এটি ম্যাচে স্পেনের তৃতীয় গোল। দলীয় আক্রমণ থেকে ম্যাচের ৮৯ মিনিটে কুকুরেয়া বল বাড়ান বক্সে। আনমার্ক অবস্থায় থাকা স্প্যানিশ ফরোয়ার্ডের বল জালে জড়াতে খুব একটা বেগ পেতে হয়নি। এটি বিশ্বকাপে ওইয়ারসাবালের চতুর্থ গোল।
স্পেনের দুই গোলের লিড
স্পেন ২ : ০ অস্ট্রিয়া
দারুণ এক আক্রমণ থেকে গোল করে স্পেনকে ২–০ গোলে এগিয়ে দিয়েছেন পেদ্রো পোরো। ম্যাচের ৬৬ মিনিটে আলেক্স বায়েনার ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান এই স্প্যানিশ ডিফেন্ডার।
সিমনের কীর্তি
স্পেনের গোলরক্ষক উনাই সিমন বিশ্বকাপে টানা ৪৮৬ মিনিট (ম্যাচের ৫৭ মিনিটের সময়) কোনো গোল হজম না করে নতুন ইতিহাস গড়েছেন। এই কীর্তিতে তিনি আর্জেন্টিনার সের্হিও রোমেরোকে ছাড়িয়ে গেছেন। ফলে বিশ্বকাপ ইতিহাসে গোলরক্ষকদের মধ্যে দীর্ঘতম সময় গোল না খাওয়ার তালিকায় এখন তৃতীয় স্থানে উঠে এসেছেন সিমন।
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
স্পেন ১ : ০ অস্ট্রিয়া (হাফ টাইম)
অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্পেন। প্রথমার্ধের ৩৬ মিনিটে একমাত্র গোলটি করেছেন মিকেল ওইয়ারসাবাল। দাপুটে ফুটবল খেলা স্পেন প্রথমার্ধেই পেতে পারত একাধিক গোল।
অস্ট্রিয়ান গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজার ও গোল পোস্ট বাঁধা হয়ে দাঁড়ানোয় সেটি আর সম্ভব হয়নি। এখন দ্বিতীয়ার্ধে স্পেন কি আরও গোল পাবে নাকি অস্ট্রিয়া ঘুরে দাঁড়াতে পারবে সেটাই দেখার অপেক্ষা।
ওইয়ারসাবালের গোল
অস্ট্রিয়ার বিপক্ষে একের পর এক আক্রমণে যাওয়া স্পেন পেয়েছে প্রাপ্য গোলটি। ম্যাচের ৩৬ মিনিটে মার্ক কুকুয়েরার পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান মিকেল ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে এটি স্প্যানিশ ফরোয়ার্ডের তৃতীয় গোল।
কুকুরেয়ার গোল বাতিল করলেন রেফারি
মার্ক কুকুরেয়া জোরালো শটে বল জালে জড়ালেও সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। রেফারি সঙ্গে সঙ্গেই বাঁশি বাজিয়ে গোলটি বাতিল করে দেন।
কর্নার থেকে বল আসার সময় স্পেনের একজন খেলোয়াড় গোলরক্ষক আলেকজেন্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন। সেই কারণেই রেফারি কুকুরেয়ার গোলটি বাতিল করেছেন। যদিও রেফারির এই সিদ্ধান্তটি বিতর্ক তৈরি করতে পারে।
গোলের খোঁজে স্পেন–অস্ট্রিয়া
লস অ্যাঞ্জেলেসে শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচে এখন লড়ছে স্পেন–অস্ট্রিয়া। এই মুহূর্তে চলছে প্রথম হাইড্রেশন ব্রেক। ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করছে। তবে সুযোগ তৈরিতে অস্ট্রিয়ার চেয়ে অনেকটাই এগিয়ে স্পেন। যদিও এখন পর্যন্ত গোল পায়নি কোনো দল।
এখন মুখোমুখি স্পেন–অস্ট্রিয়া
শেষ ষোলোয় চোখ রেখে শুরু হলো স্পেন–অস্ট্রিয়া ম্যাচ। ইউরোপের কোনো দলের বিপক্ষে স্পেন সর্বশেষ হেরেছিল ১,১৯২ দিন আগে। ২০২৩ সালের ২৮ মার্চ স্কটল্যান্ডের কাছে ২–০ গোলে পরাজিত হওয়ার পর আর কোনো ইউরোপীয় প্রতিপক্ষের কাছে হারেনি তারা।
এরপর থেকে ইউরোপের দলগুলোর বিপক্ষে টানা ৩৪ ম্যাচ অপরাজিত রয়েছে স্পেন। কীভাবে সম্ভব হয়েছে এমন ধারাবাহিকতা? উত্তরটা সহজ—প্রতিপক্ষকে গোলের সুযোগই দিচ্ছে না স্পেন। শক্তিশালী রক্ষণই তাদের সাফল্যের সবচেয়ে বড় ভিত্তি। অস্ট্রিয়া কি পারবে স্পেনকে মাটিতে নামাতে?
স্পেনের রেকর্ড
স্পেন টানা চারটি বিশ্বকাপ ম্যাচে কোনো গোল হজম করেনি। বিশ্বকাপে এটি তাদের যৌথভাবে দীর্ঘতম ক্লিন শিটের রেকর্ড। এর আগে ২০১০ সালে শিরোপা জয়ের পথে টানা চার ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি স্পেন।
বিশ্বকাপ ইতিহাসে টানা পাঁচ ম্যাচে ক্লিন শিট রাখার কীর্তি আছে মাত্র দুটি দলের—১৯৯০ সালে ইতালি এবং ২০০৬ থেকে ২০১০ বিশ্বকাপ মিলিয়ে সুইজারল্যান্ড।
এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ক্লিন শিটের তালিকায় সবার ওপরে আছেন মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঙ্গেল, তার ঝুলিতে চারটি ক্লিন শিট। স্পেনের উনাই সিমোনের রয়েছে তিনটি। তবে রাঙ্গেলের চেয়ে একটি ম্যাচ কম খেলেই এই কীর্তি গড়েছেন সিমোন।
স্পেনের একাদশে ২ পরিবর্তন
উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে খেলানো একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। মিডফিল্ডে মিকেল মেরিনোর জায়গায় ফিরেছেন দানি ওলমো। আর ডান প্রান্তের রক্ষণে মার্কোস ইয়োরেন্তের বদলে সুযোগ পেয়েছেন পেদ্রো পোরো।
চোটে থাকা নিকো উইলিয়ামসের অনুপস্থিতিতে বাম উইংয়ে আস্থা রাখা হয়েছে আলেক্স বায়েনার ওপর। এদিকে সেন্টার-ব্যাক এমেরিক লাপোর্তে খেলতে নামছেন জাতীয় দলের হয়ে নিজের ৫০তম ম্যাচ।
স্পেনের একাদশ:
উনাই সিমোন, পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি; লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।
অস্ট্রিয়ার একাদশ:
আলেকজান্ডার শ্লাগার, স্টেফান পশ, কেভিন ডানসো, ডেভিড আলাবা, কনরাড লামের, নিকোলাস সাইভাল্ড, সাভের শ্লাগার; রোমানো স্মিড, পল ভানার, মার্সেল সাবিটসার, মাইকেল গ্রেগরিশ।
বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ২ : ০ বসনিয়া (ফুল টাইম)
বসনিয়াকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচ জিতল তারা। ম্যাচের দুই অর্ধে দুটি গোল পেয়েছে স্বাগতিকেরা। প্রথমার্ধের ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলটি করেন ফোলারিন বালোগান।
এরপর ১০ জনের দল নিয়ে ম্যাচের ৮২ মিনিটে ফ্রি–কিক থেকে দ্বিতীয় গোলটি করেন মালিক টিলম্যান। এই দুই গোলের মাঝে ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্রথম গোলের নায়ক বালোগান। তবে একজন কম নিয়েও খুব একটা সমস্যায় পড়তে হয়নি যুক্তরাষ্ট্রকে। দারুণ এই জয়ে শেষ ষোলোয় বেলজিয়ামকে পেল যুক্তরাষ্ট্র। আগামী মঙ্গলবার ভোরে মুখোমুখি হবে এই দুই দল।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গোল
দশজনের দল নিয়েও দ্বিতীয় গোল পেয়ে গেছে যুক্তরাষ্ট্র। ৮২তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করেছেন মালিক টিলম্যান।
লাল কার্ড দেখলেন বালোগান
ম্যাচের ৬৫তম মিনিটে দশজনের দল হয়ে গেল যুক্তরাষ্ট্র। লাল কার্ড দেখেছেন বালোগান। যুক্তরাষ্ট্রের গোলটিও তিনিই করেছিলেন।
উড়ে আসা বল নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় ছিলেন বালোগান ও মুহারোমোভিচ। ওই অবস্থায় মুহারোমোভিচের পায়ে পেছন থেকে পাড়া দেন বালোগান। তাৎক্ষণিকভাবে মাঠে শুয়ে পড়ে পা চেপে ধরেন মুহারোমোভিচ, মাঠে ছুটে যান চিকিৎসকেরা। এরপর রেফারি মনিটরে রিপ্লে দেখে এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে কথা বলে ঘোষণা দেন, বালোগানের ফাউলটি বিপজ্জনক ছিল। এরপর লাল কার্ড দেখানো হয় তাঁকে।
যুক্তরাষ্ট্র ১ : ০ বসনিয়া (হাফ টাইম)
বালোগানের গোলে এগিয়ে থেকে বিরতিতে মাঠ ছেড়েছে যুক্তরাষ্ট্র। প্রথম ৪৫ মিনিটের খেলায় স্বাগতিকেরা ৬৩ শতাংশ বল দখলে রেখে মোট ৫টি শট নিয়েছে। বিপরীতে বসনিয়া মাত্র একটি শটই নিতে পেরেছে।
এগিয়ে গেল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ১ : ০ বসনিয়া
ম্যাচের ৪৫তম মিনিটে গোলের দেখা পেল যুক্তরাষ্ট্র। গোল করেছেন ফ্লোরিয়ান বালোগান। মালিক টিলম্যান তাঁকে বল পাস দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বল বসনিয়ার দুজন খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে শেষ পর্যন্ত বালোগানের পায়েই এসে পড়ে। গোলরক্ষক ভাসিলজকে একা পেয়ে যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার শট নিতে কোনো ভুল করেননি। ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
বল দখলে এগিয়ে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ০ : ০ বসনিয়া
প্রথমার্ধের ডিহাইড্রেশন ব্রেক পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। তবে ২৪ মিনিটের এই খেলায় যুক্তরাষ্ট্রই দাপট দেখিয়েছে বেশি। ৭৮ শতাংশ বল ছিল স্বাগতিকদের দখলে। দুটি শট অবশ্য নিয়েছেন পুলিসিকরা, তবে লক্ষ্যে রাখতে পারেননি।
যুক্তরাষ্ট্র না বসনিয়া, বেলজিয়ামের প্রতিপক্ষ কে
শেষ বত্রিশের দশম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। সান ফ্রান্সিসকোর এই ম্যাচটির জয়ী দল শেষ ষোলোয় খেলবে বেলজিয়ামের বিপক্ষে।
বেলজিয়ামের অবিশ্বাস্য জয়
বেলজিয়াম ৩ : ২ সেনেগাল (ফুল টাইম)
বিশ্বকাপের শেষ ৩২–এ সেনেগালের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেয়েছে বেলজিয়াম। ম্যাচে ৫১ মিনিটের মধ্যে ২–০ গোলে পিছিয়ে পড়ে বেলজিয়াম। সেনেগালের হয়ে গোল করেন হাবিব দিয়ারা ও ইসমাইলা সার। এরপর ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২–০ গোলে পিছিয়েই ছিল বেলজিয়াম।
ম্যাচের শেষ কয়েক মিনিট বাকি থাকতে যখন মনে হচ্ছিল বেলজিয়াম হারের মুখে, তখনই দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইউরোপিয়ান দলটি। ৮৬–৮৯— এই তিন মিনিটে দুই গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় বেলজিয়াম। প্রথমে গোল করেন রোমেলু লুকাকু এবং সমতাসূচক দ্বিতীয় গোলটি করেন ইউরি টিলেমান্স। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েও ম্যাচটি ছিল সমতায়। একপর্যায়ে মনে হচ্ছিল টাইব্রেকারেই হয়তো নির্ধারিত হতে যাচ্ছে ম্যাচের ভাগ্য। কিন্তু এরপর আবার চমক। ম্যাচের একেবারের শেষ মুহূর্তে পেনাল্টি পায় বেলজিয়াম। বক্সের ভেতর বেলজিয়ান তারকা ইউরি টিলেমান্স ফাউলের শিকার হওয়ায় এই পেনাল্টি পায় তারা।
ভিএআর যাচাই ও মনিটরে দেখার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। যদিও এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতে পারে। তবে পেনাল্টিতে কোনো ভুল করেননি টিলেমান্স। নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন ৩–২ ব্যবধানে। এরপর ম্যাচে ফেরার আর কোনো সুযোগ পায়নি সেনেগাল। ম্যাচ শেষ হয় বেলজিয়ামের অবিশ্বাস্য এক জয়ে।
পুরো ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে।
৩–২ গোলে এগিয়ে বেলজিয়াম
১২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে এখন জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ইউরি টিলেমান্স।
পেনাল্টি পেল বেলজিয়াম
অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে এখন পেনাল্টি পেল বেলজিয়াম।
ডোডি লুকেবাকিওর সামনে ছিল সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ। গোল থেকে মাত্র ১১ গজ দূরে দাঁড়িয়ে তিনি শট নেন, কিন্তু বল আড়াআড়ি দণ্ডের ওপরের অংশে লেগে ফিরে আসে। ডান দিক থেকে টিমোথি কাস্তানিয়ের নিচু ক্রসটি তাঁর কাছেই এসেছিল। কিন্তু শট নেওয়ার সময় শরীর একটু বেশি পেছনে হেলে যাওয়ায় বল বার ঘেঁষে বাইরে চলে যায়। এদিকে ক্রসটি আসার সময় বেলজিয়ামের খেলোয়াড়েরা দাবি করেন, টিলেমান্স ফাউলের শিকার হয়েছেন। রিপ্লেতে দেখা যায়, লামিনে কামারা বলে স্পর্শই করতে পারেননি। পরে মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি।
২–২ সমতায় সেনেগাল–বেলজিয়াম ম্যাচ
নিশ্চিত হারের পথে থাকা বেলজিয়াম তিন মিনিটের কম সময়ে দুই গোল শোধ করে সমতা ফেরায় ম্যাচে। এখন ২–২ সমতায় শেষ হয়েছে অতিরিক্ত সময়ের প্রথমার্ধও। দ্বিতীয়ার্ধে গোল আসবে নাকি ম্যাচ চলে যাবে টাইব্রেকারে?
খেলা গড়াল অতিরিক্ত সময়ে
সেনেগাল ২ : ২ বেলজিয়াম
৯০ মিনিটের খেলা শেষ। স্কোরলাইনে সমতা। ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। ১৫ মিনিট করে দুই অর্ধে খেলা হবে ৩০ মিনিট।
বেলজিয়ামের দুর্দান্ত ফেরা
সেনেগাল ২ : ২ বেলজিয়াম
অবিশ্বাস্য! ৮৫ মিনিট পর্যন্ত ২–০ গোলে পিছিয়ে থাকা বেলজিয়াম ম্যাচে ফিরল দারুণভাবে। ৮৬–৮৯ এই তিন মিনিটের মধ্যে দুই গোল শোধ করে ২–২ সমতা ফিরিয়েছে তারা। বেলজিয়ামের হয়ে দারুণ এক হেডে দ্বিতীয় গোলটি করেছেন ইউরি টিলেমান্স।
লুকাকুর গোলে ফেরার চেষ্টা বেলজিয়ামের
সেনেগাল ২ : ১ বেলজিয়াম
অবশেষে গোলের দেখা পেল বেলজিয়াম। ম্যাচের ৮৬ মিনিটে সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের হয়ে গোলটি করেছেন রোমেলু লুকাকু।
বিদায়ের মুখে বেলজিয়াম
২–০ গোলে পিছিয়ে পড়া বেলজিয়াম ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কাছাকাছি গিয়েও বারবার ব্যর্থ হচ্ছে তারা। নির্ধারিত ৯০ মিনিট শেষ হতে আর ১০ মিনিটও বাকি নেই।
আবারও সেনেগালের গোল
সেনেগাল ২ : ০ বেলজিয়াম
দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোলও পেয়ে গেল সেনেগাল। গোল করেছেন ইসমাইলা সার। নিয়াখাতের লম্বা করে বল বাড়িয়েছিলেন, সেই বল বুক দিয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন সার। এরপর জোরাল হাফ-ভলিতে পাঠিয়ে দেন বেলজিয়ামের জালে।
হঠাৎ আগন্তুক!
সেনেগাল ১ : ০ বেলজিয়াম (হাফ টাইম)
সিয়াটলে স্বস্তি নিয়ে বিরতির জন্য মাঠ ছেড়েছে সেনেগাল। ২৫ মিনিটে করা হাবিব দিয়ারার গোলে আফ্রিকান দলটি এগিয়ে ১–০ ব্যবধানে।
গোল না পেলেও বেলজিয়াম অবশ্য খুব খারাপ খেলেনি। ৫১ শতাংশ বলে দখল, সেনেগালের বক্সে ১৬টি টাচ আর ৫টি শট মিলিয়ে যথেষ্টই আক্রমণাত্মক খেলেছে বেলজিয়াম।
সেনেগাল ১ : ০ বেলজিয়াম
বেলজিয়ামের বিপক্ষে ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে গেছে সেনেগাল। এই গোলটি সেনেগালের প্রাপ্য ছিল।
বাঁ দিক থেকে দুর্দান্ত এক বাঁকানো ক্রস বাড়ান সাদিও মানে। সেই বলে ইসমাইলা সারের হালকা ছোঁয়ায় নেওয়া হেড বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে।
তবে তাতেও কোনো সমস্যা হয়নি। ফিরে আসা বলে সবার আগে পৌঁছে সহজেই জালে পাঠিয়ে দেন হাবিব দিয়ারা, আর তাতেই কাঙ্ক্ষিত লিড পেয়ে গেছে সেনেগাল।
সুযোগ হারাল সেনেগাল
১৩তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল সেনেগাল। বেলজিয়াম গোলকিপার থিবো কোর্তোয়া বল ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় সামনে পেয়ে গিয়েছিলেন ইসমাইলা সার। বল তাঁর পা হয়ে পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে পা ছোঁয়ালেও অবশ্য কাজ হয়নি, বাইরের জালে লেগেছে।
সেনেগালের মুখোমুখি বেলজিয়াম
সিয়াটলে শেষ বত্রিশের ম্যাচে মাঠে নামছে বেলজিয়াম–সেনেগাল। বেলজিয়াম ‘জি’ গ্রুপে এক জয় ও দুই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে নকআউটে এসেছে। সেনেগাল এসেছে ৩ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে। তৃতীয় হওয়া যে ৮টি দল শেষ বত্রিশে জায়গা করেছে, সবার নিচে ছিল সেনেগাল।
দুই দেশের ফুটবল ইতিহাসে এটিই বেলজিয়াম–সেনেগালের প্রথম দেখা।
শেষ ষোলোয় ইংল্যান্ড, ডিআর কঙ্গোর বিদায়
ইংল্যান্ড ২ : ১ ডিআর কঙ্গো (ফুল টাইম)
ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডই জয়ী। ৭৫ ও ৮৬ মিনিটে হ্যারি কেইনের দুর্দান্ত দুই গোলে ডিআর কঙ্গোকে ২–১ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
আগামী ৬ জুলাই শেষ ষোলোয় ইংল্যান্ডের প্রতিপক্ষ মেক্সিকো।
আজ জোড়া গোলের পথে বিশ্বকাপে গোলসংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন কেইন। পেলের ১২ গোল ছাপিয়ে ইংলিশ অধিনায়কের গোল ১৩টি। এবারের আসরেও যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কেইন। আর্লিং হলান্ডের মতো তাঁর গোলও ৫টি। ৬টি করে নিয়ে শীর্ষ লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।
ইংল্যান্ড–ডিআর কঙ্গো ম্যাচের পূর্ণাঙ্গ রিপোর্ট পড়ুন এখানে। হ্যারি কেইনকে নিয়ে পড়তে পারেন এখানে। ম্যাচটি দেখার পর ভিন্নধর্মী কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েইন রুনি। পড়ুন এখানে।
কেইন আবারও...
এবার এগিয়েও গেল ইংল্যান্ড। গোল করেছেন সেই কেইনই।
বক্সের সামান্য বাইরে গর্ডনের কাছ থেকে বল পেয়ে ভেতরে ঢুকেছেন, এরপর ডান পায়ের জোরাল শটে পাঠিয়ে দিয়েছেন জালে। ১৫ মিনিট আগেও ১–০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড এখন ২–১ ব্যবধানে এগিয়ে। ১১ মিনিটের মধ্যে দুটি গোলই করেছেন কেইন।
এই গোলে বিশ্বকাপে গোলসংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন ইংল্যান্ড অধিনায়ক। কেইনের মোট গোল এখন ১৩টি। এবারের আসরে পাঁচটি।
পেলের পাশে কেইন
কেইনের গোলে সমতা
ইংল্যান্ড ১ : ১ ডিআর কঙ্গো
অবশেষে দেয়াল ভাঙতে পারল ইংল্যান্ড। ভাঙলেন হ্যারি কেইন। ৭৫তম মিনিটে গর্ডনের বাড়ানো বল হেডে জালে জড়িয়েছেন তিনি। জালে যাওয়ার আগে বল অবশ্য ডিআর কঙ্গো গোলকিপার এমপাসির হাতে লেগেছিল। তবে দিক পাল্টেনি খুব বেশি।
আবারও এমপাসি
৫৪ মিনিটে আবারও দুর্দান্ত এক সেভে ইংল্যান্ডকে গোল পেতে দেননি কঙ্গোর গোলকিপার এমপাসি। জুড বেলিংহামের শট কঙ্গোর এক খেলোয়াড়ের শরীরে লেগে দিক পরিবর্তন করে ঢুকে যাচ্ছিল জালে। এমপাসি দুর্দান্তভাবেই ঠেকিয়ে দেন বলটাকে।
৪৫+২ মিনিট: ইংল্যান্ড ০-১ কঙ্গো
কী অতিমানবীয় সেভ এমপাসির!
আবারও বেলিংহামকে হতাশ করলেন কঙ্গোর গোলকিপার! ডান দিক থেকে ভেসে আসা চমৎকার এক ক্রসে মাথা ছুঁইয়ে বল নিচের দিকে নামিয়ে পোস্টের দিকে পাঠিয়েছিলেন জুড বেলিংহাম। কিন্তু গোলপোস্টের নিচে লিওনেল এমপাসি যেন কোনো অপরাজেয় প্রাচীর! এবারও দুর্দান্ত ক্ষিপ্রতায় শরীরটা সঁপে দিয়ে বলটি একদম বাঁ দিকের নিচের কোনা থেকে বাইরে ঠেলে দিলেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে নিশ্চিত গোলবঞ্চিত হলো ইংল্যান্ড!
৪৪ মিনিট: ইংল্যান্ড ০-১ কঙ্গো
বক্সে পড়ে গেলেন কেইন! পেনাল্টি কি? না!
উত্তেজনা ছড়াল ম্যাচে! মাঝমাঠ থেকে বাড়িয়ে দেওয়া একটি লম্বা বল তাড়া করে কঙ্গোর বক্সের দিকে ছুটেছিলেন হ্যারি কেইন। তাঁকে রুখতে নিজের পজিশন ছেড়ে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন কঙ্গোর গোলকিপার লিওনেল এমপাসি। দুজনের এই মুখোমুখি লড়াইয়ে বক্সে পড়ে যান ইংলিশ অধিনায়ক।
জোরালো আবেদন তুলেছিল ইংল্যান্ড শিবির। তবে রেফারি ফাউলের বাঁশি বাজিয়েছেন উল্টো কেইনের বিপক্ষেই! পেনাল্টি তো পাওয়াই হলো না, উল্টো কঙ্গো পেল ফ্রি-কিক। রেফারি পরিষ্কার জানিয়ে দিলেন—নো পেনাল্টি!
৪২ মিনিট: ইংল্যান্ড ০-১ কঙ্গো
উইসা! প্রায় ২-০ করে ফেলেছিল ডিআর কঙ্গো!
ব্যর্থতার চরম নিদর্শন দেখাল ইংলিশ ডিফেন্স। এজরি কনসা এবং মার্ক গেহি—দুজনের কেউই পজিশনে ছিলেন না। সেই সুযোগে বক্সের ভেতর ইওয়ান উইসার উদ্দেশ্যে চমৎকার এক বল বাড়ান অ্যারন ওয়ান-বিসাকা। বল পেয়েই প্রথম ছোঁয়ায় শট নিয়েছিলেন উইসা, কিন্তু হ্যারি কেইনের দলের ভাগ্য ভালো যে বলটি পোস্টের একদম কোনায় লেগে ফিরে আসে! নিশ্চিত আরও এক গোল খাওয়া থেকে বেঁচে গেল ইংল্যান্ড।
৩৫ মিনিট: ইংল্যান্ড ০-১ কঙ্গো
ভাগ্যের ছোঁয়া পেল না ইংল্যান্ড, এবার দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়াল মার্কাস রাশফোর্ডের সামনে! ডি-বক্সের ভেতর বল পেয়েই প্রথম স্পর্শে গোল অভিমুখে জোরালো শট নিয়েছিলেন এই ইংলিশ ফরোয়ার্ড। কিন্তু কঙ্গোর এক ডিফেন্ডারের গায়ে লেগে বলটি দুর্ভাগ্যজনকভাবে ব্লক হয়ে যায়। সমতায় ফেরার আরও একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া হলো থ্রি-লায়নদের।
৩০ মিনিট: ইংল্যান্ড ০-১ কঙ্গো
দারুণ এক সুযোগ হাতছাড়া হলো জুড বেলিংহামের! শূন্যে ভেসে আসা একটি ক্রস বাতাসে ভেসে লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে গোলপোস্টের ডান দিকে পাঠিয়েছিলেন এই ইংলিশ মিডফিল্ডার। কিন্তু ডিআর কঙ্গোর গোলকিপার লিওনেল এমপাসি যেন প্রাচীর হয়ে দাঁড়ালেন। চোখের পলকে অতিমানবীয় রিফ্লেক্স দেখিয়ে বলটি জালে জড়ানো থেকে রক্ষা করেন তিনি। নিশ্চিত এক গোল বাঁচিয়ে কঙ্গোকে ম্যাচে ধরে রাখলেন এমপাসি।
ভয়ডরহীন কঙ্গো
বিবিসি স্পোর্টস-এ সাবেক ইংলিশ গোলরক্ষক জো হার্ট বলেছেন: কঙ্গো এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে। একদমই ভয়ডরহীন ফুটবল উপহার দিচ্ছে। গোল খাওয়ার পর ইংলিশদের কিছুটা নড়বড়ে মনে হচ্ছে। এই দিক থেকে হাইড্রেশন ব্রেকটি ইংল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়ে এলো।
ইতিহাস ইংল্যান্ডের বিপক্ষে
ইতিহাস কিন্তু এখন ইংল্যান্ডের বিপক্ষে কথা বলছে!
পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে, সেই ১৯৬৬ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। এরপর দীর্ঘ ৬০ বছর কেটে গেছে, কিন্তু বিশ্বকাপে প্রথমে গোল হজম করার পর আর কোনো ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারেনি থ্রি-লায়নরা।
গোল! ইংল্যান্ড ০, ডিআর কঙ্গো ১
ম্যাচের শুরুতেই বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড। ডিআর কঙ্গোকে স্তব্ধ করে দেওয়া এক গোলে এগিয়ে নিলেন ব্রায়ান সিপেঙ্গা। ডি-বক্সের বাঁ দিক থেকে দারুণ এক ডান পায়ের শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। বল খুঁজে নেয় জালের একেবারে নিচের বাঁ দিকের কোনা। এই চমৎকার গোলের উৎস অবশ্য অধিনায়ক শানসেল এমবেম্বা, তাঁর অ্যাসিস্ট থেকেই লিড নিল কঙ্গো। 
মেক্সিকোর জয় উদ্যাপনে অন্তত দুজনের মৃত্যু
৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জিতেছে মেক্সিকো। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে উঠেছে শেষ ষোলোতে। এমন জয়ের আনন্দে মেতে উঠেছে পুরো মেক্সিকো সিটিই। তবে হরিষে বিষাদ বলেও একটা কথা আছে।
বিশাল এই উদ্যাপনের মধ্যেই যেমন ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। উদ্যাপনের হুড়োহুড়ির মধ্যে মেক্সিকো সিটিতে দম আটকে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
ইকুয়েডর কোচের পদত্যাগ
শেষ ৩২ এর লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে ২–০ গোলে হেরেছে ইকুয়েডর। এই হারের পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সেবাস্তিয়ান বেকাচেচে।
মেক্সিকো ২ : ০ ইকুয়েডর
অবশেষে নকআউটে মেক্সিকোর জয়! ৪০ বছর পর বিশ্বকাপে নকআউট পর্বে জিতল দলটি। আজ ইকুয়েডরকে মেক্সিকো হারিয়েছে ২–০ গোলে।
মেক্সিকো দুটি গোলই করেছে প্রথমার্ধে। ম্যাচের ২২ মিনিটে দলটির হয়ে প্রথম গোল করেছিলেন হুলিয়ান কিনিয়োনেস। ৯ মিনিট পর মেক্সিকোকে আবার এগিয়ে দেন রাউল হিমিনেজ।
মুখ ঢেকে কথা বলায় আবার লাল কার্ড
লাল কার্ড দেখলেন ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়ে। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় তিনি নিজের মুখ ঢেকে কিছু একটা বলেছিলেন।
পাকেতাকে নিয়ে দুঃসংবাদ পেল ব্রাজিল
জাপানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মিডফিল্ডার লুকাস পাকেতা। শেষ ষোলোয় ব্রাজিলের ম্যাচে তিনি খেলতে পারবেন না। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাঁর চোটের খবরটি নিশ্চিত করেছে।
বিশ্বকাপের শেষ ষোলোয় আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে পাকেতা খেলতে পারবেন না বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম। বিশ্বকাপে পাকেতাকে আর মাঠে দেখা যাবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম।
মেক্সিকো ২–০ ইকুয়েডর (হাফ টাইম)
২২ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলের পর ৩১ মিনিটে মেক্সিকোকে দ্বিতীয় গোলটি এনে দেন রাউল হিমিনেজ। ৯ মিনিটের মধ্যে দুই গোল করেছে স্বাগতিকরা।
নেদারল্যান্ডস কোচের পদ ছাড়লেন কোমান
বিশ্বকাপে রাউন্ড অব থার্টি টুর ম্যাচে মরক্কোর বিপক্ষে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। এই ব্যর্থতার দায় নিয়ে দলটির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রোনাল্ড কোমান। গত মঙ্গলবার নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন নেদারল্যান্ডসের সাবেক এ ফুটবলার।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতিতে ৬৩ বছর বয়সী কোমান বলেন, ‘গত রাতেই আমি ডাচ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন আমাদের সবারই ছিল, কিন্তু আমরা লক্ষ্য পূরণ করতে পারিনি। এর জন্য আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নেই। প্রধান কোচ হিসেবে এই ব্যর্থতার চূড়ান্ত দায়ভার আমারই।’
আবারও মেক্সিকোর গোল
মেক্সিকো ২ : ০ ইকুয়েডর
৯ মিনিটের মধ্যে দ্বিতীয় গোলও পেয়ে গেল মেক্সিকো। ৩১তম মিনিটে গোল করেছেন রাউল হিমেনেজ।
মেক্সিকো ১ : ০ ইকুয়েডর
ইকুয়েডরের বিপক্ষে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে গেল মেক্সিকো। ম্যাচের ২২ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোলটি করেছেন এই মেক্সিকান ফরোয়ার্ড।
অবশেষে খেলা শুরু হচ্ছে
নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হতে যাচ্ছে মেক্সিকো–ইকুয়েডর শেষ বত্রিশের ম্যাচ। মেক্সিকো সিটির ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়ার কথা ছিল। তবে বজ্রঝড়ের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
দুই দলের খেলোয়াড়েরা এরই মধ্যে মাঠে প্রবেশ করেছেন। সম্পন্ন হয়েছে জাতীয় সংগীতের আনুষ্ঠানিকতাও।
ঝড়ের কবলে মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ
খারাপ আবহাওয়ার কারণে মেক্সিকো–ইকুয়েডরের শেষ ৩২–এর ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে।
চার ঘণ্টারও বেশি সময় আগে থেকেই দর্শকরা মেক্সিকোর জাতীয় স্টেডিয়ামে (আজতেকা) আসতে শুরু করেছিলেন। তবে পূর্ব নির্ধারিত বাংলাদেশ সময় ৭টায় ম্যাচটি শুরু হচ্ছে না। প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে আবহাওয়া সতর্কতা জারি রয়েছে।
যে কারণে ম্যাচ শুরুর সময় অন্তত ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এমন যে, খেলোয়াড়রাও এখনো মাঠে নেমে ওয়ার্ম-আপ করতে পারেননি।
দুর্দান্ত ফ্রান্স, দুর্দান্ত এমবাপ্পে
ফ্রান্স ৩ : ০ সুইডেন (ফুল টাইম)
একপেশে লড়াইয়ে সুইডেনকে ৩–০ গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ ষোলোয় ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
নিউ জার্সিতে ম্যাচে ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। অন্য গোলটি ব্র্যাডলি বারকোলার। ম্যাচে এমবাপ্পে–ওলিসেদের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি সুইডিশরা। তিন গোল খেয়ে ম্যাচ শেষ করাকে অবশ্য সৌভাগ্য হিসেবেই দেখতে পারে সুইডেন। যেভাবে ম্যাচজুড়ে ফ্রান্স আধিপত্য করেছে, ম্যাচ শেষে গোল সংখ্যা আরও অনেক বেশি হতে পারত। ম্যাচে ২৫টি শট নিয়ে ১২টি লক্ষ্যে রেখেছে ফ্রান্স, অন্য দিকে সুইডেন শট নিয়েছে ৮টি এবং লক্ষ্যে ছিল ৩টি।
এই ম্যাচে জোড়া গোল করে নিজের অর্জনকে আরও ওপরে নিয়ে গেছেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে। দুজনেরই গোল এখন ৬। আর সব মিলিয়ে এমবাপ্পের গোল এখন ১৮। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলে মেসির চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন ফরাসি তারকা। মেসির গোল ১৯। 
ওলিসের কীর্তি
এমবাপ্পের অবিশ্বাস্য কীর্তির কারণে যেন খানিকটা আড়ালেই পড়ে গেলেন মাইকেল ওলিসে। অথচ কি দুর্দান্ত ফর্মেই না আছেন এই ফরাসি মিডফিল্ডার! এর মধ্যে গড়েছেন একটি কীর্তিও। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ওলিসের অ্যাসিস্ট ৫টি। ১৯৯৪ বিশ্বকাপে জার্মানির টমাস হ্যাসলারের পর এক আসরে এত বেশি অ্যাসিস্ট আর কোনো ফুটবলার করতে পারেননি।
মাঠ ছাড়লেন এমবাপ্পে
ম্যাচের ৮৫ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়লেন এমবাপ্পে। তাঁর বদলে মাঠে নেমেছেন জ্যঁ-ফিলিপ মাতেতা। চলতি বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতেই দুটি করে গোল করেছেন রিয়াল মাদ্রিদ তারকা। হ্যাটট্রিকের অপেক্ষাটা থেকেই গেল।
এমবাপ্পে ১৮ নম্বর গোল
অবিশ্বস্য এমবাপ্পে! গোল করাকে যেন ছেলেখেলা বানিয়ে ছেড়েছেন এই ফরাসি তারকা। সুইডেনের বিপক্ষে ম্যাচের ৭৪ মিনিটে করলেন নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল। তাঁর জোড়া গোলে ফ্রান্স এগিয়ে ৩–০ গোলে।
এই গোলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে। দুজনেরই গোল এখন ৬। আর সব মিলিয়ে এমবাপ্পের গোল এখন ১৮। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলে মেসির চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন ফরাসি তারকা। মেসির গোল ১৯।
দুই গোলে এগিয়ে ফ্রান্স
বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দ্বিতীয় গোল পেল ফ্রান্স। মাইকেল ওলিসের পাসে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন ব্র্যাডলি বারকোলা। এটি চলতি বিশ্বকাপে তাঁর দ্বিতীয় গোল।
রেকর্ড!
বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি গোল এখন এমবাপ্পের। এত দিন সর্বোচ্চ ৮টি করে গোল নিয়ে রেকর্ডটা ছিল যৌথভাবে লিওনিদাস ও রোনালদো নাজারিওর। এমবাপ্পে এখন ৯ গোল করে রেকর্ডের একক মালিক।
ফ্রান্স ১ : ০ সুইডেন (হাফ টাইম)
প্রথমার্ধের বাঁশি বাজল। এগিয়ে থেকে বিরতিতে যাচ্ছে ফ্রান্স। ৪৫তম মিনিটে গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য এর আগপর্যন্ত ফ্রান্স যেভাবে খেলেছে, তাতে একাধিক গোলই পাওনা ছিল দলটির। এমবাপ্পের ও মাইকেল ওলিসের শট পোস্টে লেগে ফিরেছে, গোল বাতিল হয়েছে অফসাইডেও।
সব মিলিয়ে প্রথমার্ধে ৭১ শতাংশ সময় বল দখলে রেখে মোট ১৫টি শট নিয়েছে ফ্রান্স, যার মধ্যে ৬টিই ছিল লক্ষ্যে। গোল এসেছে মাত্র একটিতে।
বিপরীতে সুইডেন ৩ শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারলেও এখন পর্যন্ত গোলহীন।
অবশেষে এমবাপ্পের গোল
ফ্রান্স ১ : ০ সুইডেন
আর কত! একের এক গোলবঞ্চিত হয়ে হয়তো এমনটাই ভাবছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে অফসাইড কিংবা পোস্টে লেগে ফিরে আসার পরও আটকে রাখা যায়নি এমবাপ্পেকে। প্রথমার্ধের ৪৫ মিনিটে ঠিকই আদায় করে নিয়েছেন গোল। উসমান দেম্বেলের কাছে থেকে বল পেয়েছে জোরাল শটে বল জালে জড়ান ফ্রান্স অধিনায়ক।
এটি চলতি বিশ্বকাপে তাঁর পঞ্চম ও সব মিলিয়ে বিশ্বকাপের ১৭তম গোল। এর ফলে এমবাপ্পে এখন বিশ্বকাপে এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এর আগে ১৬ গোল নিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে দুইয়ে ছিলেন তিনি। এমবাপ্পের সামনে এখন ১৯ গোল নিয়ে সবার ওপরে থাকা লিওনেল মেসি।
ওলিসের অবিশ্বাস্য প্রচেষ্টা ফিরল পোস্টে লেগে
অবিশ্বাস্য প্রচেষ্টার পরও গোল পাওয়া হয়নি ফ্রান্সের। ৩৬ মিনিটে বক্সের কিনারা থেকে দুঃসাহসী এক বাইসাইকেল কিকে ভাগ্য পরীক্ষা করেন মাইকেল ওলিসে। তাঁর দুর্দান্ত শটটি গিয়ে লাগে পোস্টে। ফিরতি বলে উসমান দেম্বেলের নেওয়া শটও অল্পের জন্য গোলের বাইরে দিয়ে চলে যায়।
এমবাপ্পের আক্ষেপ
সুইডেনের বিপক্ষে ৩২ মিনিটে প্রথম গোলটা পেয়েই গিয়েছিলেন এমবাপ্পে। কিন্তু ভাগ্য তাঁর পক্ষে ছিল না। মাইকেল ওলিসের পাস থেকে তাঁর শট ফিরে আসে পোস্টে লেগে।
গোল পেলেন না এমবাপ্পে
ম্যাচের ২০ মিনিটে বল জালে জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়েছে সেই গোল।
এখন মুখোমুখি ফ্রান্স–সুইডেন
শেষ ষোলোয় চোখ রেখে এখন মুখোমুখি হয়েছে ফ্রান্স–সুইডেন। গ্রুপ ‘আই’ থেকে তিন ম্যাচের তিনটিতে জিতে শেষ ৩২–এ নিশ্চিত করে ফ্রান্স। আর সুইডেন এসেছে গ্রুপ ‘এফ’–এ তৃতীয় হয়ে। গ্রুপপর্বে তিন ম্যাচের একটিতে জয়, একটিতে ড্র এবং অন্যটিতে হেরেছিল তারা।
ফ্রান্সের একাদশে চার পরিবর্তন
নরওয়ের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে ৪–১ গোলের জয়ের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। শুরু থেকেই খেলবেন লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, উইলিয়াম সালিবা ও ব্র্যাডলি বারকোলা। এর ফলে বেঞ্চে বসতে হচ্ছে আগের ম্যাচে একাদশে থাকা মানু কোনো, ম্যাক্সাঁস লাক্রোয়া, দেজিরে দুয়ে ও থিও হার্নান্দেজকে।
ফ্রান্সের একাদশ:
মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়াঁ চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে।
সুইডেনের একাদশ:
ইয়াকব ভিডেল জেটারস্ট্রম, গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, লিন্ডেলফ, গুস্তাফ ল্যাগারবিয়েলকে, ড্যানিয়েল সভেনসন, লুকাস বার্গভাল, ইয়াসিন আয়ারি, এলিয়ট স্ট্রাউড , আলেকসান্দার ইসাক, অ্যান্থনি এলাঙ্গা, ভিক্টর ইয়োকেরেস।
আইভরিকোস্টকে হারিয়ে ব্রাজিলকে পেল নরওয়ে
নরওয়ে ২ : ১ আইভরিকোস্ট (ফুলটাইম)
বিশ্বকাপের শেষ ৩২–এর ম্যাচে আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়েছে নরওয়ে। এই ম্যাচ শেষে নিশ্চিত হলো শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষও। আগামী ৫ জুলাই রাত ২টায় নিউ জার্সিতে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।
উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩৯ মিনিটে আন্তোনিও নুসার দারুণ এক গোলে প্রথমে লিড নেয় নরওয়ে। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে আরেকটি অসাধারণ গোলে আইভরিকোস্টকে সমতায় ফেরান আমাদ দিয়ালো।
তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফ্রিকার দেশটি। পরে ম্যাচের ৮৬ মিনিটে নরওয়ের হয়ে জয়সূচক গোলটি করেন ‘গোলমেশিন’ হলান্ড। বিশ্বকাপে হলান্ডের করা ৫ম গোলই নরওয়েকে পৌঁছে দিয়েছে শেষ ষোলোয়।
হলান্ডের গোলে নরওয়ের লিড
গোল পেলেন আর্লিং হলান্ড। ৮৬ মিনিটে দারুণ এক আক্রমণে প্যাট্রিক বার্গ তিন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে বল পাঠান হলান্ডের উদ্দেশে। এরপর আলতো ছোঁয়ায় সহজেই বল জালে জড়ান ম্যানচেস্টার সিটি তারকা। এটি বিশ্বকাপে হলান্ডের ৫ম গোল।
সমতায় ফিরল আইভরিকোস্ট
বেঞ্চ থেকে নেমেই জাদুকরী এক মুহূর্ত উপহার দিলেন আমাদ দিয়ালো। তাঁর দারুণ গোলে ম্যাচে সমতায় ফিরেছে আইভরিকোস্ট। ম্যাচের ৭৪ মিনিটে অনেকটা একক কৃতিত্বে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। এটি বিশ্বকাপে দিয়ালোর দ্বিতীয় গোল।
সমতা ফেরানোর চেষ্টায় আইভরিকোস্ট
আইভরিকোস্ট–নরওয়ে ম্যাচের ৬০ মিনিট পেরিয়ে গেছে। এখনো নরওয়ে ১–০ গোলে এগিয়ে আছে। ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা বেশ কয়েকবার আক্রমণে যায় আইভরিকোস্ট, যদিও এখনো গোলের দেখা মেলেনি।
নরওয়ে ১ : ০ আইভরিকোস্ট (হাফ টাইম
প্রথম ৪৫ মিনিটের খেলা শেষ। এগিয়ে থাকার স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে নরওয়ে। ৩৯তম মিনিটে গোল করেছেন দলটির উইঙ্গার আন্তনিও নুসা।
আইভরিকোস্টও অবশ্য আক্রমণ কম করেনি। নরওয়ের ৬ শটের বিপরীতে আফ্রিকান দলটি নিয়েছে ৫টি শট। তবে এর চারটিই ছিল ‘অফ–টার্গেট’।
নরওয়ের গোল!
নরওয়ে ১ : ০ আইভরিকোস্ট
ম্যাচের ৩৯তম মিনিটে গোলের দেখা পেয়েছে নরওয়ে। বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বল জালে পাঠিয়েছেন আন্তনিও নুসা।
ডালাসে চলছে নরওয়ে–আইভরিকোস্ট ম্যাচ
যুক্তরাষ্ট্রের ডালাসে চলছে নরওয়ে–আইভরিকোস্টের শেষ ৩২–এর ম্যাচ। জয়ী দল ৫ জুলাই শেষ ষোলোতে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।
নরওয়ের একাদশে হলান্ড
ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুরো একাদশই প্রায় বদলে ফেলেছিলেন নরওয়ের কোচ। হলান্ড–ওডেগার্ডও ছিলেন না একাদশে। আজ আইভরি কোস্টের বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে তাঁকে ফেরানো হয়েছে। আগের ম্যাচের একাদশের শুধু প্যাট্রিক বার্গ আছেন।
নরওয়ের একাদশ: নিলান্ড, ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, মার্কুস হোমগ্রেন পেদারসেন, টোরবিয়র্ন হেগেম, প্যাট্রিক বার্গ, সান্ডার বার্গ, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্দার সরলথ, আর্লিং হলান্ড, আন্তোনিও নুসা
নয়্যারের অবসর
অবসর ভেঙে ফিরেছিলেন বিশ্বকাপে। প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে শেষ ৩২ থেকেই বিদায় নিয়েছে জার্মানি। এরপর আবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নয়্যার।
নেদারল্যান্ডস ১ (২) : মরক্কো ১ (৩)
এ যেন মিসের মহড়া! টাইব্রেকারে তিনটি শট মিস করেছে নেদারল্যান্ডস। দুটি মিস করেছে মরক্কো। একটি শট কম মিস করা মরক্কো এখন শেষ ১৬–এ তে। আরও বিস্তারিত জানতে পড়ুন...
টাইব্রেকার
নেদারল্যান্ডস প্রথম শট: কুপমাইনার্সের প্রথম শট থেকে এসেছে গোল।
মরক্কো প্রথম শট: মিস! এল আয়নাউয়ি গোল দিতে পারেননি।
নেদারল্যান্ডস দ্বিতীয় শট: মিস! জাস্টিন ক্লাইভার্ট মেরেছেন পোস্টে।
মরক্কো দ্বিতীয় শট: একটুর জন্য গোল পেলেন রাহিমি!
নেদারল্যান্ডস তৃতীয় শট: গোল। পেয়েছেন ভেগহোর্স্ট।
মরক্কো তৃতীয় শট: শেমসদিন তালবির গোল।
নেদারল্যান্ডস চতুর্থ শট: মিস! কী করলেন কুইন্টেন টিম্বার্স। বল মারলেন পোস্টের বাইরে।
মরক্কো চতুর্থ শট: আশরাফ হাকিমিও গোল দিতে পারলেন না।
নেদারল্যান্ডস পঞ্চম শট: সামারভিলের শট ঠেকিয়ে দিলেন ইয়াসিন বুনো।
মরক্কো পঞ্চম শট: সাইবারির গোল এবং মরক্কো শেষ ১৬ তে।
পেনাল্টি...
অতিরিক্ত সময়ের পরের ১৫ মিনিটেও কোনো দল গোল পেল না। জয়ী দল নির্ধারণে ম্যাচ যাচ্ছে পেনাল্টিতে।
ম্যাচের ৭২ মিনিটে গোল করেছিলেন গাকপো। নেদারল্যান্ডসের এই গোল মরক্কো শোধ করে ৯১ মিনিটে। গোল করেন ইসা দিওপ।
ম্যাচে এখনো সমতা
অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটেও জয়ী দল বেছে নেওয়া সম্ভব হয়নি। ম্যাচ এখনো ১–১ সমতায়। মরক্কো অবশ্য বড় একটা সুযোগ নষ্ট করেছে। রাহিমির শট দারুণ দক্ষতায় আটকে দিয়েছেন নেদারল্যান্ডস গোলকিপার বার্ট ভারব্রুগেন।
নেদারল্যান্ডস ১–১ মরক্কো (নির্ধারিত সময়)
শেষ হলো নির্ধারিত সময়ের খেলা। কিন্তু জয়ী দল বেছে নেওয়া সম্ভব হয়নি। ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল ডাচরা। কিন্তু যোগ করা (৯১) সময়ে ইসা দিওপের গোলে সমতায় ফেরে মরক্কো।
ম্যাচে অতিরিক্ত আরও ৩০ মিনিটের খেলা অনুষ্ঠিত হবে এখন। এর আগে জার্মানি–প্যারাগুয়ে ম্যাচও নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে গড়ায়।
এবার মরক্কোর গোল
ম্যাচের ৯১ মিনিটে দারুণ এক গোলে মরক্কোকে সমতায় ফেরালেন ইসা দিওপ। মরক্কোর হয়ে এটিই তাঁর প্রথম গোল। আর এটি এল এমন এক সময়ে!
গোল! নেদারল্যান্ডস ১–০ মরক্কো
বক্সের ভেতর থেকে ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডস ০ : ০ মরক্কো (হাফ টাইম)
নেদারল্যান্ডস–মরক্কো ম্যাচের প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি। বল দখলে দুই দল সমানে সমান লড়লেও শট বেশি নিয়েছে মরক্কো, ৪টির দুটি শট লক্ষ্যেও ছিল। তবে ডাচদের ৩ শটের দুটিই ছিল লক্ষ্যহীন।
প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা
জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার পর প্যারাগুয়েতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ইনস্টাগ্রামে এ খবর জানিয়েছেন। 
গোলহীন ৩০ মিনিট
মন্তেরেইতে বিশ্বকাপের শেষ ৩২–এর ম্যাচে এখন মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও মরক্কো। ম্যাচের ৩০ মিনিট অতিবাহিত হলেও এখনো গোল পায়নি কোনো দল।
মুখোমুখি নেদারল্যান্ডস–মরক্কো
একটু আগে অঘটনের শিকার হয়ে বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নিয়েছে জার্মানি। এবার মাঠে নামছে নেদারল্যান্ডস ও মরক্কো। দুই দলের শক্তি, সমার্থ্য ও ছন্দের কারণে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছে এই ম্যাচ থেকে।
জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
নাটকীয় টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪–৩ গোলে হেরেছে। এর আগে দুই দলের ১২০ মিনিটের খেলা ১–১ সমতায় শেষ হয়েছিল।
টাইব্রেকার
প্রথম শট নেবে জার্মানি। শট নিতে গেছেন হাভার্টজ।
জার্মানির প্রথম শট: মিস। হাভার্টজের শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দিয়েছেন প্যারাগুয়ে গোলকিপার।
প্যারাগুয়ের প্রথম শট: গোল। প্রাদোর শটে ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন জার্মান গোলকিপার। নাগাল পাননি। প্যারাগুয়ে ১–০ জার্মানি।
জার্মানির দ্বিতীয় শট: গোল। কিমিখের শট জালে। জার্মানি ১:১ প্যারাগুয়ে।
প্যারাগুয়ের দ্বিতীয় শট: গোল। গোমেজ জালে পাঠিয়েছেন। জার্মানি ১:২ প্যারাগুয়ে।
জার্মানির তৃতীয় শট: গোল। জামাল মুসিয়ালার লক্ষ্যভেদ। জার্মানি ২ : ২ প্যারাগুয়ে।
প্যারাগুয়ের তৃতীয় শট: গোল। গালারজার লক্ষ্যভেদ। জার্মানি ২ : ৩ প্যারাগুয়ে।
জার্মানির চতুর্থ শট: মিস। ভোল্টেমাডের শট প্রতিহত করলেন গোলকিপার। জার্মানি ২ : ৩ প্যারাগুয়ে।
প্যারাগুয়ের চতুর্থ শট: মিস। সানাব্রিয়া পোস্টের বাইরে মেরেছেন। জার্মানি ২ : ৩ প্যারাগুয়ে।
জার্মানির পঞ্চম শট: গোল। নাদিম আমিরির লক্ষ্যভেদ। জার্মানি ৩ : ৩ প্যারাগুয়ে।
প্যারাগুয়ের পঞ্চম শট: মিস। বালবুয়েনার শট ঠেকালেন ন্যয়ার। জার্মানি ৩ : ৩ প্যারাগুয়ে।
জার্মানির ষষ্ঠ শট: মিস। জনাথন টাহ উড়িয়ে মেরেছেন। জার্মানি ৩ : ৩ প্যারাগুয়ে।
প্যারাগুয়ের ষষ্ঠ শট: গোল। হোসে কানালের শট ন্যয়ারকে বিভ্রান্ত করে জালে। জার্মানি ৩ : ৪ প্যারাগুয়ে।
পেনাল্টি শটে জার্মানি–প্যারাগুয়ের ভাগ্য নির্ধারণ
১২০ মিনিট শেষেও আলাদা করা যায়নি জার্মানি–প্যারাগুয়েকে। ১–১ সমতায় থাকা ম্যাচ চলে গেল টাইব্রেকারে। এখন ভাগ্য কার পক্ষে হাসবে?
অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও খেলা সমতায়
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। এই অর্ধে স্পষ্টত জার্মানির দাপট ছিল। কিন্তু কাঙ্ক্ষিত গোল মেলেনি। এর মধ্যে জার্মানি একবার বল জালে জড়ালেও ফাউলের কারণে বাতিল হয় গোলটি।
জার্মানির গোল বাতিল
১০২ মিনিটের অপেক্ষা শেষে প্যারাগুয়ের বিপক্ষে লিড নিয়েছিল জার্মানি। জোরাল এক হেডে গোল করেন জোনাথন টাহ। কিন্তু গোলটি বাতিল হয়েছে। ভিএআরের মতে, পেনাল্টি বক্সের ভেতরে ফাউল হয়েছে। রেফারি মনিটরে দেখে গোল বাতিলের সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। 
খেলা গড়ালো অতিরিক্ত সময়ে
জার্মানি ১ : ১ প্যারাগুয়ে (৯০ মিনিট)
৯০ মিনিটের খেলা শেষ হলো সমতায়। প্রথমার্ধে এনসিসোর গোলে প্যারাগুয়ে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা আনেন জার্মানির হাভার্টজ। ৫৪ মিনিটে জার্মানির সেই গোলের পর দুই দল আর জালের দেখা পায়নি। ম্যাচ এখন ১–১ সমতা নিয়ে অতিরিক্ত আধা ঘণ্টার খেলায় গড়াচ্ছে।
জার্মানিকে সমতায় ফেরালেন হাভার্টজ
জার্মানি ১ : ১ প্যারাগুয়ে
কাই হাভার্টজ সমতায় ফেরালেন জার্মানিকে। ৫৪ মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের ক্রসে দারুণ এক হেডে গোলটি করেন এই ফরোয়ার্ড।
জার্মানি ০ : ১ প্যারাগুয়ে (হাফ টাইম)
প্রথমার্ধের খেলা শেষে এক গোলে পিছিয়ে জার্মানি। ৪৫ মিনিটের খেলায় ৭৯ শতাংশ সময় বল দখলে রেখেছে দলটি। শটও নিয়েছে পাঁচটি। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো ৪২ মিনিটে প্যারাগুয়েকে এগিয়ে দিয়েছেন এনসিসো।
পিছিয়ে পড়ল জার্মানি
দারুণ এক আক্রমণে গোল করে জার্মানির বিপক্ষে এগিয়ে গেছে প্যারাগুয়ে। ৪২ মিনিটে মাতিয়াস গালারজার ক্রসে দারুণ এক হেডে গোলটি করেছেন ফরোয়ার্ড হুলিও এনসিসো।
আধা ঘণ্টায় গোল নেই
জার্মানি ০–০ প্যারাগুয়ে
শেষ বত্রিশের ম্যাচে ডালাসে খেলছে জার্মানি–প্যারাগুয়ে। ফেবারিট হলেও ম্যাচের প্রথম আধা ঘণ্টায় গোল করতে পারেনি জার্মানি। দুটি শট নিলেও দুটিই লক্ষ্যহীন। বরং প্যারাগুয়ে দুটি শটের একটি লক্ষ্যে রাখতে পেরেছে।
জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
ব্রাজিল ২ : ১ জাপান (ফুল টাইম)
অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল রেফারির শেষ বাঁশি। জাপানের বিপক্ষে ব্রাজিল জিতল ২–১ গোলে, উঠে গেল শেষ ষােলোয়।
ম্যাচের প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৫৬ মিনিটে সমতা আনে কার্লো আনচেলত্তির দল। হেডে গোল করেন কাসেমিরো। তবে ম্যাচে ব্রাজিলের সেরা মুহূর্তটি এসেছে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। গিমারাইজের বাড়ানো বল কোনাকুনি শটে জালে পাঠিয়ে ব্রাজিলকে উৎসবে ভাসান মার্তিনেল্লি।
পূর্ণাঙ্গ ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে: শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের রুদ্ধশ্বাস জয়
৯৬তম মিনিটে মার্তিনেল্লির গোল!
ব্রাজিল ২ : ১ জাপান
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল পেয়ে গেল ব্রাজিল। গিমারাইজের বাড়ানো বলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির কোনাকুনি শট পোস্টে লেগে জালে জড়িয়েছে। রেফারি ছয় মিনিটের ‘ইনজুটি টাইম’ দিয়েছিলেন। ব্রাজিলের মিনিটখানেকের অপেক্ষা ...।
এখনও অপেক্ষায় নেইমার
সর্বশেষ ম্যাচে ৭৫তম মিনিটে নামানো হয়েছিল নেইমারকে। অনেকে আশা করেছিলেন আজ হয়তো আরও আগে মাঠে দেখা যাবে তাঁকে। তবে ৯০ মিনিট পর্যন্ত আনচেলত্তি নেইমারকে মাঠে পাঠাননি।
৬৬ মিনিট : কুনিয়ার বদলে নামলেন মার্তিনেল্লি
দ্বিতীয় পরিবর্তন আনল ব্রাজিল। মাতেউস কুনিয়ার বদলে নামলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
৫৮ মিনিট : ভিনিসিয়ুসকে নিরাশ করলেন সুজুকি
একের পর আক্রমণে জাপানের রক্ষণভাগে নাচিয়ে তুলছে ব্রাজিল। লিড নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল সেলেসাওরা। কিন্তু ভিনিসিয়ুসের দারুণ এক প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছেন জাপানের গোলরক্ষক সুজুকি।
৫৬ মিনিট : কাসেমিরো গোলে সমতায় ব্রাজিল
পরপর দুবার বাঁচার পর তৃতীয়বারে আর শেষ রক্ষা হয়নি জাপানের। গ্যাব্রিয়েল মাগালাইয়েসের ক্রসে কাসেমিরোর দারুণ এক হেডে সমতায় ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
৫৩ মিনিট : আবারও বাঁচল জাপান
আবারও আক্রমণে ব্রাজিল। এবারও গোললাইনের কাছাকাছি জায়গা থেকে কোনোভাবে ক্লিয়ার করেছে জাপানের ডিফেন্স। অল্পের জন্য সমতায় ফেরা হলো না ব্রাজিলের।
৫২ মিনিট : সুজুকির দারুণ সেভ
ব্রাজিলের দারুণ একটি আক্রমণে ব্রুনো গিমারাইসের হেড দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন জাপানের গোলরক্ষক সুজুকি।
৪৬ মিনিট: পাকেতার বদলে এনদ্রিক
বিরতির পরপরই দলে পরিবর্তন এনেছে ব্রাজিল। লুকাস পাকেতার বদলে মাঠে নেমেছেন এনদ্রিক।
পিছিয়ে থেকে বিরতিতে গেল ব্রাজিল
রেফারির বাঁশি, প্রথমার্ধের সমাপ্তি! শেষ হলো প্রথম ৪৫ মিনিটের লড়াই। কাইশু সানোর সেই দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গেল জাপান। অন্যদিকে, ঘুরে দাঁড়ানোর নতুন ছক কষতে ড্রেসিংরুমের দিকে ছুটল ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের রোমাঞ্চকর লড়াই দেখতে আমাদের সাথেই থাকুন!
৪৩ মিনিট: ব্রাজিল ০–১ জাপান
মাঠে এখন ম্যাচের নাটাই পুরোপুরি জাপানের হাতে। প্রথমার্ধের বাকি সময়টা কোনোমতে পার করে দিয়ে ড্রেসিংরুমে ফিরে নতুন করে কৌশল সাজানোর ভাবনায় থাকতে পারে ব্রাজিল। কিন্তু জাপান যেভাবে ছন্দময় ফুটবল খেলছে, তাতে এই মুহূর্তে একটু মনোযোগ হারালেই বড় বিপদে পড়তে পারে সেলেসাওরা।
সানোর প্রথম আন্তর্জাতিক গোল
জাপানের জার্সি গায়ে কাইশু সানোর প্রথম আন্তর্জাতিক গোল এটি—আর কী দারুণ এক মুহূর্তেই না সেটি পেলেন তিনি! এই গোলের পেছনে অবশ্য নিজেদের ভুলেই বেশি কপাল পুড়েছে ব্রাজিলের। প্রথমে নিজেদের অর্ধে বলের নিয়ন্ত্রণ হারাল তারা, আর এরপরই সানোকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। মাঠের প্রায় অর্ধেকটা দৌড়ে এসে প্রায় বিনা বাধায় দূরপাল্লার শটে এই গোল করলেন তিনি।
২৯ মিনিট: এগিয়ে গেল জাপান! (ব্রাজিল ০–১ জাপান)
অবিশ্বাস্য গোল কাইশু সানোর! ব্রাজিলের ডিফেন্ডারদের নাচিয়ে ড্রিবলিংয়ের চমৎকার এক প্রদর্শনী দেখালেন এই জাপানি মিডফিল্ডার। একে একে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে বক্সের ঠিক বাইরে থেকে নিলেন এক দুর্দান্ত কোণাকুণি শট! বল ব্রাজিলের রক্ষণ ভেঙে আশ্রয় নিল জালের বাঁ দিকের একদম নিচের কোণায়। আলিসনের মতো বিশ্বসেরা গোলকিপারেরও সাধ্য ছিল না সেই বুলেট গতির শট ঠেকানোর। স্তব্ধ ব্রাজিল শিবির, হিউস্টনে উল্লাসে মাতল ব্লু সামুরাইরা!
১৬ মিনিট: ব্রাজিল ০-০ জাপান
কামাদার নেওয়া ফ্রি-কিক ব্রাজিলের রক্ষণ দেওয়ালে লেগে মাঠের বাইরে চলে গেল। কর্নার পায় জাপান। জুনিয়া ইতোর ইন-সুইঙ্গিং কর্নারটি নিয়ার পোস্টে বিপজ্জনক হতে পারত, তবে হেড করে বল ক্লিয়ার করেন কাসেমিরো। শুরুর ধাক্কা সামলে জাপান কিন্তু ভালোভাবেই ম্যাচে ফিরে আসছে।
১৫ মিনিট: ব্রাজিল ০-০ জাপান
ম্যাচের প্রথম হলুদ কার্ড! জাপানের বক্সের ঠিক বাইরে জুনিয়া ইতোর পেছন থেকে স্লাইডিং ট্যাকল করে বসেন কাসেমিরো। রেফারি ফাউলের বাঁশি বাজিয়ে কাসেমিরোকে হলুদ কার্ড দেখাতে মোটেও দেরি করেননি। বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পেল জাপান!
১৪ মিনিট: ব্রাজিল ০-০ জাপান
পড়ে যাওয়ার মুহূর্তেও বাঁ পায়ে দূরপাল্লার এক জোরালো শট নিয়েছিলেন মাতেউস কুনিয়া। জাপানি গোলকিপার জিওন সুজুকি হাত ঠেকিয়ে বল পোস্টের পেছন দিয়ে পার করে দেন। এরপরই দূর পোস্ট লক্ষ্য করে ক্রস বাড়িয়েছিলেন ব্রুনো গিমারাইস, শটও হতে পারত ওটা। তবে শেষ পর্যন্ত বল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ব্রাজিল কিন্তু জাপানের রক্ষণভাগে ক্রমশ চাপ বাড়াচ্ছে।
বলের দখল পুরোপুরি ব্রাজিলের পায়ে
বলের দখল পুরোপুরি ব্রাজিলের পায়ে। প্রায় ৮২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তারা। কিন্তু জাপান ডিফেন্স দেয়াল হয়ে দাঁড়িয়েছে, আক্রমণের কোনো সুযোগই দিচ্ছে না সেলেসাওদের। দানিলো ডান প্রান্ত দিয়ে ফাঁকায় বল পেয়ে বাড়িয়েছিলেন, কিন্তু ব্রুনো গিমারাইসের নেওয়া শটটি ব্লক করে দেয় জাপানি রক্ষণ।
১০ মিনিট
পাকেতার ফ্রি-কিক ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি জাপানি গোলকিপার জিওন সুজুকি, বল হাত থেকে ফসকে গিয়েছিল। তবে দ্রুতই নিজের ভুল শুধরে আলগা বলটি গ্লাভসবন্দী করেছেন তিনি। ম্যাচের এই শুরুর ভাগটায় ব্রাজিলের ওপর ভালোই চেপে বসেছে জাপান। সেলেসাওরা আপ্রাণ চেষ্টা করছে জাপানি ডিফেন্সে একটু ফাঁকা জায়গা খুঁজে নিতে।
কিক অফ!
ম্যাচ শুরু করল ব্রাজিল-জাপান। একটা তথ্য জানিয়ে রাখা ভালো, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কিন্তু বিশ্বকাপের নকআউট পর্বে তাদের শেষ পাঁচটি ম্যাচের চারটিতেই হেরে বিদায় নিয়েছে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ২০-এ থাকা দলগুলোর বিপক্ষে। জাপানও কিন্তু এই মুহূর্তে র্যাংকিংয়ের সেরা বিশের ভেতরেই আছে। আজ কি সেই বৃত্ত ভাঙতে পারবে সেলেসাওরা?
ব্রাজিল কি পারবে পাঁচে পাঁচ করতে
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। তবে পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘সি’র শীর্ষ দল হিসেবে নকআউটে ওঠে তারা। অন্যদিকে, তিউনিসিয়াকে ৪-০ গোলে হারানোর আগে-পরে নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র করে গ্রুপ ‘এফ’র রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে জাপান।
গ্রুপ পর্বের এই পথচলা দুই দলকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে হিউস্টনের এই রোমাঞ্চকর লড়াইয়ে। বিশ্বকাপে এশিয়ান দেশগুলোর বিপক্ষে আগের চার ম্যাচের চারটিতেই জিতেছে ব্রাজিল। আজ কি তারা পারবে সেই রেকর্ড ‘পাঁচে পাঁচ’ করতে?
দুই দলের একাদশ
স্কটল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর উইনিং কম্বিনেশন ভাঙার কোনো কারণ খুঁজে পাননি কার্লো আনচেলত্তি। ব্রাজিলকে তিনি নামাচ্ছেন আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই। তবে ঠিক উল্টো পথে হেঁটেছেন হাজিমে মরিয়াসু। সুইডেনের সঙ্গে ১–১ গোলে ড্র করা ম্যাচের একাদশ থেকে আজ একাদশে চারটি পরিবর্তন এনেছেন জাপান কোচ।
রক্ষণভাগের তিনজনের মধ্যে এসেছে দুটি পরিবর্তন। আয়ুমু সেকো ও কো ইতাকুরার জায়গায় আজ রক্ষণ সামলাবেন তাকেহিরো তোমিয়াসু ও শোগো তানিগুচি। মাঝমাঠের পিভট পজিশনে আও তানাকাকে বেঞ্চে বসিয়ে জায়গা করে নিয়েছেন কাইশু সানো। আর শেষ পরিবর্তনটি একটু কৌশলী—ইনসাইড-রাইট পজিশনে রিতসু দোয়ানের জায়গায় এসেছেন জুনিয়া ইতো। তবে দোয়ান বাদ পড়েননি, ইউকিনারি সুগাওয়ারার জায়গায় আজ রাইট উইং-ব্যাক হিসেবে খেলবেন তিনি।
দুই দলের লাইনআপ
ব্রাজিল (৪-৩-৩): আলিসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস; ব্রুনো গিমারাইস, কাসেমিরো, লুকাস পাকেতা; রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।
জাপান (৩-৪-২-১): জিওন সুজুকি; তাকেহিরো তোমিয়াসু, শোগো তানিগুচি, হিরোকি ইতো; রিতসু দোয়ান, কাইশু সানো, দাইচি কামাদা, কেইতো নাকামুরা; জুনিয়া ইতো, দাইজেন মায়েদা; আয়াসে উয়েদা।
ব্রাজিল তৈরি, তৈরি জাপানও
বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-জাপান। সর্বশেষ আটটি বিশ্বকাপের প্রতিটিতেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। অন্যদিকে, জাপানের লক্ষ্য এবার টানা তৃতীয়বারের মতো শেষ ষোলোতে পা রাখা।
সন্তানকে হারিয়েও খেলবেন ডাচ স্ট্রাইকার গাকপো
নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোমান জানিয়েছেন, মরক্কোর বিপক্ষে রাউন্ড অব থার্টি টুর ম্যাচে খেলবেন ডাচ স্ট্রাইকার কোডি গাকপো। স্ত্রীর গর্ভকালীন সময়ে সন্তান মারা যাওয়ায় গত কয়েকদিন ছুটি দেওয়া হয়েছিল গাকপোকে।
মন্তেরেইয়ে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় নেদারল্যান্ডস–মরক্কো ম্যাচটি শুরু হবে।
৩০টি দলের চেয়ে বেশি গোল মেসির
এবার বিশ্বকাপে অংশ নিয়েছে মোট ৪৮টি দল। এর মধ্যে ৩০টি দলের চেয়ে বেশি গোল করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে গ্রুপ পর্বে ৩ ম্যাচে তাঁর গোল ৬টি।
আর্জেন্টিনার বাইরে ১৭টি দল মেসির চেয়ে বেশি গোল করতে পেরেছে।
খেলা হবে না কুবোর
নেদারল্যান্ডস ম্যাচে চোটে পড়েন। খেলা হয়নি পরের দুই ম্যাচ। ব্রাজিলের বিপক্ষেও খেলা হবে না মিডফিল্ডার তাকেফুসা কুবোর। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাপান কোচ হাজিমে মরিয়াসু।
রেকর্ডের পাতায় ইউস্টাকিও
২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোতে জাপানের বিপক্ষে নাসের শাদলি যোগ করা মিনিটে গোল করে বেলজিয়ামকে জিতিয়েছিলেন। তাঁর পর স্টিভেন ইউস্টাকিও হলেন দ্বিতীয় ফুটবলার, যিনি বিশ্বকাপের নকআউট পর্বে যোগ করা মিনিটে জয়সূচক গোল করলেন।
১২ শটের পর
পুরো ম্যাচে দক্ষিণ আফ্রিকার গোলমুখে ১২টি শট নিয়েছে কানাডা। যার মধ্যে সাতটি অন টার্গেটে ছিল। যার ছয়টিই রুখে দেন গোলকিপার রনওয়েন উইলিয়ামস। শেষ পর্যন্ত সাত নম্বর শটটি খুঁজে নেয় কাঙ্খিত জাল।
শেষ ষোলোয় কানাডা
বাজল শেষ বাঁশি। উচ্ছ্বাসে মেতে উঠল কানাডা। দক্ষিণ আফ্রিকাকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শেষ ষোলোয় উঠে গেল কানাডা।
অবশেষে গোল...
ম্যাচের ৯১তম মিনিটে গোল পেয়ে গেল কানাডা। করেছেন স্টিভেন ইউস্টাকিও। এ বিশ্বকাপে যা তাঁর প্রথম গোল।
দক্ষিণ আফ্রিকা গোলকিপারের দুর্দান্ত সেভ
কানাডা ০ : ০ দক্ষিণ আফ্রিকা
৬৫তম মিনিটে দক্ষিণ আফ্রিকাকে বাঁচিয়েছেন গোলকিপার উইলিয়ামস। জোনাথন ডেভিডের শট পা বাড়িয়ে রুখে দিয়েছেন তিনি। তবে এরপরও গোল হতে পারত। এ যাত্রায় ঠেকান এমবোকাজি।
প্রথমার্ধে সমতা
কানাডা ০ : ০ দক্ষিণ আফ্রিকা (হাফ টাইম)
বিরতির বাঁশি বাজতেই একপ্রকার ক্ষোভ নিয়েই মাঠে রেফারির দিকে ছুটে গেলেন কানাডা কোচ জেসি মার্শ। যোগ করা সময়ে পেনাল্টি দাবি করেছিল তাঁর দল। মুদাও বলের লড়াইয়ে লারিয়াকে ফাউল করেছেন বলে অভিযোগ। তবে প্রথমে রেফারি এরপর ভিএআর পেনাল্টির আবেদন প্রত্যাখ্যান করে। ম্যাচের প্রথম ৪৫ মিনিটের খেলা শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
দক্ষিণ আফ্রিকা বাঁচল মদিবার সৌজন্যে
কানাডা ০ : ০ দক্ষিণ আফ্রিকা
৪৪তম মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল কানাডা। ময়জে বোমবিতোর হেডে বল যাচ্ছিল জালে, দক্ষিণ আফ্রিকা গোলকিপার ছিলেন লাইনের বাইরে। তবে লাইনের ভেতরে দাঁড়িয়ে দলকে বাঁচিয়েছেন অব্রে মদিবা।
একই আক্রমণের আরও একবার শট হয়েছে দক্ষিণ আফ্রিকা গোলমুখে। সেটি অবশ্য গোলকিপারই প্রতিহত করেছেন।
বল দখলে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, চাপ তৈরিতে কানাডা
কানাডা ০ : ০ দক্ষিণ আফ্রিকা
ম্যাচের প্রথম ডিহাইড্রেশন ব্রেকের আগপর্যন্ত ৬৫ শতাংশ বল দখলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। তবে আক্রমণভাগে বেশি সক্রিয় দেখা গেছে কানাডাকে। এরই মধ্যে তিনটি শট নিয়েছে বিশ্বকাপের সহ–আয়োজকেরা। তবে গোল পায়নি কোনো দলই। এর মধ্যে ২২তম মিনিটে ডেরেক কর্নেলিউস খুব কাছ থেকে হেড নিলে সেটি সোজাসুজি দক্ষিণ আফ্রিকা গোলকিপার রনওয়েন উইলিয়ামসের হাতে যায়।
দক্ষিণ কোরিয়া কোচের পদত্যাগ
গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিতের পর দিন পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়া কোচ হং মিয়ুং–বো। এবারের আসরে যে চারটি দল তৃতীয় হয়েও বাদ পড়েছে, দক্ষিণ কোরিয়া একটি। ‘এ’ গ্রুপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ম্যাচ হারে এশিয়ার দলটি।
দক্ষিণ আফ্রিকার প্রথম, দক্ষিণ আফ্রিকা প্রথম
কানাডা–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচটি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম নকআউট–দর্শন। এর আগে তিনবার বিশ্বকাপ খেললেও গ্রুপ পর্ব পার হতে পারেনি তারা।
এবারের বিশ্বকাপে শুধু দক্ষিণ আফ্রিকাই নয়, আফ্রিকা মহাদেশের প্রায় সব দলই সুসময় কাটাচ্ছে। গ্রুপ পর্বে অংশ নিয়েছিল ১০টি দল, এর মধ্যে তিউনিসিয়া বাদে বাকি ৯টিই এখন রাউন্ড অব থার্টি টুতে।
ইনস্টাগ্রামে মেসি...
ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে লিওনেল মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আরও একটা জয়ে গ্রুপপর্ব শেষ হলো। আমরা একসঙ্গেই আছি...’
আলজেরিয়া ৩ : ৩ অস্ট্রিয়া, বাদ পড়ে গেল ইরান
ম্যাচের শেষ শটে সমতায় ফিরল অস্ট্রিয়া! বিশ্বকাপ ইতিহাসের অন্যতম এক পাগলাটে ও অবিশ্বাস্য ম্যাচ শেষে দুই দলই পা রাখল শেষ ৩২-এ। আর এই ড্রয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইরান।
মেসির গোল, বিশ্ব রেকর্ড
আবারও ফ্রি-কিক, আবারও লিওনেল মেসির গোল! আর্জেন্টিনা এগিয়ে গেল ৩-১ গোলে। বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন মেসি।
জর্ডানের রক্ষণভাগের দেয়ালের সামনে দাঁড়িয়ে কোণ তৈরি করতে সাহায্য করলেন ম্যাক আলিস্টার, সেনেসি ও ওতামেন্দি। সেই সুযোগে জর্ডানের দ্বিস্তরের দেয়ালকে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে জড়ালেন মেসি। গোলরক্ষক আবদুলাইলা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। ২০২৬ বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। আর এই গোল করেই বিশ্বকাপের মঞ্চে টানা সাত ম্যাচে গোল করার মহাকীর্তি গড়লেন আলবিসেলেস্তে অধিনায়ক!
রেকর্ডের হাতছানি মেসির সামনে
আজ গোল করলেই বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তি গড়বেন লিওনেল মেসি। বর্তমানে টানা ৬ ম্যাচে গোল করে তিনি ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে।
অস্ট্রিয়া ২-২ আলজেরিয়া
ওদিকে রিয়াদ মাহরেজ গোল করে ম্যাচে সমতা ফেরালেন! স্কোর ২-২। নকআউট পর্বে জায়গা করে নিতে মরিয়া আলজেরিয়া দারুণ লড়াই করছে। বাঁ দিক থেকে হুসেম আউয়ার অসাধারণ দক্ষতায় স্টেফান পশকে কাটিয়ে দেন এবং গোলমুখে স্টাইলিশ ভাসানো বল বাড়ান। বলটি সবার ফাঁকি দিয়ে পৌঁছে যায় মাহরেজের কাছে। তিনি কোনো ভুল না করে ঠাণ্ডা মাথায় জালে পাঠান—এটা জাতীয় দলের হয়ে তাঁর ৩৯তম গোল।
মাঠে মেসি
লাওতারো মার্তিনেজকে তুলে নিয়ে লিওনেল মেসিকে মাঠে নামালেন আর্জেন্টিনা কোচ। এক ঘণ্টা খেলা হওয়ার পর মাঠ ছাড়েন জিওভানি লো সেলসো, তাঁর জায়গায় নামানো হয় থিয়াগো আলমাদাকে। একই সময়ে আর্জেন্টিনার তৃতীয় খেলোয়াড় হিসেবে মাঠ থেকে তুলে নেওয়া হয় নিকো পাজকে। মাঝমাঠে তাঁর জায়গায় দায়িত্ব বুঝে নেন আলেক্সিস ম্যাক আলিস্টার।
দারুণ গোল
আর্জেন্টিনা ২: ১ জর্ডান
মুসা আর–তামারির গোলে ব্যবধান কমাল জর্ডান। ম্যাচের ৫৫ মিনিটে গোল পেয়েছেন বদলি হিসেবে নামা এই ফুটবলার। এ নিয়ে বিশ্বকাপে নিজেদের তিন ম্যাচেই গোল পেল জর্ডান।
অন্য ম্যাচে আবার এগিয়ে গেছে অস্ট্রিয়া।
আর্জেন্টিনা ২ : ০ জর্ডান (হাফটাইম)
মেসি নেই, কে করবেন গোল?
উত্তর মিলেছে প্রথমার্ধেই। জর্ডানের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে জিওভানি লো সেলসো ফ্রি কিক থেকে দারুণ গোল করেছেন। এর ১২ মিনিট পর পেনাল্টি থেকে গোল করেছেন লাওতারো মার্তিনেজ।
অন্য ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়া প্রথমার্ধে একটি করে গোল করেছে।
আলজেরিয়ার সমতা
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে সমতায় ফিরল আলজেরিয়া। ম্যাচের ৪৪ মিনিটে গোল করেছেন রফিক বেলগালি।
লাওতারো মার্তিনেজের গোল
আর্জেন্টিনা ২ : ০ জর্ডান
আরও একটি গোল আর্জেন্টিনার। পেনাল্টি থেকে গোল করেছেন লাওতারো মার্তিনেজ। বিশ্বকাপে এটি তাঁর প্রথম গোল। আরভারেজ ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনার লিড
জর্ডানের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে লিড নিয়েছে আর্জেন্টিনা। দারুণ এক ফ্রি–কিক থেকে গোলটি করেছেন জিওভানি লো সেলসো। 
মেসিবিহীন আর্জেন্টিনার মুখোমুখি জর্ডান
চলছে আর্জেন্টিনা–জর্ডান ম্যাচ। জর্ডানের বিপক্ষে ম্যাচের আগেই লিওনেল মেসিকে শুরু থেকে না খেলানোর কথা বলেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সেই পরিকল্পনা অনুযায়ী ৩৯ বছর বয়সী এই তারকাকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ম্যাচের আগে স্কালোনি বলেছিলেন, ‘লিও (মেসি) সম্ভবত দ্বিতীয়ার্ধে মাঠে নামবে।’
গোল পেলেন না রোনালদো, জিতল না পর্তুগাল
পর্তুগাল ০ : ০ কলম্বিয়া
ডিআর কঙ্গো ৩ : ১ উজবেকিস্তান
গোলশূন্য ড্রয়ে কলম্বিয়ার কাছে আটকে গিয়ে গ্রুপ ‘কে’ থেকে রানার্সআপ হয়েছে পর্তুগাল। শেষ ৩২–এ রোনালদোদের প্রতিপক্ষ লুকা মদরিচের ক্রোয়েশিয়া।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে দাভিনসন সানচেজ কলম্বিয়াকে এগিয়ে দিয়েছেন বলেই মনে হচ্ছিল। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে কলম্বিয়া। অন্যদিকে উজবেকিস্তানের বিপক্ষে ৩–১ গোলে এগিয়ে থাকায় তৃতীয় স্থান নিয়ে নকআউট পর্বে ওঠার পথে রয়েছে ডিআর কঙ্গো।
পর্তুগাল–কলম্বিয়া ম্যাচটি গোলশূন্য ড্র হলেও ম্যাচটি ছিল দারুণ রোমাঞ্চকর। শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলই একে অপরকে চাপে রেখেছে, তবে কেউই শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। ম্যাচে মোট ২৪টি শট নিয়েছে কলম্বিয়া, আর পর্তুগাল নিয়েছে ১৩ শট। 
কঙ্গোর আরেক গোল
যোগ করা সময়ের প্রথম মিনিটে ডিআর কঙ্গোর হয়ে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেছেন
কলম্বিয়ার গোল বাতিল
নির্ধারিত সময়ের শেষ দিকে লিড নিয়েছিল কলম্বিয়া। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। ইওয়ান উইসা।
কঙ্গোর লিড
উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ডিআর কঙ্গো দারুণভাবে লিড নিয়েছে। ৬৮ মিনিটে সমতায় ফেরার পর দলটি এগিয়ে যায় ৭৮ মিনিটে। গোলটি করেছেন ফিস্তন মায়েলে। এই লিড ধরে রাখতে পারলে শেষ ৩২–এ যাবে কঙ্গো।
সমতায় ডিআর কঙ্গো
প্রথমার্ধে পিছিয়ে পড়া ডিআর কঙ্গো সমতায় ফিরেছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করেন ইওয়ান উইসা। আবদুকোদির খুসানোভের ভুলেই পেনাল্টি পায় কঙ্গো। ক্রসে পা বাড়াতে গিয়ে তিনি ইয়োয়ানে উইসার পায়ে আঘাত করেন।
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।
বিরতির পর পর্তুগালের দুই পরিবর্তন
বিরতির পর দুটি পরিবর্তন এনেছে পর্তুগাল। রুবেন নেভেস ও জোয়াও কানসেলোর পরিবর্তে মাঠে নেমেছেন দিয়োগো দালোত ও জোয়াও নেভেস।
বিদায়ের পর সরে দাঁড়ালেন স্কটল্যান্ড কোচ
বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়ের পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্টিভ ক্লার্ক। গতকাল ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়ার জয়ের পরপরই স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন এ ঘোষণা দেয়। ওই ফলেই বিশ্বকাপে স্কটল্যান্ডের যাত্রা শেষ হয়ে যায়। বিবিসি স্কটল্যান্ডের তথ্য অনুযায়ী, শনিবারই খেলোয়াড়দের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তখন ক্লার্ক ও পুরো দল নর্থ ক্যারোলিনার শার্লটে দলের ক্যাম্পে অবস্থান করছিল।
বিশ্বকাপে স্কটল্যান্ডের শুরুটা ছিল দারুণ। বোস্টনে প্রথম ম্যাচে হাইতিকে ১–০ গোলে হারিয়েছিল তারা। কিন্তু এরপর মরক্কোর কাছে ১–০ গোলে এবং মায়ামিতে ব্রাজিলের কাছে ৩–০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটিকে।
গোলশূন্য সমতায় বিরতিতে পর্তুগাল–কলম্বিয়া
পর্তুগাল ০ : ০ কলম্বিয়া
ডিআর কঙ্গো ০ : ১ উজবেকিস্তান
দারুণ গতিময় ও রোমাঞ্চকর এক প্রথমার্ধ উপহার দিয়েছে দুই দল। মায়ামিতে শুরু থেকেই আক্রমণ–প্রতিআক্রমণে জমে উঠেছে ম্যাচ। তবে অনেক চেষ্টা করেও কোনো দলই জালের দেখা পায়নি।
ফলে সমীকরণে কোনো পরিবর্তন আসেনি। গ্রুপ চ্যাম্পিয়ন হতে কলম্বিয়ার শুধু একটি ড্রই যথেষ্ট। আর কলম্বিয়াকে টপকে শীর্ষে উঠতে হলে পর্তুগালকে জিততেই হবে।
ভিএআর বাতিল করল কঙ্গোর গোল
উজবেকিস্তানের বিপক্ষে সমতা ফিরিয়েছিল ডিআর কঙ্গো। ম্যাচের ১৭ মিনিটে দারুণ এক শটে গোলটি করেন নাথানিয়েল এমবুকু। কিন্তু ভিএআর যাচাইয়ের পর বাতিল হয় গোলটি।
আক্রমণ শুরুর সময় নাথানায়েল এমবুকু হাত ছিটকে উজবেকিস্তানের শেরজোদ নাসরুল্লায়েভের মুখে আঘাত লাগায় ফাউল বিবেচনা করে বাতিল করা হয় এই গোল।
এগিয়ে গেল উজবেকিস্তান
ডিআর কঙ্গোর বিপক্ষে লিড নিয়েছে উজবেকিস্তান। ম্যাচের ১০ মিনিটের মাথায় গোলটি করেন এল্দর শোমুরোদভ।
মাঠে নামছেন রোনালদোরা
কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের তৃর্তীয় ও শেষ ম্যাচ খেলতে এখন মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। একই সময়ে অন্য ম্যাচে মুখোমুখি হবে ডিআর কঙ্গো ও উজবেকিস্তান।
গ্রুপ সেরা ইংল্যান্ড, রানার্সআপ ক্রোয়েশিয়া
ইংল্যান্ড ২ : ০ পানামা (ফুলটাইম)
ক্রোয়েশিয়া ২ : ১ ঘানা (ফুলটাইম)
প্রথমার্ধে নিষ্প্রভ ফুটবল খেলেও শেষ পর্যন্ত পানামাকে ২–০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড।
থমাস টুখেলের দল আগের ম্যাচে ঘানার রক্ষণ ভাঙতে পারেনি। পানামার বিপক্ষেও প্রথমার্ধে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি তারা। সেই সময় ক্রোয়েশিয়াই ছিল গ্রুপের শীর্ষে। তবে বিরতির পর জুড বেলিংহাম ও হ্যারি কেইন দলের ত্রাতা হয়ে ওঠেন। দুজনের গোলে ২–০ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ৩২-এ ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে সেনেগাল অথবা ডিআর কঙ্গো। সেই বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ মেক্সিকো কিংবা ইকুয়েডর।
অন্যদিকে গ্রুপে দ্বিতীয় হওয়া ক্রোয়েশিয়ার শেষ ৩২-এর প্রতিপক্ষ হবে কলম্বিয়া অথবা পর্তুগাল। আর ঘানা খেলবে ওই দুই দলের মধ্যে যে দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হবে, তাদের বিপক্ষে।
ফের এগিয়ে ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়ার বিপক্ষে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারল না ঘানা। ম্যাচের ৮৩ মিনিটে নিকোলা ভ্লাসিচের গোলে ফের লিড নিয়েছে ক্রোয়াটরা। কর্নার থেকে হেডে গোলটি করেছেন ভ্লাসিচ।
ঘানা ১ : ১ ক্রোয়েশিয়া
ফিলাডেলফিয়ায় ৭৩ মিনিটে সমতায় ফিরেছে ঘানা। এই ফলে তারা আবারও গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে, আর ক্রোয়েশিয়া নেমে গেছে তৃতীয় স্থানে।
আর্নেস্ট নুয়ামাহর ভাসিয়ে দেওয়া ফ্রি-কিক থেকে গোলটির সূচনা। বক্সের ভেতর দূরের পোস্টে থাকা ডেরিক লুকাসেন দারুণ ঠান্ডা মাথায় সাইড-ফুট ভলিতে বল জালে পাঠান।
সহকারী রেফারি প্রথমে অফসাইডের পতাকা তুললেও পরে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) মেক্সিকোর গিয়ের্মো পাচেকো ঘটনাটি পর্যালোচনা করেন। এরপর মাঠের রেফারি ড্রু ফিশারকে মনিটরে গিয়ে আবার দেখতে বলা হয়।
দীর্ঘ সময় পর্যালোচনার পর ফিশার স্টেডিয়ামে ঘোষণা দেন, ঘানার ৮ নম্বর খেলোয়াড় কোয়াসি সিবো অফসাইডে থাকলেও তিনি খেলায় কোনো প্রভাব ফেলেননি। তাই শেষ পর্যন্ত গোলের স্বীকৃতি দেওয়া হয়।
কেইনের রেকর্ড গড়া গোল
ইংল্যান্ড ২ : ০ পানামা
বেলিংহামে পর ইংল্যান্ডের হয়ে গোলের দেখা পেলেন হ্যারি কেইন। ম্যাচের ৬৭ মিনিটে বেলিংহামের দারুণ এক ক্রসে নিজের রেকর্ড গড়া গোলটি করেন এই স্ট্রাইকার। এর ফলে পানামার বিপক্ষে ইংল্যান্ড লিড নিল ২–০ গোল।
এই গোলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতার মুকুটও এককভাবে নিজের করে নিলেন কেইন। গ্যারি লিনেকারের ১০ গোল ছাড়িয়ে কেইনের গোল এখন ১১টি।
শেষ পর্যন্ত গোল পেল ইংল্যান্ড
অবশেষে পানামার বিপক্ষে গোলের দেখা পেল ইংল্যান্ড। ম্যাচের ৬২ মিনিটে বুকায়ো সাকার নিচু করে নেওয়া কর্নার পৌঁছে যায় কাছের পোস্টে থাকা জুড বেলিংহামের কাছে। সেখান থেকে দারুণ এক ভলিতে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।
প্রথমার্ধে গোল পেয়েছে ক্রোয়েশিয়া, পায়নি ইংল্যান্ড
ইংল্যান্ড ০ : ০ পানামা (হাফ টাইম)
ক্রোয়েশিয়া ১ : ০ ঘানা (হাফ টাইম)
নিউ জার্সিতে গ্রুপ ‘এল’–এ পানামার বিপক্ষে প্রথমার্ধে গোল পায়নি ইংল্যান্ড। ম্যাচের বেশির ভাগ সময় আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকলেও কাজের কাজটি করতে পারেনি ‘থ্রি লায়ন্স’রা। ফিলাডেলফিয়া অন্য ম্যাচে পেতার সুচিচের দারুণ এক গোলে ঘানার বিপক্ষে বিরতির আগেই ১–০ গোলে এগিয়ে গেছে ক্রোয়েশিয়া।
৯০ মিনিট শেষে এই ফল না বদলালে গ্রুপ চ্যাম্পিয়নস হবে ক্রোয়েশিয়া, আর রানার্সআপ হিসেবে নকআউটে যাবে ইংল্যান্ড। 
ক্রোয়েশিয়ার লিড
ঘানার বিপক্ষে ৩১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নিচু ও জোরালো শটে বল জালে জড়ান পেতার সুচিচ। শটটি ঠেকানোর কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের। এটি চলতি বিশ্বকাপে ঘানার হজম করা প্রথম গোল।
এই মুহূর্তে এই ফলই ক্রোয়েশিয়াকে গ্রুপের তৃতীয় স্থান থেকে শীর্ষে তুলে দিচ্ছে। আর ইংল্যান্ড এক ধাপ নেমে চলে যাচ্ছে দ্বিতীয় স্থানে।
প্রথম আধঘন্টায় গোল হয়নি কোনো ম্যাাচে
বিশ্বকাপে এখন মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড–পানামা ও ক্রোয়েশিয়া। কিন্তু ম্যাচের ৩০ মিনিট পেরিয়ে গেলেও গোল হয়নি কোনো ম্যাচে। ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়ার একটি প্রচেষ্টা ফিরে আসে পোস্টে লেগে।
অন্য ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ড দাপট দেখালেও এখনো পায়নি গোলের দেখা।
নীরবতা পালনের পর শুরু খেলা
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে ইংল্যান্ড–পানামা ও ক্রোয়েশিয়া–ঘানা ম্যাচে। এরপর শুরু হয়েছে খেলা।
পানামার বিপক্ষে ইংল্যান্ডের একাদশ
জর্ডান পিকফোর্ড, জ্যারেল কোয়ানসা, এজরি কনসা, মার্ক গেহি, নিকো ও'রাইলি; এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, মরগান রজার্স, বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড, হ্যারি কেইন।
মুখোমুখি ইংল্যান্ড–পানামা ও ক্রোয়েশিয়া–ঘানা
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার মুখোমুখি হওয়ার আগেই শেষ ৩২–এ জায়গা নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। দুই ম্যাচ শেষে ‘থ্রি লায়ন্স’দের সংগ্রহ ৪ পয়েন্ট। ফলে আটটি সেরা তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে অন্তত নকআউট পর্বে ওঠা নিশ্চিত তাদের।
বর্তমানে আরও চারটি দলেরও পয়েন্ট ৪—সুইডেন, ইকুয়েডর, বসনিয়া-হার্জেগোভিনা ও প্যারাগুয়ে। তবে ইংল্যান্ডের গ্রুপসহ এখনো চারটি গ্রুপের খেলা বাকি রয়েছে। শনিবার স্পেনের কাছে উরুগুয়ের হারের পরই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয় ইংল্যান্ডের শেষ ৩২–এ ওঠা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের। আজ গ্রুপপর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ পানামা। এই ম্যাচে জিতে গ্রুপ সেরা হওয়ার সুযোগ আছে থমাস টুখেলের দলের।
অন্য দিকে বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা ঘানার পয়েন্টও ৪। মূলত গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে তারা। আজ রাতে আফ্রিকান দলটির প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এই ম্যাচে ড্র করলে ক্রোয়েশিয়াও সহজে পৌঁছে যাবে নকআউটে। আর টানা দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিয়েছে পানামা।
লিনেকারকে ছাড়িয়ে যেতে পারবেন হ্যারি কেইন
বাংলাদেশ সময় রাত তিনটায় পানামার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এই ম্যাচে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে এককভাবে সর্বোচ্চ গোলের মালিক হয়ে যাওয়ার সুযোগ আছে হ্যারি কেইনের।
১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপে খেলা গ্যারি লিনেকারের গোল ১০টি। এবার প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করা কেইনেরও তা–ই।
সে দিন জোড়া গোলের পর কেইনকে ‘আমাদের দেখা ইতিহাসের সেরা ইংলিশ স্ট্রাইকার’ হিসেবে আখ্যা দিয়েছিলেন লিনেকার। আজ একটি গোল করতে পারলে গোলসংখ্যায় সত্যিই ‘সেরা’ হয়ে উঠবেন কেইন।
নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা বেলজিয়াম
ভ্যাঙ্কুভারে যে লক্ষ্য নিয়ে বেলজিয়াম এসেছিল, সেটি তারা দাপটের সঙ্গেই পূরণ করেছে। নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করেছে ৫-১ গোলে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও মাঠে বেলজিয়ামের আধিপত্য ছিল একপেশে।
দ্বিতীয়ার্ধে বিশ্বকাপে টিকে থাকার মরিয়া চেষ্টা করে নিউজিল্যান্ড। কিন্তু এতে নিজেদের জাত চেনানোর আরও বেশি সুযোগ পেয়ে যায় বেলজিয়াম। দুই দলের শক্তির পার্থক্যটা তখন একেবারেই স্পষ্ট হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের মাঝপথেই তিন গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। এলিজা জাস্ট একটি গোল শোধ করে ব্যক্তিগতভাবে নিজের দারুণ একটা টুর্নামেন্টের ইতি টানেন।
এরপর বদলি হিসেবে নেমে ১০ মিনিটের জাদুতে এক গোল ও এক অ্যাসিস্ট করেন রোমেলু লুকাকু। ৫-১ ব্যবধানের বড় জয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ ‘জি’-এর শীর্ষ দল হিসেবেই শেষ বত্রিশে গেল বেলজিয়াম। আর গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিল নিউজিল্যান্ড।
নকআউট পর্বে বেলজিয়াম খেলবে তৃতীয় হওয়া অন্যতম সেরা একটি দলের বিপক্ষে। আর গ্রুপ রানার্সআপ হওয়া মিসর লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
নকআউটে মিসর, ভাগ্য ঝুলে রইল ইরানের
কী নিষ্ঠুর পরিণতি ইরানের জন্য! তারা ভেবেছিল নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ভিএআরের চুলচেরা অফসাইডের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়ে যায়। গ্রুপ রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে চলে গেল মিসর। আর ইরানের ভাগ্য এখন ঝুলে রইল আগামীকালের বাকি ম্যাচগুলোর ফলের ওপর।
গোল! বেলজিয়াম ৫-১ নিউজিল্যান্ড
বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন রোমেলু লুকাকু। কিন্তু জায়গা না পেয়ে বল বাড়িয়ে দেন পেছনে থাকা অ্যালেক্সিস স্যালেম্যাকার্সের দিকে। এক পা এগিয়ে জোরালো শটে জাল কাঁপালেন স্যালেম্যাকার্স। নিউজিল্যান্ডের গোলকিপার ম্যাক্স ক্রোকোম্ব এবারও লাইনে দাঁড়িয়ে অসহায়ভাবে বলের জালে জড়ানো দেখলেন। বেলজিয়াম এখন ৫-১ ব্যবধানে এগিয়ে!
৯০+৬' - ভিএআর! বাতিল গোল!
গোল করে উল্লাসে মেতেছিল ইরান। কিন্তু হায়! অফসাইডের কারণে শেষ মুহূর্তে ইরানের গোলটি বাতিল করে দিলেন রেফারি! ম্যাচ এখনো ১–১ সমতায়।
বেলজিয়াম ৪–১ নিউজিল্যান্ড
নিকোলাস রাসকিন মাঠে নামার পর প্রথম স্পর্শেই তৈরি করলেন সুযোগ। বক্সে ঢুকে দূরের পোস্টে ক্রস পাঠালেন তিনি। সেখানে ছিলেন রোমেলু লুকাকু—তিনিও সদ্য নামা। প্রথম স্পর্শেই হেড করে জালে পাঠালেন বল। ম্যাক্স ক্রোকোম্ব নড়ার আগেই ব্যবধান আবার গোল।
বেলজিয়াম ৩–১ নিউজিল্যান্ড
কর্নার থেকে বল ঠেকাল বেলজিয়ামের রক্ষণভাগ। কিন্তু বল এসে পড়ল এলিজা জাস্টের সামনে। বক্সের বাইরে থেকে দম নিয়ে শট নিলেন তিনি। রকেট গতির সেই শট সরাসরি জালে!
ডি ব্রুইনার গোল!
অবশেষে গোল পেলেন কেভিন ডি ব্রুইনা। পুরো ম্যাচে কয়েকবার সুযোগ পেয়েছিলেন, এবার কাজে লাগালেন। বক্সে বল পেয়ে ঠান্ডা মাথায় কোণে পাঠালেন শট। তৃতীয় গোলের সঙ্গে রাউন্ড অব ৩২ প্রায় নিশ্চিত বেলজিয়ামের। নিউজিল্যান্ড কার্যত বিদায় নিল এই হারে।
আবার ত্রোসার
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও লিয়ান্দ্রো ত্রোসার। ডি ব্রুইনা বল বাড়ালেন হান্স ফানাকানের কাছে। ফানাকান পাস দিলেন বক্সে থাকা ত্রোসারকে। প্রথম শট ঠেকালেন ম্যাক্স ক্রোকোম্ব। কিন্তু ফিরতি বলে ঝটপট শট নিয়ে জালে পাঠালেন ত্রোসার। ক্রোকোম্ব নড়তেও পারেননি।
নকআউটে আরও পাঁচ দল
এদিকে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামার আগেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে মিসর, ইংল্যান্ড, ঘানা ও পর্তুগাল। একই সঙ্গে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে গেছে প্যারাগুয়েরও।
এই পাঁচ দলই এখন পর্যন্ত চার পয়েন্ট অর্জন করেছে। গ্রুপ ‘এইচ’-এর ফলাফলের কারণে যোগ্যতা অর্জনের সীমা নেমে এসেছে চার পয়েন্টে। ফলে শেষ ম্যাচে মাঠে নামার আগেই তারা নিশ্চিত হয়ে গেছে রাউন্ড অব ৩২-এ জায়গা পাওয়ার।
এগিয়ে গেল বেলজিয়াম
দুটি সহজ সুযোগ হাতছাড়া হওয়ার পর অবশেষে ডেডলক ভাঙল। কর্নার থেকে তৈরি হওয়া জটলার ভেতর থেকে বল জালে জড়ালেন লিয়ান্দ্রো ত্রোসার। ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের পায়ে রেখেছিল বেলজিয়াম, আক্রমণেও ছিল তাদের একচ্ছত্র আধিপত্য। চাপের মুখে পড়ে গেল নিউজিল্যান্ড।
সমতায় ফিরল ইরান
ইরানকে সমতায় ফেরালেন রামিন রেজাইয়ান। ম্যাচের ১৪ মিনিটে গোল করেছেন এই ফুটবলার।
একটু আগেই পেনাল্টি ঠেকানো মিসর গোলকিপার মোস্তফা শোবের শুরুতে মিলাদ মোহাম্মদীর শট আটকে দিয়েছিলেন। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বলে দারুণ শটে গোল করেন রামিন।
মিসরের গোল
ইরানের জন্য দুঃস্বপ্ন!
ম্যাচের ৫ মিনিটেই গোল পেল মিসর। গোল করেছেন মাহমুদ সাবের। বিশ্বকাপে এটিই মিসরের দ্রুততম গোল।
এর কয়েক মিনিট পরই পেনাল্টি পেয়েছিল ইরান। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মেহেদী তারেমি।
অবিশ্বাস্য কেপ ভার্দের ইতিহাস
কেপ ভার্দে ০ : ০ সৌদি আরব (ফুলটাইম)
বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস গড়ল কেপ ভার্দে। হিউস্টনে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। তিন ম্যাচেই ড্র করে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে তারা।
বিশ্বকাপে কেপ ভার্দে প্রথম চমক দেখায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও ফেবারিট স্পেনকে গোলশূন্য রুখে দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচে তারা আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও ২–২ গোলে আটকে দেয়।
এই দুই ড্র কেপ ভার্দের জন্য নকআউট পর্বের দ্বার খুলে দেয়। আজ সৌদি আরবের সঙ্গে তৃতীয় ড্র সম্পন্ন করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে কেপ ভার্দে। শেষ ৩২–এ দলটির প্রতিপক্ষ আর্জেন্টিনা।
অন্যদিকে একটি হার ও দুটি ড্র নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সৌদি আরবকে।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এমন বিদায়!
স্পেন ১ : ০ উরুগুয়ে (ফুলটাইম)
গুয়াদালাহারায় স্পেনের কাছে ১–০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ৪২ মিনিটে। গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার আরেকটি বড় ভুলের সুযোগ নিয়ে স্পেনকে এগিয়ে দেন আলেক্স বায়েনা।
মুসলেরার সেই ভুলের পরই কঠোর সিদ্ধান্ত নেন কোচ মার্সেলো বিয়েলসা। বিরতির সময় অভিজ্ঞ এই গোলরক্ষককে তুলে নেন তিনি। ম্যাচে আর ফিরতে পারেনি উরুগুয়ে। প্রথম রাউন্ডেই শেষ হয়ে গেল তাদের ২০২৬ বিশ্বকাপ অভিযান। এর আগে ২০২২ বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল উরুগুয়ে।
গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। তাতেই বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকার দেশটি শেষ ৩২ নিশ্চিত করেছে। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা।
অন্যদিকে ম্যাচের শেষ দিকে মাথা ঠান্ডা রাখতে পারেননি উরুগুয়ের আগুস্তিন কানোবিও। হতাশা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। লাল কার্ড দেখার পরও কানোবিওর আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। মাঠ ছাড়ার আগে তিনি যেভাবে রেফারির মুখোমুখি হয়ে প্রতিবাদ করেছেন, তাতে অতিরিক্ত শাস্তির মুখেও পড়তে পারেন।
সব মিলিয়ে এটি উরুগুয়ের জন্য এক হতাশাজনক বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর দেশটির ফুটবল সংস্কৃতি, দল নির্বাচন, কৌশল ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে এখন তীব্র আলোচনা-সমালোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেপ ভার্দের উৎসব, উরুগুয়ের হতাশা
স্পেনের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে যাচ্ছে দে লা ফুয়েন্তের দল। আর অন্য ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। টানা তিন জয়ে গ্রুপ ‘এইচ’ থেকে রার্নাসআপ হয়েই পরের পর্বে যাচ্ছে তারা। শেষ ৩২–এ কেপ ভার্দের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শেষ মুহূর্তে ১০ জনের দল উরুগুয়ে
যোগ করা সময়ে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেছেন উরুগুয়ে মিডফিল্ডার আগুস্তিন কানোবিও।
বদলি হলেন ইয়ামাল
৭৬ মিনিটে স্পেন একসঙ্গে দুটি পরিবর্তন করেছে। লামিনে ইয়ামাল ও মিকেল অইয়ারসাবালের জায়গায় মাঠে নেমেছেন ফেরান তোরেস ও নিকো উইলিয়ামস। ম্যাচে এখনো ১–০ গোলে এগিয়ে স্পেন।
গোলকিপার বদলাল উরুগুয়ে
বিরতির পরপর গোলকিপার ফার্নান্দো মুসলেরাকে তুলে নিয়েছে উরুগুয়ে। তাঁর পরিবর্তে মাঠে নেমেছেন সের্হিও রোচেত। প্রথমার্ধে মুসলেরার ভুলেই গোল খেয়েছিল উরুগুয়ে।
বিপদে উরুগুয়ে
গুয়াদালাহারায় গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে বিরতিতে ১–০ গোলে এগিয়ে রয়েছে স্পেন।
৪২ মিনিটে ফার্নান্দো মুসলেরার বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে স্পেনকে এগিয়ে দেন আলেক্স বায়েনা। তাঁর শটটি সহজেই ঠেকানোর সুযোগ ছিল মুসলেরার। কিন্তু বলটি হাত ফসকে ধীরে ধীরে জালে ঢুকে পড়ে।
প্রথমার্ধ শেষে এই গোলেই এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে রয়েছে স্পেন। অন্যদিকে বিশ্বকাপে টিকে থাকতে হলে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতেই হবে উরুগুয়েকে।
গোলশূন্য সমতায় বিরতিতে কেপ ভার্দে–সৌদি আরব
হিউস্টনে কেপ ভার্দে–সৌদি আরব ম্যাচের প্রথমার্ধ শেষ, স্কোরলাইন এখনো ০–০।
প্রথম ৪৫ মিনিটে উল্লেখ করার মতো সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি কোনো দলই। ম্যাচে উত্তেজনার চেয়ে সতর্কতাই ছিল বেশি।
তবে বর্তমান পরিস্থিতিতে কেপ ভার্দেই শেষ ৩২-এ ওঠার পথে রয়েছে।
উরুগুয়ের বিপক্ষে এগিয়ে গেছে স্পেন
উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে গেছে স্পেন। গোলটি করেছেন আলেক্স বায়েনা। এই গোলে বড় ভুল করেছেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। ডান দিক থেকে মার্কোস লোরেন্তে নিচু করে বল বাড়ান বায়েনার উদ্দেশে। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরেই শট নেন বাইনা।
বলটি দুই হাত দিয়ে ঠেকিয়েছিলেন মুসলেরা। কিন্তু সেটি তাঁর হাত ফসকে ধীরে ধীরে গড়িয়ে জালে ঢুকে যায়।
দুটি ম্যাচই এখনো গোলশূন্য
গ্রুপ ‘এইচ’-এ স্পেন–উরুগুয়ে এবং কেপ ভার্দে–সৌদি আরবের ম্যাচের এখন ৪০ মিনিট পেরিয়েছে। তবে এখনো কোনো ম্যাচে গোলের দেখা মেলেনি।
মাঠে নামছে উরুগুয়ে–স্পেন
গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে মেক্সিকোর গুয়াদালাহারায় মুখোমুখি হচ্ছে উরুগুয়ে ও স্পেন।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এই ম্যাচে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করবে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার প্রতিনিধি উরুগুয়ের সামনে সমীকরণ কঠিন। শেষ ষোলোয় ওঠার আশা বাঁচিয়ে রাখতে তাদের অন্তত ড্র করতেই হবে।
একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে কেপ ভার্দে ও সৌদি আরব। এই দুই দলের সামনেও শেষ ৩২-এ ওঠার সুযোগ এখনো খোলা রয়েছে।
সমীকরণ সংক্ষেপে
স্পেন আগেই শেষ ৩২ নিশ্চিত করেছে। উরুগুয়েকে হারাতে পারলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
উরুগুয়ে জিতলে শেষ ৩২ নিশ্চিত করবে। হারলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে।
ইতিহাস গড়ার অপেক্ষায় কেপ ভার্দে
বিশ্বকাপে এখন মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে ও সৌদি আরব। শেষ ৩২-এ ওঠার লড়াইয়ে দুই দলের জন্যই এটি বাঁচা-মরার ম্যাচ।
বিশ্বকাপে অভিষেকেই সবাইকে চমকে দিয়েছে কেপ ভার্দে। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দুই দলের বিপক্ষে ড্র করে তারা কেড়ে নিয়েছে ফুটবল বিশ্বের নজর। আফ্রিকার দেশটির জন্য এই ম্যাচে একটি ড্রই শেষ ৩২-এ ওঠার জন্য যথেষ্ট হতে পারে।
অন্যদিকে সৌদি আরবের সামনে জয়ের কোনো বিকল্প নেই। নকআউট পর্বে খেলতে হলে কেপ ভার্দেকে হারিয়েই টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে হবে।
দেম্বেলেতে দুরন্ত ফ্রান্স
ফ্রান্স ৪ : ১ (ফুলটাইম)
প্রথমার্ধে ওসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪–১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স।
দেম্বেলের তিনটি গোলই ছিল চোখজুড়ানো। এর মধ্যে দ্বিতীয় গোলটি ছিল সবচেয়ে দর্শনীয়। দূরপাল্লার নিচু শটে তিনি এমনভাবে বল জালে পাঠান যে নরওয়ের গোলরক্ষকের কিছুই করার ছিল না। যোগ করা সময়ে চতুর্থ গোল করেন দেজিরে দুয়ে।
নরওয়ের হয়ে একটি গোল শোধ দেন থেলো আসগার্ড। এরপর পেনাল্টি থেকে ব্যবধান আরও কমানোর সুযোগ পান ইয়র্গেন স্ট্রান্ড লারসেন। তবে তাঁর দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক।
গ্রুপসেরা হওয়ায় শেষ ৩২-এ ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ সুইডেন। অন্যদিকে নকআউট পর্বে ভিন্ন অংশে থাকা নরওয়ের সামনে অপেক্ষা করছে আইভরি কোস্ট।
দুর্দান্ত সেনেগাল উড়িয়ে দিল ইরাককে
সেনেগাল ৫ : ০ ইরাক (ফুলটাইম)
সেনেগাল ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে ইরাককে। এই জয়ে বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে আফ্রিকার দলটি।
১০ জনের ইরাকের বিপক্ষে প্রথমার্ধে কিছুটা ধুঁকতে হলেও বিরতির পর দারুণ ছন্দে খেলে একের পর এক গোল করেছে আফ্রিকান কাপ অব নেশনসের বর্তমান রানার্সআপরা। ৫–০ ব্যবধানে জিতে গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে শেষ ৩২ দলের রাউন্ডে ওঠার অপেক্ষায় সেনেগাল।
ফ্রান্স ৪ : ১ নরওয়ে
দেজিরে দুয়ের গোলে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ৪–১ গোলে লিড নিল ফ্রান্স। বারকোলার অ্যাসিস্টে গোলটি করেছেন তিনি। এই গোলের পরই শেষ বাঁশি বাজান রেফারি।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা থাকলেও হলান্ডবিহীন নরওয়ে একরকম আত্মসমর্পণই করেছে ফ্রান্সের কাছে। 
৫–০ গোলে এগিয়ে সেনেগাল
ইরাকের বিপক্ষে ৪–০ গোলে এগিয়ে গেল সেনেগাল। ৭১ মিনিটে নিজেদের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন পাপে গেয়ে।
এরপর ম্যাচের ৮২ মিনিটে গোল করে সেনেগালকে ৫–০ ব্যবধানে এগিয়ে দেন ইলিমান এনদিয়ায়ে।
৩–০ গোলে এগিয়ে গেল সেনেগাল
ইরাকের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে গেল সেনেগাল। ম্যাচের ৫৬ মিনিটে গোলটি করেছেন ইসমাইলা সার।
নিজেদের অর্ধে জিদান ইকবালের বড় ধরনের ভুলে বল চলে যায় লামিন কামারার পায়ে। তিনি নিঃস্বার্থভাবে পাশে থাকা ইসমাইলা সারকে বল বাড়িয়ে দেন। এত কাছ থেকে সার গোল করতে ভুল করেননি।
এরপর ৫৯ মিনিটে তৃতীয় গোলটি পেয়ে যায় সেনেগাল। দারুণ এক শটে বদলি হিসেবে মাঠে নামার ২ মিনিটের মাথায় এই গোলটি করেন পাপে গেয়ে।
এটা কোনো পেনাল্টি শট হলো!
ফ্রান্সের বিপক্ষে বিরতির পরপরই পেনাল্টি পেয়েছিল নরওয়ে। বক্সের ভেতর অস্কার বব ফাউলের শিকার হলে এই পেনাল্টিটি পায় নরওয়ে। কিন্তু ইয়র্গেন স্ট্রান্ড লারসেনের দুর্বল পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন ফ্রান্স গোলরক্ষক মাইক মাইনিয়ঁ।
সেনেগাল ১ – ০ ইরাক (প্রথমার্ধ শেষে)
৪ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় সেনেগাল। ১৩ মিনিটে ইরাকের রেবিন সুলাকা লাল কার্ড দেখেন। ১০ জন নিয়ে প্রথমার্ধ শেষ করে ইরাক। সেনেগাল বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল।
ফ্রান্স ৩ – ১ নরওয়ে (প্রথমার্ধ শেষে)
উসমান দেম্বেলের সামনে দাঁড়াতে পারেনি নরওয়ে। ৩২ মিনিটের মধ্যে তাঁর হ্যাটট্রিকে বিপর্যয়ে পড়েছে পৃথিবীর উত্তরের দেশটি। বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক।
থেলো আসগার্ড ২১ মিনিটে নরওয়ের হয়ে একটি গোল শোধ করেন।
বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক!
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের। ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেন।
দেম্বেলের ৩২ মিনিটের মধ্যে করা হ্যাটট্রিকটি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ১৯৮৬ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড কিংবদন্তি গ্যারি লিনেকারের ৩৫ মিনিটের মধ্যে করা হ্যাটট্রিককে পেছনে ফেলে দুইয়ে উঠে এলেন দেম্বেলে।
দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিক
লিওনেল মেসির পর এই বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন উসমান দেম্বেলে। নরওয়ের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটের মধ্যে হ্যাটট্রিকটি আদায় করলেন। এই বিশ্বকাপের তৃতীয় হ্যাটট্রিক। এর আগে হ্যাটট্রিক করেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও কানাডার জোনাথন ডেভিড।
বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে দূরের কোণে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক তুলে নেন ব্যালন ডি’অরজয়ী তারকা দেম্বেলে।
দেম্বেলের জোড়া গোলের পর নরওয়ের এক
দুর্দান্ত এক গোলে ফ্রান্সকে ২–০ ব্যবধানে এগিয়ে দিলেন উসমান দেম্বেলে। প্রথম গোলের মতো এই গোলেও সহায়তা করেছেন দারুণ ছন্দে থাকা এমবাপ্পে। ফ্রান্স জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর এক গোল শোধ নরওয়ের। গোলটি করেছেন অসগার্ড। 
দশ জনের দলে ইরাক
সেনেগালের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটে লাল কার্ড দেখেছেন ইরাকের রেবিন সুলাকা। সাদিও মানেকে ফাউল করে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় এই কার্ডটি দেখেছেন সুলাকা।
এগিয়ে গেল সেনেগাল
ইরাকের বিপক্ষে লিড নিয়েছে সেনেগালও। ম্যাাচের ৪ মিনিটে গোল করেন হাবিব দিয়ারা।
দেম্বেলের গোল
ম্যাচের প্রথম সেকেন্ড থেকে আক্রমণের যাওয়ার সুফল পেয়েছে ফ্রান্স। এগিয়ে যেতে দলটির সময় লেগেছে মাত্র ৭ মিনিট। বক্সের ভেতর দারুণ এক শটে গোলটি করেন এই পিএসজি তারকা। এই গোলে সহায়তা এমবাপ্পের।
শুরুতেই নরওয়েকে চেপে ধরেছে ফ্রান্স
নরওয়ের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলছে ফ্রান্স। ম্যাচের ২৫ সেকেন্ডের মধ্যে বল বারে মারেন এমবাপ্পে। একটু পর ফ্রান্সের আরও একটি আক্রমণ ঠেকাতে হয় নরওয়েকে।
মাঠে নামছে সেনাগাল–ইরাকও
টরন্টোতে বিশ্বকাপের আরেক ম্যাচে মুখোমুখি হচ্ছে সেনেগাল ও ইরাক। দুদলই নিজেেদর প্রথম দুই ম্যাচে হেরেছে।
ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা
ফ্রান্স–নরওয়ে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হচ্ছে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে এই নীরবতা পালন করা হয়েছে।
ফ্রান্সের একাদশে চার পরিবর্তন
কোচ দিদিয়ের দেশম চারটি পরিবর্তন এনেছেন একাদশে। অ্যাটাকিং মিডফিল্ডার দেজিরে দুয়ে ফিরেছেন একাদশে। শেষ ৩২ দলের রাউন্ড আগেই নিশ্চিত করেছে ফ্রান্স।
ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ (গোলকিপার), জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও কিলিয়ান এমবাপ্পে।
নরওয়ের একাদশে নেই হলান্ড
নরওয়ে কোচ স্টালে সোলবাক্কেন অবশ্যই শেষ ৩২ রাউন্ডের ম্যাচে তাকিয়ে। সম্ভবত এ কারণেই ‘আই’ গ্রুপে ফ্রান্সের বিপক্ষে শেষ ম্যাচে তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে একাদশে রাখেননি। নরওয়ের আগের দুই ম্যাচে চার গোল করা হলান্ডকে শেষ ৩২ রাউন্ডের ম্যাচে পূর্ণ ফিট চান সোলবাক্কেন।
মার্টিন ওডেগার্ডকেও একাদশে রাখা হয়নি। একাদশে মোট ১০টি পরিবর্তন!
নরওয়ে একাদশ: এগিল সেলভিক (গোলকিপার), লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।
মেসির জন্য জীবন দেব...
আর্জেন্টিনার ফুটবলাররা প্রায়ই বলেন কথাটা। সেটিই আবার বললেন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মাঠে আমরা সবকিছু উজাড় করে দেব যেন আমাদের অধিনায়কের বিদায়টা সেরা উপায়ে হয়। আশা করি মেসি খেলা চালিয়ে যাবে, কিন্তু আমরা (তাঁর জন্য) আমাদের জীবন দিয়ে দেব।’
জার্মানিকে হারানোয় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা
বিশ্বকাপে জার্মানিকে ২–১ গোলে হারানোর পর ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচটিতে জিতে বিশ্বকাপের নকআউটে খেলা নিশ্চিত করেছে ইকুয়েডর।
ইকুয়েডর সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত এক বিবৃতিতে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয়কে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে লেখা হয়, ‘দেশকে গর্ব ও ঐক্যের বন্ধনে আবদ্ধ করা এই মুহূর্তটি উদ্যাপন করতে সরকারি ও বেসরকারি—উভয় খাতের জন্যই এই ছুটি কার্যকর হবে।’
ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামের মাঠে বসে দেখেছেন।
রাইন্ড অব থার্টি টুতে ইকুয়েডরের প্রতিপক্ষ কোন দল, তা এখনও চূড়ান্ত হয়নি।
গ্রুপ ‘ডি’ থেকে সরাসরি নকআউটে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া
প্রথম দুই ম্যাচে জিতেই নকআউট নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র। যে কারণে আজ তুরস্কের কাছে ৩–২ গোলে হারলেও তেমন কোনো ক্ষতি হয়নি। এমনকি অস্ট্রেলিয়া–প্যারাগুয়ে ম্যাচ ড্র হওয়ায় গ্রুপের শীর্ষস্থানও অক্ষুণ্ণ রয়ে গেছে। অস্ট্রেলিয়া–প্যারাগুয়ে গোলশূন্য ড্র করায় গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত হয়েছে সকারুজদের। প্যারাগুয়ে আপাতত তৃতীয় স্থানধারী হিসেবে নকআউটের অপেক্ষায়।
রাউন্ড অব থার্টি টুতে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ০ : ০ প্যারাগুয়ে (ফুল টাইম)
যুক্তরাষ্ট্র ২ : ৩ তুরস্ক (ফুল টাইম)
একটা পয়েন্টই দরকার ছিল অস্ট্রেলিয়ার। প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সেই পয়েন্টটা অর্জন করে নিয়েছে এএফসি থেকে খেলা দলটি।
‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে উঠল অস্ট্রেলিয়া। একই গ্রুপ থেকে শেষ ৩২–এ ওঠা অন্য দল যুক্তরাষ্ট্র।
স্বাগতিকেরা অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে গেছে। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া তুরস্ক আজ যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ৩–২ গোলে। ২–২ সমতা থাকা ম্যাচে যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোল করেন তুরস্কের কান আইহান। গোলের পরই ম্যাচের শেষ বাঁশি বাজে।
সমতা আনল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ২ : ২ তুরস্ক
দ্বিতীয়ার্ধের চার মিনিটের মধ্যেই ম্যাচে সমতা নিয়ে এল যুক্তরাষ্ট্র। ৪৯তম মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেছেন সেবাস্তিয়ান বারহল্টার।
এগিয়ে থেকে বিরতিতে তুরস্ক
যুক্তরাষ্ট্র ১ : ২ তুরস্ক (হাফ টাইম)
প্যারাগুয়ে ০ : ০ অস্ট্রেলিয়া (হাফ টাইম)
‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে প্রথমার্ধে এগিয়ে গেছে তুরস্ক। শুরুতে যুক্তরাষ্ট্র গোল করলেও পরে আরদা গুলের ও ওরকুন কোকচুর ২–১ ব্যবধানে এগিয়ে যায় তারা। তুরস্কের জন্য ম্যাচটি অবশ্য আনুষ্ঠানিকতার। প্রথম দুই ম্যাচের হারেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তুরস্কের।
অপর দিকে একই গ্রুপের প্যারাগুয়ে–অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি।
গোল! তুরস্ক ২–১ যুক্তরাষ্ট্র
৩১ মিনিটে ওরকুন কোকচুর গোলে এগিয়ে তুরস্ক। এরেন এলমালের পাস থেকে গোলটি করেন তিনি।
গুলেরের গোলে সমতা
৩ মিনিটে পিছিয়ে পড়া তুরস্ক সমতা ফিরিয়েছে ম্যাচের ১০ মিনিটে। দলীয় আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছে রিয়াল মাদ্রিদ তারকা আর্দা গুলের।
গোল! যুক্তরাষ্ট্র ১–০ তুরস্ক
২ মিনিট ৩০ সেকেন্ডে ডিফেন্ডার অস্টন ট্রাস্টির গোলে ম্যাচে এগিয়ে যুক্তরাষ্ট্র।
এবার নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় ‘ডি’ গ্রুপের লড়াই
বিশ্বকাপে একটু পর মুখোমুখি তুরস্ক–যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া–প্যারাগুয়ে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে নকআউট নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়া–প্যারাগুয়ে দুই দলেরও সুযোগ আছে নকআউটে যাওয়ার।
সুইডেনও উঠল নকআউটে
‘এফ’ গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে জাপান। ৪ পয়েন্ট নিয়ে তিনে সুইডেন এবং ৩ ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে চতুর্থ তিউনিসিয়া বিদায় নিল গ্রুপ পর্ব থেকে।
গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে বিশ্বকাপের নকআউটে উঠল সুইডেন। আগামী ৩০ জুন নকআউটে শেষ ৩২ দলের রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ‘আই’ গ্রুপের শীর্ষ দল ফ্রান্স।
জাপান ১–১ সুইডেন (ফুল টাইম)
ডালাসে সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হলো জাপান। বিশ্বকাপের নকআউটে শেষ ৩২ দলের রাউন্ডে এশিয়ার দলটির প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হিউস্টনে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে জাপান–ব্রাজিল ম্যাচ।
নেদারল্যান্ডস ৩–১ তিউনিসিয়া (ফুল টাইম)
কানসাস সিটিতে তিউনিসিয়াকে হারিয়ে ‘এফ’ গ্রুপে চ্যাম্পিয়ন হলো নেদারল্যান্ডস। বিশ্বকাপের নকআউটে শেষ ৩২ দলের রাউন্ডে তাদের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের রানার্স আপ দল মরক্কো। আগামী মঙ্গলবার সকাল ৭টায় মন্তেরেইয়ে মরক্কো–নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হবে।
গোল! জাপান ১–১ সুইডেন
৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। ৬ মিনিট পর অ্যান্থনি এলাঙ্গার গোলে সমতায় ফেরে সুইডেন।
গোল! নেদারল্যান্ডস ৩–১ তিউনিসিয়া
তিজানি রেইন্ডার্সের পাস থেকে ৬২ মিনিটে ডাচদের হয়ে তৃতীয় গোলটি ইয়ান পল হেকার।
গোল! নেদারল্যান্ডস ২–১ তিউনিসিয়া
তিউনিসিয়ার হয়ে ম্যাচের ৫৪ মিনিটে এক গোল শোধ করেছেন হাজেম মাস্তুরি।
শেষ হলো প্রথমার্ধ
কানসাস সিটিতে প্রথমার্ধ শেষে তিউনিসিয়ার বিপক্ষে ২–০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস।
ডালাস সিটিতে জাপান–সুইডেন ম্যাচে এখনো গোল হয়নি। প্রথমার্ধ কেটেছে গোলশূন্য ব্যবধানে।
শুরুতেই দুই গোলে এগিয়ে নেদারল্যান্ডস
তিউনিসিয়ার বিপক্ষে শুরুতেই ২ গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস। ৩ মিনিটে প্রথম গোলটি আত্মঘাতী (তিউনিসিয়া মিডফিল্ডার ইলিয়াস স্খিরি)। ৭ মিনিটে দ্বিতীয় গোলটি ডাচ ফরোয়ার্ড ব্রায়ান ব্রবির।
মাঠে নামছে তিউনিসিয়া–নেদারল্যান্ডস ও জাপান–সুইডেন
গ্রুপ ‘এফ’—এর লড়াইয়ে এখন মাঠে নামছে তিউনিসিয়া–নেদারল্যান্ডস ও জাপান–সুইডেন । তিউনিসিয়া এরই মধ্যে বিদায় নিয়েছে। গ্রুপ সেরার লড়াইয়ে আছে বাকি তিন দল।
জাপানের পরই ইকুয়েডর
জাপানের পর দ্বিতীয় অইউরোপিয়ান দল হিসেবে বিশ্বকাপে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নিল ইকুয়েডর।
শুধু তাই নয়, ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকোর পর লাতিন আমেরিকার চতুর্থ দল হিসেবে বিশ্বকাপে জার্মানিকে হারাল ইকুয়েডর।
প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরিকোস্ট
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাওকে ২–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠল আইভরিকোস্ট।
‘ই’ গ্রুপের রানার্স আপ দল হিসেবে নকআউটে উঠল এর আগে টানা তিন বিশ্বকাপের (২০০৬,২০১০ ও ২০১৪) গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আইভরিকোস্ট।
আগামী ৩০ জুন আর্লিংটনে বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডে ‘আই’ গ্রুপের রানার্স আপ দলের মুখোমুখি হবে আইভরিকোস্ট। তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স অথবা নরওয়ে।
নিউ জার্সিতে ইকুয়েডর ‘বিপ্লব’, হারল জার্মানি!
ম্যাচের শুরুতেই ১–০ গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি। কিন্তু তারপর যে এমন হার অপেক্ষা করবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য তা জানত কে!
এবার বিশ্বকাপে অন্যতম সেরা অঘটনের জন্ম দিয়ে নিউ জার্সির এ ম্যাচে জার্মানির জালে দুটি গোল করে ইকুয়েডর। শেষ পর্যন্ত জার্মানিকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটে উঠল দক্ষিণ আমেরিকার দেশটি। আগের দুই ম্যাচে গোল করতে না পারা ইকুয়েডর আজ দারুণ খেলেছে।
গ্রুপের তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শ্রেয়তর অবস্থান নিয়ে বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডে উঠল ইকুয়েডর।
হারলেও ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে নকআউটে উঠল জার্মানি। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। দ্বিতীয় আইভরি কোস্টের সংগ্রহও সমান ৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপের রানার্স আপ দল হিসেবে আফ্রিকার দলটি প্রথমবারের মতো উঠল বিশ্বকাপের নকআউটে। জার্মানি ২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউটে খেলবে। ২৯ জুন শেষ ৩২ দলের রাউন্ডের ম্যাচে তাদের প্রতিপক্ষ এ, বি, সি, ডি, এফ গ্রুপে যেকোনো তৃতীয় সেরা দল।
৩ ম্যাচে ইকুয়েডরের সংগ্রহ ৪ পয়েন্ট। গ্রুপে তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ইকুয়েডর। এর অর্থ হলো, ২০০৬ বিশ্বকাপের পর এবারই প্রথম নকআউটে ওঠা নিশ্চিত তাদের। ইকুয়েডরের এই জয়ে গ্রুপে তৃতীয় সেরা দলগুলোর তালিকায় থাকা স্কটল্যান্ডের নকআউটে ওঠার আশা খুব ক্ষীণ হয়ে গেল।
এবারই প্রথম বিশ্বকাপে খেলতে আসা ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে। জনসংখ্যার বিচারে বিশ্বকাপের ইতিহাসে ক্ষুদ্রতম এই দেশের একটি ম্যাচ ড্র করতে পারাও কম নয়!
গোল! জার্মানি ১–২ ইকুয়েডর
অবিশ্বাস্য!
৭৭ মিনিটে কর্নার থেকে বলে পা ছুইঁয়ে ইকুয়েডর ফরোয়ার্ড গঞ্জালো প্লাতার গোল। জার্মানির রক্ষণে ধারাবাহিক আক্রমণের ফল পেল দক্ষিণ আমেরিকার দলটি।
গোল! আইভরিকোস্ট ২–০ কুরাসাও
৬৪ মিনিটে আইভরিকোস্ট ফরোয়ার্ড নিকোলাস পেপের দ্বিতীয় গোল!
ইব্রাহিম সানগারের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন পেপে।
প্রথমার্ধ শেষ হলো
ফিলাডেলফিয়ায় প্রথমার্ধ শেষে কুরাসাওয়ের বিপক্ষে ১–০ গোলে এগিয়ে আইভরিকোস্ট।
নিউ জার্সিতে প্রথমার্ধ শেষে জার্মানি ও ইকুয়েডর ১–১ গোলে সমতায়।
গোল! আইভরিকোস্ট ১–০ কুরাসাও
প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠতে এই ম্যাচে ড্র করলেই হবে আইভরিকোস্টের। ৭ মিনিটে নিকোলাস পেপের গোলে তারা এগিয়ে গেল ম্যাচে। বক্সের ভেতরে কুরাসাওয়ের বল ‘ক্লিয়ার’ করতে না পারার সুযোগ নিয়ে গোলটি করেন পেপে।
গোল! জার্মানি ১–১ ইকুয়েডর
৯ মিনিটে দারুণ গোল ইকুয়েডর ফরোয়ার্ড নিলসন আনহুলোর। বক্সের ভেতর থেকে নেওয়া শটে পরাস্ত করেন জার্মান গোলকিপার নয়্যারকে।
এবার বিশ্বকাপে ইকুয়েডরের প্রথম গোল!
গোল! জার্মানি ১–০ ইকুয়েডর
ইকুয়েডরের সমর্থকরা একটু ধাতস্ত হয়ে ওঠার আগেই গোল হজম করতে হলো! ২ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁকানো শটে গোল করেন জার্মান ফরোয়ার্ড লিরয় সানে।
‘ই’ গ্রুপের শেষ দুটি ম্যাচ শুরু
এই গ্রুপ থেকে ফিলাডেলফিয়ায় আইভরিকোস্টের মুখোমুখি কুরাসাও। নিউ জার্সিতে ইকুয়েডরের প্রতিপক্ষ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দুটি ম্যাচই শুরু হলো একই সময়ে
ওয়াল্টার ‘দ্য ওরাকল ওরাংওটাং’য়ের ভবিষ্যদ্বাণীতে চমক
নিউ জার্সিতে জার্মানি–ইকুয়েডর ম্যাচে কে জিতবে, তা নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী করেছে ওরাংওটাং ওয়াল্টার।
ডর্টমুন্ড চিড়িয়াখানার এই ওরাংওটাংটির অনুমান—জার্মানির বিপক্ষে জিতবে ইকুয়েডর। এর আগে এই ওরাংওটাংয়ের দুটি ভবিষ্যদ্বাণী মিলেছে। আগের ম্যাচগুলোতে কুরাসাও এবং আইভরিকোস্টের বিপক্ষে জার্মানির জয়ী হওয়ার সঠিক পূর্বাভাস দিয়েছিল ওয়াল্টার।
দেখে নিন জার্মানির একাদশ
ইকুয়েডরের বিপক্ষে জার্মানির একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ ইউলিয়ান নাগলসমান। তবে ফরোয়ার্ড দেনিজ উনদাভকে বেঞ্চেই বসে থাকতে হচ্ছে। বিশ্বকাপে এ পর্যন্ত বদলি হিসেবে নেমে ৩ গোল করার পাশাপাশি ২টি গোল করিয়েছেন উনদাভ।
চোটের কারণে ছিটকে যাওয়া দুই ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউন ও নিকো শ্লটারবেকের জায়গায় একাদশে ঢুকেছেন ডেভিড রাউম ও আন্টোনিও রুডিগার। শ্লটারবেক চোটের কারণে বিশ্বকাপেরই বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন।
জার্মানি একাদশ:
ম্যানুয়েল নয়্যার (গোলকিপার), ডেভিড রাউম, জোনাথন টাহ, আন্টোনিও রুডিগার, ইয়োশুয়া কিমিখ, আলেক্সান্ডার পাবলোভিচ, ফেলিক্স এনমেচা, ফ্লোরিয়ান ভির্টৎস,মাল মুসিয়ালা, লিরয় সানে ও কাই হাভার্টজ।
ওচোয়াকে বিদায় দিল মেক্সিকো
না, অবসরের ঘোষণা এখনও দেননি। ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে মেক্সিকো। তবে আজই সম্ভবত মেক্সিকোর হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন গিলের্মো ওচোয়া।
৪০ বছর বয়সী এই গোলকিপার আজ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের ৭৮ মিনিটে মাঠে নামেন। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে মাঠে ঢোকার সময়ই তাঁকে করতালিতে অভিনন্দন জানায় গ্যালারি। ম্যাচের শেষ বাঁশির পর সতীর্থরা তাঁকে কাঁধে তুলে সম্মান জানান।
পরে ওচোয়া জানান, এবারের বিশ্বকাপ শেষে তিনি অবসর নেবেন। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও দলে ছিলেন ওচোয়া। তবে প্রথম দুবার তাঁকে মাঠে নামানো হয়নি। আজ তাঁকে ঘিরে আয়োজনের মাধ্যমে স্পষ্ট, এবারও আর মাঠে নামা হবে না তাঁর।
দক্ষিণ আফ্রিকার ইতিহাস, প্রথমবার নকআউটে
দক্ষিণ আফ্রিকা ১ : ০ দক্ষিণ কোরিয়া (ফুল টাইম)
মেক্সিকো ৩ : ০ চেক প্রজাতন্ত্র (ফুল টাইম)
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে এশিয়ান দলটির বিপক্ষে তারা জিতেছে ১–০ গোলে।
এই জয়ে ‘এ’ গ্রুপে দ্বিতীয় হয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে দলটির মোট পয়েন্ট ৪। ৩ ম্যাচের সব কটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মেক্সিকো। নিয়মানুযায়ী গ্রুপের শীর্ষ দুটি দল পরের পর্বে জায়গা করে।
৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া অবশ্য ছিটকে পড়েনি। তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে সেরা আটে থাকলে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবে। গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হওয়া পর্যন্ত দক্ষিণ কোরিয়াকে অপেক্ষা করতে হবে।
এ দিকে আজ একই সময়ে হওয়া মেক্সিকো–চেক প্রজাতন্ত্র ম্যাচে স্বাগতিকেরা জিতেছে ৩–০ গোলে। কোনো ম্যাচ না জিততে পারা চেক প্রজাতন্ত্র গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জালে দক্ষিণ আফ্রিকার গোল
৬২ মিনিটে গোল পেয়েছে দক্ষিণ আফ্রিকা। করেছন থাপেলো মাসেকো। এই মুহূর্তে গ্রুপে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া তিনে।
২–০ গোলে এগিয়ে মেক্সিকো
ম্যাচের ৬১ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে আবারও এগিয়ে গেল মেক্সিকো। মেক্সিকো ২ : ০ চেক প্রজাতন্ত্র।
চেকের বিপক্ষে এগিয়ে গেল মেক্সিকো
৫৫ মিনিটে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এগিয়ে গেছে মেক্সিকো। প্রায় একক প্রচেষ্টায় গোলটি করেছেন মাতেও চাভেজ।
শুরু হচ্ছে মেক্সিকো–চেক প্রজাতন্ত্র ম্যাচ
মেক্সিকো সিটি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি স্বাগতিক মেক্সিকো ও চেক প্রজাতন্ত্র। একই গ্রুপের দক্ষিণ আফ্রিকা–দক্ষিণ কোরিয়া নামছে মন্তেরেই স্টেডিয়ামে।
ব্রাজিলের দারুণ জয়
ব্রাজিল ৩ : ০ স্কটল্যান্ড (ফুলটাইম)
মায়ামিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্কটল্যান্ডকে ৩–০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে গ্রুপ ‘সি’-তে মরক্কোকে পেছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল।
ম্যাচের শুরুতেই স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাককেনির দুর্বল ব্যাকপাসের সুযোগ নিয়ে গোলের খাতা খোলেন ভিনিসিয়ুস জুনিয়র। পরে হেডে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি। ব্রাজিলের তৃতীয় গোলটি আসে মাতেউস কুনিয়ার কাছ থেকে। এই গোলে দারুণ অবদান ছিল ব্রুনো গিমারাইসের। এদিন দ্বিতীয়ার্ধে গালারি মাতিয়ে মাঠে নামেন নেইমার। যতক্ষণ মাঠে ছিলেন, দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিতে দেখা গেছে তাঁকে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ষোলোর পথে এখন গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দলের মুখোমুখি হবে ব্রাজিল। বর্তমান হিসাব অনুযায়ী সেই দল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জাপনের। অন্যদিকে দুইবার পিছিয়ে পড়া শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মরক্কোকে হারিয়েছে ৪–২ গোলে। আফ্রিকান দেশটি শেষ ৩২– এ খেলবে গ্রুপ ‘এফ’-এর শীর্ষ দলের বিপক্ষে, যেখানে সবচেয়ে এগিয়ে আছে নেদারল্যান্ডস।
তবে স্কটল্যান্ডের নকআউট পর্বে ওঠার আশা এখনো শেষ হয়ে যায়নি। সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে তাদের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। 
এগিয়ে গেল মরক্কো
হাইতির বিপক্ষে ৩–২ গোলে লিড নিল মরক্কো। ম্যাচের ৭৮ মিনিটে গোল করেছেন সুফিয়ান রাহিমি। পরবর্তীতে ৮৯ মিনিটে গেসিম ইয়াসিনের গোলে মরক্কো ব্যবধান ৪–২ করে।
অবশেষে ব্রাজিলের জার্সিতে নেইমার
অপেক্ষার অবসান। দীর্ঘ ২ বছর ৮ মাস, অর্থাৎ ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার। ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর ব্রাজিলের আর খেলা হয়নি সান্তোস তারকার। চোট, পুনর্বাসন আর অনিশ্চয়তার দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আবার ফুটবল মাঠে দেখা যাচ্ছে ব্রাজিলিয়ান তারকাকে।
এবার কুনিয়ার গোল
দুর্দান্ত খেলতে থাকা ব্রাজিল ম্যাচের ৬০ মিনিটে করল ম্যাচের তৃতীয় গোল। দারুণ এক আক্রমণ থেকে ব্রুনো গিমারাইসের দ্বিতীয় অ্যাসিস্টে এই গোলটি করেন মাতেউস কুনিয়া। এটি চলতি বিশ্বকাপে কুনিয়ার তৃতীয় গোল।
প্রথমার্ধ শেষ
প্রথমার্ধ শেষে স্কোরলাইন—
ব্রাজিল ২ – স্কটল্যান্ড ০
মরক্কো ২ – হাইতি ২
গোল! ভিনিসিয়ুস ২–০ স্কটল্যান্ড
প্রথমার্ধে যোগ করা সময়ে (৪৫+৩) ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল ভিনিসিয়ুসের। গোল করেই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে একটু নেচে নিলেন ভিনি। গ্যালারিতে নাচছেন ব্রাজিলের সমর্থকরাও।
মরক্কো ২ : ২ হাইতি
উইলসন ইসিদরের গোলে প্রথমার্ধের শেষ দিকে আবার লিড নিয়েছিল হাইতি। তবে একটু পর ইসমায়েল সাইবারির গোলে আবার সমতায় ফেরে মরক্কো।
হাকিমির গোলে সমতা
১০ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর ৩৯ মিনিটে সমতা ফিরিয়েছে মরক্কো। আফ্রিকান দলটির হয়ে সমতাসূচক গোলটি করেন আশরাফ হাকিমি।
গোল বাতিল ভিনিসিয়ুসের
স্কটল্যান্ডের বিপক্ষে আবার গোল করেছিলেন ভিনিসিয়ুস। কিন্তু গোলের আগে স্কটিশ ডিফেন্ডারকে ফাউল করায় ভিএআর যাচাইয়ের পর বাতিল করা হয় গোলটি।
মরক্কোর বিপক্ষে গোল করল হাইতি!
মরক্কোর বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে গেল হাইতি। গোলটি করেছেন ছিল আত্মঘাতী।
শুরুতেই ভিনিসিয়ুসের গোল
ম্যাচের ৭ মিনিটে তরুণ উইঙ্গার রায়ান স্কটল্যান্ডের সেন্টার-ব্যাক স্কট ম্যাকেনাকে চাপে ফেলেন। এমন পরিস্থিতিতে বল দূরে ক্লিয়ার করাই ছিল সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। কিন্তু ম্যাকেনার প্রথম ছোঁয়াটাই ছিল নড়বড়ে। সুযোগটা কাজে লাগিয়ে বল দখলে নেন ভিনিসিয়ুস।
এরপর আর ভুল করেননি ব্রাজিল তারকা। গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনিএটি চলতি বিশ্বকাপে ভিনিসিয়ুসের তৃতীয় গোল।
মুখোমুখি ব্রাজিল–স্কটল্যান্ড
বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে এখন মায়ামিতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল–স্কটল্যান্ড। কার্লো আনচেলত্তির ব্রাজিলের পরের পর্বে ওঠা প্রায় নিশ্চিত। অন্যদিকে হারলেও ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার সুযোগ থাকতে পারে স্কটল্যান্ডের।
গ্রুপ ‘সি’-র বাকি দুই দলের মধ্যে হাইতি এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আর চার পয়েন্ট নিয়ে শক্ত অবস্থানে রয়েছে মরক্কো, যাদের পয়েন্টও ব্রাজিলের সমান ৪।
সুইজারল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন, কানাডা রানার্সআপ, বসনিয়া গোল পার্থক্যে তৃতীয়
কানাডাকে ২–১ গোলে হারিয়ে গ্রুপ ‘বি’ থেকে শীর্ষে থেকেই শেষ ৩২–এ গেল সুইজারল্যান্ড। শীর্ষস্থান দখলের লড়াইয়ে কানাডা শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করলেও সফল হতে পারেনি।
তবে স্বাগতিকদের হতাশ হওয়ার কারণ নেই। তারাও শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। কিন্তু গ্রুপ রানার্সআপ হওয়ায় নকআউট পর্বে নিজেদের মাঠে খেলার যে বাড়তি সুবিধা পাওয়ার আশা ছিল, সেটি আর থাকছে না।
একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে ৩–১ গোলে কাতারকে হারিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। এই জয়ে তাদের পয়েন্টও কানাডার সমান ৪। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে তিনে চলে গেছে তারা। ফলে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আরেকটু অপেক্ষা অপেক্ষা করতে হবে দলটিকে। 
কাতারের জালে বসনিয়ার তৃতীয় গোল
কাতারের জালে তৃতীয়বারের মতো বল জড়াল বসনিয়া। তৃতীয় গোলটি করেছেন এরমিন মাহমিচ। এই গোলের পর বসনিয়া এগিয়ে ৩–১ গোলে।
গোল! সুইজারল্যান্ড ২–১ কানাডা
৭৬ মিনিটে কানাডার হয়ে প্রমিজ ডেভিডের দুর্দান্ত গোল। নাথান সালিবার পাস থেকে গোলটি করেন।
ব্রাজিলের একাদশ
আলিসন, দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইস, লুকাস পাকেতা, রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
সুইসদের ১১ মিনিটে ২ গোল
বিরতি থেকে ফেরার পর দেখা যাচ্ছে অন্য এক সুইজারল্যান্ডকে। ম্যাচের ৫৭ মিনিট ২–০ গোলে এগিয়ে গেল তারা। দ্বিতীয় গোলটি করেছেন ইয়োহান মানজাম্বি।
বিরতি থেকে ফিরেই সুইসদের লিড
দ্বিতীয়ার্ধের ৬০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে কানাডার বিপক্ষে লিড নিল সুইজারল্যান্ড। দারুণ এক আক্রমণে গোলটি করেন রুবেন ভারগাস।
কানাডা–সুইজারল্যান্ড সমতায়, এগিয়ে বসনিয়া
গ্রুপ ‘বি’র তৃর্তীয় ম্যাচে সমতা নিয়ে বিরতিতে গেছে সুইজারল্যান্ড ও কানাডা। ম্যাচে দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তবে তুলনামূলকভাবে কানাডাই বেশি সুযোগ পেয়েছে। কিন্তু গোল আদায় করতে পারেনি। একইভাবে গোল পায়নি সুইসরাও।
অন্য দিকে কাতারের বিপক্ষে ২–১ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বসনিয়া ও হার্জেগোভিনা। এই ম্যাচে জিতলে নকআউটের পথে এগিয়ে যাবে বসনিয়া।
বসনিয়া ২ : ১ কাতার
জমে উঠেছে বসনিয়া–কাতার ম্যাচ। ২ গোলে পিছিয়ে পড়ার পর ৪২ মিনিটে এক গোল শোধ করেছে কাতার। গোলটি করেছেন হাসান আল–হেইদোস।
বসনিয়ার দ্বিতীয় গোল
কাতারের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে গেল বসনিয়া। ৩৪ মিনিটে দ্বিতীয় গোলটি ছিল আত্মঘাতী। নিজেদের জালে বল জড়ান কাতারি ডিফেন্ডার সুলতান আল–ব্রেক।
বসনিয়ার গোল
সিয়াটলের কাতারের বিপক্ষে দারুণ এক গোলে লিড নিয়েছে বসনিয়া। ম্যাচের ২৯ মিনিটে গোলটি করেন কেরিম আলাইবেগোভিচ।
একই সময়ে ‘বি’ গ্রুপের দুই ম্যাচ
গ্রুপ ‘বি’–এর দুটি ম্যাচ শুরু হবে এখন। ভ্যাঙ্কুভারে মুখোমুখি হবে সুইজারল্যান্ড–কানাডা এবং সিয়াটলে খেলবে কাতার–বসনিয়া। কানাডা ও সুইজারল্যান্ড একটি ম্যাচ জিতেছে এবং একটি করে ম্যাচ ড্র করেছে। অন্য দিকে বসনিয়া ও কাতার একটি করে ম্যাচ হেরেছে এবং অন্য এক ম্যাচে ড্র করেছে।
এই গ্রুপ থেকে সুইজারল্যান্ড ও কানাডা প্রায় নিশ্চিতভাবেই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। তবে এই ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে যাওয়ার সুযোগ হবে।
অন্য দিকে বসনিয়া–কাতার ম্যাচটি মূলত গ্রুপ পর্ব থেকে বিদায় এড়ানোর লড়াই। কারণ কানাডা ও সুইজারল্যান্ডের গ্রুপের প্রথম দুই স্থানে থাকা প্রায় নিশ্চিত।
ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা
বিশ্বকাপে আজ বাংলাদেশ সময় রাত ৪টায় ফ্লোরিডার মায়ামিতে মুখোমুখি হবে ব্রাজিল–স্কটল্যান্ড। ম্যাচ শুরুর সময় দক্ষিণ ফ্লোরিডায় তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া থাকবে বলে জানা গেছে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩০ শতাংশ।
ম্যাচ শুরুর সময় তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস। তবে আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৬ কিলোমিটার বেগে বাতাসও বইতে পারে।
মেসির জন্মদিনে...
লিওনেল মেসির জন্মদিন আজ। সতীর্থরা কি কিছু না করে পারেন? হুট করেই তাঁরা মেসির রুমে হাজির হয়েছেন জন্মদিনের কেক নিয়ে। সেই ছবি আবার ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন আর্জেন্টাইন তারকা। 
বিশ্বকাপ ফাইনালে ট্রফি তুলে দেবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ হচ্ছে, আর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় ফাইনালে যাবেন না—এমনটা না হওয়ারই কথা।
শেষ পর্যন্ত বিষয়টি আসলে তা–ই। ১৯ জুলাই নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামে ফাইনালের পর চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই। গতকাল খবরটি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও তিনি মাঠে উপস্থিত ছিলেন। যদিও এ বছর বিশ্বকাপের কোনো ম্যাচে এখন পর্যন্ত তাঁকে দেখা যায়নি।
ট্রাম্পের বিশ্বকাপ ফাইনালে থাকার বিষয়টি ‘খবর’ হওয়ার কারণ এটি গত দুই আসরে আয়োজক দেশের সরকারপ্রধানদের দেখা যায়নি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ভ্লাদিমির পুতিন এবং ২০২২ কাতার বিশ্বকাপে শেখ তামিম বিন হামাদ আল থানি ফাইনালে মাঠে যাননি।
নকআউটে কলম্বিয়া
কলম্বিয়া ১ : ০ ডিআর কঙ্গো
একটাই গোল হলো ম্যাচে। আর সেই গোলে জিতে নকআউটে নিশ্চিত করেছে কলম্বিয়া। ৭৬তম মিনিটে গোলটি করেন দানিয়েল মুনিওজ।
মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচটিতে শুরু থেকেই ভালো খেলেছে কলম্বিয়া। তবে ডিআর কঙ্গো গোলকিপার লিওনেল এমপাসির দৃঢ়তায় গোল পাওয়া হচ্ছি না। এমপাসি শুধু প্রথমার্ধেই ৬টি সেভ করেছেন। দ্বিতীয়ার্ধে করেছেন আরও দুটি। তবে ৭৬তম মিনিটে মুনিওজ নিচু শটে কাছের পোস্ট দিয়ে বল পাঠানোর সময় নড়তেই পারেননি তিনি।
আগের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩–১ জয়েও একটি গোল করেছিলেন মুনিওজ। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে তারা। পর্তুগাল ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে।
দুবার বল জালে পাঠিয়েও গোল পাননি দিয়াজ
দুই মিনিটের মধ্যে দুবার বল জালে পাঠিয়েছেন লুইস দিয়াজ। তবে কলম্বিয়া ফরোয়ার্ডের দুটি গোলই বাতিল হয়েছে। প্রথমটি বাতিল বল জালে জড়ানোর আগে ডিআর কঙ্গোর এক ডিফেন্ডারকে ফাউল করায়, পরেরটি অফসাইডে থাকায়।
অবশেষে গোল!
কলম্বিয়া ১ : ০ ডিআর কঙ্গো
অবশেষে ম্যাচের ৭৬তম মিনিটে প্রথম গোলের দেখা মিলল। একের পর এক আক্রমণ চালিয়ে যাওয়া কলম্বিয়ার হয়ে গোলটি করেছেন দানিয়েল মুনিওজ।
অবশেষে মাঠে ডিআর কঙ্গোর ‘লুমুম্বা’
অবশেষে বিশ্বকাপ গ্যালারিতে দেখা গেল ডিআর কঙ্গোর স্থির দাঁড়িয়ে থাকা সমর্থক মিশেল কুকা এমবোলাডিঙ্গাকে, যাকে ডাকা হয় ‘লুমুম্বা’ও। ইবোলা কোয়ারেন্টাইনের কারণে আগের ম্যাচে তিনি মাঠে আসতে পারেননি।
মিশেল কুকা এমবোলাডিঙ্গা সম্পর্কে জেনে নিতে পারেন এখান থেকে: দাঁড়িয়ে থাকা এক মানুষ, জেগে ওঠা দেশপ্রেম: কঙ্গোর ‘লুমুম্বা’ মিশেলের কাহিনি
কলম্বিয়া ০ : ডিআর কঙ্গো (হাফ টাইম)
কলম্বিয়া বা ডিআর কঙ্গো, প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। এই ফলে অবশ্য খুশিই থাকার কথা ডিআর কঙ্গোর। কলম্বিয়ার একের পর আক্রমণ রুখে দিয়েছে দলটি। গোলকিপার লিওনেল এমপাসি একাই সেভ করেছেন ৬টি।
কঙ্গোর ত্রাতা গোলরক্ষক এমপাসি
কঙ্গোকে একের পর এক সেভে বাঁচিয়ে চলেছেন গোলরকক্ষক লিওনেল এমপাসি। ম্যাচের ২০ মিনিটের মধ্যে অন্তত ৫টি গোল বাঁচিয়েছেন তিনি।
কলম্বিয়ার গোল বাতিল
ম্যাচের শুরুতেই একাধিক সুযোগ তৈরি করে কলম্বিয়া। ৪ মিনিটের মাথায় কাছ থেকে নেওয়া জন আরিয়াসের শট গোলরক্ষক লিওনেল এমপাসি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন। ৮ মিনিটে ঠিকই গোল করেন দানিয়েল মুনিওজ। কিন্তু সেই গোল বাতিল হয় অফসাইডের কারণে। একটু পর আবারও কঙ্গোকে রক্ষা করেন গোলরক্ষক এমপাসি।
শেষ ৩২–এ চোখ রেখে ডিআর কঙ্গোর মুখোমুখি কলম্বিয়া
বিশ্বকাপ অভিযানটা দারুণভাবেই শুরু করেছিল কলম্বিয়া। গত সপ্তাহে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি। এই জয়ে শেষ ৩২–এর পথে এক ধাপ এগিয়ে আছে দেশটি। অন্য দিকে ডিআর কঙ্গো চমক দেখায় পর্তুগালকে রুখে দিয়ে। নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে তাদেরও।
টিকে রইল ক্রোয়েশিয়া, পানামার বিদায়
ক্রোয়েশিয়া ১ : ০ পানামা (ফুলটাইম)
গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পানামাকে ১–০ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া। দলের জয়ে ৫৪ মিনিটে একমাত্র গোলটি করেছেন আন্তে বুদিমির। এর ফলে টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পানামা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪–২ গোলে হেরেছিল ক্রোয়েশিয়া। আর ঘানার বিপক্ষে পানামার হার ১–০ গোলে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন এই গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে ঘানা। ৩ পয়েন্ট নিয়ে তিনে ক্রোয়েশিয়
গোল পেল ক্রোয়েশিয়া
অবশেষে গোলের দেখা পেল ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ। ম্যাচের ৫৪ মিনিটে ইয়োসিপ স্তানিসিচের দারুণ এক পাসে গোলটি করছেন আন্তে বুদিমির।
বিরতি শেষে শুরু ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ
প্রথমার্ধে গোলশূন্য সমতা থাকার পর ফের মাঠে নেমেছে ক্রোয়েশিয়া–পানামা। ম্যাচে এখন পর্যন্ত পানামা বেশ ভালো খেলেছে। সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়াও। তবে গোল পায়নি কোনো দলই।
অল্পের জন্য গোলবঞ্চিত পানামা
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা দারুণভাবে শুরু করেছে পানামা। শুরুতে দারুণ কিছু সুযোগ তৈরি করেছে তারা। ২৩ মিনিটের মাথায় অল্পের জন্য এগিয়ে যাওয়া হয়নি তাদের।
ডান দিক থেকে আমির মুরিলোর ভাসানো ক্রসে দারুণ এক হেড করেছিলেন হোসে লুইস রদ্রিগেজ। কিন্তু ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ অসাধারণ দক্ষতায় বলটি বার ঘেঁষে বাইরে পাঠিয়ে দেন।
ক্রোয়েশিয়াকে গোল হজমের হাত থেকে বাঁচাতে এটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ এক সেভ।
প্রথমার্ধের শেষ দিকে দারুণ একটি সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়াও। তবে গোল পায়নি তারাও। গোলশূন্য সমতায় বিরতিতে গেছে দুই দল।
জয়ের লক্ষ্যে মাঠে নামছে ক্রোয়েশিয়া
গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ এই ম্যাচে টরন্টোতে এখন মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও পানামা। নিজেদের প্রথম ম্যাচ হেরেছে দুই দলই। ইংল্যান্ড ৪–২ গোলে হারায় ক্রোয়েশিয়াকে। আর পানামাকে ১–০ গোলে হারায় ঘানা। দুই দলেরই লক্ষ্য এখন প্রথম জয়, যা এনে দেবে পূর্ণ তিন পয়েন্ট। এই ম্যাচে ভালো ফল করতে পারলে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবে তারা।
ইংল্যান্ডকে রুখে দিল ঘানা
ইংল্যান্ড ০ : ০ ঘানা (ফুল টাইম)
আজ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের জন্য চেষ্টা করেছে ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তারা। বোস্টনে ইংল্যান্ড–ঘানা ম্যাচ ড্র হয়েছে গোলশূন্য ড্রয়ে।
রক্ষণে ঘানার দারুণ নৈপুণ্যের পাশাপাশি সুযোগ নষ্টের খেসরাতও দিয়েছে ‘থ্রি লায়ন্স’রা। ম্যাচের ৮৭ মিনিটে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে গোল করতে ব্যর্থ হন ইংলিশ অধিনায়ক হ্যার কেইন। এই ড্রয়ে শেষ ৩২ নিশ্চিত করতে ইংল্যান্ডকে এখন পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সুযোগ কাজে লাগাতে পারছে না ইংল্যান্ড
একের পর এক সুযোগ হাতছাড়া হচ্ছে ইংল্যান্ডের। ম্যাচে ৮৬ মিনিটে বুকায়ো সাকার প্রচেষ্টা ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক। একই আক্রমণে বল একবার লাগে পোস্টে। পরে সুবিধাজনক জায়গা থেকে বল ওপরে মেরে গোলের সুযোগ নষ্ট করেন হ্যারি কেইন।
গোলের খোঁজে মরিয়া ইংল্যান্ড
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের জন্য চেষ্টা করে যাচ্ছে ইংল্যান্ড। কিন্তু এখনো গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত জয়সূচক গোলটি কি হ্যারি কেইনরা পাবেন।
গোলশূন্য সমতায় বিরতিতে ইংল্যান্ড–ঘানা
ইংল্যান্ড ০ : ০ ঘানা
বোস্টনে ম্যাচের প্রথম ৪৫ মিনিট জুড়ে দাপট ছিল ইংল্যান্ডের। ৭৮ শতাংশ বলের দখল রেখে সারাক্ষণই ঘানার রক্ষণকে পরীক্ষার মুখে রেখেছিল ইংলিশ ফরোয়ার্ডরা। কিন্তু একের পর এক চেষ্টা করেও গোল আদায় করতে পারেননি হ্যারি কেইনরা। প্রথমার্ধে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের গোলশূন্য সমতায় আটকে রেখেছে আফ্রিকার দেশটি। এখন বিরতির পর ইংল্যান্ড কি গোল মুখ খুলতে পারবে?
ইংল্যান্ডের সমর্থক যে দৃশ্য দেখতে চান না
ম্যাচের ১৬ মিনিটে ইংল্যান্ড তারকা মাথায় আঘাত পেয়ে বসে পড়লেন। বড় কোনো আঘাত! না, কিছুক্ষণ পরই উঠে দাঁড়ালেন কেইন।
ম্যাচে ১৭ মিনিট পর্যন্ত ৮০ শতাংশ বল দখলে রেখেও বলার মতো আক্রমণ করতে পারেনি ইংল্যান্ড। ঘানার বক্সের ভেতরে জটলার মধ্যে সুযোগ পেয়েছে। কিন্তু গোল আদায় করতে পারেনি।
মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফ্রান্স কোচ দেশম
মায়ের মৃত্যুর কারণে ফ্রান্সে ফিরে যাচ্ছেন দলটির কোচ দিদিয়ের দেশম। বোস্টনে ২৬ জুন বাংলাদেশ সময় রাত ১টায় নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। ‘আই’ গ্রুপের এ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে থাকতে পারবেন না দেশম।
মঙ্গলবার ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে এই খবর জানায়।
বিবৃতিতে ফেডারেশন জানায়, ‘আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না দিদিয়ে দেশম।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আজ (মঙ্গলবার) সকালে কোচ তাঁর মায়ের মৃত্যুর বেদনাদায়ক খবরটি পান। শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাবেন।’
বোস্টনে ‘ইংলিশ’ পরীক্ষায় ঘানা
বোস্টন স্টেডিয়ামে ‘এল’ গ্রুপের ম্যাচে ঘানার মুখোমুখি ইংল্যান্ড।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের ম্যাচটি ৪–২ গোলে জেতে ইংল্যান্ড। পানামাকে ১–০ গোলে হারায় ঘানা।
ইরানের জন্য নিয়ম বদলাল যুক্তরাষ্ট্র
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাচ্ছে ইরান ফুটবল দল।
মিশরের বিপক্ষে শেষ গ্রুপ পর্বের ম্যাচের আগে দলটি ম্যাচের দুই দিন আগে সিয়াটলে যেতে পারবে। ফলে আগের দুই ম্যাচের ক্ষেত্রে যে ২৪ ঘণ্টার ভ্রমণ-সুবিধা দেওয়া হয়েছিল, তার চেয়ে এক দিন বেশি সময় পাবে ইরান। তবে ম্যাচ শেষে দলটিকে আবারও তাদের বেস ক্যাম্পে ফিরতে হবে। ইরানের বিশ্বকাপ ঘাঁটি রয়েছে মেক্সিকোর তিহুয়ানা শহরে।
অর্থাৎ, মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাড়তি প্রস্তুতির সুযোগ পেলেও ম্যাচ শেষ হওয়ার পর ইরানকে আবার তিজুয়ানাতেই ফিরে যেতে হবে।
পর্তুগাল ৫–০ উজবেকিস্তান (ফুল টাইম)
রোনালদো শুধু হ্যাটট্রিকটাই পেলেন না!
পর্তুগালের দিক থেকে এই ম্যাচে এটাই একমাত্র আক্ষেপের জায়গা। হ্যাটট্রিকের সুযোগ যে পাননি তা নয়, একাধিকবার পেয়েছেন।
৬ ও ৩৯ মিনিটে গোল করেন রোনালদো। পর্তুগালের হয়ে অন্য দুটি গোল রাফায়েল লিয়াও (৮৭ মিনিট) ও নুনো মেন্দেজের (১৭ মিনিট)।
৬০ মিনিটে উজবেকিস্তান ডিফেন্ডার নেমাতভ আত্মঘাতী গোল করেন।
রোনালদোর জন্য এই ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর। ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ১–১ গোলে ড্রয়ের ম্যাচে ভীষণ নিষ্প্রভ ছিলেন কিংবদন্তি। চারপাশ থেকে ধেয়ে এসেছিল সমালোচনা। জোড়া গোলে দারুণ জবাব দিলেন!
‘কে’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। দ্বিতীয় কলম্বিয়ার সংগ্রহ ১ ম্যাচে ৩ পয়েন্ট। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে ডিআর কঙ্গো। ২ ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে উজবেকিস্তান। 
‘ফাইভ স্টার’ পর্তুগাল
গোল!
পর্তুগাল ৫–০ উজবেকিস্তান
৮৭ মিনিটে বক্সের ভেতর ফাঁকায় ডান পায়ের শট রাফায়েল লিয়াওয়ের। বলটা ঘুরতে ঘুরতে উজবেকিস্তানের জালে।
রোনালদো একটু সামনেই দাঁড়িয়ে ছিলেন। তাঁকে না নিয়ে লিয়াও নিজেই ফিনিশ করলেন।
ভালো ফিনিশ।
রোনালদোর শট ঠেকালেন উজবেক গোলকিপার
ম্যাচের তখন ৭৫ মিনিট।
উজবেক গোলকিপার নেমাতভের শট রোনালদোর গায়ে লেগে বক্সেই ছিল, বলটি আবারও ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শট নিয়েছিলেন রোনালদো। নেমাতভ দারুণভাবে ঠেকান। নইলে হ্যাটট্রিক হয়ে যেত রোনালদোর!
গোল! পর্তুগাল ৪–০ উজবেকিস্তান
গোলটি কার?
ভিডিও রিপ্লে দেখেও বোঝা কঠিন!
৬০ মিনিটে কর্নার থেকে বক্সে জটলার ভেতরে রোনালদো ও উজবেকিস্তান ডিফেন্ডারের গা ছুঁইয়ে বল জালে। উজবেকিস্তানের আত্মঘাতী গোল!
গোলকিপার আবদুভোহিদ নেমাতভের আত্মঘাতী গোল।
পর্তুগাল আরও গোল করতে চায়! খেলার ধাঁচে সেটাই বোঝা যাচ্ছে।
মেসির রেকর্ড ভাঙলেন রোনালদো
উজবেকিস্তানের বিপক্ষে ৪১ বছর ১৩৮ দিন বয়সে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন রোনালদো।
মেসির দখলে ছিল এই রেকর্ড। গতকাল রাতেই অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের ম্যাচে মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন।
দ্বিতীয়ার্ধে বদলি নামাল দুই দল
৪৬ মিনিটে জোয়াও কানসেলো ও পেদ্রো নেতোকে তুলে নেলসন সেমেদো এবং ফ্রান্সিসকো কনসেইসাওকে বদলি হিসেবে নামিয়েছে পর্তুগাল।
উজবেকিস্তানও দুটি বদল নিয়ে মাঠে নেমেছে।
অল্পের জন্য হ্যাটট্রিক হলো না রোনালদোর
বিরতির আগেই হ্যাটট্রিক পেতে পারতেন রোনালদো। কিন্তু শেষ মুহূর্তে অল্পের জন্য গোলটি পাওয়া হলো না তাঁর। গোলকিপারের মাথার ওপর দিয়ে রোনালদো বলটা পাঠিয়েই দিয়েছিলেন কিন্তু প্রায় কাছাকাছি জায়গা থেকে বলটি ক্লিয়ার করেন আবদুকদির খুসানভ।
ইউসেবিওকে ছাড়িয়ে গেলেন রোনালদো
পর্তুগাাল ৩ : ০ উজবেকিস্তান
প্রথম ম্যাচের পারফরম্যান্সের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সমালোচনার জবাব দারুণভাবে দিচ্ছেন তিনি। উজবেকিস্তানের বিপক্ষে বিরতিতে যাওয়ার আগেই জোড়া গোল করেছেন এই মহাতারকা। ম্যাচের ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে করেছেন নিজের দ্বিতীয় ও পতুর্গালের তৃতীয় গোল।
এই গোলে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলে সবার ওপরে এখন রোনালদো। ইউসেবিওর ৯ গোল ছাড়িয়ে রোনালদোর গোল এখন ১০।
উজবেকিস্তানের গোল বাতিল
২০ গজ দূর থেকে দারুণ এক গোল করেছিলেন উজবেকিস্তানের আজিজ গানিয়েভ। পরে ভিএআর পর্যালোচনায় বাতিল হয় গোল। গোল করার আগে পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলোকে ফাউল করায় বাতিল হয় গোল।
মেন্দেসের গোলে ২–০
১৭ মিনিটেই ২–০ গোলেএগিয়ে গেছে পর্তুগাল। নুনো মেন্দেসের দারুণ এক ফ্রিকিক গোলে ব্যবধান দ্বিগুণ করেছে পর্তুগিজরা।
ছয় বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি রোনালদোর
প্রথম ম্যাচের গোল করতে না পারায় সমালোচনা কম শোনেনি ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা আজ উজবেকিস্তানের বিপক্ষে গোল পেয়ে গেলেন ৬ মিনিটেই। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
ডান পাশ থেকে জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে গোলটি পেয়েছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এটি তাঁর ১৪৪তম গোল।
আজ কি পারবেন রোনালদো
ডিআর কঙ্গোর বিপক্ষে ১–১ গোলে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছে পর্তুগাল। ওই ম্যাচের পারফরম্যান্সের কারণে দলটির তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। শুরুর একাদশে তাঁর থাকা উচিত কি না, প্রশ্ন উঠছে তা নিয়েও। তবে রোনালদোকে নিয়েই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল।
জাতীয় দলের হয়ে সর্বশেষ ১০ ম্যাচে কোনো গোল পাননি রোনালদো। আজ কি তাঁর গোলখরা কাটবে?
পর্তুগালের একাদশ: কস্তা; কানসেলো, দিয়াজ , ভেইগা, মেন্দেস; ভিতিনিয়া, নেভেস, ফার্নান্দেজ; ক্রিস্টিয়ানো রোনালদো, ফেলিক্স, নেতো
আলজেরিয়া ২ : ১ জর্ডান (ফুল টাইম)
শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলেছে আলজেরিয়া। সান ফ্রান্সিসকো বে স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের খেলা জর্ডানকে তারা ২–১ গোলে হারিয়েছে। এই জয়ে নকআউটে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আলজেরিয়া।
বিপরীতে টানা দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে জর্ডানের।
অথচ আজকের ম্যাচে জয়ের আশা প্রথম জর্ডানই দেখেছিল। আলজেরিয়া শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকলেও ৩৬ মিনিটে গোল করে জর্ডান। নিজার আল–রাশদানের সেই গোলের লিড আধা ঘণ্টার বেশি টিকেছিল। আলজেরিয়া ৬৯তম মিনিটে নাদির বেনবুয়ালির গোলে সমতা আনার পর ৮২ মিনিটে আমিনে গুইরির গোলে এগিয়েও যায়। শেষ পর্যন্ত এই স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।
‘জে’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট তুলে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়া ও আলজেরিয়ার পয়েন্ট দুই ম্যাচে ৩ করে। এই দুটি দল গ্রুপের শেষ ম্যাচে দ্বিতীয় হওয়ার লড়াইয়ে নামবে। আর জর্ডান যদি শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারায়ও, হেড টু হেড লড়াইয়ে পিছিয়ে থাকায় তারা তৃতীয় হতে পারবে না। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা এশিয়ান দলটির বিদায় নিশ্চিত হয়েছে তাই আজই।
এবার এগিয়েও গেল আলজেরিয়া
জর্ডান ১ : ২ আলজেরিয়া
৮২ মিনিটে গোল করেছেন আলজেরিয়ার আমিনে গুইরি। কর্নার থেকে আসা বল জর্ডান ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে না পারার পর গোলমুখে পেয়ে গিয়েছিলেন তিনি, জালে জড়িয়েছেন সহজেই।
আধা ঘণ্টার বেশি সময় পিছিয়ে থাকা আলজেরিয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ১৩ মিনিটের মধ্যে এল দুই গোল।
সমতা আনল আলজেরিয়া
জর্ডান ১ : ১ আলজেরিয়া
আলজেরিয়া যেভাবে জর্ডান রক্ষণ চাপ তৈরি করে যাচ্ছিল, তাতে গোল যেন আসারই ছিল। অবশেষে ৬৯তম মিনিটে গোল পেল আলজেরিয়া। করেছেন নাদির বেনবুয়ালি।
জর্ডান ১ : ০ আলজেরিয়া (হাফ টাইম)
আলজেরিয়া–জর্ডান ম্যাচের প্রথমার্ধে এগিয়ে গেছে এশিয়ান দলটি। ৩৬ মিনিটে গোল করেছেন নিজার আল–রাশদান।
এগিয়ে গেল জর্ডান
জর্ডান ১ : ০ আলজেরিয়া
ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে গেছে জর্ডান। গোল করেছেন নিজার আল–রাশদান।
প্রথম জয়ের খোঁজে জর্ডান–আলজেরিয়া
‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আলজেরিয়া–জর্ডান। দুই দলই প্রথম ম্যাচে হেরেছে। আলজেরিয়া ৩–০ গোলে আর্জেন্টিনার কাছে, জর্ডান ৩–১ গোলে অস্ট্রিয়ার কাছে।
দুর্দান্ত হলান্ডে দূরন্ত নরওয়ে
নরওয়ে ৩ : ২ সেনেগাল (ফুলটাইম)
দুর্দান্ত এক ম্যাচ!
রোমাঞ্চকর এক লড়াইয়ে নরওয়ে ও সেনেগাল মিলে করেছে ৫ গোল। তবে শেষ হাসিটা হেসেছে নরওয়ে। দলটির হয়ে জোড়া গোল করেছেন হলান্ড। বিশ্বকাপে দুই ম্যাচে তাঁর গোল এখন চারটি। ম্যাচে নরওয়ের অন্য গোলটি মার্কুস হোমগ্রেন পেদারসেনের। এই তিন গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে নরওয়ে।
সেনেগালের হয়ে জোড়া গোল করেন ইসমাইলা সার। বিশেষ করে যোগ করা সময়ের গোলে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিলেন তিনি। যদিও শেষ রক্ষা হয়নি। ম্যাচটা হেরেই গেল আফ্রিকান দেশটি।
সারের জোড়া গোল
হলান্ডের পর এবার সেনেগালের হয়ে জোড়া গোল করলেন ইসমাইলা সার। শেষ মুহূর্তে করা এই গোলের পর ব্যবধান এখন ৩–২।
হলান্ডে জোড়া গোল
এ যেন আশ্চর্য এক গোলের রাত। রাতের প্রথম ম্যাচে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি। এরপর ফ্রান্সের হয়ে দুইবার বল জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে। আর এবার নরওয়ের হয়ে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করলেন আর্লিং হলান্ড। ৫৮ মিনিটে করা হলান্ডের এই গোলের পর নরওয়ে এগিয়ে গেল ৩–১ ব্যবধানে।
এক গোল শোধ করল সেনেগাল
দুই গোল হজমের পর এক গোল শোধ করল সেনেগাল। সেনেগালের হয়ে ৫৩ মিনিটে গোলটি করেছেন ইসমাইলা সার।
হলান্ডের গোল
বিধ্বংসী এক পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করল নরওয়ে।
সেনেগাল তখন নরওয়ের অর্ধে সুযোগ তৈরির চেষ্টা করছিল। কিন্তু একটি ঢিলেঢালা পাস কেড়ে নিয়ে দ্রুত সামনে এগিয়ে যান মার্টিন ওডেগার্ড। তাঁর দুই পাশে সতীর্থরা দৌড়াচ্ছিলেন, আর মুহূর্তেই নরওয়ে চার-দুইয়ের সুবিধাজনক অবস্থায় চলে যায়।
ওডেগার্ড বাম দিকে বল বাড়িয়ে দেন হলান্ডকে। কালিদু কুলিবালি স্লাইড করে বাধা দেওয়ার চেষ্টা করলেও বল তাঁর পাশ কাটিয়ে যায়। এরপর কোনো ভুল না করে প্রথম ছোঁয়াতেই জোরালো শটে বল জালে পাঠান হলান্ড।
গোলরক্ষক মেন্দির কোনো সুযোগ ছিল না আটকানোর। দারুণ গতিময় ও নিখুঁত এক পাল্টা আক্রমণ থেকে আসে গোলটি।
বিশ্বকাপে মেসি ও এমবাপ্পে যেভাবে আলো ছড়াচ্ছেন, হলান্ডও যেন তাদের পথেই হাঁটছেন। নরওয়ের জার্সিতে ৫২ ম্যাচে এটি তাঁর ৫৮তম গোল।
এমবাপ্পে ঝলকে ফ্রান্সের জয়
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দেখা গেল ফরাসি ঝলক। সাড়ে তিন ঘণ্টার বেশি (ম্যাচটা শুরু হয় বাংলাদেশ সময় রাত ৩টায়। প্রথমার্ধের পর ম্যাচটা বজ্রঝড়ের কারণে বন্ধ থাকে ভোর ৬টা পর্যন্ত। এরপর খেলা শেষ হয় ৬টা ৪৫ মিনিটে। সব মিলিয়ে এই ম্যাচটা স্থায়ী হয়েছে সাড়ে তিন ঘণ্টার বেশি।) সময় ধরে চলা ম্যাচটিতে ফ্রান্স জিতেছে ৩–০ গোলে।
এই জয়ে নকআউটও নিশ্চিত করেছে ফ্রান্স। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের গোলে ১–০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। তবে বজ্রঝড়ের কারণে সেই বিরতি স্থায়ী হয়েছে দুই ঘণ্টার বেশি। শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কাটিয়ে খেলা শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৬টায়।
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ভুলে নিজের দ্বিতীয় গোল আদায় করেন এমবাপ্পে। যেটি ছিল এই বিশ্বকাপে তাঁর চতুর্থ এবং সব মিলিয়ে ১৬তম গোল। এরপর ফ্রান্সের হয়ে তৃতীয় গোল করেন উসমান দেম্বেলে। এই তিন গোলেই নিশ্চিত হয় ফ্রান্সের জয়।
নরওয়ে ১ :০ সেনেগাল
সেনেগালের বিপক্ষে এগিয়ে গেল নরওয়ে। ম্যাচের ৪৩ মিনিটে গোলটি করেন মার্কুস হোমগ্রেন পেদারসেন।
নিজেদের বক্সের ঠিক বাইরে অবিশ্বাস্য এক ভুল করেন সেনেগালের ডিফেন্ডার কালিদু কুলিবালি। তাঁর পাস সরাসরি গিয়ে পড়ে বদলি খেলোয়াড় পেদারসেনের পায়ে।
সুযোগ পেয়ে ডান প্রান্তের এই ডিফেন্ডার বক্সে ঢুকে নিচু শটে গোল করেন। সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি বল ছুঁয়েছিলেন ঠিকই, কিন্তু জালে জড়ানো ঠেকাতে পারেননি।
১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেল নরওয়ে।
হলান্ডের শট ঠেকালেন মেন্দি
৩৫ মিনিটে আর্লিং হলান্ডের নেয়া শট অবিশ্বাস্য দক্ষতায় রুখে দিলেন সেনেগালের গোলরক্ষক সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। এগিয়ে যাওয়া হলো না নরওয়ের।
দেম্বেলের গোল
অবশেষে বিশ্বকাপে নিজের প্রথম গোল পেলেন উসমান দেম্বেলে। এই গোলটির পেছনে বড় ভূমিকা মাইকেল ওলিসের। বল নিয়ে দুর্দান্ত গতিতে সামনে এগিয়ে গিয়ে তিনি বক্সের মধ্যে দেম্বেলেকে খুঁজে নেন। আর দেম্বেলে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে ফ্রান্সের হয়ে নিজের বিশ্বকাপ-অভিষেক গোলটি করেন।
ক্লোসাকে ছুঁলেন এমবাপ্পে
ইরাকের ভুলে ফ্রান্সের হয়ে ম্যাচের দ্বিতীয় গোল করলেন এমবাপ্পে। এই গোলে তিনি স্পর্শ করলেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলে দ্বিতীয় স্থানে থাকা মিরোস্লাভ ক্লোসাকে। দুজনের গোল এখন ১৬। মেসির ১৮ গোলের রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের প্রয়োজন ২ গোল।
ম্যাচের ৫৪ মিনিটে ইরাক নিজেদেরই বিপদ ডেকে আনে। আহমেদ কাসেমের ব্যাকপাসটি এতটাই জোরে হয়ে যায় যে গোলরক্ষক আহমেদ বাসিল বল নিয়ন্ত্রণে নিতে পারেননি।
সেই ভুলের সুযোগ লুফে নেন উসমান দেম্বেলে। নিজে শট না নিয়ে নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পেকে। আর এমবাপ্পে সহজ টোকায় বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করে ফ্রান্সের ব্যবধান বাড়ান।
ফ্রান্স–ইরাক দ্বিতীয়ার্ধের খেলা শুরু
ফ্রান্স ১ : ০ ইরাক
খারাপ আবহাওয়ার কারণে ২ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর আবার শুরু হলো ফ্রান্স–ইরাক ম্যাচ। ম্যাচের প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে এগিয়ে যায় ফ্রান্স।
শুরু হলো নরওয়ে–সেনেগাল ম্যাচ
বিশ্বকাপে গ্রুপ ‘আই’–তে নিজেদের দ্বিতীয় ম্যাচে এখন মাঠে নামছে নরওয়ে–সেনেগাল। নরওয়ে নিজেদের প্রথম ম্যাচে ইরাককে হারিয়েছিল ৪–১ গোলে। আর ফ্রান্সের কাছে সেনেগাল হেরেছিল ৩–১ ব্যবধানে।
ফ্রান্স–ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধে থাকছে না হাইড্রেশন ব্রেক
ফ্রান্স–ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধে থাকছে না হাইড্রেশন ব্রেক। খারাপ আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হতে যাচ্ছে ম্যাচ।
মাঠে নেমেছে দুই দল
খারাপ আবাহাওয়ার কারণে স্থগিত হয়ে যাওয়া ফ্রান্স–ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু হবে ৫টা ৫০ মিনিটে। এরই মধ্যে মাঠে নেমে গা গরম করা শুরু করেছে দুই দলের খেলোয়াড়রা।
ম্যাচ শুরু হতে আরও দেরি হবে কারণ...
বিবিসি জানিয়েছে, মাঠে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে বৃষ্টি প্রায় পুরোপুরি থেমে গেছে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে এখনো বজ্রঝড়ের শঙ্কা থাকায় ম্যাচটি দ্রুতই শুরু করা যাচ্ছে না।
ফিলাডেলফিয়া স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠা বার্তা, ‘প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দেরি হচ্ছে। পরিবেশ নিরাপদ মনে হলেই খেলা পুনরায় শুরু হবে। দর্শকদের যার যার অবস্থানে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
গ্যালারিতে উপস্থিত ইরাকের বিপুলসংখ্যক সমর্থক যেন এই বিরতিটাকেই উপভোগ করছেন! তারা পতাকা উড়িয়ে, গান গেয়ে আর নেচে পুরো স্টেডিয়াম মাতিয়ে রেখেছেন।
এই পরিস্থিতিতে কি সেটা জানতে ক্লিক করুন বাজে আবহাওয়ায় প্রথমবার স্থগিত বিশ্বকাপের ম্যাচ, নিয়ম কী বলে
আপাতত বন্ধই থাকছে খেলা
আবারও মাইকে ঘোষণা এসেছে—‘এই মুহূর্তে এলাকাজুড়ে খারাপ আবহাওয়া বিরাজ করছে। তাই ম্যাচ এখনো স্থগিত রয়েছে।’
স্টেডিয়ামে থাকা সংবাদমাধ্যমকে ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ‘নিরাপদ মনে হলেই ম্যাচ আবার শুরু করা হবে।’
গ্যালারিতে ফিরতে শুরু করেছে দর্শক
বৃষ্টি কিছুটা কমে আসায় স্টেডিয়ামজুড়ে স্বস্তির পরিবেশ দেখা যাচ্ছে। বৃষ্টি পুরোপুরি থামেনি, তবে নিরাপদ আশ্রয়ে যেতে বলা সমর্থকদের অনেকেই ধীরে ধীরে আবার নিজেদের আসনে ফিরতে শুরু করেছেন।
এর মধ্যে অবশ্য মাইকের মাধ্যমে নতুন ঘোষণা দেওয়া হয়েছে, ‘ম্যাচ এখনো স্থগিত রয়েছে। পরবর্তী ঘোষণা পরে জানানো হবে।’
আপাতত বন্ধ ফ্রান্স–ইরাক ম্যাচ
ফিলাডেলফিয়ায় খারাপ আবহাওয়ার কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রথমার্ধের শেষ দিকে স্টেডিয়ামের কাছে বজ্রপাতের আশঙ্কা তৈরি হওয়ায় ফিফা এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই মধ্যে স্টেডিয়ামের গ্যালারিও প্রায় ফাঁকা হয়ে গেছে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ করা হয়।
দ্বিতীয়ার্ধের খেলা নির্ধারিত সময়ে শুরু নাও হতে পারে। কারণ বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। যদি বজ্রপাত হয়, তাহলে সর্বশেষ বজ্রপাতের পর ৩০ মিনিট অপেক্ষা করে খেলা আবার শুরু করা হবে।
ম্যাচ বন্ধ হওয়ার আগে দারুণ এক বাঁ পায়ের শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শক্তিশালী শট জালে জড়ায়। এটি এবারের বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় গোল।
ইরাকের বিপক্ষে এই ম্যাচে আপাতত ফ্রান্স আপাতত ১–০ গোলে এগিয়ে।
ফ্রান্স ১ : ০ ইরাক
১৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলই বিরতির আগে দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে। এই বিশ্বকাপে নিজেদের তৃতীয় গোল করা এমবাপ্পে কি সংখ্যাটা আরও বাড়াতে পরবেন?
এমবাপ্পের গোলের পর বৃৃষ্টি
ফিলাডেলফিয়াতে বৃষ্টি নেমেছে। অনেক সমর্থকই এখন বৃষ্টি থেকে বাঁচতে বর্ষাতি পরে নিয়েছেন। আকাশ ঢেকে গেছে ঘন কালো মেঘে।
মনে রাখতে হবে, স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা ৩০ মিনিটের জন্য বন্ধ রাখা হবে এবং দর্শকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।
এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স
কে আর! কিলিয়ান এমবাপ্পেই।
১৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বল জালে পাঠালেন এমবাপ্পে। বলটি এমন নিখুঁতভাবে কোণ ঘেঁষে ঢুকল যে গোলরক্ষকের কিছুই করার ছিল না।
অসাধারণ এক গোল! এটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় ও বিশ্বকাপে সব মিলিয়ে ১৫তম গোল। যে গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে স্পর্শ করলেন রোনালদো নাজারিওকে। এমবাপ্পের ওপরে আছেন ক্লোসা (১৬) ও মেসি (১৮)
রেকর্ডের দৌড়ে আছেন দেশমও।
রেকর্ডের দৌড়ে শুধু কিলিয়ান এমবাপ্পেই নন, আছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও। আজ ইরাকের বিপক্ষে ফ্রান্স জিতলে বিশ্বকাপে কোচ হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ডে স্পর্শ করবেন তিনি।
বর্তমানে এই রেকর্ডটি ১৬ জয় নিয়ে জার্মানির সাবেক কোচ হেলমুট শ্যোনের দখলে। ইরাককে হারাতে পারলে সেই সংখ্যায় ছুঁয়ে ফেলবেন দেশম।
আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষেও জিততে পারলে ১৭ জয় নিয়ে এককভাবে রেকর্ডের মালিক হবেন এই ফরাসি কিংবদন্তি। ফ্রান্সের দায়িত্ব ছাড়ার আগে এর চেয়ে ভালো বিদায় আর কী হতে পারে! অবশ্য তাঁর লক্ষ্য নিশ্চয়ই শুধু এই রেকর্ড নয়, বিশ্বকাপ ট্রফিটাও।
মেসির পর কি এমবাপ্পে
বিশ্বকাপে প্রথম ২ ম্যাচে ৫ গোল লিওনেল মেসি। বিশ্বকাপে মেসির গোল এখন ১৮। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে প্রথম ম্যাচে করেছেন জোড়া গোল। তাঁর গোল এখন ১৪। আজ ইরাকের বিপক্ষে দারুণ কিছু করলে মেসির কাছাকাছি যাওয়ার সুযোগ আছে তাঁর। এর আগে গত ম্যাচে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছিল এমবাপ্পে (৫৮ গোল)। সেই রেকর্ড এখন আরও বাড়ানোর অপেক্ষা।
মেসি যা বললেন...
বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনাকে তুললেন। করলেন জোড়া গোল অস্ট্রিয়ার বিপক্ষে। তারপর যা বললেন মেসি—জানতে ক্লিক করুন নিচের লিংকে।
পেনাল্টি মিস করে ‘বিরক্ত’ মেসি বললেন, ‘আরও আনন্দ দেব’
মেসি! মানুষ তো?
অস্ট্রিয়ার বিপক্ষে মেসির জোড়া গোলে বিশ্বকাপের নকআউটে উঠল আর্জেন্টিনা। অন্য টুর্নামেন্টের গ্রুপ পর্বে মেসির উপস্থিতিতে কী হয়, আসুন দেখে নিই—
চ্যাম্পিয়নস লিগ: ১৯ বারের মধ্যে ১৯ বারই পরের রাউন্ডে।
ক্লাব বিশ্বকাপ: একবার এবং পরের রাউন্ডে।
লিগের কাপ: দুবারের মধ্যে দুবারই পরের রাউন্ডে।
বিশ্বকাপ: ছয়বারের মধ্যে প্রতিবারই পরের রাউন্ডে।
কোপা আমেরিকা: সাত বারের মধ্যে প্রতিবারই পরের রাউন্ডে।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে ৩৫ বারের মধ্যে প্রতিবারই পরের রাউন্ডে উঠেছে মেসির দল। আর কারও কি এমন অর্জন আছে?
জানা থাকলে মন্তব্যে জানান প্লিজ!
আরও যত কীর্তি মেসির
বিশ্বকাপে এক আসরে দলের প্রথম ৫ গোলই করেছেন একজন খেলোয়াড়—এই তালিকায় এখন শুধু মেসি ও রাশিয়ার ওলেগ সালেঙ্কো।
বিশ্বকাপে জাতীয় দলের হয়ে টানা সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন মেসি (২০২২–২০২৬)। আগে থেকেই রেকর্ডটি ইউসেবিও (১৯৬৬), পাওলো রসি (১৯৮২), সালেঙ্কো (১৯৯৪), এনের ভ্যালেন্সিয়া (২০১৪–২০২২)।
বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি আলাদা ম্যাচে প্রথম গোলের কীর্তি মেসির। ব্রাজিলের রোনালদো নাজারিও, ইতালির ক্রিস্টিয়ান ভিয়েরি ও স্পেনের ডেভিড ভিয়া ৬টি আলাদা ম্যাচে প্রথম গোল করেছেন।
আর্জেন্টিনা ২–০ অস্ট্রিয়া (খেলা শেষ)
লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারাল আর্জেন্টিনা। প্রথম গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন মেসি (১৭ তম)।
এবার বিশ্বকাপে ২ ম্যাচে ৫ গোল দিলেন মেসি। এখন পর্যন্ত মেসিই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা।
অস্ট্রিয়ার বিপক্ষে সেরা খেলোয়াড় কে, তা বললেও চলে!
২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট দ্বিতীয় অস্ট্রিয়ার। তৃতীয় জর্ডান ও চতুর্থ আলজেরিয়া পয়েন্ট পায়নি এখনো।
অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
গোল! আর্জেন্টিনা ২–০ অস্ট্রিয়া, মেসির দ্বিতীয় গোল
যোগ করা সময়ের খেলা (৯৫ মিনিট)।
অস্ট্রিয়া বক্সের ভেতরে ছোটখাটো একটা ঝড়ই বয়ে গেল। সেই ঝড়ে শেষ পর্যন্ত মেসির মুখেই ফুটল শেষ হাসি।
প্রথমে আলভারেজের শট অস্ট্রিয়া ডিফেন্ডারের গায়ে লাগল। ফিরতি বলটা পেলেন মেসি। এক ডিফেন্ডারকে কাটিয়ে তাঁর শট ঠেকান আরেক ডিফেন্ডার। আবারও ফিরতি বলে মেসির শট এবং গোল!
ডালাসের গ্যালারিতে শাকিরা

মেদিনা, দি পল উঠলেন
৮১ মিনিটে ফাকুন্দো মেদিনা ও রদ্রিগো দি পল উঠলেন। নামলেন নিকোলাস তালিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস।
অল্পের জন্য মিস
অল্পের জন্য মিস করলেন গঞ্জালেস। মেসির কর্নারে তাঁর হেডটা পোস্টের একদম কাছ দিয়ে গেছে। ২–০তে এগিয়ে যাওয়া হলো না আর্জেন্টিনার।
আর্জেন্টিনার খেলার মাঝে অস্ট্রিয়া!
আর্জেন্টিনা উইং ধরে খেলে অভ্যস্ত না। আর্জেন্টিনার খেলার চিরায়ত স্টাইলও এটা নয়। কিন্তু অস্ট্রিয়া তাদের এভাবে খেলতে বাধ্য করছে। কারণ?
আর্জেন্টিনার চিরায়ত মিডফিল্ড–প্লেতে বাধ সাধছে অস্ট্রিয়ান মিডফিল্ড। স্কালোনির দল সাধারণ মাঠের মাঝ দিয়ে আক্রমণে উঠতে অভ্যস্ত। মাঝপথের সেই খেলাটা আর্জেন্টিনাকে সেভাবে খেলতে দিচ্ছে না অস্ট্রিয়া।
আর্জেন্টিনার একমাত্র গোলটি উইং প্লে থেকেই এসেছে।
দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেক শেষ হলো।
উঠলেন মার্তিনেজ, নামলেন আলভারেজ
৬৫ মিনিট।
লাওতারো মার্তিনেজ ও এনজো ফার্নান্দেজ উঠে গেলেন। নামলেন হুলিয়ান আলভারেজ ও নিকো গঞ্জালেস।
আর্জেন্টিনা বুঝি আরও আক্রমণাত্বক হতে চায়! এক গোলে এগিয়ে থাকা কখনোই নিরাপদ কিছু নয়!
রোমেরো উঠে গেলেন
অস্বস্তি অনুভব করছিলেন আর্জেন্টিনা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ৫৮ মিনিটে তাঁকে তুলে নিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
প্রথমার্ধে নির্মম আর্জেন্টিনা
২০১৪ বিশ্বকাপের শুরু থেকে এই টুর্নামেন্ট সর্বশেষ ২০ ম্যাচে আর্জেন্টিনা সব সময়ই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে।
থ্রু পাস থেকে মেসির দৌড় এবং অফসাইড
বিরতির পর ৫০ মিনিটে প্রথম দারুণ মুভ আর্জেন্টিনার।
রদ্র্রিগো দি পলের থ্রুস পাস ধরতে দারুণ একটা দৌড় দিয়ে বলও ধরেছিলেন মেসি। কিন্তু অফসাইড হয়ে যান।
মাঝমাঠে বল কাড়াকাড়ির লড়াই চলছে। অস্ট্রিয়া বল হারালে আর্জেন্টিনাকে বেশ চাপে রাখছে। আর্জেন্টিনা এক টানা বেশিক্ষণ পাস খেলতে পারছে না। অস্ট্রিয়া গুছিয়ে ওঠার চেষ্টা করছে। ঝামেলা একটাই—
আর্জেন্টাইন মিডফিল্ড ও মেসি নামের একজন আছেন মাঠে।
ছকে কষা ফুটবল খেলে কুলিয়ে উঠতে কষ্ট হচ্ছে রালফ রাংনিকের দলের। 
প্রথমার্ধ শেষ: আর্জেন্টিনা ১–০ অস্ট্রিয়া
প্রথমার্ধে শুরুটা খুব ভালো করতে পারেনি আর্জেন্টিনা। ভিএআরের হস্তক্ষেপে ৯ মিনিটে পাওয়া পেনাল্টি মিস করেন মেসি। তারপর ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে শুরু করে আর্জেন্টিনার আক্রমণভাগ। অস্ট্রিয়া অব দ্য বল মুভমেন্টে ভালো করতে পারেনি কারণ আর্জেন্টিনার মিডফিল্ড চাপে ভেঙে পড়েনি। এর মধ্যেই ৩৮ মিনিটে দলীয় আক্রমণের ম্যাজিক!
বাঁ প্রান্ত থেকে মেদিনার ক্রস আলমাদা ডামি করার আগে কেউ বুঝতে পারেননি, গোলে শটটি আসলে নেবেন মেসি! তাঁর বাঁ পায়ের শটের জবাব ছিল না অস্ট্রিয়া গোলকিপার আলেকজান্ডার শ্লাজারের।
ওই গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়লেন মেসি। প্রথমার্ধ তাই ভালোভাবেই শেষ হলো আর্জেন্টিনার।
বিরতির সময় পড়তে পারেন—ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল মেসির
টানা ৬ ম্যাচে গোলের রেকর্ডে ভাগ মেসির
বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি। ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮ বিশ্বকাপ) এবং ব্রাজিলের জেয়ারজিনহোর (১৯৭০ বিশ্বকাপ) দখলে ছিল রেকর্ডটি।
গোল! আর্জেন্টিনা ১–০ অস্ট্রিয়া
ক্ল্যাসিক লাতিন আমেরিকান গোল!
৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে ডামি করেন থিয়াগো আলমাদা। এরপর মেসির বাঁ পায়ের শট অস্ট্রিয়ার জালে! কেউ ভাবেনি শটটি আসলে মেসির নেওয়ার কথা ছিল!
(২০০২ বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ফাইনালেও রিভালদোর এমন ডামিতে গোল পেয়েছিলেন রোনালদো)
চোখ জুড়ানো এক গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড গড়লেন মেসি।
বিশ্বকাপে মেসির এখন ২৮ ম্যাচে গোলসংখ্যা ১৭টি। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডটি এখন একার দখলে নিলেন কিংবদন্তি।
গ্যালারিতে মারিও কেম্পেস
১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো কিংবদন্তি মারিও কেম্পেস ডালাসের গ্যালারিতে। সেই বিশ্বকাপে সর্বোচ্চ ৬ গোল গোল্ডেন বুট জিতেছিলেন কিংবদন্তি।
বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস মেসির!
বিশ্বকাপে এতদিন ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দুটি পেনাল্টি মিস করেছিলেন মেসি।
আজ অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে অনাকাঙ্খিত রেকর্ডটি রেকর্ডটি একার দখলে নিলেন। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড মেসির।
২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ড, ২০২২ বিশ্বকাপে পোল্যান্ড এবং এবার অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন।
প্রথম দুবার গোলকিপার তাঁর শট ঠেকান। এবার মেরেছেন পোস্টের বাইরে।
৩৩ তম পেনাল্টি মিস মেসির
মেসির ক্যারিয়ারে এটি ৩৩ তম পেনাল্টি মিস (ট্রান্সফারমার্কেট)। টাইব্রেকার বাদে এ পর্যন্ত মোট ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন মেসি।
পেনাল্টিতে অ্যালেক্সিস ম্যাক–অ্যালিস্টারের কনভার্সন রেট ভালো (১৩ ম্যাচে ১২ গোল)। এনজো ফার্নান্দেজ ১২ ম্যাচে ১১টি গোল করেছেন।
মেসি পেনাল্টি মিস করলেন!
অবিশ্বাস্য!
পোস্টের বাইরে পেনাল্টি শট মেসির! তাঁর ডান দিকের পোস্টের বাইরে বল মারলেন! অস্ট্রিয়ান গোলকিপার আলেকজান্ডার শ্লাজার অবশ্য সঠিক দিকেই ডাইভ দিয়েছিলেন।
ম্যাচে তখন ৯ মিনিট।
এবারের বিশ্বকাপে এটাই প্রথম পেনাল্টি মিস।
পেনাল্টি!
মার্তিনেজকে বক্সের ভেতর ফাউল করেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশ—ভিএআরের রায়।
প্রথম আক্রমণ আর্জেন্টিনার
৪ মিনিটে বক্সের ভেতর ভালো সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনা স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে বল রাখতে পারেননি।
পেনাল্টির আবেদন আর্জেন্টিনার।
ডালাসে শুরু হলো লড়াই
ডালাস স্টেডিয়ামে শুরু হলো আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ। আকাশি–সাদা ও লাল জার্সিতে কানায় কানায় পরিপূর্ণ ৮০ হাজার আসন।
মেসির সামনে যেসব রেকর্ড
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেই কিছু রেকর্ড গড়তে পারেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। কী রেকর্ড তাঁর সামনে, জানতে ক্লিক করুন নিচের লিংকে
বিশ্বকাপে পরের ম্যাচেই যে তিনটি রেকর্ড ভাঙতে পারেন মেসি
মেসিরা এখন মাঠে
মাঠে চলে এসেছেন লিওনেল মেসিরা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত এগারোটায়। আলবিসেলেস্তে ফুটবলারদের মাঠে আসার ছবি দিয়েছে ফিফা।
একটি বদল নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা।
আলজেরিয়া ম্যাচ থেকে একটি পরিবর্তন নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নামছেন নাহুয়েল মলিনা।
আর্জেন্টিনা একাদশ : এমি মার্তিনেজ, মলিনা, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, মেদিনা, দি পল, এঞ্জো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, আলমাদা, মেসি, লাওতারো মার্তিনেজ
বিশ্বকাপ দেখতে এসেছেন কঙ্গোর সেই ভাইরাল ফ্যান
ভিসা জটিলতা কাটিয়ে মেক্সিকোতে এসে পৌঁছেছেন কঙ্গোর ভাইরাল ফ্যান লুমুম্বা ভেয়া। গুয়াদালহারায় কলম্বিয়ার বিপক্ষে কঙ্গোর ম্যাচেই গ্যালারিতে দেখা যেতে পারে তাঁকে।
ভাঙা চোয়াল নিয়ে মেসিদের বিপক্ষে নামছেন অস্ট্রিয়া ডিফেন্ডার
জর্ডানের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে চোয়াল ভেঙে গিয়েছিল অস্ট্রিয়া ডিফেন্ডার স্টেফান পশের। কিন্তু মুখরক্ষাকারী মাস্ক পরে অস্ট্রিয়ার অনুশীলনে ফিরেছেন পশ, আজ আর্জেন্টিনার বিপক্ষে একাদশেও দেখা যেতে পারে তাঁকে।
বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে শ্লটারবেক
চোটে বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে জার্মান ডিফেন্ডার নিকো শ্লটারবেকের। আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন তিনি। স্কাই জার্মানি ও বিল্ড জানিয়েছে, বরুসিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার টুর্নামেন্টের বাকি সময়ে খেলতে পারবেন না।
তবে জার্মান ফুটবল ফেডারেশন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
এবারের বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে একটি গোল করেছিলেন শ্লটারবেক। 
এমবাপ্পে জানেন, মেসি আরও গোল করবেন
এখন পর্যন্ত এবারের আসরে একটি করে ম্যাচ খেলেছেন মেসি ও এমবাপ্পে। এর মধ্যে মেসি করেছেন তিন গোল, এমবাপ্পে দুটি। গত বিশ্বকাপে মেসিকে টপকে গোল্ডেন বুট জেতা এমবাপ্পে আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন তারকাকে নিয়ে কথা বলেন।
২৭ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি আগেই জানতাম মেসি গোল করা থামাবে না।’ নিজের লক্ষ্যের প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, ‘সে (মেসি) সবসময়ই গোল করে। আমার চেয়ে এগিয়ে আছে, আর পেছনে। দলকে যত দূর সম্ভব সামনে নিয়ে যেতে আমিও গোল করে যেতে চাই।’
মিসর ৩ : ১ নিউজিল্যান্ড (ফুল টাইম)
অবশেষে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয়ের দেখা পেল মিসর। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে মোহাম্মদ সালাহর দল নিউজিল্যান্ডকে ৩–১ গোলে হারিয়েছে।
এবারের আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছিল মিসর। আজকের আগপর্যন্ত খেলা ৮ ম্যাচের কোনোটিতে তাদের জয় ছিল না।
আজও ম্যাচের শুরুতেই পিছিয়েই পড়েছিল মিসর। ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ২৪ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিসর। ৫৮ মিনিটে মোস্তাফা জিকো, ৬৭ মিনিটে মোহাম্মদ সালাহ এবং ৮২ মিনিটে ত্রেজেগে গোল করেন।
গোল! আরও এগিয়ে মিসর
মিসর ৩ : ১ নিউজিল্যান্ড
ম্যাচে আরও এগিয়ে গেল মিসর। ৮২ মিনিটে গোল করেছেন ত্রেজেগে। ২৪ মিনিটের মধ্যে তৃতীয় গোল পেয়ে গেল মিসর।
সালাহর কর্নারে পোস্টের কাছাকাছি বল পেয়েছিলেন ত্রেজেগে। বদলি নামা এই ফরোয়ার্ড অরক্ষিত থাকায় সহজেই হেডে বল জালে জড়িয়েছেন।
সালাহর গোলে মিসরের লিড
নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক আক্রমণে ম্যাচের ৬৭ মিনিটে মিসরকে এগিয়ে দিলেন মোহাম্মদ সালাহ। প্রথম গোলের নায়ক মোস্তফা জিকোর সহায়তায় বাঁ পায়ের শক্তিশালী ও বাঁকানো শটে গোলটি করেছেন লিভারপুল কিংবদন্তি।
মিসর ১ : ১ নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সমতা ফিরিয়েছে মিসর। ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানি দারুণ একটি ক্রস ভাসিয়ে দেন বক্সে। তাতে লাফিয়ে উঠে শক্তিশালী হেড করেন মোস্তাফা জিকো। বল মাটিতে বাউন্স খেয়ে জালে জড়ায়।
পিছিয়ে থেকে বিরতিতে সালাহর মিসর
নিউজিল্যান্ড ১ : ০ মিসর
ভ্যাঙ্কুভারে মিসরের বিপক্ষে ১–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে নিউজিল্যান্ড। ম্যাচের ১৫ মিনিটে একমাত্র গোলটি এসেছে ফিন সারম্যানের কাছ থেকে। দারুণ এক হেডে গোল করেন এই ডিফেন্ডার। বিরতির পর কি ঘুরে দাঁড়াতে পারবে সালাহর মিসর?
নিউজিল্যান্ড ১ : ০ মিসর
ভ্যাঙ্কুভারে ম্যাচের ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে মিসরের বিপক্ষে লিড নিয়েছে নিউজিল্যান্ড। কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেছেন এই ডিফেন্ডার।
নিউজিল্যান্ডের মুখোমুখি সালাহর মিসর
বিশ্বকাপে গ্রুপ ‘জি’–তে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে মিসর–নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ১–১ গোলে রুখে দিয়েছে মিসর। আর নিউজিল্যান্ড ২–২ গোলে ড্র করেছে ইরানের বিপক্ষে। রাতের অন্য ম্যাচে ইরান–বেলজিয়াম ড্র করেছে, ফলে মিসর–নিউজিল্যান্ডের যারা জিতবে তারাই শীর্ষে উঠবে।
উরুগুয়ে ২ : ২ কেপ ভার্দে (ফুলটাইম)
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে। এর মধ্য দিয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে টুর্নামেন্টে আরেকটি স্মরণীয় ফল তুলে নিল দলটি। এর আগে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য রুখে দিয়েছিল কেপ ভার্দে। আজকের এই ড্র শুধু একটি পয়েন্ট নয়, এর ফলে কেপ ভার্দের বিশ্বকাপ অভিযানের ইতিহাসে আরেকটি গর্বের অধ্যায় যোগ হলো।
২১তম মিনিটে অসাধারণ এক সরাসরি ফ্রি-কিক থেকে গোল করে কেপ ভার্দেকে এগিয়ে দেন কেভিন পিনা। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে কেপ ভার্দের প্রথম গোল।
তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় উরুগুয়ে। মাক্সিমিলিয়ানো আরাউহো ও গুস্তিন কানোবিও গোল করে কয়েক মিনিটের ব্যবধানে স্কোরলাইন উল্টে দেন। কিন্তু ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর আবার সমতায় ফেরে কেপ ভার্দে। উরুগুয়ের রক্ষণভাগের ভয়াবহ ভুলের সুযোগ নিয়ে গোল করেন হেলিও ভারেলা। শেষ দিকে ম্যাচে ফেরার অনেক চেষ্টা করেছে উরুগুয়ে, কিন্তু জয়সূচক গোলটি আদায় করতে পারেনি তারা।
এর ফলে গ্রুপ ‘এইচ’–এ ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল স্পেন। ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে উরুগুয়ে এবং সমান পয়েন্ট নিয়ে তিনে কেপ ভার্দে।
কেপ ভার্দের সমতাসূচক গোল
উরুগুয়ে ২ : ২ কেপ ভার্দে
অবিশ্বাস্য কাণ্ড! সমতায় ফিরেছে কেপ ভার্দে।
মাঠে নামার কিছুক্ষণ পরই গোল করেছেন হেলিও ভারেলা। জাতীয় দলের হয়ে এটিই তাঁর প্রথম গোল।
৬১ মিনিটে গোলটি হয়েছে উরুগুয়ের ডিফেন্ডার মাতিয়াস অলিভেরা ও গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভয়াবহ ভুল বোঝাবুঝিতে। বল ক্লিয়ার করতে গিয়ে অলিভেরা বলটিতে ঠিকমতো পা লাগাতে পারেননি। এদিকে মুসলেরা ছিলেন নিজের জায়গা থেকে অনেকটা এগিয়ে। সেই সুযোগে ভারেলা বলের কাছে পৌঁছে ভালোভাবে নিয়ন্ত্রণে নেন এবং দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে দেন।
গোল! উরুগুয়ে ২–১ কেপ ভার্দে
প্রথমার্ধ শেষ হলো।
যোগ করা সময়ের ৬ মিনিটে সতীর্থের হেড থেকে পায়ের টোকায় গোল করেন উরুগুয়ে মিডফিল্ডার আগুস্তিন কানোবিও।
গোল! উরুগুয়ে ১–১ কেপ ভার্দে
৪৪ মিনিটে বক্সে উড়ে আসা বলে হেড করার চেষ্টা করেন দুই দলের দুই খেলোয়াড়। কেউই বলে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি। বলটি কেপ ভার্দের পোস্টে লেগে ফিরলেও ফিরতি বলকে জালে পাঠান উরুগুয়ে মিডফিল্ডার মাক্সিমিলিয়ানো আরাউহো।
এমন কিছু আগে কখনো দেখেনি উরুগুয়ে
বিশ্বকাপে এই প্রথম সরাসরি ফ্রি–কিক থেকে গোল হজম করল উরুগুয়ে।
সেই গোলটি যিনি করলেন কেপ ভার্দের ডিফেন্সিভ মিডফিল্ডার কেভিন পিনা—আফ্রিকার তৃতীয় খেলোয়াড় হিসেবে সরাসরি ফ্রি–কিক থেকে গোল করলেন।
এর আগে বড় টুর্নামেন্টে উরুগুয়ে সর্বশেষ সরাসরি ফ্রি–কিক থেকে গোল হজম করেছিল ২০০৭ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে।
১৯ বছর পর আবারও সরাসরি ফ্রি–কিক থেকে গোল হজম করল দলটি।
গোল! বিশ্বকাপে প্রথম গোল কেপ ভার্দের!
উরুগুয়ে ০–১ কেপ ভার্দে
অবিশ্বাস্য স্কোরলাইন!
বিশ্বকাপে কত বিস্ময়কর ঘটনাই না ঘটে!
মায়ামি স্টেডিয়ামে ২১ মিনিটে তেমনই এক ঘটনা দেখা গেল। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের জালে ৩০ গজ দূরত্বের ফ্রি–কিক থেকে গোল করলেন কেপ ভার্দের কেভিন পিনা।
কেপ ভার্দের এটাই প্রথম বিশ্বকাপ। জনসংখ্যার হিসাবে বিশ্বকাপে অংশ নেওয়া তৃতীয় ক্ষুদ্রতম দেশ তারা। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলের দেখা পেল কেপ ভার্দে এবং সেই গোলে ম্যাচে এগিয়েও গেল উরুগুয়ের বিপক্ষে। অবিশ্বাস্য!
মায়ামিতে মুখোমুখি উরুগুয়ে–কেপ ভার্দে
মায়ামি স্টেডিয়ামে শুরু হয়েছে উরুগুয়ে–কেপ ভার্দে ম্যাচ। ‘এইচ’ গ্রুপে দুই দলই আগে একটি করে ম্যাচ খেলে ১ পয়েন্ট করে পেয়েছে।
ইরানের প্রশংসায় ভিয়েরা
ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘বেলজিয়াম সন্তুষ্ট করতে পারেনি। ইরানেরই পয়েন্ট প্রাপ্য ছিল। ১০ জন নিয়ে বেলজিয়াম বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও তারা সন্তুষ্ট করতে পারেনি। ইরানকে অভিনন্দন। তারা খুবই গোছানো খেলেছে। রক্ষণে খুব ভালো ছিল।’
বেলজিয়াম ০ : ০ ইরান (ফুলটাইম)
লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে রক্ষণে অবিশ্বাস্য শক্তি দেখিয়েছে ইরান। ম্যাচজুড়ে আধিপত্য ধরে রেখেও জিততে পারেননি কেভিন ডি ব্রুইনা–থিবো কোর্তোয়ারা। ম্যাচে ২৩টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রেখেছিল বেলজিয়াম। কিন্তু কোনোটিই ইরানের রক্ষণ ও গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করতে পারেনি। বেইরানভান্দ একাই ৭টি সেভ করেন।
সুযোগ অবশ্য ইরানও পেয়েছিল। বিশেষ করে ৬৬ মিনিটে ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ১০ জনের দলে পরিণত হয় বেলজিময়া। এ সময় কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল এশিয়ান দেশটি। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। দুই অর্ধে বেলজিয়ামের হয়ে দারুণ দুটি সেভ করেছেন থিবো কোর্তোয়া।
গ্রুপ ‘জি’ তে এখন পর্যন্ত কোনো দলই জিততে পারেনি। বেলজিয়াম ও ইরান নিজেদের দুটি ম্যাচ ড্র করে ২ পয়েন্ট করে পেয়েছে। আর মিসর ও নিউজিল্যান্ড একটি ম্যাচ খেলে পেয়েছে এক পয়েন্ট করে।
১৯৬৬ সালে বিশ্বকাপের তথ্য–উপাত্ত সংরক্ষণ শুরুর পর এই ম্যাচে সবচেয়ে বেশি বয়সী একাদশ মাঠে নামিয়েছে ইরান। গড় বয়স ৩১ বছর ১৮১ দিন। (১৯৬৬ সাল থেকে) বিশ্বকাপের ইতিহাসে এটাই সবচেয়ে বয়স্ক একাদশ।
বেলজিয়াম এখন ১০ জনের দল
৬৬ মিনিটে বেলজিয়ান ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। বলটা এনগয়ের কাছেই বল ছিল, আর মেহদি তারেমি তখনও প্রায় ১০ গজ দূরে। এনগয় প্রথমে বল নিয়ন্ত্রণে নেন, কিন্তু এরপর আরেকটি টাচ নিতে গিয়ে দেরি করে ফেলেন। সেই সুযোগে তারেমি বলের দখল নিয়ে নেন।
এরপর তাকে থামানোর চেষ্টা করতে গিয়ে এনগয় তারেমির জার্সি টেনে ধরেন। পরিস্থিতি বিবেচনায় রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত দিয়েছেন।
অবিশ্বাস্য সেভ
অবিশ্বাস্য সেভ!
৬০ মিনিটে বক্সের ভেতরে কয়েক দফা খেলোয়াড়দের গায়ে লেগে বল এদিক-ওদিক ছিটকে বেড়ানোর পর সেটি গিয়ে পড়ে ম্যাক্সিম ডি কুইপারের সামনে। তিনি জোরালো শট নেন গোলমুখে।
কিন্তু ইরানের গোলরক্ষক অবিশ্বাস্য দক্ষতায় হাত ছুঁইয়ে বলটি ফিরিয়ে দেন। নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় বেলজিয়াম।
কোর্তোয়ায় আবারও গোলবঞ্চিত ইরান
প্রথমার্ধে একবার বেলজিয়ামকে বাঁচিয়েছিলেন কোর্তোয়া। দ্বিতীয়ার্ধে আবারও দলকে রক্ষা করলেন তিনি। দারুণ এক আক্রমণে ইরানের প্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক।
৫৩ মিনিটে বক্সের ভেতর বল পান মেহদি তারেমি। তিনি ঘুরে দাঁড়িয়ে জোরালো শট নেন। কিন্তু কোর্তোয়া শটটি ঠেকিয়ে দেন।
গোলশূন্য সমতায় বিরতিতে বেলজিয়াম–ইরান
লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে রক্ষণে দারুণ শক্তি দেখিয়েছে ইরান। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে স্পষ্টতই আধিপত্য ছিল বেলজিয়ামের। একের পর এক আক্রমণে গিয়ে দারুণ কিছু সুযোগ তৈরি করেছেন লুকাকু–ডি ব্রুইনারা। কিন্তু এসব আক্রমণকে গোলে রূপান্তর করতে দেয়নি ইরানি ডিফেন্স। এমনকি ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ প্রথমার্ধেই সেভ করেছেন ৪টি গোল।
অন্যদিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইরানও। এশিয়ান দলটির দারুণ এক প্রচেষ্টা রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর কৌশলী ফ্রি–কিক থেকে ইরান বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোলটি।
অফসাইডে বাতিল হলো ইরানের গোল
কৌশলী ফ্রি–কিকে বেলজিয়ামের বিপক্ষে দারুণ এক গোল আদায় করেছিল ইরান। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় সেই গোল।
বেলজিয়ামকে বাঁচালেন কোর্তোয়া
নিজের গুরুত্ব বোঝালেন থিবো কোর্তোয়া। স্রোতের বিপরীতে দারুণ এক আক্রমণ শানায় ইরান। ডিফেন্ডার হোসেইন কানানি ঘুরে দাঁড়িয়ে নিচের কোণ লক্ষ্য করে দুর্দান্ত একটি শট নেন। বলটি প্রায় জালেই জড়িয়ে যাচ্ছিল, কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে সেটি ঠেকিয়ে দেন কোর্তোয়া।
বেলজিয়ামের এই তারকা গোলরক্ষকের দুর্দান্ত সেভে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ইরান।
ইরানের প্রতিরোধ
ম্যাচে এখন পর্যন্ত ১৩ মিনিট খেলা হয়েছে, যেখানে স্পষ্ট আধিপত্য বেলজিয়ামের। একের পর এক আক্রমণ করে যাচ্ছে তারা। শটও নিয়েছে ৪টি। তবে ইরানি রক্ষণভাগের প্রতিরোধের মুখে সাফল্য পায়নি বেলজিয়াম।
গ্রুপ ‘জি’-তে সবার পয়েন্ট ১
গ্রুপ ‘জি’-তে প্রথম রাউন্ডের সব ম্যাচই ড্র হয়েছে। ফলে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করতে এখন বেলজিয়ামের জন্য জয়ের কোনো বিকল্প নেই। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়াই তাদের জন্য সবচেয়ে জরুরি। তবে ছেড়ে কথা বলবে না ইরানও।
লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি ইরান–বেলজিয়াম
‘এইচ’ গ্রুপ থেকে পরের ম্যাচে লস অ্যাঞ্জেলসে মুখোমুখি হবে ইরান ও বেলজিয়াম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
স্পেন ৪–০ সৌদি আরব
খেলা শেষ।
সৌদি আরবের বিপক্ষে বড় জয়ে মাঠ ছাড়ল স্পেন। প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করতে না পারার দুঃখ কি খুব ভালোভাবে মেটাতে পারল?
লুইস দে লা ফুয়েন্তের দল গোল করতে পারত আরও বেশি। তবু নিজের ৬৫ তম জন্মদিন উদ্যাপনে এই জয়টা উপভোগ করবেন স্পেন কোচ।
এই জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে উঠল স্পেন। ২ ম্যাচে দলটির পয়েন্ট ৪। ‘এইচ’ গ্রুপের শীর্ষে তিনে থাকাও নিশ্চিত হয়েছে স্পেনের। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে সৌদি আরব। 
প্রথমার্ধে ২৪ মিনিটের মধ্যে ৩ গোল করে স্পেন। এরপর আর গোল করতে পারেনি। চতুর্থ গোলটি সৌদি আরবের ‘উপহার’—আত্মঘাতী গোল। ৪৯ মিনিটে সৌদি ডিফেন্ডার হাসান আল–তাম্বাকতি আত্মঘাতী গোল করেন।
ম্যাচে ২২ টি শট নিয়ে ৮টি সৌদির পোস্টে রাখতে পেরেছে স্পেন। ৫টি সেভ করেন সৌদি গোলকিপার।
ভিএআরে গোল বাতিল, স্পেন ৪–০ সৌদি আরব
ভিএআরের হস্তক্ষেপে স্পেনের পঞ্চম গোলটি বাতিল হলো। অফসাইড ছিলেন তোরেস।
এবার বিশ্বকাপে প্রথম গোল পাওয়ার অপেক্ষা বাড়ল স্পেন তারকার।
গোল! স্পেন ৫–০ সৌদি আরব
যোগ করা (৯২) সময়ে ডান প্রান্ত থেকে পেদ্রো পোরোর ক্রসে পা ছুঁইয়ে গোল ফেরান তোরেসের।
আত্মঘাতী গোলে এখনই দ্বিতীয় সর্বোচ্চ
এখন পর্যন্ত ৮টি আত্মঘাতী গোল হয়েছে এবারের বিশ্বকাপে। শুধু ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেই এর চেয়ে বেশি আত্মঘাতী গোল (১২) হয়েছে।
৪–০ গোলে এগিয়ে স্পেন
প্রথমার্ধেই ৩–০ গোলে এগিয়ে যাওয়া স্পেন দ্বিতীয়ার্ধের শুরুতেও গোল পেয়েছে। এবার অবশ্য নিজেদের জালেই বল জড়িয়েছে সৌদি আরব। ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও হাসান আল তামবাকতির শরীরে লেগে ঢুকে যায় জালে।
সৌদি আরবের সামনে কি ২০০২-এর ভূত
মাঠে স্পেনের যে দাপট, তাতে সৌদি সমর্থকদের মনে পুরনো এক দুঃস্বপ্ন উঁকি দিতে বাধ্য। ২০০২ বিশ্বকাপে জার্মানির কাছে সেই বিখ্যাত ৮-০ গোলে বিধ্বস্ত হওয়ার স্মৃতি আজও ভোলেনি আরব ফুটবল। আজ আটলান্টার মাঠে স্প্যানিশরা যেভাবে খেলছে এবং প্রথমার্ধেই যেভাবে ৩-০ গোলে পিছিয়ে পড়েছে সৌদি আরব, তাতে প্রশ্নটা উঠেই যাচ্ছে—২০০২ সালের পর বিশ্বকাপে এটিই কি হতে যাচ্ছে তাদের সবচেয়ে বড় পরাজয়? খেলা যেদিকে গড়াচ্ছে, তাতে ব্যবধান আরও বাড়লে অবাক হওয়ার কিছুই থাকবে না!
ওইয়ারসাবালের জোড়া গোল, উড়ছে স্পেন
অবিশ্বাস্য শুরু স্পেনের! ইউরোপীয় চ্যাম্পিয়নদের গোলবন্যা যেন থামছেই না। মাঠের এক প্রান্ত থেকে উড়ে আসা এক কোণাকুণি ক্রস দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। সেখান থেকে দানি ওলমো মাথা ছুঁইয়ে বল বাড়িয়ে দেন সামনে। আর বল পেয়েই নিখুঁত শটে জালে জড়াতে একদম ভুল করেননি মিকেল ওইয়ারসাবাল।
অল্প সময়ের ব্যবধানে এটি ওইয়ারসাবালের দ্বিতীয় গোল! সৌদি আরব কিছু বুঝে ওঠার আগেই স্কোরলাইন ৩-০ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের মুঠোয় নিয়ে নিল স্পেন।
আবারও গোল, স্পেনের ব্যবধান দ্বিগুণ
আটলান্টায় সৌদি আরবকে চেপে ধরেছে ‘লা রোজা’রা। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেনের হাতে, স্কোরলাইন এখন ২-০!
একটি কর্নার কিক থেকে জটলার সৃষ্টি হয়েছিল। বল পেয়ে যান দানি ওলমো, তিনি দারুণ এক ফ্লিকে বল বাড়িয়ে দেন সিক্স-ইয়ার্ড বক্সের দিকে। সৌদি ডিফেন্ডাররা বলটি ক্লিয়ার করতে পুরোপুরি ব্যর্থ হলে সুযোগসন্ধানী এমেরিক লাপোর্ত মাথা ছুঁইয়ে বলের দিক বদলে দেন। একদম ফাঁকায় বল পেয়ে যান মিকেল ওইয়ারসাবাল। সৌদি রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়াতে কোনো ভুল করেননি তিনি। ডান কোণ দিয়ে বল জড়াল জালে। ২-০ গোলে এগিয়ে স্পেন!
পেলের পাশে লামিনে ইয়ামাল!
মাঠে স্পেনের একক আধিপত্য চলছেই। শুরুর একাদশে লামিনে ইয়ামালকে রাখার সুফল হাতেনাতে পাচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বার্সেলোনা তারকা আজ শুধু গোলই করেননি, নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।
বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় হিসেবে ম্যাচের প্রথম গোল করার কীর্তি ছিল এত দিন মাত্র একজনের। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে ডেডলক ভেঙেছিলেন মহানায়ক পেলে। দীর্ঘ ৬৮ বছর পর পেলের সেই অনন্য রেকর্ডে ভাগ বসালেন ১৮ বছর বয়সী ইয়ামাল।
১০ মিনিটেই লামিনে ইয়ামালের জাদু!
করে দেখালেন লামিনে ইয়ামাল! বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম শুরুটা রাঙাতে মাত্র ১০ মিনিট সময় নিলেন বার্সেলোনা তারকা। প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই বাজিমাত! দুর্দান্ত এক গোলে স্পেনকে শুরুতেই এগিয়ে নিলেন এই তরুণ তুর্কি। বিশ্বকাপের ইতিহাসে নিজের প্রথম গোলের দেখা পেয়ে গেলেন ইয়ামাল। স্প্যানিশ ফুটবলের নতুন রাজপুত্রের শুরুটা হলো রাজকীয়ভাবেই।
বুড়োদের সৌদি আরব
গড়ে ২৮ বছর ২৭২ দিন বয়সী এক একাদশ নিয়ে আজ মাঠে নামছে সৌদি আরব। বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ বয়সী শুরুর একাদশ। এর চেয়ে বেশি বয়সী একাদশ নিয়ে তারা খেলেছিল কেবল ২০১৮ বিশ্বকাপে, স্বাগতিক রাশিয়ার বিপক্ষে (২৯ বছর ১৯৭ দিন)। সৌদি ফুটবলপ্রেমীরা অবশ্য সেই ম্যাচের স্মৃতি মনে রাখতে চাইবেন না, সেবার স্বাগতিকদের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হতে হয়েছিল তাদের।
স্পেনের একাদশে ইয়ামাল
কেপ ভার্দের বিপক্ষে ড্রয়ের পর চাপেই আছে স্পেন। আজ সৌদি আরবের বিপক্ষে ম্যাচে তাঁরা প্রথম একাদশে রেখেছে লামিনে ইয়ামালকে। আগের ম্যাচে ৭১ মিনিটের সময় বদলি হিসেবে নেমেছিলেন তিনি। ইয়ামাল ছাড়াও কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে আরও তিনটি পরিবর্তন এনেছে স্পেন। সৌদির বিপক্ষে তাদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়।
তিউনিসিয়ার বিদায়
এবারের বিশ্বকাপের তৃতীয় দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো তিউনিসিয়ার। এর আগে হাইতি ও তুরস্ক বিদায় নিয়েছিল। তবে সব দলেরই গ্রুপে একটি করে ম্যাচ এখনও বাকি।
জাপান ৪ : ০ তিউনিসিয়া (ফুল টাইম)
আবারও বড় ব্যবধানে হারল তিউনিসিয়া। আজ মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে জাপানের কাছে ৪–০ গোলে হেরেছে আফ্রিকান দলটি। এর আগে প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫–১ গোলে হেরেছিল তিউনিসিয়া।
টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তিউনিসিয়ার। আর নকআউটের সম্ভাবনা উজ্জ্বল করল জাপান। আজ জাপানের হয়ে দুটি গোল করেছেন আয়াসে উয়েদা, একটি করে দাইচি কামাদা ও জুনিয়া ইতো।
চার নম্বর গোলও পেয়ে গেল জাপান
তিউনিসিয়ার বিপক্ষে ব্যবধান আরও বাড়িয়েছে জাপান। ম্যাচের ৮৩তম মিনিটে দলের চতুর্থ গোল করেছেন উয়েদা। এটি তাঁর দ্বিতীয় গোল।
আবার এগিয়ে গেল জাপান
ম্যাচের এখনো বাকি ২০ মিনিট। তবে ম্যাচের ভাগ্য হয়তো এরইমধ্যে লিখেই ফেলেছে জাপান! প্রথমার্ধে দুই গোল করা জাপান ম্যাচের ৬৯ মিনিটে পেয়েছে তৃতীয় গোল। গোল করেছেন জুনিয়া ইতো।
বিরতিতে এগিয়ে জাপান
জাপান ২ : ০ তিউনিসিয়া
‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ২–০ গোলে এগিয়ে বিরতিতে গেছে জাপান। চতুর্থ মিনিটে দাইচি কামাদা আর ৩১তম মিনিটে আয়াসে উয়েদা গোল করেছেন।
২ গোলে এগিয়ে গেল জাপান
আবারও তিউনিসিয়ার রক্ষণ দুর্বলতা কাজে লাগিয়ে গোল পেয়ে গেল জাপান। ৩১তম মিনিটে গোল করেছেন আয়াসে উয়েদা।
প্রতি–আক্রমণে উয়েদা বল পেয়েছিলেন মাঝমাঠ থেকে একটু ভেতরে। এরপর তিউনিসিয়ান ডিফেন্ডারদের তেমন কোনো চ্যালেঞ্জ ছাড়াই বক্সের মাথা থেকে কোনাকুনি শট নেন জালের উদ্দেশে। ডিফেন্ডার মন্তাসার তালবির পায়ের ফাঁক দিয়ে বল পৌঁছে যায় লক্ষ্যে।
শুরুতেই জাপানের গোল
দারুণ গোল জাপানের। ম্যাচের ৪ মিনিটেই দলকে এগিয়ে দিয়েছেন দাইচি কামাদা। গোল হতে পারত আরও। ম্যাচের ৯ মিনিটে আরো একটি গোল পেতে পারত জাপান। তিউনিসিয়ার গোলকিপারের দৃঢ়তায় সেটি আর হয়নি।
বিশ্বকাপের হাজারতম ম্যাচ
এই ম্যাচটি যারাই দেখছেন, সবাই ইতিহাসের অংশ হয়ে গেলেন! বিশ্বকাপের হাজারতম ম্যাচ বলে কথা! খেলছে জাপান–তিউনিসিয়া।
১৯৩০ সালে মেক্সিকো-ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বিশ্বকাপের যাত্রা। প্রথম বিশ্বকাপ হয়েছিল ১৩ দল নিয়ে, এবার বিশ্বকাপে খেলছে ৪৮টি দল।
ইরানের ঝামেলা কমছে না
ইরান ফুটবল দলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা উঠছে না। সংবাদ সংস্থা রয়টার্সকে হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, আপাতত সবকিছু আগের পরিকল্পনা অনুসারেই চলবে। মানে আজ লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ খেলে ইরানকে আবার বেস ক্যাম্প মেক্সিকোতে ফিরতে হবে।
তবে এ বিষয় নিয়ে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষে আলোচনা হবে বলেও জানিয়েছেন অ্যান্ড্রু জুলিয়ানি।
যেখানে সবার ওপরে এলয় রম
ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে এলয় রম ১৫টি সেভ করেছেন, যা ১৯৬৬ সালের পর থেকে অতিরিক্ত সময় ছাড়াই অনুষ্ঠিত কোনো বিশ্বকাপ ম্যাচে একজন গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড।
ইকুয়েডর ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালালেও এলয় রুম ছিলেন যেন অদম্য প্রাচীর। তার অসাধারণ ক্ষিপ্রতা, অবস্থানজ্ঞান ও আত্মবিশ্বাসী গোলকিপিংয়ের সামনে বারবার ব্যর্থ হয়েছেন ইকুয়েডরের ফরোয়ার্ডরা।
বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে হাওয়ার্ড রেকর্ড ১৬টি সেভ করেছিলেন।
ইকুয়েডর ০ : ০ কুরাসাও (ফুল টাইম)
কানসাস সিটিতে আজ ইতিহাস গড়েছে কুরাসাও। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে স্মরণীয় একটি পয়েন্ট পেয়েছে ক্যারিবীয় দ্বীপদেশটি।
এই সাফল্যের নায়ক গোলরক্ষক এলয় রম। অবিশ্বাস্য পারফরম্যান্সে তিনি একাই ঠেকিয়েছেন ইকুয়েডরের ১৫টি শট। তাঁর একের পর এক দুর্দান্ত সেভে হতাশ হতে হয়েছে দক্ষিণ আমেরিকার দলটিকে।
ম্যাচের আগে স্পষ্ট ফেভারিট ছিল ইকুয়েডর। কিন্তু মাঠে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেনি তারা। কুরাসাওয়ের দৃঢ় ও সংগঠিত রক্ষণভাগ ভেদ করার কোনো কার্যকর উপায় খুঁজে পায়নি দলটি। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইকুয়েডরকে, আর কুরাসাও ম্যাচ শেষে মেতেছে উদ্যাপনে।
৬৮ মিনিটে ১১ সেভ
অবিশ্বাস্য গোলকিপিং করে চলেছেন কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রম। ম্যাচের দ্বিতীয়ার্ধে হাইড্রেশন ব্রেক চলার সময় তিনি গোল সেভ করেছেন ১১টি। যার মধ্যে ইকুয়েডরের একাধিক প্রচেষ্টা ছিল নিশ্চিত গোল হওয়ার মতো। বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে হাওয়ার্ড রেকর্ড ১৬টি সেভ করেছিলেন।
গোলহীন ইকুয়েডর–কুরাসাওয়ের ম্যাচের প্রথমার্ধ
ইকুয়েডর ও কুরাসাওয়ের ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়েছে। প্রথমার্ধে দুই দলের গোলের একাধিক সুযোগ পেয়েছে, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি কোনো দল। এখন দ্বিতীয়ার্ধে কি গোলের দেখা মিলবে?
ইকুয়েডরের মুখোমুখি হবে কুরাসাও
বাংলাদেশ সময় সকাল ৬টায় ইকুয়েডরের মুখোমুখি হবে জনসংখ্যায় বিশ্বকাপের ক্ষুদ্রতম দেশ কুরাসাও।
উনদাভের জোড়া গোল জেতাল জার্মানিকে
জার্মানি ২ : ১ আইভরিকোস্ট
বদলি নেমে জার্মানির ত্রাতা হলেন ডেনিজ উনদাভ। ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে পিছিয়ে পড়া জার্মানি ৬৮ মিনিটে সমতায় ফেরান উনদাভ। এরপর যোগ করা সময়ে আবার জার্মানির হয়ে গোল করলেন সেই উনদাভ। শেষ পর্যন্ত তাঁর করা জোড়া গোলেই টরোন্টোতে আইভরিকোস্টকে ২–১ ব্যবধানে হারাল জার্মানি।
বদলি হিসেবে নেমে গুরুত্বপূর্ণ সময়ে গোল করার জন্য উনদাভ ইতিমধ্যেই পরিচিত। আর এবারও তিনি প্রমাণ করলেন, ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা আছে তাঁর। অন্যদিকে ম্যাচে দারুণ খেলেও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয়েছে আইভরিকোস্টের।
জার্মানি ১ : ১ আইভরিকোস্ট
পিছিয়ে থাকার পর অবশেষে সমতা ফেরাল জার্মানি। ৬৮ মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে সমতাসূচক গোলটি করেন ডেনিজ উনদাভ।
রাফিনিয়ার চোটের অবস্থা জানাল সিবিএফ
হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান উরুর পেছনে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। বিভিন্ন পরীক্ষা–নীরিক্ষার পর রাফিনিয়ার চোটে ব্যাপারে বিস্তারিত জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সিবিএফের বরাত দিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, রাফিনিয়ার ডান উরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে বিশ্বকাপ স্কোয়াড থেকে তাঁকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছে সিবিএফ।
পিছিয়ে থেকে বিরতিতে জার্মানি
টরোন্টোতে আইভরিকোস্টের বিপক্ষে ১–০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেল জার্মানি। প্রথমার্ধের ৩০ মিনিটের সময় একমাত্র গোলটি করেছেন আইভরিকোস্ট তারকা ফ্রাঙ্ক কেসি। বিরতির পর জার্মানি কি ঘুরে দাঁড়াতে পারবে?
জার্মানির গোল বাতিল
কাই হাভার্টজ ভেবেছিলেন, তিনি জার্মানির সমতাসূচক গোলটি করে ফেলেছেন। কিন্তু গোল উদ্যাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি।
হাভার্টজের শট জালে জড়ালেও রেফারি গোলটি বাতিল করেন। কারণ, তার কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হন।
গোল! জার্মানি ০–১ আইভরিকোস্ট
টরন্টোয় ম্যাচের ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে গেল আইভরিকোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেওয়া শটে গোল করেন কেসি।
এখন জার্মানির সামনে আইভরিকোস্ট
২০০৬ সালের পর বিশ্বকাপে আর কখনো টানা দুটি ম্যাচ জেতেনি জার্মানি। এবার তাদের সামনে সুযোগ আছে সেই ইতিহাস বদলানোর। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দেওয়া জার্মানির প্রতিপক্ষ এখন আইভরিকোস্ট। টরোন্টোর এই ম্যাচটিতে জিতলে ইতিহাস বদলানোর পাশাপাশি নকআউটও নিশ্চিত হবে জার্মানির। ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি। তবে এবার বোধহয় গল্পটা বদলাতে যাচ্ছে।
অন্যদিকে আইভরিকোস্ট নিজেদের প্রথম ম্যাচে ১–০ গোলে হারায় ইকুয়েডরকে।
নেদারল্যান্ডস ৫ : ১ সুইডেন (ফুল টাইম)
সুইডেনের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে নেদারল্যান্ডস। দারুণ খেলা ডাচদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সুইডিশরা। উড়ে গেছে ৫–১ গোলের বিশাল ব্যবধানে। নেদারল্যান্ডসের জয়ে জোড়া গোল করেছেন কোডি গাকপো ও ডেনজেল ডামফ্রাইস।
এই জয়ে গ্রুপ ‘এফ’–এর শীর্ষে উঠে এল নেদারল্যান্ডস। নিজেদর প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২–২ গোলে করেছিল তারা। আর সুইডেন প্রথম ম্যাচে ৫–১ গোলে হারিয়েছিল তিউনিসিয়াকে।
সুইডেনের জালে ডাচদের ৫ম গোল
সুইডেনের বিপক্ষে এবার ম্যাচের শেষ মুহূর্তে ৫ম গোলের দেখা পেল নেদারল্যান্ডস। ম্যাচের ৮৯ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ৫ম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।
এক গোল শোধ করল সু্ইডেন
চার গোল খাওয়ার পর এক গোল শোধ করল সুইডেন। ৫৯ মিনিটে প্রতি–আক্রমণে গোলটি করেন বদলি নামা অ্যান্থনি এলাঙ্গা।
গাকপোর জোড়া গোল
সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডসের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেছিলেন ব্রায়ান ব্রবি। বিরতির পর নেদারল্যান্ডসের হয়ে জোড়া গোল করলেন কোডি গাকপো। ৫৪ মিনিটে দারুণ এক শটে দলের চার নম্বর ও নিজের দ্বিতীয় গোলটি করেন এই লিভারপুল তারকা।
এটি চলতি বিশ্বকাপের ১০০তম গোল। ৩৩তম ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করা হলো। ১৯৫৮ সালের পর এত দ্রুত ১০০ গোলের দেখা আর মেলেনি বিশ্বকাপে।
তিন গোলে এগিয়ে নেদারল্যান্ডস
বিরতির পরপরই ব্যবধান ৩–০ করল নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো।
বিরতি: নেদারল্যান্ডস ২–০ সুইডেন
প্রথমার্ধে শেষ দিকে দুটি দারুণ সেভ করেন ডাচ গোলকিপার বার্ট ভারব্রুগেন।
শেষ হলো প্রথমার্ধ।
৫ ও ১৭ মিনিটে ডাচদের হয়ে গোল করেন ফরোয়ার্ড ব্রায়ান ব্রবি।
১৭ মিনিটেই ২–০ গোলে এগিয়ে ডাচরা
আবারও গোল পেয়েছেন ব্রায়ান ব্রবি। ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে গোল করেছেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। ডাচ জাতীয় দলের জার্সিতে এটি তাঁর তৃতীয় গোল।
৫ মিনিটেই এগিয়ে গেল ডাচরা
হিউস্টনে ৫ মিনিটেই এগিয়ে গেছে নেদারল্যান্ডস। কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁয়ে গোলটি করেছেন ব্রায়ান ব্রবি।
হিউস্টনে মুখোমুখি নেদারল্যান্ডস ও সুইডেন
বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হচ্ছে নেদারল্যান্ডস–সুইডেন ম্যাচ। প্রথম ম্যাচে তিউনিসিয়াকে হারিয়ে এফ গ্রুপের শীর্ষে আছে সুইডিশরা। অন্যদিকে অন্যতম ফেবারিট নেদারল্যান্ডস প্রথম ম্যাচে ড্র করেছে এশিয়ান দল জাপানের সঙ্গে।
হাজারতম ম্যাচের অপেক্ষা
বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচ বাংলাদেশ সময় কাল সকাল ১০টায়, মুখোমুখি হবে জাপান-তিউনিশিয়া।
মন্তিয়েলের চোট
ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রিয়া ম্যাচ থেকে ছিটকে গেছেন গঞ্জালো মন্তিয়েল। গতকাল তিনি এই চোটে দলের সঙ্গে অনুশীলনও করেননি।
বিস্তারিত পড়ুন—
প্যারাগুয়ে ১ : ০ তুরস্ক (ফুল টাইম)
ম্যাচের অর্ধেকের বেশি সময় একজন কম নিয়ে খেলেও তুরস্ককে ১–০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। এই জয়ে নকআউটে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল লাতিন আমেরিকার দলটি।
বিপরীতে, টানা দুই ম্যাচ হেরেছে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তুরস্কের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২–০ গোলে হেরেছিল তারা।
আজ সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে ম্যাচের ৬৫ সেকেন্ডেই প্যারাগুয়ে এগিয়ে যায় মাতিয়াস গালারজার গোলে। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আলমিরন লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও দলটি তুরস্ককে সমতা আনতে দেয়নি।
প্রথমার্ধে প্যারাগুয়ে ১–০ গোলে এগিয়ে
প্যারাগুয়ে–তুরস্ক ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে দুই দলই খেলেছে গতিময় ফুটবল। আক্রমণে, প্রতি–আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করেছে দুই দলই। এর মধ্যেই মের্ত মুলদুরকে মুখ ঢেকে কিছু একটা বলে লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। ফিফার নতুন নিয়মে এটিই প্রথম লাল কার্ড।
এর আগে কিক অফ বাঁশির মাত্র ৬৫ সেকেন্ডেই গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন মাতিয়াস গালারজা। প্রথম ৪৫ মিনিটের খেলা শেষেও দলটি সেই ব্যবধানেই এগিয়ে। যদিও এই মুহূর্তে দলটি ১০ জনের।
নতুন নিয়মের প্রথম লাল কার্ড আলমিরনের
প্রথমার্ধের যোগ করা সময়ে ১০ জনের দল হয়ে পড়ল প্যারাগুয়ে। লাল কার্ড দেখেছেন মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। মুখ ঢেকে মের্ত মুলদুরকে কিছু একটা বলেছেন তিনি। ফিফার নতুন নিয়ম অনুযায়ী রেফারি তা ভিএআরে চেক করেন। এরপর দেখান লাল কার্ড।
মুখ ঢেকে কথা বললে কেন লাল কার্ড, পড়ে নিতে পারেন প্রথম আলোর এই প্রতিবেদন থেকে: বিশ্বকাপে প্রতিপক্ষের সঙ্গে মুখ ঢেকে কথা বললে লাল কার্ড
৬৫ সেকেন্ডেই গোল প্যারাগুয়ের
তুরস্কের বিপক্ষে ম্যাচের মাত্র ৬৫ সেকেন্ডেই গোল করেছেন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। এটি এবারের আসরের দ্রুততম গোল। আজই স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমায়েল সাইবারি গোল করেছিলেন ৭১ সেকেন্ডে।
সবার আগে হাইতির বিদায়
এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। আজ ব্রাজিলের কাছে ৩–০ গোলে হারার আগে তারা স্কটল্যান্ডের কাছে হেরেছিল ১–০ গোলে। ‘সি’ গ্রুপে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট ৪ করে, স্কটল্যান্ডের ৩। অর্থাৎ, হাইতি গ্রুপপর্বের শেষ ম্যাচে জিতলেও শীর্ষ তিনে ওঠার সুযোগ নেই।
ব্রাজিল ৩ : ০ হাইতি (ফুল টাইম)
ড্র দিয়ে শুরু। মরক্কোর বিপক্ষে জয় না পাওয়ায় বেশ চাপেই পড়েছিল ব্রাজিল। সেই চাপ ব্রাজিল উড়িয়ে দিয়েছে হাইতির বিপক্ষে ৩–০ গোলে জিতে। কুনিয়া করেছেন জোড়া গোল, ভিনিসিয়ুস করেছেন একটি।
ব্রাজিল বল জালে জড়িয়েছে আরও দুইবার। অফসাইডে ১২ মিনিটে রাফিনিয়ার গোল এবং বদলি নামা এনদ্রিকের গোল বাতিল হয় ৭৮ মিনিটে। পাশাপাশি আরও অন্তত তিনটি গোলের সুযোগ নষ্ট করে আনচেলত্তির দল।
এনদ্রিকের গোল বাতিল
ম্যাচের ৭৮ মিনিটে ব্রাজিলের হয়ে বল জালে জড়িয়েছিলেন বদলি নামা এনদ্রিক। কিন্তু সেই গোল বাতিল হলো অফসাইডের কারণে।
দুই পরিবর্তন আনলেন আনচেলত্তি
৬৪ মিনিটে জোড়া গোল করা মাতেউস কুনিয়া এবং লুকাস পাকেতাকে বদলি করেছেন আনচেলত্তি। তাদের দুজনের বদলে মাঠে নেমেছেন এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
বিরতি, ব্রাজিল ৩–০ হাইতি
মরক্কোর বিপক্ষে ড্র থেকে ঘুরে দাঁড়িয়ে হাইতির বিপক্ষে গোল উৎসবের ইঙ্গিত দিচ্ছে ব্রাজিল। কুনিয়ার জোড়া গোল ও ভিনিসিয়ুসের গোলে ৩–০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছে কার্লো আনচেলত্তির দল।
হাইতিকে প্রথম ১০ মিনিট ম্যাচে বেশ গোছাল মনে হয়েছে। তারপর ব্রাজিলের আক্রমণের সামনে ধীরে ধীরে অসহায় হয়ে উঠেছে তাদের ডিফেন্স।
গোল! ‘ক্লিনিক্যাল’ ভিনিসিয়ুস
ব্রাজিল ৩–০ হাইতি
প্রথমার্ধে যোগ করা সময়ের ৩ মিনিটে হাইতি গোলকিপার জনি প্লাসিডকে একা পেয়ে তাঁর দুই পায়ের ভেতর দিয়ে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে গোল ভিনিসিয়ুসের। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে অনেকখানি এগিয়ে গিয়েছিলেন ভিনিসিয়ুস।
রাফিনিয়া মাঠ ছাড়লেন, নামলেন রায়ান
চোটের কারণে ৪০ মিনিটে মাঠ ছাড়লেন রাফিনিয়া। তাঁর বদলি হিসেবে মাঠে নামলেন বোর্নমাউথ উইঙ্গার ১৯ বছর ৩২০ দিন বয়সী রায়ান।
গোল! ব্রাজিল ২–০ হাইতি
৩৬ মিনিটে কুনিয়ার দ্বিতীয় গোল! ছন্দে ফেরার ইঙ্গিত ব্রাজিলের।
মাঝমাঠ থেকে দারুণ এক মুভ শুরু করেন ভিনিসিয়ুস। দৌড়ে তাঁর বাঁ দিকে চলে যাওয়া কুনিয়াকে ডিফেন্সচেরা থ্রু পাস দেন ভিনি। সেখান থেকে বাঁ পায়ের শটে ম্যাচে দ্বিতীয় গোল কুনিয়ার।
এবারের বিশ্বকাপে এই প্রথম ব্রাজিলের আক্রমণভাগকে ব্রাজিলের মতো মনে হচ্ছে!
কুনিয়ার গোলে এগিয়ে গেল ব্রাজিল
ব্রাজিল ১–০ হাইতি
অবশেষে ২৩ মিনিটে গোলের দেখা পেল ব্রাজিল। গোলদাতা মাতেউস কুনিয়া।
ডান প্রান্ত থেকে বল নিয়ে হাইতির বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস। হাইতি গোলকিপার জনি প্লাসিড শটটি ঠেকালেও ফিরতি বলে ব্রাজিলের মাতেউস কুনিয়ার শট আশ্রয় নেয় জালে।
রাফিনিয়ার অবিশ্বাস্য মিস!
২২ মিনিটে ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতি গোলকিপারকে একা পেয়ে যান রাফিনিয়া। চিপ করলেও অবিশ্বাস্যভাবে ফাঁকা পোস্টে গোল মিস করেন।
১২ মিনিটে রাফিনিয়ার গোল বাতিল
অফসাইডের কারণে ম্যাচের ১২ মিনিটে রাফিনিয়ার গোল বাতিল করেন রেফারি। বাঁ পায়ের শটে বল জালে পাঠান বার্সেলোনা তারকা। ফলস স্টার্ট!
জয়ের খোঁজে ব্রাজিল
মরক্কো ম্যাচে ড্র করার পর এখন জয়ের খোঁজে হাইতির বিপক্ষে খেলছে ব্রাজিল। ব্রাজিল দলে এসেছে দুই পরিবর্তন। ইবানিয়েজ ও ইগর থিয়াগো বাদ পড়েছেন, একাদশে এসেছেন দানিলো ও মাতেউস কুনিয়া। 
এই বিশ্বকাপের দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১–০ গোলে হারিয়েছে মরক্কো। মাত্র ৭১ সেকেন্ডেই করা ইসমায়েল সাইবারির গোলই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে।
শুরুর বাঁশি বাজার পরপরই স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে ফাঁকি দিয়ে জোরাল শটে জালে বল পাঠান সাইবারি। বিশ্বকাপের এবারের আসরে এটি তাঁর দ্বিতীয় গোল। এর আগে গত সপ্তাহে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর ১–১ ড্র ম্যাচেও গোল করেছিলেন তিনি।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্কটল্যান্ড। বিশেষ করে শেষ দিকে আক্রমণের চাপ বাড়ায় দলটি। এক পর্যায়ে দুটি পেনাল্টির আবেদনও জানায় স্কটিশরা, কিন্তু কোনোটিই আমলে নেননি রেফারি।
শেষ পর্যন্ত সমতায় ফেরার মতো গোল আর পায়নি স্কটল্যান্ড। ফলে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে গ্রুপ সিতে স্কটল্যান্ডকে টপকে ওপরে উঠে গেছে মরক্কো।
হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশ
আলিসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইস ও লুকাস পাকেতা, রাফিনিয়া, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
মরক্কোর গোল
স্কটল্যান্ডের বিপক্ষে খেলা শুরু হওয়ার ৭১ সেকেন্ডের মধ্যে লিড নিয়েছে মরক্কো। ব্রাজিলের বিপক্ষে ১–১ ড্র ম্যাচে গোল করা ইসমায়েল সাইবারি স্কটল্যান্ডের বিপক্ষেও এগিয়ে দিয়েছেন দলকে। দুর্দান্ত ফিনিশিংয়ে গোলটি করেছেন তিনি।
মেক্সিকোর পর শেষ ৩২–এ যুক্তরাষ্ট্র
সিয়াটলে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের জয়ের মতোই এই ম্যাচেও শুরু থেকেই দারুণ গতিতে আক্রমণে ওঠে যুক্তরাষ্ট্র। দ্রুত আক্রমণের ফলও তারা পায়। ফোলারিন বালোগুনের বাড়ানো পাস নিজেদের জালে পাঠিয়ে আত্মঘাতী গোল করেন অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস।
এরপর সের্হেনিও দেস্তের শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক বদলে গেলে হেড করে বল জালে পাঠান অ্যালেক্স ফ্রিম্যান। এই দুই গোলেই যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়।
এই জয়ের ফলে সহ-আয়োজক মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রও জায়গা করে নিল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ।
বিরতির আগেই ২–০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র
অ্যালেক্স ফ্রিম্যানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলের লিড নিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে বল প্রথমে চলে আসে সের্হেনিও দেস্তের কাছে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তাঁর শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান।
শুরুতে অবশ্য গোল দেননি রেফারি। পরে ভিএআরের পর্যালোচনার পর রেফারিকে জানানো হয়, ফ্রিম্যান অফসাইডে ছিলেন না। সিদ্ধান্ত মিলতেই ফ্রিম্যান ও তাঁর সতীর্থরা দৌড়ে গিয়ে উদ্যাপনে মেতে ওঠেন নিজেদের সমর্থকদের সামনে। এই ব্যবধান ধরে রেখেই পরে বিরতিতে গেছে অস্ট্রেলিয়া।
আত্মঘাতী গোলে পিছিয়ে অস্ট্রেলিয়া
সিয়াটলে ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে গেল অস্ট্রেলিয়া।
ছয় গজের বক্সে ফোলারিন বালোগুনের বাড়ানো পাস বার্জেসের পায়ে লেগে জড়িয়ে যায় জালে।
গোলের পর স্টেডিয়ামজুড়ে শুরু হয়েছে তুমুল উল্লাস। কী অসাধারণ শব্দ চারদিকে!
দ্বিতীয় জয়ের খোঁজে যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া
বিশ্বকাপের এবারের আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। গ্রুপ ‘ডি’–তে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪–১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। আর অস্ট্রেলিয়া ২–০ গোলে জিতেছিল তুরস্কের বিপক্ষে। আজকের ম্যাচে যারা জিতবে তাদের নকআউটে খেলা প্রায় নিশ্চিত হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে নেই পুলিসিচ
কাফের চোট পুরোপুরি না সারায় বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না ক্রিস্টিয়ান পুলিসিচ।
এক সপ্তাহ আগে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিরতির সময় মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল পুলিসিচকে। এরপর থেকেই সিয়াটলের লুমেন ফিল্ডে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সেই ম্যাচে তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র দল।
আবার অবসরের ঘোষণা নয়্যারের
৪০ বছর বয়সী ম্যানুয়াল নয়্যার ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। এবারের বিশ্বকাপে অবসর ভেঙে ফিরেছেন। তবে এই অধ্যায়টা খুব দীর্ঘ হচ্ছে না। বিশ্বকাপ শেষেই আবার অবসরে যাচ্ছেন এই গোলকিপার। গতকাল সংবাদ সম্মেলনে নিজেই এই খবর জানিয়েছেন।
এলিয়ে ওয়াহির কানাডা যাওয়ার অনুমতি
অবশেষে কানাডা যাওয়ার অনুমতি পেয়েছেন এলিয়ে ওয়াহি। এর আগে আইভরিকোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) জানিয়েছে, কানাডায় প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় দলের সঙ্গে ভ্রমণ করতে পারবেন না ওয়াহি। তাঁর বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তদন্তাধীন ছিল।
পরে এলিয়ে ওয়াহির কানাডা ভ্রমণের অনুমতি পাওয়ার কথা আইভরিকোস্ট ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নতুন করে জানানো হয়।
শনিবার টরন্টোয় জার্মানির মুখোমুখি হবে আইভরিকোস্ট।
বিশ্বকাপে এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তিনবার জিতেছে মেক্সিকো, কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে যা তাদের সর্বোচ্চ।
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
মেক্সিকো ১ : ০ দক্ষিণ কোরিয়া
প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে মেক্সিকো। আজ গুয়াদালাহারায় গ্রুপের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১–০ গোলে হারিয়েছে তারা।
এর আগে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২–০ গোলে জিতেছিল মেক্সিকো। দুই ম্যাচে দলটির মোট পয়েন্ট ৬। দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ৩। গ্রুপের অন্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রের পয়েন্ট ১ করে হওয়ায় মেক্সিকোর শীর্ষ দুইয়ে থাকা এখনই নিশ্চিত হয়ে গেছে।
এক ম্যাচ হাতে রেখে দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের পথে মেক্সিকোর জয়সূচক গোলটি করেছেন লুইস রোমো। 
এগিয়ে মেক্সিকো
৫০ মিনিটের মাথায় দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং–গিউয়ের ভুলে এগিয়ে গেল মেক্সিকো। একটি ক্রস ধরতে বেরিয়ে এসে তিনি নিজের এক সতীর্থের সঙ্গে ধাক্কা খান এবং বল হাত থেকে ফেলে দেন। সেই সুযোগটি কাজে লাগাতে একটুও দেরি করেননি লুইস রোমো। বক্সের ভেতর দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে মেক্সিকোকে এগিয়ে দেন তিনি। গোলটি ছিল পুরোপুরি দক্ষিণ কোরিয়ার রক্ষণ ও গোলরক্ষকের সমন্বয়হীনতার ফল, আর রোমো সেই ভুলের সুযোগ দারুণভাবে কাজে লাগান।
মেক্সিকো ০ : ০ দক্ষিণ কোরিয়া
বিশ্বকাপে গ্রুপ ‘এ’–তে মেক্সিকো–দক্ষিণ কোরিয়া ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। প্রথমার্ধে দুই দলই সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, কিন্তু কাঙ্ক্ষিত গোলটি পায়নি কোনো দল। এই ম্যাচে যে দল জিতবে, সেই দল নকআউটে চলে যাবে।
এখন মুখোমুখি দক্ষিণ কোরিয়া–মেক্সিকো
বিশ্বকাপের উত্তেজনা থেমে নেই। এখন গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া।
দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। তাই আজকের ম্যাচে যে দল জিতবে, তারাই সবার আগে শেষ ৩২ বা নকআউট পর্বে ওঠা নিশ্চিত করবে।
কাতারের জালে কানাডার ৬, ডেভিডের ৩
ভ্যাঙ্কুভারে জোনাথান ডেভিডের হ্যাটট্রিকের রাতে কানাডার বিপক্ষে বিধ্বস্ত হয়েছে ৯ জনের কাতার। বিশ্বকাপে নিজেদের ঐতিহাসিক প্রথম জয় আদায় করার পথে কাতারকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বকাপের সহ–আয়োজকরা। ম্যাচের শুরু থেকে কাতারের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে কানাডা। এর মধ্যে দুই অর্ধে দুজন লাল কার্ড দেখলে কাতার আরও দুর্বল হয়ে পড়ে।
শেষ দিকে ভঙ্গুর ও নড়বড়ে কাতারকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল কানাডা। কোনো সুযোগই হাতছাড়া করেনি তারা। ডেভিডের হ্যাটট্রিকের পাশাপাশি গোল করেছেন কাইল লারিন ও নাথান সালিবা। অন্য গোলটি ছিল আত্মঘাতী। এই জয়ে সুইজারল্যান্ডকে টপকে শীর্ষে উঠল কানাডা। দুই দলের পয়েন্ট ২ ম্যাচ শেষে চার। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে কানাডা।
কানাডার দুর্দান্ত এই জয় কিছুটা ম্লান হয়েছে তাদের ইসমায়েল কোনে পা ভেঙে মাঠ ছাড়ায়। 
ডেভিডের হ্যাটট্রিক
লিওনেল মেসির পর এই বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন জোনাথন ডেভিড। আজ কাতারের বিপক্ষে কানাডার ৬–০ গোলে জয়ের পথে একাই তিন গোল করেছেন ডেভিড।
কানাডা ৫ : ০ কাতার
কানাডার বিপক্ষে এবার ৫ম গোলটি হজম করল কাতার। ৭৫ মিনিটে স্বাগতিকদের হয়ে এই গোলটি করেন কাতারের মোহাম্মদ মানাই। অর্থাৎ আত্মঘাতী গোল।
কানাডার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পথে কাতার
কাতারের জালে চতুর্থবার বল জড়াল কানাডা। ফ্রি–কিক থেকে ৬৪ মিনিটে চতুর্থ গোলটি করেছেন নাথান সালিবা। গোলের পর পা ভেঙে মাঠ ছাড়া ইসমায়েল কোনের জার্সি দেখিয়ে উদ্যাপন করেছেন সালিবা।
দ্বিতীয় লাল কার্ড দেখল কাতার
বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে দ্বতিীয় লাল কার্ড দেখল কাতার। কানাডার ইসমায়েল কোনেকে ফাউল করে এই লাল কার্ডটি দেখেন কাতারের আসিম মাদিবো। মাদিবোর ফাউলের কারণে পা ভেঙে মাঠ ছাড়েন কোনে।
বিরতির আগেই কানাডার ৩ গোল
আক্রমণের ঝড় বইয়ে দিয়ে বিরতির আগেই কাতারের বিপক্ষে ৩–০ গোলের লিড নিল কানাডা। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করলেন জোনাথন ডেভিড।
কাতার এখন ১০ জনের দল
কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের কাছাকাছি জায়গায় ফাউল করেন কাতারের হোমাম আহমেদ। এই ফাউলের কারণে প্রথমে পেনাল্টি দেন রেফারি। পরে ভিএআর যাচাইয়ের পর পেনাল্টির বদলে ফ্রি–কিক পায় কানাডা। কিন্তু লাল কার্ড দেখেন হোমাম। ম্যাচের আধঘণ্টা পেরোতেই দুই গোলে পিছিয়ে পড়া কাতার এখন ১০ জনের দল।
কানাডা ২–০ কাতার
কাতারকে চাপে রেখে আবারও লিড নিল স্বাগতিক কানাডা। এবার ম্যাচের ২৯ মিনিটে দলের হয়ে দারুণভাবে দ্বিতীয় গোলটি করেন জোনাথন ডেভিড।
গোল! কানাডা ১–০ কাতার
আবারও সেই কাইল লারিন!
কানাডা ফরোয়ার্ড জোনাথন ডেভিডের জোরাল শট ঠেকালেও হাতে রাখতে পারেননি কাতার গোলকিপার মাহমুদ আবুনাদা। ফিরতি বলে নেওয়া শটে গোল করেন লারিন।
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার প্রথম ম্যাচে সমতাসূচক গোলটিও করেন লারিন।
মুখোমুখি কানাডা–কাতার
ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে স্বাগতিক কানাডার মুখোমুখি হয়েছে কাতার।
সুইজারল্যান্ডের বড় জয়
লস অ্যাঞ্জেলসেে যোগ করা সময়ে গ্রানিত জাকার পেনাল্টি গোলে শেষ হলো বসনিয়া ও হার্জেগোভিনা –সুইজারল্যান্ড ম্যাচ। শেষ দিকে গোলবন্যায় বসনিয়াকে ৪–১ গোলে হারিয়েছে সুইসরা। বেশিরভাগ সময় গোলশূন্য থাকা ম্যাচটিতে শেষ ২৩ মিনিটে গোল হয়েছে ৫টি। তারিক মুহারেমোভিচ ৮০ মিনিটে লাল কার্ড দেখায় ১০ জনে পরিণত হয় বসনিয়া ও হার্জেগোভিনা।
এই জয়ে গ্রুপ ‘বি’তে শীর্ষে সুইজারল্যান্ড। ২ ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। গ্রুপে বাকি তিন দল ১ পয়েন্ট করে পেয়েছে। 
এক গোল শোধ বসনিয়ার
তিন গোল খাওয়ার পর অবশেষে এক গোল শোধ করল বসনিয়া। যোগ করা সময়ে গোলটি করেন আমর মেমিচ।
মানজাম্বির জোড়া গোল
দারুণ নৈপুণ্যে বসনিয়ার বিপক্ষে ৩–০ গোলে এগিয়ে গেল সুইজারল্যান্ড। সুইসদের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়োহান মানজাম্বি। এটি মানজাম্বির দ্বিতীয় গোল।
২–০ গোলে এগিয়ে সুইজারল্যান্ড
১০ জনের দলে পরিণত হওয়ার খেসারত দিতে বেশি সময় লাগল না বসনিয়ার। লাল কার্ডের কারণে একজন কমে যাওয়ার সুযোগ নিয়ে ৮৪ মিনিটে ২–০ গোলে এগিয়ে যায় সুইসরা। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন রুবেন ভারগাস।
লাল কার্ডে ১০ জনের দল বসনিয়া
দারুণ এক আক্রমণে ৮০ মিনিটে বসনিয়ার ডি–বক্সে ঢুকে পড়া ব্রিল এমবোলোকে থামাতে মারাত্মকভাবে ফাউল করে বসেন বসনিয়ার তারিক মুহারেমোভিচ। রেফারির তাৎক্ষণিকভাবে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন মুহারেমোভিচকে।
সুইসদের দারুণ গোল
অবশেষে বসনিয়ার রক্ষণ দেয়াল ভেঙে গোলের দেখা পেল সুইজারল্যান্ড। দারুণ এক ভলিতে ম্যাচের ৭৪ মিনিটে গোলটি করেন ইয়োহান মানজাম্বি।
সুইজারল্যান্ড ০–০ বসনিয়া ও হার্জেগোভিনা
লস অ্যাঞ্জেলেসে প্রথমার্ধে কোনো দলই ভালো ফুটবল খেলতে পারেনি। সুইজারল্যান্ড ৪টি শট নিয়ে একটি পোস্টে রাখতে পেরেছে। বসনিয়া ও হার্জেগোভিনা ৩টি শটের একটি রাখতে পেরেছে পোস্টে। একটি করে সেভ করেছেন দুই দলের গোলকিপার। দুই দল মিলে ফাউল করেছে ১২ বার। মোট ৪৯৭ পাস খেলেও দুই দলের কারও গোল না পাওয়াটা দর্শকদের দৃষ্টিকোণ থেকে হতাশার।
রোনালদো–মদরিচের পাশে জেকো
৪০ বছর ৯৩ দিন বয়সে মাঠে নেমে এদিন জেকো বিশ্বকাপের ইতিহাসে ৪০ বা তার বেশি বয়সে খেলা চতুর্থ আউটফিল্ড খেলোয়াড়ের তালিকায় নাম লেখালেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন রজার মিলা, যিনি ১৯৯৪ বিশ্বকাপে খেলেছিলেন। আর গতকালই সেই তালিকায় যোগ দিয়েছিলেন লুকা মদরিচ ও ক্রিস্টিয়ানো রোনাদলো।
চেক প্রজাতন্ত্র ১: ১ দক্ষিণ আফ্রিকা
দারুণ খেলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা। আজ ম্যাচের শুরুতেই অবশ্য গোল খেয়ে বেস দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ৬ মিনিটে গোলটি করেন মিখাল সাদিলেক। পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি দক্ষিণ আফ্রিকা। লড়াই চালিয়ে যায় তারা। যার ফল দক্ষিণ আফ্রিকা পায় ম্যাচের ৮৩ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা।
এই ম্যাচ ড্র হওয়ায় পরের ম্যাচে মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচে যদি কোনো দল জয় পায়, তাহলে সেই দলই হবে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ (নকআউট) পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করা প্রথম দল।
পেনাল্টি গোলে সমতায় দক্ষিণ আফ্রিকা
৬ মিনিটে গোল খাওয়া দক্ষিণ আফ্রিকা সমতা ফেরাল ৮৩ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেছেন তেবোহো মোকোয়েনা। ম্যাচের ৬ মিনিটে মিখাল সাদিলেকের গোলে এগিয়ে গিয়েছিল চেক প্রজাতন্ত্র।
দুই দলই বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। তাই আজ হেরে গেলে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন প্রায় শেষই হয়ে যাবে।
দক্ষিন কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে চেক প্রজাতন্ত্র
৬ মিনিটে দেওয়া মিখাল সাদিলেকের গোলটি ধরে রেখেই মাঝবিরতিতে গেছে চেক প্রজাতন্ত্র। বিরতির ঠিক আগে গোল শোধ করার ভালো সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি হেরে গেলে দ্বিতীয় রাউন্ডে ওঠা কঠিন হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার জন্য।
নেইমারের জন্য অপেক্ষা বাড়ল ব্রাজিলের
হাইতির বিপক্ষেও খেলতে পারবেন না নেইমার।
পয়ের মাংসপেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন ব্রাজিল ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আজ এক বিবৃতিতে জানিয়েছে, দলের সঙ্গে ম্যাচের ভেন্যু ফিলাডেলফিয়ায় যাবেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
১-০ ব্যবধানে এগিয়ে গেল চেক প্রজাতন্ত্র!
এই বিশ্বকাপে এখন পর্যন্ত দ্রুততম গোলটি দেখে ফেললাম আমরা। ম্যাচের প্রথম ৫ মিনিটের পারফরম্যান্স বিবেচনায় গোলটি তাদের প্রাপ্যই ছিল।
ডান প্রান্ত ধরে বাড়ানো একটি লম্বা থ্রো তাড়া করে বল নিয়ন্ত্রণে নেন হ্লোজেক, এরপর ডি-বক্সে বল বাড়িয়ে দেন। সেখানে সোইকার সঙ্গে দারুণ এক ওয়ান-টু পাসে বল দেয়া-নেয়া করে নিচু শটে গোল করেন চেক প্রজাতন্ত্রের সাদিলেক।
চেক দলে অনেক পরিবর্তন
ছয় দিন আগের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলের হতাশাজনক হারের পর, আজ নিজেদের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে চেক প্রজাতন্ত্র। দল থেকে বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে আছেন ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার সুচেক। তাঁর সঙ্গে আজ মূল একাদশে জায়গা হারিয়েছেন খালোপেক, জেলেনি, প্রোভোদ ও শুলৎস। তাঁদের পরিবর্তে আজ দলে সুযোগ পেয়েছেন হোলেশ, সাদিলেক, দারিদা, চের্ভ এবং হ্লোজেক। আক্রমণেরভাগে শিকের সঙ্গী হচ্ছেন হ্লোজেক।
অন্যদিকে, মেক্সিকোর কাছে হারের পর দক্ষিণ আফ্রিকা একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ হুগো ব্রুস। গত ম্যাচে লাল কার্ড দেখায় স্ফেফেলো সিথোলে আজকের ম্যাচে নিষিদ্ধ, বাদ পড়েছেন থেম্বা জেওয়ানে। এ ছাড়া ফস্টার ও সিবিসিকে আজ রাখা হয়েছে বদলি খেলোয়াড়ের তালিকায় (বেনঞ্চে)। তাঁদের জায়গায় আজ দলে সুযোগ পেয়েছেন এমবাথা, মাসেকো ও অ্যাপোলিস।
পর্তুগালের ড্রতে লাভ হলো ব্রাজিল–মরক্কোর
ডিআর কঙ্গোর সঙ্গে ১–১ গোলে ড্র করেছে পর্তুগাল। তাতে তারা ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে দুই ধাপ, ৫ থেকে নেমে পর্তুগাল এখন আছে ৭ নম্বরে। ছয়ে থাকা ব্রাজিল পাঁচে আর সাতে থাকা মরক্কো উঠে এসেছে ছয়ে। এক নম্বরে আছে আর্জেন্টিনা, দুইয়ে ফ্রান্স।
ম্যাচ পাতানোর অভিযোগের তদন্তে কানাডায় বিশ্বকাপ ম্যাচে খেলতে পারছেন না ওয়াহি
ম্যাচ পাতানোর অভিযোগে তদন্তাধীন থাকায় জার্মানির বিপক্ষে আইভরিকোস্টের বিশ্বকাপের পরের ম্যাচে খেলতে কানাডায় যেতে পারছেন না স্ট্রাইকার এলিয়ে ওয়াহি। শনিবার টরন্টোয় জার্মানির মুখোমুখি হবে তারা।
আইভরিকোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) জানিয়েছে, কানাডায় প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় দলের সঙ্গে ভ্রমণ করতে পারবেন না ওয়াহি। বিশ্বকাপের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১–০ গোলে হারানোর ম্যাচে একাদশে ছিলেন এই ফরোয়ার্ড। ফেডারেশন জানিয়েছে, দলের ফেরার আগ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন।
বুধবার ফরাসি ফুটবল লিগ জানায়, মে মাসে নিসের হয়ে একটি লিগ ওয়ান ম্যাচে ওয়াহির হলুদ কার্ড দেখাকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে ‘অস্বাভাবিক পরিমাণ’ বাজি ধরা হয়েছিল। বাজির বাজার পর্যবেক্ষণকারী অংশীদারদের কাছ থেকে সন্দেহজনক কার্যক্রমের তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে সতর্ক হয় ফরাসি লিগ কর্তৃপক্ষ।
রিয়ালে নাম লেখালেন কোনাতে
বিশ্বকাপের মধ্যে ক্লাব ফুটবলে দলবদল করলেন আরও এক ফুটবলার। ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে চার বছরের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি সই করেছেন। ২৭ বছর বয়সী কোনাতে ৩০ জুন পর্যন্ত লিভারপুলে চুক্তিবদ্ধ আছেন।
দেশের হয়ে বিশ্বকাপ খেলতে এসেছেন, এমন আরও দুই খেলোয়াড় রিয়ালের সঙ্গে চুক্তি করেছেন। স্পেন দলে থাকা চেলসির মার্ক কুকুরেয়া এবং পর্তুগাল দলে থাকা ম্যানচেস্টার সিটির বের্নার্দো সিলভাও লা লিগার ক্লাবটিতে নাম লিখিয়েছেন।
আগামী মাসে রিয়াল তাদের নতুন মৌসুম শুরু করবে জোসে মরিনিওর কোচিংয়ে। 
রেফারির সমালোচনায় দক্ষিণ আফ্রিকার কোচ
মেক্সিকো ম্যাচে দক্ষিণ আফ্রিকার থেম্বা জেওয়ানে সরাসরি লাল কার্ড দেখেন। তাতে তিন ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়েছে তাঁকে। দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস জানিয়েছেন, জেওয়ানের লাল কার্ড ও তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন তারা।
একই সঙ্গে মেসিকে লাল কার্ড না দেখানো নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন এভাবে, ‘আমি চাই না মেসি লাল কার্ড পাক। তাঁর মতো একজন খেলোয়াড়কে সবসময় মাঠেই দেখতে চাই। কিন্তু নিয়মের ক্ষেত্রে এই পার্থক্য কেন?’
তিনি আরও বলেছেন, ‘জেওয়ানেকে যে লাল কার্ড দেওয়া হয়েছে, এটা বাড়াবাড়ি মনে হয়েছে। পুরো ঘটনাটি আবার দেখেছি। আমার মনে হয় না ওটা লাল কার্ড দেওয়ার মতো কোনো ফাউল ছিল। মেসির ঘটনার সঙ্গে যখন আমি এই ঘটনার তুলনা করি, তখন আমি কোনোভাবেই রেফারির সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারি না। মেসির ক্ষেত্রে তো ভিএআর দিয়ে চেকও করা হয়নি।’
ভোজিনিয়ার ইচ্ছে পূরণ
উরুগুয়ে ম্যাচের আগেই দেখা হচ্ছে কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া ও তাঁর মায়ের। স্পেনের বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পর ভোজিনিয়া বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ভিসার খরচ অনেক বেশি হওয়ায় তাঁর মা বিশ্বকাপে আসতে পারেননি। সেই সমস্যার সমাধান হয়েছে।
ভোজিনিয়ার মা আনা ক্যান্ডিদা এভোরা বিবিসিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তাঁর সব ব্যবস্থা হয়ে গেছে। তিনি বলেছেন এভাবে, ‘সবকিছু খুব দ্রুত হচ্ছে, আমি সত্যিই খুশি। ঈশ্বর চাইলে আমি আমার ছেলেকে বিশ্বকাপে খেলতে দেখব। আমি সেখানে ওকে সমর্থন দিতে যাচ্ছি। ওকে সাহস আর শক্তি জোগাতে চাই। ম্যাচের পর ওকে জড়িয়ে ধরব।’
কলম্বিয়া ৩ : ১ উজবেকিস্তান (ফুল টাইম)
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের সর্বশেষ ‘প্রথম ম্যাচ’টিতে জিতেছে কলম্বিয়া। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তানকে ৩–১ গোলে হারিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি।
ম্যাচের প্রথম চল্লিশ মিনিটে কোনো গোলই পায়নি কলম্বিয়া। বিরতির আগে দানিয়েল মুনিওজের গোলে এগিয়ে যায় দলটি। তবে বিরতির পর ৬০তম মিনিটে উজবেকিস্তানকে ম্যাচে ফেরান আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। ১–১ সমতা অবশ্য বেশিক্ষণ থাকেনি। পাঁচ মিনিট পরই কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস দিয়াজ। আর শেষ দিকে যোগ করা সময়ের নবম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন হামিন্তন কাম্পাজ।
৩–১ গোলের জয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে উঠেছে কলম্বিয়া। একই গ্রুপের অন্য ম্যাচে পর্তুগাল–ডিআর কঙ্গো ১–১ ড্র করেছে। 
পাঁচ মিনিট পরই আবারও এগোল কলম্বিয়া
কলম্বিয়া ২–১ উজবেকিস্তান
ম্যাচে সমতা বেশিক্ষণ থাকল না। উজবেকিস্তান সমতা আনার ৫ মিনিট পরই আবার এগিয়ে গেল কলম্বিয়া। বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে বল দূরের পোস্ট দিয়ে জালে পাঠিয়েছেন লুইস দিয়াজ। বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের শটে অবশ্য উজবেক গোলকিপার ঝাঁপিয়ে হাত লাগিয়েছিলেন। তবে বলের গতিপথ খুব একটা না পাল্টানোয় জালেই পৌঁছেছে।
সমতা আনল উজবেকিস্তান
৬০তম মিনিটে সমতা এনেছে উজবেকিস্তান। গোল করেছেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। এল্দর শোমুরোদভের ভলি কলম্বিয়া গোলকিপার কামিলো ভার্গাস বিপদমুক্ত করতে না পারলে গোলমুখে বল পেয়ে যান ফাইজুল্লায়েভ। তাঁকে শুধু মাথা ছুঁইয়ে বল জালমুখী করতে হয়েছে।
বিরতিতে কলম্বিয়া ১ : ০ উজবেকিস্তান
গ্রুপ পর্বের শেষ দুই দল হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমেছে উজবেকিস্তান–কলম্বিয়া। মেক্সিকো সিটি স্টেডিয়ামের ম্যাচটিতে প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে কলম্বিয়া। ৪০ মিনিটে গোল করেছেন ডিফেন্ডার দানিয়েল মুনিওজ।
মুনোজের গোলে এগিয়ে গেল কলম্বিয়া
উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধের বিরতির আগে এগিয়ে গেল কলম্বিয়া। ৪০ মিনিটে লুইস দিয়াজের বক্সের ভেতরে পাঠানো বলে দারুণভাবে পা ছুঁইয়ে বল জালে পাঠিয়েছেন দানিয়েল মুনিওজ। 
ঘানা ১ : ০ পানামা (ফুল টাইম)
অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকির জয়সূচক গোলে পানামার বিপক্ষে নাটকীয় এক জয় তুলে নিয়েছে ঘানা। মাত্র গত এপ্রিলে ঘানার কোচের দায়িত্ব নেওয়া কার্লোস কুইরোজ আনন্দে মাঠে ছুটে যান শেষ বাঁশি বাজতেই। ঘানার সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। খেলোয়াড় থেকে কোচিং স্টাফ—সবার মাঝেই ছিল উৎসবের আমেজ। এই জয়ের একটি রেকর্ডও হলো ঘানার। আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয় এখন তাদের (৬টি)।
অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের চারটি ম্যাচের সবকটিতেই হারল পানামা। তবে এই হারটাই সম্ভবত তাদের সবচেয়ে কষ্টদায়ক, কারণ ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গোল হজম করে খালি হাতে মাঠ ছাড়তে হলো তাদের।
এই ম্যাচ শেষে ‘এল’ গ্রুপে শীর্ষে থাকল আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে হারানো ইংল্যান্ড। পানামাকে হারিয়ে ইংল্যান্ডের সমান পয়েন্ট ঘানার, তবে গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে আছে তারা। যথাক্রমে তিন ও চারে পানামা ও ক্রোয়েশিয়া।
অবশেষে আসল গোল, এগিয়ে গেল ঘানা
গোলশূন্য ড্রয়ের পথে থাকা ঘানা–পানামা ম্যাচ শেষ মুহূর্তে দৃশ্যপট পাল্টাল। শেষ দিকে এসে এগিয়ে গেল ঘানা। ম্যাচের যোগ করা সময়ের ৫ মিনিটে গোল করলেন ক্যালেব ইরেনকি।
গোলকিপার বদলাল ঘানা
বিরতির পর শুরু হলো ঘানা–পানামা ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলরক্ষক বদল করল ঘানা। গোলরক্ষক আতি–জিগি লরেন্স চোটে পড়ায় তাঁকে বদলি করতে বাধ্য হয়েছে দলটি। লরেন্সের জায়গায় মাঠে গোলকিপিং করতে নেমেছেন আরেক গোলরক্ষক বেঞ্জামিন আসারে।
প্রথমার্ধে গোলহীন ঘানা–পানামা ম্যাচ
‘এল’ গ্রুপে ঘানা–পানামা ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। দুই দলই চেষ্টা করেছে গোল আদায়ের। যদিও শেষ পর্যন্ত প্রথম ৪৫ মিনিট পর্যন্ত ম্যাচটি ছিল নিষ্ফলা।
এখন মাঠে ঘানা ও পানামা
বিশ্বকাপে ‘এল’—গ্রুপের ম্যাচে এখন মুখোমুখি হচ্ছে ঘানা ও পানামা। এটি ঘানার ৫ম ও পানামার দ্বিতীয় বিশ্বকাপ আসর। এই গ্রুপের আগের ম্যাচে ইংল্যান্ড ৪–২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে।
ইংল্যান্ড ৪ : ২ ক্রোয়েশিয়া
বিশ্বকাপ মিশনটা মনের মতো শুরু করল ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে হারাল ইংলিশরা। এই জয়ে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারার প্রতিশোধও নিল ‘থ্রি লায়ন্স’রা। ইংল্যান্ডের হয়ে অন্য গোল দুটি জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ডের।
ইংল্যান্ডের জন্য এটি বিশাল এক জয়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে গেল তারা। গ্রুপ ‘এল’–এর দ্বিতীয় ম্যাচে একটু পর মুখোমুখি হবে ঘানা ও পানামা।
এবার রাশফোর্ডের গোল
বদিল হিসেবে মাঠে নেমে ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি করলেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের ৮৫ মিনিটে গোলটি করেছেন এই ইংলিশ তারকা। এই গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় ম্যাচে জয়ও একরকম নিশ্চিত হলো ইংলিশদের।
গোল! ইংল্যান্ড ৩–২ ক্রোয়েশিয়া
দ্বিতীয়ার্ধের শুরুতেই ইংল্যান্ডের গোল! ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে দৌড়ে বক্সে ঢুকে ক্রোয়েশিয়ার জালে গোল করেন জুড বেলিংহাম।
ম্যাচে এ নিয়ে তৃতীয়বারের মতো এগিয়ে গেল ইংল্যান্ড। 
ইংল্যান্ডের বিপক্ষে সমতা ফিরিয়েই বিরতিতে ক্রোয়েশিয়া
ইংল্যান্ডের বিপক্ষে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সমতা ফেরাল ক্রোয়েশিয়া। যোগ করা সময়ের ৫ম মিনিটে সমতাসূচক গোলটি করেন পেতার মুসা। দ্বিতীয়ার্ধে আরও জমজমাট লড়াইয়ের অপেক্ষা।
কেইনের জোড়া গোল
সমতায় ফিরলেও ইংল্যান্ডকে আটকে রাখতে পারল না ক্রোয়েশিয়া। হ্যারি কেইন দ্বিতীয়বার লক্ষ্যভেদ করলে ইংল্যান্ড এগিয়ে যায় ২–১ গোলে। এবার কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে জড়ান ইংলিশ অধিনায়ক।
ক্রোয়েশিয়ার গোল
মার্তিন বাতুরিনার দারুণ এক গোলে সমতায় ফিরল ক্রোয়েশিয়া। ৩৬ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন তিনি।
কেইনের গোলে পিছিয়ে ক্রোয়েশিয়া
বক্সের ভেতর ননি মাদুয়েকেকে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে গোলকিপার লাইন ছেড়ে বেরিয়ে আসায় আবার শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার অবশ্য আর ভুল করেননি কেইন। ১২ মিনিটে তাঁর পেনাল্টি গোলে এগিয় গেল ইংল্যান্ড। কেইন এখন বিশ্বকাপের ইতিহাসে (টাইব্রেকার বাদে) সর্বোচ্চ সংখ্যক পেনাল্টি গোলের রেকর্ডের মালিক। ইংল্যান্ডের এই অধিনায়ক বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করেছেন ৫টি।
শুরু হচ্ছে ইংল্যান্ড–ক্রোয়েশিয়া ম্যাচ
ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, রিস জেমস, জন স্টোনস, জ্যারেল কোয়ানসা, নিকো ও'রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস, ননি মাদুয়েকে, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন।
ক্রোয়েশিয়া একাদশ: দমিনিক লিভাকোভিচ, ইওস্কো গভার্দিওল, লুকা ভুসকোভিচ, ইয়োসিপ শুতালো, ইভান পেরিসিচ, পেতার সুচিচ, লুকা মদরিচ, ইয়োসিপ স্তানিসিচ, মার্তিন বাতুরিনা, মালিও পাসালিচ, পেতার মুসা।
নিষ্প্রভ রোনালদো
পর্তুগালের হয়ে বড় কোনো টুর্নামেন্টে টানা ১০ ম্যাচে গোল করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তাঁর সবচেয়ে দীর্ঘ গোলখরা।
পর্তুগাল ১ : ১ ডিআর কঙ্গো
সকালের ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকের পর সবার চোখ ছিল রাতে মাঠে নামা ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন ‘সিআর সেভেন’। গোল পাননি তিনি এবং ম্যাচও জিততে পারেনি পর্তুগাল। ১–১ ড্রয়ে শেষ হয়েছে পর্তুগাল–কঙ্গো ম্যাচ।
পতুর্গালকে রুখে দিয়ে এই ম্যাচে ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। বিশ্বকাপে প্রথমবারের মতো গোল ও পয়েন্ট পেয়েছে তারা। 
গোলের খোঁজে পর্তুগাল
ম্যাচের ৮০ মিনিট পরও ১–১ সমতায় পর্তুগাল–ডিআর কঙ্গো। গোলের খোঁজে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে পর্তুগাল। দুই একবার কাছাকাছি গেলেও মেলেনি গোল।
অফসাইডে বাতিল পর্তুগালের গোল
৫৫ মিনিটে দুর্দান্ত এক গোল করেছিলেন জোয়াও ক্যানসেলো। তবে সঙ্গে সঙ্গেই সহকারী রেফারির পতাকা উঠে যায়—অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
গোল! পর্তুগাল ১–১ ডিআর কঙ্গো
‘উই হ্যাভ হিস্টরি ইন হিউস্টন!’
ধারাভাষ্যকারের কণ্ঠে আবেগ! ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম গোলেই পর্তুগালের বিপক্ষে সমতায় ফিরল ডিআর কঙ্গো!
প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটে ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রসে হেডে গোল করেন ইওয়ান উইসা। ক্রসটি দেন আর্থার মাসুয়াকু।
আফ্রিকার দলটি সমতায় ফেরার পরই শেষ হয় প্রথমার্ধ।
রোনালদোর আরেক রেকর্ড
৪১ বছর ১৩২ দিন বয়সে পর্তুগাল একাদশের হয়ে খেলতে নেমেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের ইতিহাসে দলের একাদশের হয়ে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন রোনালদো।
আগের রেকর্ডটি ছিল কানাডার আতিবা হাচিনসনের। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ৩৯ বছর ২৯২ দিন বয়সে মাঠে নামেন সাবেক এ মিডফিল্ডার।
৬ মিনিটেই এগিয়ে গেল পর্তুগাল
পর্তুগাল ১–০ ডিআর কঙ্গো
ডিআর কঙ্গোর বিপক্ষে ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে গোল এনে দিলেন জোয়াও নেভেস। পিএসজি মিডফিল্ডারের পর্তুগালের জার্সিতে এটি চতুর্থ গোল। নেতোর পাস থেকে গোলটি করেছেন নেভেস। 
মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

হিউস্টনে শুরু হয়েছে পর্তুগাল–ডিআর কঙ্গো ম্যাচ। এই ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন পর্তুগিজ মহাতারকা। বাংলাদেশ সময় আজ সকালেই রেকর্ডটি গড়েছিলেন মেসি। মেক্সিকোর গিয়ের্মো ওচোয়াও ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসেছেন। তবে ওচোয়া দুটি বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি, খেলেননি এবারের প্রথম ম্যাচও।
পর্তুগালের একাদশ ঘোষণা
ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের একাদশ ঘোষণা করা হয়েছে।
পর্তুগালের একাদশ: কস্তা; কানসেলো, আরাউজো , ভেইগা, মেন্দেস; ভিতিনিয়া, নেভেস; ফার্নান্দেজ, বের্নার্দো, নেতো; ক্রিস্টিয়ানো রোনালদো।
রিয়াল মাদ্রিদে বের্নার্দো সিলভা
২ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা। রিয়ালের সঙ্গে তাঁর চুক্তি ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।
ম্যানচেষ্টার সিটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মৌসুম শেষে।
জর্ডানকে ৩ : ১ গোলে হারাল অস্ট্রিয়া
ম্যাচজুড়ে লড়াই করলেও শেষ দিকে দুই গোল হজম করে হতাশা নিয়েই মাঠ ছাড়ল জর্ডান। প্রথমবার বিশ্বকাপে পা রাখা এশিয়ান দলটি অস্ট্রিয়ার কাছে হেরেছে ৩–১ গোলে।
২০ মিনিটে রোমানো স্মিড অস্ট্রিয়াকে এগিয়ে দেওয়ার পর ৫০ মিনিটে সেটি শোধ দেন আলী ওলওয়ান। ৭৬ মিনিটে জর্ডান আবার পিছিয়ে যায় আত্মঘাতী গোলে। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ইয়াজান আল–আরব।
ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে সেলিম ওবাইদের হ্যান্ডবলে পেনাল্টি পায় অস্ট্রিয়া। যা কাজে লাগিয়ে গোল করেন মার্কো আরনাউতোভিচ।
‘জে’ গ্রুপে আর্জেন্টিনার মতো অস্ট্রিয়ার পয়েন্টও তিন। তবে গোল হজম করায় পয়েন্ট তালিকায় অস্ট্রিয়া দুইয়ে।
আত্মঘাতী গোল জর্ডানের
অস্ট্রিয়া ২–১ জর্ডান
৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করেছে জর্ডান। এটি ছিল আত্মঘাতী। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ইয়াজান আল–আরব।
ভিএআরে গোল বাতিল
অস্ট্রিয়া ১–১ জর্ডান
৬৭ মিনিটে জর্ডানের জালে বল পাঠিয়েছিলেন মার্কো আরনাউতোভিচ। অস্ট্রিয়ার খেলোয়াড়দের উদ্যাপনের এক পর্যায়ে হস্তক্ষেপ করেন ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি। রিপ্লেতে দেখা যায়, আরনাউতোভিচকে যিনি বল পাঠিয়েছিলেন, সেই স্টেফান পশের হাতে বল লেগেছিল। হ্যান্ডবলে গোল বাতিল।
সমতা ফেরাল জর্ডান
অস্ট্রিয়া ১–১ জর্ডান
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা এনেছে জর্ডান। ৫০ মিনিটে গোল করেছেন আলী ওলওয়ান।
জর্ডানের বিপক্ষে এগিয়ে অস্ট্রিয়া
অস্ট্রিয়া ১–০ জর্ডান
বিশ্বকাপ অভিষেক হওয়া জর্ডান প্রথম ম্যাচের প্রথমার্ধে অস্ট্রিয়ার বিপক্ষে পিছিয়ে গেছে। সান ফ্রান্সিসকো বে অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে গোল করেছেন রোমানো স্মিড।
মেসি ৩: ০ আলজেরিয়া
কাতার বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই মেসি করলেন জাদুকরী এক হ্যাটট্রিক। মেসির মায়া ছড়ানোর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে।
এই ম্যাচে হ্যাটট্রিক করে মেসি ছুঁয়ে ফেললেন বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার করা সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। এখন আরেক গোল করলে এককভাবে শীর্ষে উঠবেন আর্জেন্টাইন মহাতারকা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করেন চোখধাঁধানো এক গোল।
এরপর আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের ভুলে মেসি নিজের দ্বিতীয় গোলটি পান ম্যাচের ৬০ মিনিটে। ৭৬ মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে মেসি আদায় করে নেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।
সব মিলিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশনটা মেসি ও আর্জেন্টিনা শুরু করল বড় বার্তা দিয়ে। কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হলেও, ক্ষুধাটা এখনো চার বছর আগের মতোই আছে।
আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচ নিয়ে প্রথম আলোর প্রতিবেদনগুলো দেখে নিতে পারেন:
মেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল
তিন ‘কবিতা’য় শুরু মেসির শেষের ‘কবিতা’
‘মেসিকে নিয়ে কী বলব, ভাষায় প্রকাশ করা কঠিন’
ছবিতে ছবিতে আলজেরিয়ার বিপক্ষে অদম্য মেসি 
মেসি ছুঁলেন ক্লোসাকে
অবিশ্বাস্য! হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা ক্লোসাকে। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি। হ্যাটট্রিকের পরপর ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার সময় মেসিকে দেয়া হলো ‘স্ট্যান্ডিং অভেশন।’ 
বিশ্বকাপে মেসির প্রথম হ্যাট্রটিক
আটকে রাখা গেল না মেসিকে। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন জাদুকর–মেসি। ম্যাচের ৭৬ মিনিটে দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক। 
অল্পের জন্য হ্যাটট্রিক হলো না মেসির
মেসিকে হ্যাটট্রিক বঞ্চিত করলেন লুকা জিদান। মেসির দ্বিতীয় গোলটিতে ভুল করেছিলেন আলজেরিয়ান গোলরক্ষক। তবে একটু পর পুষিয়ে দিলেন সেটি। ৬৬ মিনিটে মেসির গোলের লক্ষ্যে নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন জিনেদিন জিদান–পুত্র।
বিশ্বকাপে মেসির ১৫তম গোল
আবারও মেসি মোমেন্ট! ম্যাচের ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ২–০ গোলে এগিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি।
এটি বিশ্বকাপে মেসির ১৫তম গোল। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫)। মেসির সামনে এখন শুধুই ১৬ গোল করা মিরোস্লাভ ক্লোসা।
আর্জেন্টিনার আরও দুই বদল
দলে আরও দুটি পরিবর্তন আনলেন স্কালোনি। ৫৫ মিনিটে লাওতারো মার্তিনেজের বদলে মাঠে নেমেছেন হুলিয়ান আলভারেজ। একই সময়ে থিয়াগো আলমাদার বদলে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেস।
মার্তিনেজের শট ঠেকালেন আলজেরিয়ার গোলরক্ষক
৫৫ মিনিটে লাওতারো মার্তিনেজের শট দারুণভাবে ঠেকিয়ে দিলেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান।
মন্তিয়েলের বদলে মাঠে নামলেন মলিনা
দ্বিতীয়ার্ধের শুরুতেই দলে পরিবর্তন আনলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গঞ্জালো মান্তিয়েলের জায়গায় মাঠে নামালেন নাহুয়েল মলিনাকে।
মেসিময় প্রথমার্ধ
আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচের প্রথমার্ধের পুরোটা জুড়ে ছিলেন লিওনেল মেসি। খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে শুরু হয় উল্লাস, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্যাপন থেমে যায়। এরপর বাতিল হয় আলজেরিয়ার একটি গোলও।
তবে ১৭ মিনিটে আবারও দৃশ্যপটে মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করলেন অসাধারণ এক গোল। বিশ্বকাপে মেসির করা ১৪তম গোলটি নিয়েই বিরতিতে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পরও কি হবে মেসি জাদু? 
বিশ্বকাপে মেসির ১৪তম গোল
এমন কিছুর জন্য অপেক্ষায় ছিল সবাই! ম্যাচের ১৭ মিনিটে আসল সেই জাদুকরী মুহূর্তটি। লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে নিজের ২০০তম ম্যাচে খেলতে নামা মেসির এটি জাতীয় দলের হয়ে ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল।
মিডফিল্ড থেকে রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে নেন জোরালো শট।
আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আলজেরিয়ার গোলও বাতিল
মেসির গোল বাতিল হওয়ার পর একই অভিজ্ঞতার সাক্ষী হলো আলজেরিয়াও। অফসাইডের কারণে বাতিল হলো তাদের গোলও।
মেসির গোল বাতিল
আর্জেন্টিনা ও লিওনেল মেসির জন্য স্বপ্নের মতো শুরু হতে পারত ম্যাচটি।
খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে উল্লাস শুরু হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্যাপন থেমে যায়।
রিপ্লেতে দেখা যায়, মেসি খুব অল্প ব্যবধানে অফসাইড ছিলেন। ফলে তার গোলটি বাতিল হয়।
এটি হতে পারত বিশ্বকাপে মেসির ১৪তম গোল, কিন্তু ইতিহাসের সেই মুহূর্তের জন্য তাঁকে আরও অপেক্ষা করতে হবে।
আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০০ তম ম্যাচ
ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন মেসি। এর আগে এই মাইলফলকের দেখা পেয়েছেন শুধু পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল–মুতওয়া। মেসির জন্য এই দিনটা আরেকটি কারণে বিশেষ। ২০ বছর আগে এই দিনেই বিশ্বকাপে অভিষেক হয়েছিল তাঁর।
তবে বিশ্বকাপে দেশের হয়ে ২০০ তম ম্যাচ খেলার অভিজ্ঞতায় মেসিই প্রথম!
এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ছেলেদের বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি আসরে খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন কিংবদন্তি। এবারের আসরে পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলকিপার গিয়ের্মো ওচোয়া মাঠে নামলে তাঁরাও মেসির এ রেকর্ডে ভাগ বসাবেন।
মাঠে পৌঁছেছেন মেসিরা
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল এরই মধ্যে কানসাস সিটি স্টেডিয়ামে পৌঁছে গেছেন। আজ বাংলাদেশ সময় সকাল ৭টায় বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া। 
এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মাঠে নামার পালা
বিশ্বকাপে এবার বিশ্বচ্যাম্পিয়নের মাঠে নামার পালা। গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা।
কাতার ২০২২ বিশ্বকাপ জয়ের সাড়ে তিন বছর পরও আলবিসেলেস্তেদের নেতৃত্বে আছেন লিওনেল মেসি। এই ম্যাচের মধ্য দিয়ে তিনি নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছেন। যার ফলে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডও গড়বেন আর্জেন্টাইন মহাতারকা। এই রেকর্ডে তাঁর সঙ্গী পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া।
ম্যাচটি পরিচালনা করবেন পোলিশ রেফারি শিমোন মারচিনিয়াক, যিনি ফ্রান্সের বিপক্ষে ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দায়িত্বে ছিলেন। 
জোড়া গোলে নরওয়েকে জিতিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলান্ডের
নরওয়ে ৪ : ১ ইরাক
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে নরওয়ে। দলের জয়ে জোড়া গোল করেছেন প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা ‘গোলমেশিন’ খ্যাত আর্লিং হলান্ড। ম্যাচের ২৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে গোল করেন হলান্ড। ম্যানচেস্টার সিটি তারকার এই ট্রেডমার্ক গোলের পর ৩৯ মিনিটে লিড হারায় নরওয়ে। বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন ইরাক স্ট্রাইকার আইমেন হুসেইন।
তবে ফের ব্যবধান বাড়াতে হলান্ডের লেগেছে মাত্র ৪ মিনিট। দৌড়ে আসা হলান্ডের সামনে থেকে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তাঁর ফিরিয়ে দেওয়া বল হলান্ডের পায়ে লেগে জালে জড়ায়। বিরতির পর এই ব্যবধান ৩–১ করেন লিও স্কিরি অস্টিগার্ড। এরপর ম্যাচের শেষ মুহূর্তে আইমেন হুসেইনের আত্মঘাতী গোলে ৪–১ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে। সব মিলিয়ে দারুণ এক জয়ে মিশন শুরু করল বিশ্বকাপের অন্যতম আলোচিত ‘ডার্ক হর্স’ নরওয়ে। 
নরওয়ে ৪ : ১ ইরাক
ম্যাচের শেষ মুহূর্তে নরওয়েকে চতুর্থ গোলটি উপহার দিয়েছেন ইরাকি ফরোয়ার্ড আইমেন হুসেইন।
৩–১ গোলে এগিয়ে গেল নরওয়ে
হলান্ডের জোড়া গোলের পর নরওয়ের হয়ে ৭৬ মিনিটে তৃতীয় গোলটি করলেন লিও স্কিরি অস্টিগার্ড। ম্যাচে জয়ের পথে থাকা নরওয়ে এখন এগিয়ে ৩–১ গোলে।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজ।
চলছে হলান্ড ‘শো’—আবারও এগিয়ে নরওয়ে
নরওয়ে ২–১ ইরাক
সমতায় ফেরা ইরাকের খেলোয়াড়দের মনে মনে একটু খুশি হওয়ার সময়ও দিলেন না হলান্ড!
গোল হজমের ৪ মিনিটের মাথায় (ম্যাচে ৪৩ মিনিট) আবারও গোল করলেন নরওয়ে স্ট্রাইকার। দৌড়ে আসা হলান্ডের সামনে থেকে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তাঁর শট হলান্ডের পায়ে লেগে জালে জড়ায়।
গোল! সমতায় ইরাক
ইরাক ১–১ নরওয়ে
হলান্ডের গোলে নরওয়ের লিড টিকল মাত্র ১০ মিনিট। কারণ ইরাক পিছিয়ে পড়েও হাল ছাড়েনি।
৩৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন ইরাক স্ট্রাইকার আইমেন হুসেইন।
২৯ মিনিটে গোল হলান্ডের
নরওয়ে ১–০ ইরাক
বাঁ প্রান্তে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে গোল নরওয়ে স্ট্রাইকার আর্লিং হলান্ডের। ম্যানচেস্টার সিটিতে নিয়মিতই এভাবে গোল করেন।
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোল পেলেন হলান্ড।
শুরু হলো নরওয়ে–ইরাক ম্যাচ
বোস্টন স্টেডিয়ামে গ্রুপ ‘আই’–এর ম্যাচে এখন মুখোমুখি হচ্ছে নরওয়ে ও ইরাক। এর আগে সেনেগালের বিপক্ষে ৩–১ গোলে জিতে এই গ্রুপের শীর্ষে উঠেছে ফ্রান্স।
বিশ্বকাপে গোলের দৌড়ে এমবাপ্পে কোথায়
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা:
মিরোস্লাভ ক্লোসা—১৬ গোল (২৪ ম্যাচ)
রোনালদো নাজারিও—১৫ গোল (১৯ ম্যাচ)
গার্ড মুলার—১৪ গোল (১৩ ম্যাচ)
কিলিয়ান এমবাপ্পে—১৪ গোল (১৫ ম্যাচ)
জাস্ট ফন্টেইন—১৩ গোল (৬ ম্যাচ)
লিওনেল মেসি—১৩ গোল (২৬ ম্যাচ)
পেলে—১২ গোল (১৪ ম্যাচ)
এমবাপ্পের রেকর্ডের জাদু
ফ্রান্স ৩ : ১ সেনেগাল
নিউ জার্সিতে প্রথমার্ধে খুঁজে পাওয়া না যাওয়া ফ্রান্সকে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরালেন কিলিয়ান এমবাপ্পে। ৬৬ মিনিটে ফ্রান্সের হয়ে এবারের বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেন অধিনায়ক এমবাপ্পে। এর ফলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলে অলিভিয়ের জিরুর পাশে বসেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। দুজনের গোল তখন ৫৭। 
যোগ করা সময়ের ৬ মিনিটে গোল করে জিরুকে পেছনে ফেলে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে ওঠেন এমবাপ্পে (৯৯ ম্যাচে ৫৮ গোল)। বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে গোল করেন ২০১৮ আসরে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়ক। বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল এখন ১৪টি।
এমবাপ্পে রেকর্ড গড়ার আগে ৮২ মিনিটে ফ্রান্সের হয়ে গোল করেন বদলি নামা ব্র্যাডলি বারকোলা। সেনেগালের হয়ে যোগ করা সময়ে এক গোল শোধ করেন ইব্রাহিমা এমবায়ে। 
এমবাপ্পের রেকর্ড গড়া গোল
এমব্বাপের রেকর্ড গড়া গোলে সেনেগালের বিপক্ষে ফ্রান্স এগিয়ে গেল ৩–১ গোলে। যোগ করা সময়ের ৫ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে লক্ষ্যভেদ করেন এই ফরাসি তারকা। এই গোলে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা মুকুটও পরলেন এমবাপ্পে। অলিভিয়ের জিরুর ৫৭ গোল ছাড়িয়ে এমবাপ্পের গোল এখন ৫৮। বিশ্বকাপে তাঁর গোল ১৪।
সেনেগালের গোল শোধ
এক গোল শোধ করেছে সেনেগাল। সেনেগালের হয়ে যোগ করা সময়ের ৫ম মিনিটে গোলটি করেছেন ইব্রাহিমা এমবায়ে।
নেমেই গোল করলেন বারকোলা
মাঠে নামার মাত্র তিন মিনিটের মধ্যে ফ্রান্সকে ২–০ গোলে এগিয়ে দিলেন ব্র্যাডলি বারকোলা। ম্যাচের ৭৯ মিনিটে উসমান দেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন এই ফরোয়ার্ড। ৮২ মিনিটে আদ্রিয়াঁ রাবিওর লম্বা করে বাড়ানো থ্রু পাস ধরে ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এই পিএসজি তারকা।
এমবাপ্পের মাইলফলক
কিলিয়ান এমবাপ্পে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন। সেনেগালের বিপক্ষে গোল করে তিনি ফ্রান্সের হয়ে নিজের গোলসংখ্যা ৫৭-তে নিয়ে গেছেন। এর ফলে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুকে ছুঁয়েছেন এমবাপ্পে।
বিশ্বকাপেও বেড়েছে তার গোলসংখ্যা। এই গোল নিয়ে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল দাঁড়িয়েছে ১৩। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র তিনটি গোল।
এমবাপ্পের গোল
প্রথমার্ধের হতাশা ভুলে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরেছে ফ্রান্স। একের পর এক আক্রমণের জেরে ম্যাচের ৬৬ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে গেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাইকেল ওলিসের অ্যাসিস্টে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন ফ্রান্স অধিনায়ক। এমবাপ্পের এই গোলের পরপর বল জালে জড়িয়েছিল সেনেগালও। যদিও গোলটি বাতিল হয় অফসাইডের কারণে।
পেনাল্টি পেল না ফ্রান্স
ফ্রান্সের আক্রমণের একপর্যায়ে বক্সের ভেতর কিলিয়ান এমবাপ্পেকে ট্যাকল করেন সাদিও মানে। রেফারি শুরুতে পেনাল্টি না দিলেও পরে ভিএআর যাচাই করে। তবে তাতেও সিদ্ধান্ত পাল্টায়নি। ৬০ মিনিট পেরিয়ে গেলেও এখনো গোলশূন্য সমতায় ম্যাচ।
মেন্দি ঠেকিয়ে দিলেন এমবাপ্পে–ওলিসেকে
দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে স্বরূপে ফেরার ইঙ্গিত দিচ্ছে ফ্রান্স। তবে মাইকেল ওলিসে ও এমবাপ্পেকে ঠেকিয়ে ফ্রান্সকে গোল বঞ্চিত রেখেছেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি।
প্রথমার্ধে হতাশ করেছেন এমবাপ্পে–দেম্বেলেরা
ফ্রান্স ০ : ০ সেনেগাল
প্রতিভায় ঠাসা ফ্রান্স দল সেনেগালের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হতাশ করেছে। দল হিসেবে তারকা খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার ঘাটতি ছিল স্পষ্ট। এমবাপ্পে–দেম্বেলেরা একেকজন উজ্জ্বল তারকা, কিন্তু সবাই মিলে একই ছন্দে খেলতে পারেননি।গোল দূরে থাক, প্রথমার্ধে ফ্রান্স লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি। ফ্রান্সের চেয়ে সেনেগাল বরং বেশি উজ্জ্বল ছিল। গোলের একাধিক সুযোগও পেয়েছিল তারা। কিন্তু পোস্টের বাধা এবং ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি আফ্রিকান দেশটি। হতাশা ভুলে দ্বিতীয়ার্ধে ফ্রান্স কি ছন্দে ফিরতে পারবে?
সমতায় চলছে ফ্রান্স–সেনেগাল ম্যাচ
নিউ জার্সিতে প্রথমার্ধের ৩০ মিনিটে শেষে গোলশূন্য সমতায় আছে ফ্রান্স–সেনেগাল ম্যাচ। দুই দলই চেষ্টা করছে সুযোগ তৈরির। তবে গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল সেনেগালই। ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে ফিরে আসে। ফ্রান্স এখনো বলার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। 
পোস্টে লাগল জ্যাকসনের শট
ম্যাচের ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে প্রতিহত হওয়ায় অল্পের জন্য গোল পাওয়া হলো না। সেনেগালের।
এমবাপ্পে–মানে মুখোমুখি
নিউ জার্সিতে গ্রুপ ‘আই’–এর ম্যাচে এখন লড়ছে ফ্রান্স–সেনেগাল। তারকায় ঠাসা ফ্রান্স দলকে কি চ্যালেঞ্জ জানাতে পারবেন সাদিও মানেরা?
ইতিহাস গড়ার সুযোগ এমবাপ্পের
আজকের ম্যাচে কিলিয়ান এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে।
ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৫৬ গোল করেছেন ২৭ বছর বয়সী এই তারকা। আর একটি গোল করলেই দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর রেকর্ডে ভাগ বসাবেন তিনি।
বিশ্বকাপেও এমবাপের গোলসংখ্যা ঈর্ষণীয়। ফ্রান্সের জার্সিতে তার ৫৬ গোলের ১২টিই এসেছে বিশ্বকাপের মঞ্চে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের মালিক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের রেকর্ড ছুঁতে এমবাপের দরকার আর মাত্র চারটি গোল।
দিদিয়ের দেশমের কীর্তি
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এখন একই জাতীয় দলকে চারটি বিশ্বকাপে কোচিং করানো ইতিহাসের ষষ্ঠ কোচ। ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—টানা চারটি বিশ্বকাপেই তিনি ফ্রান্সের দায়িত্বে আছেন।
এর আগে এই কীর্তি গড়েছিলেন—
সেপ হারবার্গার (জার্মানি) — ১৯৩৮, ১৯৫৪, ১৯৫৮ ও ১৯৬২
ওয়াল্টার উইন্টারবটম (ইংল্যান্ড) — ১৯৫০, ১৯৫৪, ১৯৫৮ ও ১৯৬২
লায়োশ বারোতি (হাঙ্গেরি) — ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭৮
হেলমুট শ্যোন (পশ্চিম জার্মানি) — ১৯৬৬, ১৯৭০, ১৯৭৪ ও ১৯৭৮
অস্কার তাবারেজ (উরুগুয়ে) — ১৯৯০, ২০১০, ২০১৪ ও ২০১৮
ফ্রান্সের বিপক্ষে সেনেগালের একাদশ
এদুয়ার্দ মেন্দি (গোলরক্ষক), ক্রেপিন দিয়াতা, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, এল হাজি মালিক দিউফ, লামিনে কামারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে, ইসমাইলা সার, নিকোলাস জ্যাকসন, সাদিও মানে।
সেনেগালের বিপক্ষে ফ্রান্সের একাদশ
মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), দায়োত উপামেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে।
মাঠে নামার আগেই আর্জেন্টিনা–আলজেরিয়ার সমর্থকদের মারামারি
বিশ্বকাপের মাঠের উত্তাপ এবার ছড়াল নিউইয়র্কের রাস্তায়। ২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই মারামারিতে জড়ালেন আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকেরা। আজ নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনের বিখ্যাত টাইমস স্কয়ারে দুই দলের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরা একদল সমর্থকের সঙ্গে আলজেরিয়ার জার্সি পরিহিত সমর্থকদের ধস্তাধস্তি ও হাতাহাতি হচ্ছে। ‘ব্রুট অফিশিয়াল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম শেয়ার করা হয়, যা পরে দ্রুতই ভাইরাল হয়ে যায়।
বড় ধাক্কা খেল ইংল্যান্ড
মাঠে নামার আগেই বড় এক ধাক্কা খেল ইংল্যান্ড। বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগের দিনই দল থেকে ছিটকে গেলেন টিনো লিভ্রামেন্টো। কাফ ইনজুরির কারণে এই ইংলিশ ডিফেন্ডারের এবারের বিশ্বকাপের স্বপ্নটা এখানেই শেষ হয়ে গেল।
লিভ্রামেন্টোর দুর্ভাগ্য অবশ্য ভাগ্য খুলে দিয়েছে ট্রেভো চালোবাহর। স্কোয়াডে তাঁর বদলি হিসেবে ডাক পেয়েছেন এই চেলসি ডিফেন্ডার।
উদ্যাপনটা ‘রাজনৈতিক ছিল’
নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের প্রথম গোলটি করেন রামিন রেজাইয়ান। গোলের পর তিনি দর্শকের দিকে ছুটে গিয়ে জার্সি দিয়ে মুখ ঢেকে দেন।
খেলাশেষে তাঁকে এমন উদ্যাপনের কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে সম্প্রচার ক্যামেরায় বলেন, ‘এটা কিছুটা রাজনৈতিক ছিল। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’
লস অ্যাঞ্জেলেসে হওয়া ম্যাচটির সময় সোফাই স্টেডিয়ামের বাইরে প্রবাসী ইরানিদের একটি অংশ বিক্ষোভ করে, যারা দেশটির বর্তমান শাসনকাঠামোর বিরোধী। একটি অংশ খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় দুয়োও দেয়।
খুব সম্ভবত সে দিকে ইঙ্গিত করে রেজাইয়ান বলেন, ‘আমরা এখান ফুটবল নিয়ে কথা বলতে এসেছি। যদি আমাদের মধ্যে (ইরানি দর্শক) কোনো সমস্যা থাকে, আমাদের ভেতরের ব্যাপার।’
তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড
বিশ্বকাপের মাঝপথে হার্ভে রেনার্ডকে কোচ নিয়োগ দিয়েছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। মেক্সিকোয় পৌঁছে মঙ্গলবার তিউনিসিয়া দলের অনুশীলনে দায়িত্ব নেওয়ার কথা তাঁর।
এর আগে গতকাল সাব্রি লামুশিকে বরখাস্ত করে তিউনিসিয়া ফেডারেশন। আফ্রিকান দলটি ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫–১ গোলে হারে।
৫৭ বছর বয়সী রেনার্ড এবার নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপের ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন। ২০১৮ বিশ্বকাপে ছিলেন মরক্কোর কোচ। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের, যে দলটি প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়েছিল। ফরাসি এই কোচের অধীনে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছিল সৌদি আরব। গত ১৭ এপ্রিল তাঁকে বরখাস্ত করা হয়।
৬৮ বছর পর এক দিনে চারটি ড্র
বিশ্বকাপের পঞ্চম দিনে ম্যাচ হয়েছে চারটি, সব কটিই শেষ হয়েছে সমতায়। স্পেন–কেপ ভার্দে ০–০, বেলজিয়াম–মিসর ও সৌদি আরব–উরুগুয়ে ১–১ এবং ইরান–নিউজিল্যান্ড ২–২ ড্র করেছে।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক দিনে চারটি ড্র দেখা গেল ৬৮ বছর পর। সুইডেনে হওয়া ১৯৫৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৫ জুন ড্র করেছিল সুইডেন–ওয়েলস (০–০), যুগোস্লোভিয়া–প্যারাগুয়ে (৩–৩), ইংল্যান্ড–অস্ট্রিয়া (২–২) ও নর্দান আয়ারল্যান্ড–জার্মানি (২–২)।
১৯৩০ থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপে এক দিনে চারটির ড্রর ঘটনা এ দুটিই।
ইরানকে রুখে দিল নিউজিল্যান্ড
ইরান ২–২ নিউজিল্যান্ড
এক যুগ পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে ড্র করেছে। ম্যাচে দুই দফায় এগিয়ে গিয়েছিল ওশেনিয়ার দলটি। দুবারই সমতা ফিরিয়েছে ইরান।
নিউজিল্যান্ডের হয়ে দুটি গোলই করেছেন এলিজা জাস্ট (৭ ও ৫৪ মিনিট)। ইরানের হয়ে সমতা ফিরিয়েছেন রামিন রেজাইয়ান (৩২) মোহাম্মদ মোহেবি (৬৪)।
পূর্ণাঙ্গ ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে: ইরানকে কাঁপিয়ে দিল নিউজিল্যান্ড
ইরান আবার সমতায়
ইরান ২ : ২ নিউজিল্যান্ড
ম্যাচে সমতায় ফিরল ইরান। ম্যাচের ৬৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে রামিন রেজাইয়ানের বাড়ানো বলে মোহাম্মদ মোহেবি জোরালো হেডে বলটি জালে জড়ান।
এই গোলে সহায়তা করা রামিনই করেছিলেন ইরানের প্রথম গোল।
জাস্টের জোড়া গোল
ইরানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবার লিড নিল নিউজিল্যান্ড। এই গোলটিও করেছেন এলিজা জাস্ট।
ইরান ১ : ২ নিউজিল্যান্ড
ইরান ১ : ১ নিউজিল্যান্ড
বিশ্বকাপে আক্রমণ ও প্রতি–আক্রমণে দারুণ এক ম্যাচ উপহার দিচ্ছে ইরান–নিউজিল্যান্ড। প্রথমার্ধ শেষে ম্যাচটি এখন ১–১ সমতায় আছে। ম্যাচের ৭ মিনিটে এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। পরে ম্যাচের ৩২ মিনিটে সমতা ফেরান ইরানের রামিন রেজাইয়ান।
গোল! নিউজিল্যান্ড ১–১ ইরান
পিছিয়ে পড়ার পর ম্যাচের ২৪ মিনিটেই গোল পেতে পারত ইরান। ফরোয়ার্ড মেহদি তারেমির শট পোস্টে লেগে ফিরে আসে। এর ৮ মিনিট পরই কাঙ্খিত গোলটি পেয়ে গেল ইরান। নিউজিল্যান্ডের বক্সে জটলার ভেতর থেকে নেওয়া শটে গোল করেন ইরানের ডিফেন্ডার রামিন রেজাইয়ান।
নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ল ইরান
বিশ্বকাপের অন্যতম আলোচিত দল ইরানের বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নিল নিউজিল্যান্ড। ম্যাচের ৭ মিনিটে দলীয় সমন্বয়ে গড়া আক্রমণ থেকে দুর্দান্ত এক গোলে নিউজিল্যান্ডকে এগিয়ে দিয়েছেন এলিজা জাস্ট।
এখন মুখোমুখি ইরান–নিউজিল্যান্ড
বিশ্বকাপে ‘জি’ গ্রুপের ম্যাচে এখন মুখোমুখি ইরান–নিউজিল্যান্ড। এই ম্যাচটি ইরান ফুটবল দলের জন্য সাধারণ একটি ম্যাচের চেয়ে বেশি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, ভিসা পাওয়া নিয়ে জটিলতা, বেস ক্যাম্প সরিয়ে নেওয়াসহ বিভিন্ন কারণে ইরানের ফুটবল দল এবারের বিশ্বকাপের আলোচিত দলগুলোর একটি। নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে এক দিন আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পা রেখেছিল তারা। ইরান যখন এই ম্যাচ খেলার জন্য মাঠে নেমেছে, তখনো মাঠের বাইরে চলছে নানা ধারনের রাজনৈতিক স্লোগান।
গোলকিপারের জাদুতে উরুগুয়েকে আটকে দিয়েছে সৌদি আরব
২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর স্মৃতিটা এবারও প্রায় ফিরিয়ে এনেছিল সৌদি আরব। উরুগুয়ের বিপক্ষে ৪১ মিনিটে এগিয়ে গিয়ে সেই লিড ৭৯ মিনিট পর্যন্ত ধরে রাখে তারা। তবে এবার শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মরুর দেশটি। ৮০ মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে সমতা ফেরায় উরুগুয়ে। ১–১ সমতাতেই শেষ হয় ম্যাচ।
এই ম্যাচে উরুগুয়ে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে। কিন্তু একটির বেশি গোল আদায় করতে পারেনি তারা। এই ম্যাচের আসল নায়ক সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল–ওয়াইস। ম্যাচে ৯টি গোল সেভ করেছেন তিনি।
পূর্ণাঙ্গ ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে: উরুগুয়েকে ভয় ধরিয়ে দিয়ে পয়েন্ট কাড়ল সৌদি আরব
উরুগুয়ে ১ : ১ সৌদি আরব
মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে অবশেষে গোলের দেখা পেল উরুগুয়ে। ৮০ মিনিটে পাওয়া এই গোলে সৌদি আরবের বিপক্ষে ১–১ গোলে সমতা ফেরাল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সমতা ফেরানোর চেষ্টায় উরুগুয়ে
৭০ মিনিটে পেরোলেও এখনো সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরানোর জন্য লড়ছে উরুগুয়ে। তারা পিছিয়ে ১–০ গোলে। লাতিন দেশটির একাধিক প্রচেষ্টা গোলের কাছাকাছি গিয়ে নষ্ট হয়েছে।
বিরতির আগে সৌদি আরবের গোল
বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে চমক দেখানোর বার্তা দিল সৌদি আরব। আবদুলেলাহ আল–আমরির গোলে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে লিড নিল এশিয়ান দেশটি।
কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী হেড নেন হাসান আল তামবাকতি। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বলটি ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। তাঁর হাত ফসকে বল বেরিয়ে গেলে সুযোগটি লুফে নেন আবদুলেলাহ আল আমরি। কাছ থেকে বল জালে জড়িয়ে সৌদি আরবকে এগিয়ে দেন তিনি। রক্ষণে ভুলের মাশুল দিয়ে ম্যাচে পিছিয়ে পড়ল উরুগুয়ে। এই গোল নিয়েই বিরতিতে গেছে সৌদি আরব। 
উরুগুয়ের সামনে সৌদি আরব
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এখন মুখোমুখি হচ্ছে সৌদি আরব ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সে আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক উপহার দিয়েছিল সৌদি আরব। এবারও কি তেমন কিছু করতে পারবে এশিয়ান দলটি।
আত্মঘাতী গোলে জয় হাতছাড়া মিসরের
সিয়াটল স্টেডিয়ামে বেলজিয়াম–মিসর ম্যাচ ১–১ গোলে ড্র হয়েছে। ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে মোহাম্মদ সালাহর সহায়তায় মিসরকে এগিয়ে দেন ইমাম আশুর। ৬৬ মিনিটে মিসর ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১ পয়েন্ট করে পেল দুই দল।
পূর্ণাঙ্গ ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে: আত্মঘাতী গোলে প্রথম জয়ের অপেক্ষা বাড়ল মিসরের
মিসরের বিপক্ষে অবশেষে সমতা ফেরাল বেলজিয়াম
মাঠে নেমেই বেলজিয়ামের সমতাসূচক গোলের উপলক্ষ হলেন রোমেলু লুকাকু। ম্যাচের ৬৬ মিনিটে লুকাকুকে ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান মিসরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি। এটি চলতি বিশ্বকাপের তৃতীয় আত্মঘাতী গোল।
মিসর ১ : ১ বেলজিয়াম
পোস্ট কাঁপালেন ডি ব্রুইনা!
৫৩ মিনিটে ফ্রি কিক থেকে বল মিসরের পোস্টে মারেন বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনা। দুভার্গ্য!
প্রথমার্ধ শেষে: মিসর ১–০ বেলজিয়াম
বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল মিসর।
গোল: মিসর ১–০ বেলজিয়াম
১৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ইমান আশুরের গোলে এগিয়ে গেল মিসর। আন্তর্জাতিক ফুটবলে এটা তাঁর প্রথম গোল। বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে এগিয়ে গেল মিসর।
শুরু হলো বেলজিয়াম–মিসর ম্যাচ
বেলজিয়াম ও মিসরের ম্যাচ শুরু হয়েছে। মোহাম্মদ সালাহকে নিয়ে নেমেছে মিসর। স্পেন খেলতে নেমেছে লুকাকুকে ছাড়াই।
এটাই কি বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন?
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে ২০০২ বিশ্বকাপে ১–০ গোলে হারিয়েছিল নবাগত সেনেগাল। ১৯৬৬ বিশ্বকাপে ইতালিকেও একই ব্যবধানে হারিয়েছিল উত্তর কোরিয়া। এমনকি চার বছর আগে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল সৌদি আরব।
স্পেন ০–০ কেপ ভার্দে—এই ম্যাচটি তেমন নয়। কিন্তু বিশ্বকাপে অভিষেক ম্যাচে অন্যতম ফেবারিট স্পেনের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়াও চাট্টিখানি অর্জন নয়! কেপ ভার্দের এই দলটি যে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই দেশে ‘জাতীয় বীরে’র মর্যাদা পাবেন, তা নিশ্চিত।
আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে কেপ ভার্দে গ্রুপসেরা হয়েছে। ক্যামেরুনের মতো দলকে হারিয়েছে। জিতেছে অ্যাঙ্গোলা ও লিবিয়ার বিপক্ষেও।
কেপ ভার্দেকে সবাই এখন চিনবে। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়া, টটেনহাম হটস্পার ও নটিংহাম ফরেস্টের সাবেক কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু, ‘ছোট্ট একটি দেশের মানুষ বুক ফুলিয়ে বলতে পারবে যে তারা কেপ ভার্দের নাগরিক, আর আজ সারা বিশ্বের প্রত্যেকেই তাদের এই নতুন পরিচয়কে এক নামে চিনে নিল।’
আসলেই তাই!
অবিশ্বাস্য, বিখ্যাত এক ড্র কেপ ভার্দের!
এটাই কি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ড্র? স্পেনের খেলোয়াড়দের মুখের দিকে তাকানো যাচ্ছে না! কেপ ভার্দের খেলোয়াড়দের চোখে অশ্রু। আহা! বিশ্বকাপের এই তো মজা!
এবার বিশ্বকাপে অন্যতম ফেবারিট ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছে বিশ্বকাপ ইতিহাসে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ (৫ লাখ ২৫ হাজার) কেপ ভার্দে! সেটাও বিশ্বকাপে তাদের অভিষেক ম্যাচে!
কেপ ভার্দে গোলকিপার ভোজিনিয়ার চোখে অশ্রুর বান। দেশের ইতিহাসে অন্যতম সেরা উৎসবের এই লগ্ন নেমেছে তাঁর হাতে ভর করে। ৭টি দারুণ সেভ করেছেন ম্যাচে।
তারকাখচিত স্পেন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন—৮০১টি পাস খেলেও ফিফা র্যাঙ্কিংয়ে ৬৪ তম কেপ ভার্দের জালে বল পাঠাতে পারেনি!
কেপ ভার্দে ৬টি শট নিতে পেরেছে। পোস্টে রাখতে পেরেছে মাত্র একটি। বেশির ভাগ সময়ই পাঁচজনের ব্যাকলাইন নিয়ে রক্ষণ সামলেছে। কখনো কখনো একজন মিডফিল্ডার নিচে নামিয়েও ছয়জন মিলে ডিফেন্স করেছে।
স্পেন যে চেষ্টা করেনি তা নয়, মরিয়া হয়েই খেলেছে। চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা লামিনে ইয়ামালকে বাধ্য হয়ে বদলি নামিয়েছে। ২৭টি শট নিয়ে পোস্টে রাখতে পেরেছে ৭টি। কিন্তু গোলটা আর পাওয়া হয়নি। বল পোস্টেও লেগেছে।
পুরো ম্যাচে গোলের সুযোগ কম বের করেনি স্পেন। কিন্তু প্রায় সময়ই কেপ ভার্দের বক্সে ঢুকে কিংবা তার সামনে মুখ থুবড়ে পড়েছে ফেরান তোরেস, দানি ওলমো, ইয়ামালদের আক্রমণভাগ। কারণ? বুক চিতিয়ে লড়েছে কেপ ভার্দে। স্পেনের বেশির ভাগ শটের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন কেপ ভার্দের ডিফেন্ডাররা। তখন মনে হয়নি দুই দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে ৬১ ধাপের ব্যবধান!
ম্যাচে ৭৪ শতাংশ বল ধরে রেখেছে স্পেন।
ইয়ামাল ও ভোজিনিয়ায় রেকর্ড!
কেপ ভার্দের বিপক্ষে বদলি নেমে ১৮ বছর ৩৪২ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক হলো স্পেন তারকা লামিনে ইয়ামালের। কেপ ভার্দে গোলকিপার ভোজিনিয়ারও এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক ঘটল ৪০ বছর ২২ দিন বয়সে।
ভোজিনিয়া ও ইয়ামালের মধ্যে বয়সের ব্যবধান ২১ বছর ৪৫ দিন!
বিশ্বকাপের ইতিহাসে ম্যাচে দুই প্রতিপক্ষ খেলোয়াড়ের মধ্যে এটাই সবচেয়ে বেশি বয়সের ব্যবধান।
মাঠে নামলেন ইয়ামাল
মিকেল মেরিনোর বদলি হয়ে ৭১ মিনিটে মাঠে নেমেছেন লামিনে ইয়ামাল। অনেক চেষ্টা করেও গোল পাচ্ছে না স্পেন। গোলের পথ বের করতেই সম্ভবত চোটের পর পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা ইয়ামালকে নামালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
লড়াকু কেপ ভার্দে!
প্রথমার্ধের খেলা শেষে স্কোরলাইন যে ০-০ থাকবে, তা হয়তো ম্যাচের আগে খুব কম মানুষই ভেবেছিলেন। তবে পুরো কৃতিত্ব দিতেই হবে কেপ ভার্দে এবং তাদের গোলরক্ষক ভোজিনিয়াকে। রক্ষণভাগে রীতিমতো দুর্গ গড়ে তুলে স্পেনকে চমৎকারভাবে আটকে রেখেছেন তারা।
মাঠের লড়াইয়ে বলের দখল পুরোপুরি স্পেনের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু ম্যাচের শেষ ৫ মিনিটের আগপর্যন্ত সেই বল দখলে রেখে খুব একটা ধার ছড়াতে পারেনি তারা। তবে প্রথমার্ধের শেষ দিকে এসে খোলস ছেড়ে বের হয় স্প্যানিশরা। তোরেস গোল করার এক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন, তাঁর শটটি প্রতিহত হয় ক্রসবারে লেগে। ফিরতি বলে ওইয়ারসাবালের নেওয়া হেড দুর্দান্তভাবে রুখে দেন ভোজিনিয়া। ৪০ বছর বয়সী কেপ ভার্দের এই গোলরক্ষক যেন আজ দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তোরেস ও লাপোর্তের দুটি নিশ্চিত আক্রমণ নষ্ট করে আতলান্তা স্টেডিয়ামে প্রথমার্ধের সমতা (০-০) ধরে রাখেন তিনি।
আধঘণ্টা গোলশূন্য
ম্যাচের আধঘণ্টা পেরিয়ে গেছে। কেপ ভার্দেকে কোনো গোল দিতে পারেনি স্পেন। এমনকি শট অন টার্গেটই মাত্র একটা!
বিশ্বকাপে অভিষেক হলো কেপ ভার্দের
চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী একাদশ নিয়ে মাঠে নামার রেকর্ড গড়ল কেপ ভার্দে। আজ স্পেনের বিপক্ষে তাদের শুরুর একাদশের গড় বয়স ৩১ বছর ২৬ দিন। এই একাদশে আছেন দলটির ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়াও।
কাকতালীয়ভাবে, গতকাল জার্মানির হয়ে মাঠে নেমেছিলেন ম্যানুয়েল নয়ার। আর আজ ভোজিনিয়া মাঠে নামতেই ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য রেকর্ড হয়ে গেল। এই প্রথম বিশ্বকাপের একই আসরে ৪০ বা তার বেশি বয়সী দুজন ফুটবলারকে খেলতে দেখল ফুটবল বিশ্ব।
ইয়ামালকে ছাড়াই নামছে স্পেন
কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচের একাদশে নেই লামিনে ইয়ামাল। গত এপ্রিলে বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর গত কয়েক সপ্তাহ মাঠের বাইরেই ছিলেন ইয়ামাল। তাঁর পুর্নবাসন প্রক্রিয়া এখনও শেষ না হওয়ায় এই ম্যাচের শুরু থেকে নেই ইয়ামাল।
স্পেনের প্রথম একাদশ গোলরক্ষক: ২৩–উনাই সিমন। ডিফেন্ডার: মার্কোস ইয়োরেন্তে, ১৪–এমেরিক লাপোর্ত ,২২–পাউ কুবারসি, ২৪–মার্ক কুকুরেয়া। মিডফিল্ডার: ৮– ফাবিয়ান রুইজ, ৯–গাভি, ১৬–রদ্রি, ২০–পেদ্রি। ফরোয়ার্ড: ৭–ফেরান তোরেস, ২১– মিকেল ওইয়ারসাবাল
শুরুতেই বিড়ম্বনায় উরুগুয়ে
ফ্লাইট বিলম্বের কারণে দেরিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে উরুগুয়ে ফুটবল দল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল ভোরে বিশ্বকাপ অভিযান শুরু করবে মার্সেলো বিয়েলসার দল।
এর আগে মেক্সিকোর কানকুনে অবস্থান করছিল উরুগুয়ে। সেখান থেকে রোববার দুপুরে ফোর্ট লডারডেলের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমান সংক্রান্ত কাগজপত্র জটিলতার কারণে তাদের প্রথম ফ্লাইটটি বাতিল করা হয়।
উরুগুয়ে দলকে নিয়ে যাওয়ার জন্য এরপর দ্বিতীয় একটি বিমানের ব্যবস্থা করা হয়। তবে সেই ফ্লাইটটিও বিলম্বিত হয় এবং শেষ পর্যন্ত মায়ামি স্টেডিয়ামে যখন তারা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের জন্য পৌঁছান, ততক্ষণে বেশ কয়েক ঘণ্টা দেরি হয়ে গেছে। এই পরিস্থিতির জন্য দলটি ফিফাকে দায়ী করেছে।
স্পেনের প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকছেন না ইয়ামাল
ফিট থাকার পরও কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন না ইয়ামাল, জানিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
গত এপ্রিলে বার্সেলোনার হয়ে খেলার সময় চোটে পড়েন ইয়ামাল। আজ ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামতে পারেন।
৫–১ গোলে তিউনিসিয়াকে হারাল সুইডেন
শুরুটা করেছিলেন ইয়াসিন আয়ারি, শেষটাও করলেন তিনিই।
২২ বছর বয়সী এই মিডফিল্ডারের জোড়া গোলের ম্যাচে তিউনিসিয়াকে ৫–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইডেন। অন্য তিনটি গোল করেছেন ভিক্টর ইয়োকেরেস, আলেকসান্দার ইসাক ও মাটিয়াস সভানবার্গ।
সুইডেনের চতুর্থ গোল
সুইডেন ৪:১ তিউনিসিয়া
বদলি নেমেই গোল পেলেন মাটিয়াস সভানবার্গ। ৮৪ মিনিটে হওয়া গোলটি বেশ নাটকীয়তার পরই নিশ্চিত করা হয়েছে।
প্রথম অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল। পরে ভিএআর দেখে সভানবার্গ শট নেওয়ার আগে ইসাকের পা ছুঁয়েছিল বল।
গোলদাতার খাতায় ইয়োকেরেসও
তিউনিসিয়ার বিপক্ষে গোল ব্যবধান আবারও বাড়াল সুইডেন। ৫৯ মিনিটে গোল করেছেন ভিক্টর ইয়োকেরেস।
এই গোলে ইয়োকেরেসের নৈপূণ্যের চেয়ে তিউনিসিয়ার দায়ই বেশি। গোলকিপার শামাখ হাত দিয়ে বল বাড়িয়েছিলেন স্খিরির দিকে। ইসাক যে কাছাকাছি আছেন খেয়াল করেননি। ক্ষীপ্র সুইডিশ স্ট্রাইকার স্খিরির কাছ থেকে বল কেড়ে নিয়ে পাশে থাকা ইয়োকেরেসকে দেন। কোনাকুনি শটে বল জালে জড়াতে কোনো কষ্টই হয়নি আর্সেনাল ফরোয়ার্ডের।
সুইডেন ৩–১ তিউনিসিয়া
প্রথমার্ধে এগিয়ে সুইডেন
মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে গ্রুপের ‘এফ’–এর ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে সুইডেন। সপ্তম মিনিটে ইয়াসিন আয়ারি আর ৩০তম মিনিটে আলেকসান্দার ইসাক গোল করেন। ৪৩ মিনিটে তিউনিসিয়ার হয়ে এক গোল শোধ দেন ওমর রেকিক।
তিউনিসিয়ার গোল
সুইডেন ২–১ তিউনিসিয়া
দুই গোলে পিছিয়ে যাওয়ার পর বিরতির আগেই এক গোল শোধ দিয়েছে তিউনিসিয়া। ৪৩ মিনিটে হানিবাল মেজব্রির বাড়ানো ক্রসে হেডে বল জালে জড়িয়েছেন ওমর রেকিক।
ইসহাকের দারুণ গোল

৩০ মিনিটে আলেকসান্দার ইসাক গোল করে ২–০ গোলে এগিয়ে দেন সুইডেনকে।
সুইডেন ২–০ তিউনিসিয়া।
সুইডেন ১ : ০ তিউনিসিয়া
ইয়াসিন আয়ারির অসাধারণ এক গোলে তিউনিসিয়ার বিপক্ষে এগিয়ে গেল সুইডেন। ম্যাচের ৭ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে সুইডেনের হয়ে গোলটি করেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।
শুরু হলো তিউনিসিয়া–সুইডেন ম্যাচ
বিশ্বকাপে এখন মুখোমুখি হয়েছে তিউনিসিয়া–সুইডেন। এর আগে গ্রু ‘এফ’–এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও জাপান। ম্যাচটি শেষ হয়েছে ২–২ গোলের ড্রয়ে।
আমাদ দিয়ালো জেতালেন আইভরিকোস্টকে
১–০ গোলের জয়ে ইকুয়েডরের ১৯ ম্যাচের অপরাজিত যাত্রা থামিয়ে দিল আইভরিকোস্ট। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালোর ৯০ মিনিটে করা গোলে এই জয়টি পেয়েছে আফ্রিকার দলটি। তাদের জন্য এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল।
১২ বছর পর বিশ্বকাপে ফিরে নিজেদের প্রথম ম্যাচেই আইভরিকোস্ট হারিয়েছে দারুণ ছন্দে থাকা ইকুয়েডরকে। ম্যাচজুড়ে শারীরিক শক্তি, গতি ও লড়াকু মানসিকতার পরিচয় দেওয়া আইভরিকোস্টের জন্য এই জয়টা প্রাপ্যই ছিল। ম্যাচে অবশ্য ইকুয়েডরও দারুণ কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তারা।
এর আগে গ্রুপ ‘ই’র অন্য ম্যাচে কুরাসাওকে ৭–১ গোলে হারিয়েছে জার্মানি। বড় জয় পাওয়ায় শীর্ষেও আছে তারা।
দিয়ালোর গোলে আইভরিকোস্টের লিড
ইকুয়েডরের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল আইভরিকোস্ট। ম্যাচের ৯০ মিনিটে গোলটি করেছেন আমাদ দিয়ালো।
গোলশূন্য প্রথমার্ধ ইকুয়েডর–আইভরিকোস্টের
ম্যাচে ২২ মিনিট ও ২৮ মিনিটে দুবার আইভরিকোস্টের পোস্টে বল মেরেছে ইকুয়েডর। আইভরিকোস্ট গোল করার মতো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। দুই দলই বক্সে ঢুকে শট নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু গোল হয়নি।
ইকুয়েডরের মুখোমুখি আইভরিকোস্ট
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হয়েছে ইকুয়েডর ও আইভরিকোস্টের মধ্যকার ম্যাচ।
ডাচদের কাছ থেকে পয়েন্ট কাড়ল জাপান
জাপান যে কখনো হাল ছাড়ে না সেটা দেখা গেল আবারও!
ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ৮৮ মিনিটে কামাদার গোলে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র করেছে জাপান।
প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ হওয়ার পর চারটি গোলই হয়েছে পরের অর্ধে। ৫১ মিনিটে ডাচ অধিনায়ক ভার্জিন ফন ডাইকের গোল শোধ করেন জাপানের কেইতো নাকামুরা। ৬৪ মিনিটে সামারভিলের গোলে ডাচরা আবারও এগিয়ে গেলেও কামাদার গোলে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার দলটি।
নেদারল্যান্ডস ২ : ২ জাপান
নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৯ মিনিটে সমতা ফিরিয়েছে জাপান। জয়ের স্বপ্ন দেখা ডাচদের থমকে দিয়ে গোলটি করেছেন দাইচি কামাদা।
সামারভিলের গোলে নেদারল্যান্ডসের লিড
দ্বিতীয়ার্ধে দারুণভাবে জমে ওঠেছে জাপান–নেদারল্যান্ডস ম্যাচ। ৫১–৬৪ এই ১৩ মিনিটে আসল তিন গোল। ১–১ সমতা ফেরার পর ৬৪ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।
নেদারল্যান্ডস ২ : ১ জাপান।
সমতা ফিরল জাপান–নেদারল্যান্ডস ম্যাচে
নেদারল্যান্ডসের বিপক্ষে পিছিয়ে পড়ার মাত্র ৬ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফিরিয়েছে জাপান। ৫৭ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে গড়া দারুণ এক আক্রমণ থেকে গোলটি করেছেন মিডফিল্ডার কেইতো নাকামুরা।
গোল! নেদারল্যান্ডস ১–০ জাপান
৫১ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস। ডান প্রান্ত থেকে আসা ক্রসে হেড করে গোল করেন ডাচ তারকা। বক্সে লিভারপুল ডিফেন্ডারের সেই চিরাচরিত হেডে গোল। বল পোস্টে লেগে জালে জড়ায়।
দেশের হয়ে বড় টুর্নামেন্টে এটাই প্রথম গোল ফন ডাইকের।
প্রথমার্ধ শেষে সমতায় জাপান–নেদারল্যান্ড
জাপান–নেদারল্যান্ডস ম্যাচের প্রথমার্ধ ছিল নিষ্ফলা। আক্রমণ ও পাল্টা আক্রমণে দুই দলই চেষ্টা করেছে গোল আদায়ের। কিন্তু প্রথম ৪৫ মিনিটে গোল পায়নি কোনো দলই।
জাপান ০–০ নেদারল্যান্ডস
সেভ!
৩৪ মিনিটে কর্নার থেকে ডাচ ফরোয়ার্ড ডনিয়েল মালেনের হেড কোনোমতে ঠেকান জাপানের গোলকিপার জিওন সুজুকি। তাঁর আরেকটি দারুণ সেভ!
জাপান ০–০ নেদারল্যান্ডস।
বিশ্রাম নেই ফন ডাইকের
লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্ডিল ফন ডাইক ২০২৫-২৬ মৌসুমে ক্লাব (৫৫) ও জাতীয় দল (১১) মিলিয়ে ৬৬তম ম্যাচ খেলতে নেমেছেন। শুধু তাই নয়, ৬৬টি ম্যাচের প্রতিটিতেই তিনি ছিলেন শুরুর একাদশে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে চলতি মৌসুমে এটিই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।
মুখোমুখি নেদারল্যান্ডস–জাপান
বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে নেদারল্যান্ডসের শুরুর একাদশে নেই ডাচ শীর্ষ লিগের কোনো খেলোয়াড়। অথচ প্রতিপক্ষ জাপানের শুরুর একাদশেই ওই লিগে খেলা দুই ফুটবলার রয়েছেন, আয়াসে উয়েদা ও সুয়োশি ওয়াতানাবে।
জার্মানি ৭ : ১ কুরাসাও
ম্যাচটা যে অসম হতে যাচ্ছে সেই ইঙ্গিত আগে থেকেই ছিল। ম্যাচের ৬ মিনিটে ফেলিক্স এনমেচা জার্মানির হয়ে প্রথম গোলটি করেন। কিন্তু এরপর ২১ মিনিটে ইতিহাস গড়া সমতাসূচক গোলটি করে কুরাসাও।
জনসংখ্যার হিসাবে বিশ্বকাপের ইতিহাসে ক্ষুদ্রতম দেশটির হয়ে গোল করনে লিভানো কোমেনেনসিয়া। তবে ম্যাচে কুরাসাওয়ের প্রাপ্তি অইটুকুই।
এরপরের গল্পটা ছিল জার্মানির গোলবন্যার। বিরতির আগেই ব্যবধান ৩–১ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর আরও চার গোল যোগ করে ম্যাচটা জার্মানি শেষ করে ৭–১ ব্যবধানের জয়ে। এই জয় ব্রাজিলের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির ৭–১ গোলের ঐতিহাসিক জয়টাকেই যেন মনে করিয়ে দিল। জার্মানির হয়ে এই ৭ গোল করেছেন আলাদা ৬ জন ফুটবলার। জোড়া গোল করেছেন কাই হাভার্টজ।
জার্মানির হয়ে ৭ম গোল করলেন হাভার্টজ
ব্রাজিলের বিপক্ষে ৭–১ গোলের সেই স্মৃতিই যেন ফিরিয়ে আনল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির হয়ে ৭ম গোলটি করেছেন হাভার্টজ। ম্যাচে এটি হাভার্টজের দ্বিতীয় গোল।
জার্মানি ৬ : ১ কুরাসাও
জার্মানির হয়ে এবার ৬ষ্ঠ গোলটি করলেন ডেনিজ উনদাভ। ম্যাচের ৭৮ মিনিটে এসেছে এই গোলটি। জার্মানির ছয় গোলের প্রত্যেকটি এসেছে আলাদা খেলোয়াড়ের কাছ থেকে।
জার্মানির হয়ে ব্রাউনের গোল
কুরাসাওয়ের বিপক্ষে গোল বন্যায় মেতেছে জার্মানি। এবার জার্মানদের হয়ে ৫ম গোলটি করলেন নাথানিয়েল ব্রাউন। ম্যাচের ৬৮ মিনিটে গোলটির করেন এই লেফটব্যাক।
দুই কোচের ইতিহাস
২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক প্রধান কোচ কুরাসাওয়ের ডিক অ্যাডভোকাট। তাঁর বয়স ৭৮ বছর। অন্যদিকে সবচেয়ে কম বয়সী প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান, যার বয়স ৩৮। দুজনের বয়সের পার্থক্য ৪০ বছর। ফিফা বিশ্বকাপের ইতিহাসে কোনো ম্যাচে মুখোমুখি হওয়া দুই কোচের মধ্যে এটিই সর্বোচ্চ বয়সের ব্যবধান।
কুরাসাওয়ের জালে মুসিয়ালার গোল
কুরাসাওয়ের বিপক্ষে বিরতির পরপরই ব্যবধান বাড়িয়েছেন জামাল মুসিয়ালা। ইয়োশুয়া কিমিখের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন মুসিয়ালা। ম্যাচে জার্মানি এগিয়ে ৪–১ গোলে।
গোল! জার্মানি ৩–১ কুরাসাও
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মুহূর্তে পেনাল্টি পায় জার্মানি। জার্মানির মিডফিল্ডার ফেলিক্স এনমেচা কুরাসাওয়ের বক্সে ফাউলের শিকার হন যোগ করা সময়ে।
পেনাল্টি থেকে গোল করেন জার্মানি ফরোয়ার্ড কাই হাভার্টজ।
৩–১ গোলে এগিয়ে বিরতিতে জার্মানি। বিশ্বকাপে প্রথম গোল পেয়েছে কুরাসাও।
গোল! আবারও এগিয়ে গেল জার্মানি
সমতায় থাকা মাত্র ১৭ মিনিট সহ্য করল জার্মানি।
৩৮ মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক। ২–১ গোলে এগিয়ে জার্মানি।
গোল! জার্মানির জালে কুরাসাও!
বিশ্বকাপে ২১ মিনিটেই ইতিহাস কুরাসাওয়ে।
জনসংখ্যার হিসাবে বিশ্বকাপের ইতিহাসে তাঁরা ক্ষুদ্রতম দেশ। এবারই বিশ্বকাপে অভিষেক। প্রথম ম্যাচেই চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মতো প্রতিপক্ষের বিপক্ষে ২১ মিনিটেই গোল শোধ করল!
বক্সের ভেতর থেকে কুরাসাও রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি জার্মানি গোলকিপার ম্যানুয়েল নয়্যার। গোল!
রেসলার জন সিনার মতো গোল উদ্যাপন কোমেনেনসিয়ার। জার্মানির প্রথম গোলে সিনার এই উদ্যাপনই করেছিলেন দলটির এক সমর্থক।
বিশ্বকাপে প্রথম গোল কুরাসাওয়ের!
হিউস্টন স্টেডিয়ামের গ্যালারির একটি অংশে ‘নীল ঢেউ’য়ের দলের গর্জন উঠেছে। এই মুহূর্তটা কখনো ভুলবে না ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশ কুরাসাও!
ধারাভাষ্যকার ইয়ান ডার্কের কণ্ঠে আবেগ, ‘হিউস্টনে ইতিহাস। মাত্র এক লাখের একটু বেশি মানুষের দেশ স্তব্ধ করে দিল কোটি কোটি মানুষকে!’
গোল! ৬ মিনিটেই এগিয়ে গেল জার্মানি
কুরাসাওয়ের জালে বল পাঠাতে জার্মানির লাগল মাত্র ৬ মিনিট, গোল করেছেন জার্মান মিডফিল্ডার এনমেচা।
কী সাহস

কুরাসাও কোচের বিশ্বাস, তাঁর দল জার্মানিকে ভালোই পরীক্ষায় ফেলতে পারবে।
তিনি বলেছেন, ‘কোচেরা সব সময়ই প্রতিপক্ষকে বিপদে ফেলার পরিকল্পনা করেন। আর এই ম্যাচে জার্মানি যে পরিষ্কার ব্যবধানে এগিয়ে, তা বলাই বাহুল্য; এমনকি তারা বিশ্বকাপেরও অন্যতম দাবিদার। তবে ফুটবলে মাঝেমধ্যেই এমন হয় যে, ছোট দলগুলো এই বড় দলগুলোকে হারিয়ে দেয়। জার্মানির পাশে আমরা খুবই ছোট একটা দল, কিন্তু মাঠের লড়াইয়ে ওদের জন্য আমরা বেশ কঠিন প্রতিপক্ষই হব।’
বিশ্বকাপ অভিষেক কুরাসাওয়ের
আহা, দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কুরাসাওয়ের খেলোয়াড়দের চোখে-মুখে কী আবেগটাই না ফুটে উঠেছিল! ওদের জন্য সত্যিই এক অবিস্মরণীয় মুহূর্ত।
ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় লেখা হতে যাচ্ছে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশটি আজ মুখোমুখি হচ্ছে পরাশক্তি জার্মানির। ইউরোপের এই জায়ান্টরা কি অনায়াসে জয় তুলে নেবে? নাকি কুরাসাও এমন এক অঘটন ঘটিয়ে দেবে, যার কম্পন টের পাওয়া যাবে পুরো বিশ্বজুড়ে?
পারিশ্রমিক পাবেন সেই রেফারি
যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালি রেফারিকে তাঁর পুরো পারিশ্রমিক দেবে ফিফা। সংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে।
ওমর আরতান নামের এই রেফারিকে বিশ্বকাপের অফিশিয়ালসদের তালিকায় রেখেছিল ফিফা। এ লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দরেও পৌঁছান। তবে যুক্তরাষ্ট্র সরকার তাঁকে তাদের দেশে ঢুকতে দেয়নি। এ নিয়ে বিস্তারিত পড়তে পারেন এখানে ও এখানে।
অস্ট্রেলিয়া ২: ০ তুরস্ক
তুরস্ক পারল না। একের পর এক আক্রমণ করেও একবারও অস্ট্রেলিয়ার জালে বল জড়াতে পারেনি দলটি।
নিজেদের গোলপোস্টের সামনে নিখুঁত দেয়াল তুলে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। সেটারই ফল পেয়েছে দলটি। অস্ট্রেলিয়ার হয়ে গোল করেছেন নেস্তরি ইরানকুন্ডা ও কনর মেটকাফ।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় গোল
আবার পাল্টা আক্রমণ, আবার গোল!
গোলপোস্ট থেকে প্রায় ২০ গজ দূরে বল পান কনর মেটকাফ। ম্যাচের ৭৫ মিনিটে সেখান থেকে দারুণ এক শটে বল জালে জড়ান তিনি।
এক গোলে এগিয়ে বিরতিতে অস্ট্রেলিয়া
তুরস্কের বিপক্ষে ১–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে অস্ট্রেলিয়া। ২৭ মিনিটে গোলটি করেন নেস্তরি ইরানকুন্ডা
সেই ইরানকুন্ডার গোল
এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
ম্যাচের ২৭ মিনিটে পাল্টা আক্রমণে গোল আদায় করে নিল অস্ট্রেলিয়া। গোল করেছেন নেস্তরি ইরানকুন্ডা।
বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন ইরানকুন্ডা। ২০ বছর বয়সী এই ফুটবলার পৃথিবীর আলো প্রথম দেখেছিলেন তানজানিয়ার এক শরণার্থীশিবিরে।
আরও জানতে চাইলে
হাইতিকে হারাল স্কটল্যান্ড
২৮ মিনিটে জন ম্যাকগিনের করা গোলেই শেষ পর্যন্ত ১–০ গোলে জিতল স্কটল্যান্ড। ৩৬ বছর পর বিশ্বকাপে প্রথম জয় পেল স্কটিশরা।
‘সি’ গ্রুপে প্রথম ম্যাচ খেলেই ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ড। ১ পয়েন্ট পাওয়া মরক্কো দুইয়ে ও তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। পয়েন্ট না পাওয়া হাইতি চারে।
১–০ গোলে এগিয়ে স্কটল্যান্ড
হাইতির বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্কটল্যান্ড। ম্যাচের ২৮ মিনিটে স্কটিশদের হয়ে গোল করেছেন জন ম্যাকগিন।
লিড নিল স্কটল্যান্ড
হাইতির বিপক্ষে এগিয়ে গেছে স্কটল্যান্ড। ম্যাচের ২৮ মিনিটে স্কটিশদের হয়ে গোল করেছেন জন ম্যাকগিন।
ব্রাজিল ১ : ১ মরক্কো
প্রথমার্ধের হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে নেয় ব্রাজিল। কিন্তু মরক্কোর বিপক্ষে জয়ের জন্য তা মোটেই যথেষ্ট ছিল না। অন্যদিকে প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ম্লান ছিল মরক্কোর পারফরম্যান্সও। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১–১ সমতাতে মাঠ ছেড়েছে দুই দল। ম্যাচে দুই দলের পারফরম্যান্স বিবেচনা করলে ন্যায্য ফলই বলা যায়। ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে: ভিনিসিয়ুসের জাদুতে বাঁচল ব্রাজিল
দুর্দান্ত গোল ভিনিসিয়ুসের
গোল হজম করে একটু অগোছাল হয়ে পড়েছিল ব্রাজিল। দরকার ছিল এমন কাউকে যিনি সমতায় ফেরার পথ দেখাবেন। ঠিক তখনই ভিনিসিয়ুসের পা থেকে উছলে পড়ল জাদু!
৩২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করেন ব্রাজিল তারকা। টিপিক্যাল রিয়াল মাদ্রিদ গোল! স্প্যানিশ ক্লাবটিতে ঠিক এভাবেই বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোল করতে অভ্যস্ত ভিনিসিয়ুস। ব্রাজিলের জার্সিতে এটা তাঁর ৫০ তম ম্যাচ।
ব্রাজিল ১–১ মরক্কো।
গেম অন!
গোল হজম করল ব্রাজিল
ম্যাচে যখনই একটু গোছাল ফুটবল খেলতে শুরু করেছে ব্রাজিল, ঠিক তখনই গোল হজম করল! ২১ মিনিটে থ্রু পাস ধরে ব্রাজিলের গোলকিপার আলিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন মরক্কো ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। পাসটি দেন মরক্কো তারকা ব্রাহিম দিয়াজ।
চাপ তৈরি করেছে মরক্কো
ম্যাচে প্রথম ১০ মিনিটে মরক্কোই চড়াও হয়ে খেলছে। হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রেখেছে মরক্কো। দুটি শটও নিয়েছে তারা। ব্রাজিল এখন পর্যন্ত পোস্টে শট রাখতে পারেনি।
কাতারের জয়ের সমান ড্র
অবিশ্বাস্য!
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডকে শেষ মুহূর্তের গোলে রুখে দিয়েছে কাতার। ম্যাচে বেশিরভাগ সময় পিছিয়ে থাকা কাতার ড্র করেছে ১–১ গোলে।
ক্যালিফোর্নিয়ায় ১৭ মিনিটে পেনাল্টি থেকে সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোর গোলে পিছিয়ে পড়ে কাতার। যোগ করা সময়ে (৯৪ মিনিট) বুয়ালেম খুখির গোলে সমতায় ফেরে তারা।
ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে সুইসরাই। কিন্তু ২৭টি শট নিয়েও একটির বেশি গোাল পায়নি সুইজারল্যান্ড। আর এই সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তের গোলে বাজিমাত করেছে কাতার। ‘বি’ গ্রুপে সব দলেরই সমান ১ পয়েন্ট।
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ :
আলিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।
কদিন ধরেই মরক্কোর বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের সম্ভাব্য একাদশ দিয়ে আসছিল ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো, যেখানে ছিলেন দানিলো, অ্যালেক্স সান্দ্রো এবং মাতেউস কুনিয়া। তবে আনচেলত্তির ঘোষিত একাদশে আছেন ইবানিয়েজ, দগলাস সান্তোস এবং ইগর থিয়াগো।
ব্রাজিল ৯২ বছর ধরে অপরাজিত...
বিশ্বকাপে ব্রাজিল সর্বশেষ তাদের প্রথম ম্যাচে হেরেছিল ৯২ বছর আগে, ১৯৩৪ আসরে। স্পেনের বিপক্ষে ম্যাচটিতে ব্রাজিলের হার ৩–১ গোলে। মরক্কো এ পর্যন্ত ছয়টি বিশ্বকাপে খেলেছে। এই ছয়টি আসরেই মরক্কো কখনো নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি। ৩ হারের বিপরীতে আছে ৩ ড্র।
দারুণ খেলেও মাত্র এক গোল পেল সুইজারল্যান্ড
সানফ্রান্সিসকোতে ম্যাচের শুরুতে ১০ মিনিটের মধ্যে সুইজারল্যান্ড–কাতার দুই দলই একটি করে সুযোগ করে হাতছাড়া করে। এরপর ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে ছুটে যান রেমো ফ্রয়েলার। বলের কাছে সবার আগে পৌঁছালেও কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা তাঁকে ফাউল করে বসেন। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমোবলো। এটি বিশ্বকাপে পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোল। এগিয়ে গিয়ে প্রথমার্ধের বাকি সময়েও দুর্দান্ত দাপট দেখায় সুইজারল্যান্ড। যদিও আর কোনো গোল পায়নি তারা।
বিশ্বকাপে পেনাল্টি থেকে প্রথম গোল সুইজারল্যান্ডের
ম্যাচের ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে ছুটে যান রেমো ফ্রয়েলার। বলের কাছে সবার আগে পৌঁছালেও কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা তাঁকে ফাউল করে বসেন। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমোবলো। এটি বিশ্বকাপে পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোল।
শুরু হলো সুইজারল্যান্ড–কাতার ম্যাচ
বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে এখন মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও কাতার। এর আগে গতকাল রাতে এই গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক কানাডা মুখোমুখি হয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনার। সেই ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল। এই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে ওঠার সুযোগ আছে কাতার ও সুইজারল্যান্ডের।
আনচেলত্তির আলাদা আলাদা একাদশ
ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১২টি ম্যাচে কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়েছেন কার্লো আনচেলত্তি। সবগুলো ম্যাচেই তিনি খেলিয়েছেন আলাদা আলাদা একাদশ।
১৯৮৬ বিশ্বকাপের পর ব্রাজিল দলে নেই ‘নাম্বার টেন’
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটি একটি দীর্ঘ ঐতিহ্যের অবসান ঘটাবে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে আজ ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না নেইমার। ফলে ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে কোনো ‘নাম্বার টেন’ ছাড়া খেলতে নামবে ব্রাজিল। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি জিকো।
মার্তিনেজের হাতে ব্যথা
অনুশীলনে গ্লাভস হাতে বল ধরতে গিয়ে ব্যথায় কাতরেছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনা দলের অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকায় টিওআইসি স্পোর্টসের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে।
রেফারি বদল
চোটের কারণে সরে যেতে হলো রেফারি মাইকেল অলিভারকে। ১৫ তারিখ আইভরিকোস্ট ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ পরিচালনা করার কথা ছিল এই ইংলিশ রেফারির। তাঁর পরিবর্তে এখন এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ার।
ইংল্যান্ড দলে চুরি
ইংল্যান্ড ফুটবল দলের বিভিন্ন সরঞ্জাম খোয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজনকে দুজনকে আটক করেছে কানসাস সিটি পুলিশ। বিস্তারিত পড়ুন এখানে।
জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের
প্যারাগুয়েকে গোলে ভাসিয়ে জয়ে বিশ্বকাপ শুরু করেছে যু্ক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে স্বাগতিকেরা জিতেছে ৪–১ গোলে।
যুক্তরাষ্ট্রের হয়ে দুটি গোল করেছেন বালোগান, একটি রেইনা। অন্য একটি গোল প্যারাগুয়ের বোবাদিয়ার আত্মঘাতী। লাতিন আমেরিকার দেশটির হয়ে এক গোল শোধ দেন মরিসিও।
এক গোল শোধ প্যারাগুয়ের
তিন গোল হজমের পর একটি শোধ দিয়েছে প্যারাগুয়ে। ৭৩ মিনিটে গোলটি করেছেন মরিসিও।
দুর্দান্ত যুক্তরাষ্ট্র
প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ খেলছে যুক্তরাষ্ট্র। প্রথমার্ধ শেষে ৩–০ গোলে এগিয়ে গেল তারা। ম্যাচের ৭ মিনিটে আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে (৪৫+৫) তৃতীয় গোলটিও করেন বালোগান। 
যুক্তরাষ্ট্রের সামনে অসহায় প্যারাগুয়ে
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে আধঘণ্টা না পেরোতেই ২–০ গোলের লিড নিল যুক্তরাষ্ট্র। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ফোলারিন বালোগান। এর আগে একটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে ব্যবধান ৩–০ হতে পারত।
শুরুতেই যুক্তরাষ্ট্রের গোল
ম্যাচের শুরুতেই লিড নিল যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের দুর্দান্ত এক আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের ৭ মিনিটে নিজেদের জালেই বল জড়ান প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া।
আলো ছড়ালেন কেটি পেরি
অবশেষে মঞ্চ আলোকিত করেছেন কেটি পেরি। মার্কিন এই পপ তারকা পারফর্ম তাঁর বিখ্যাত গান ‘ওয়ান্ডার।’ তবে কেটি পেরি একা নন, তাঁর সঙ্গে মঞ্চে যোগ দেয় একটি ছোট ছেলেও!
কেটি পেরির পারফরম্যান্সের পরই শুরু হয়ে গেল স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচ। 
লস অ্যাঞ্জেলেসে তারার মেলা
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান খুব একটা জমল না। পরিবেশটা বিশ্বকাপের উদ্বোধনের চেয়ে একটি স্বাভাবিক ম্যাচ-পূর্ব আবহই হয়ে রইল।
তবে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছেন বেশ কয়েকজন পরিচিত তারকা। মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়ী প্যারিস হিলটন, জনপ্রিয় কলম্বীয়-আমেরিকান অভিনেত্রী সোফিয়া ভারগারা এবং হলিউড অভিনেতা ও কৌতুকাভিনেতা ওয়েন উইলসন মাঠে উপস্থিত ছিলেন।
আনচেলত্তি আরও যা বললেন...
মরক্কোর মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এক অর্থে তাঁর সব প্রতিপক্ষকেই সতর্কবার্তা দিয়েছেন। ইতালিয়ান এই কোচ বলেছেন, ‘আমাদের দলটা পৃথিবীর যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমরা এটাই মনে করি। অভিজ্ঞতা ও যোগ্যতার সংমিশ্রণে গড়া দল। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে—সে বিষয়ে পূর্ণ আস্থা আছে আমাদের।’
মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন না নেইমার
মরক্কোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে কথা বলেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ফিটনেসের সমস্যায় ভোগা নেইমার রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করা হচ্ছে, সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে।’ 
কানাডা–বসনিয়া ম্যাচ ১–১ গোলে ড্র
বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা। টরন্টো স্টেডিয়ামে গতকাল রাতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে দারুণ খেলেও ১–১ গোলে ড্র করেছে স্বাগতিকেরা। এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ৬ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছিল তারা। কিন্তু এবার ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে পয়েন্টের মুখ দেখল কানাডা।
২১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইয়োভো লুকিচ। ৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা।
সমতায় কানাডা
৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে বসনিয়ার বিপক্ষে ১–১ গোলে সমতায় ফিরেছে কানাডা।
আলফানসো ডেভিস কেন মাঠে নেই?
মৌসুমের শেষ দিকে বায়ার্ন মিউনিখের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন কানাডার লেফট ব্যাক আলফানসো ডেভিস। সেই চোট থেকে পুরো সেরে না ওঠায় আজ বসনিয়ার বিপক্ষে কানাডার বেঞ্চে ঠাঁই হয়েছিল কানাডা তারকা। পরে সংবাদমাধ্যম জানিয়েছে, চোটের কারণে এই ম্যাচ থেকেই ছিটকে গেছেন ডেভিস।
প্রথমার্ধ শেষে বসনিয়া এগিয়ে
স্বাগতিক কানাডার বিপক্ষে ১–০ গোলে এগিয়ে বিরতিতে বসনিয়া ও হার্জেগোভিনা। ২১ মিনিটে জোভো লুকিচের গোলে এগিয়ে যায় বলকান অঞ্চলের দেশটি। লুকিচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই প্রথম গোল।
বসনিয়ার গোল
কর্নার থেকে ২১ মিনিটে হেডে কানাডার জালে গোল করেন বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ড জোভো লুকিচ। ম্যাচে ১–০ গোলে এগিয়ে বসনিয়া ও হার্জেগােভিনা। 
মুখোমুখি কানাডা–বসনিয়া
টরন্টো স্টেডিয়ামে শুরু হয়েছে স্বাগতিক কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার ম্যাচ।
বসনিয়ার একাদশে নেই জেকো
কানাডার বিপক্ষে বসনিয়ার একাদেশ জায়গা হয়নি দলটির অভিজ্ঞ ও তারকা ফুটবলার এদিন জেকোর। এ বিশ্বকাপের সবচেয়ে বয়সী ৮ ফুটবলারের জেকো একজন।
কানাডার বিশ্বকাপ বরণ
কানাডার প্রথম অধিবাসী আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় গায়ক উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশনা মঞ্চস্থ করেন।
কানাডার বিশ্বকাপ বরণ অনুষ্ঠানে পারফর্ম করেছেন বলিউড তারকা নোরা ফাতেহি, ফ্রেঞ্চ হিপ হপ গায়ক ভেগেড্রিম ও বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। আকর্ষণীয় ড্রাম বিটে ভরপুর তাদের পরিবেশনা দ্রুতই দর্শকদের মন কাড়ে।
বিশ্বকাপ শুরুর আগেই ঘানার ধাক্কা
ঘানার মিডফিল্ডার থমাস পার্টি কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় টরন্টোতে পানামার বিপক্ষে দলের প্রথম বিশ্বকাপ ম্যাচে খেলতে পারবেন না।
৩২ বছর বয়সী পার্টির বিরুদ্ধে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন ভিন্ন নারীর করা অভিযোগের ভিত্তিতে সাতটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।
আগামী বছর এ মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
মার্তিনেজ সুস্থ
আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর— বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই এমিলিয়ানো মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা। আজ তাঁর মেডিকেল ‘টেস্ট’ হয়েছিল। আর্জেন্টাইন সাংবাদিক টিওআইসি স্পোর্টস জানিয়েছে, তিনি পুরোপুরি সুস্থ এখন। হাতের ব্যান্ডেজ খুলে গ্লাভস পরেই আজ অনুশীলনও করেছেন।
ছিটকে গেলেন ডেভিস
আজ রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক কানাডা। এই ম্যাচ থেকে চোটের কারণে ছিটকে গেছেন দলটির অধিনায়ক আলফোনসো ডেভিস।
দক্ষিণ কোরিয়ার জয়
দক্ষিণ কোরিয়া ২:১ চেক প্রজাতন্ত্র
শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়াই জিতল। ৫৯ মিনিটে ১–০ গোলে পিছিয়ে গিয়েছিল তারা। তবে ৬৭তম মিনিটে হোয়াং ইন–বম ও ৮০তম মিনিটে ওহ হিউয়ান–গিউের গোলে ২–১ চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।
ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে।
এবার এগিয়েও গেল দক্ষিণ কোরিয়া
প্রথমে গোল হজম করা দক্ষিণ কোরিয়া টানা দ্বিতীয় গোল করে ম্যাচে এগিয়ে গেছে। ৮০তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন ওহ হিউয়ান–গিউ।
দক্ষিণ কোরিয়া ২:১ চেক প্রজাতন্ত্র
সমতায় দক্ষিণ কোরিয়া
পিছিয়ে যাওয়ার আট মিনিট পরই চেক প্রজাতন্ত্রের সঙ্গে সমতা এনেছে দক্ষিণ কোরিয়া। ৬৭তম মিনিটে গোল করেছেন ফেনুর্ডে খেলা মিডফিল্ডার হোয়াং ইন–বম।
দক্ষিণ কোরিয়া ১:১ চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্রই এগিয়ে গেল
‘এ’ গ্রুপের দক্ষিণ কোরিয়া–চেক প্রজাতন্ত্রের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫৯তম মিনিটে চেক প্রজাতন্ত্রকে গোল এনে দিয়েছেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। ম্যাচের শুরু থেকে সুযোগ বেশি তৈরি করেছে কোরিয়া, কিন্তু গোলমুখে প্রথম শটে (মূলত হেডে) গোল পেয়েছে ইউরোপীয় দেশটি।
দক্ষিণ কোরিয়া ০:১ চেক প্রজাতন্ত্র
চোটে বিশ্বকাপ শেষ জাপান অধিনায়কের
জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এরপর গতকাল আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানান তিনি।
তাঁর জায়গায় বরুসিয়া মনশেনগ্লাডবাখের শুতো মাচিনোকে দলে অর্ন্তভুক্ত করেছে জাপান।
বিস্তারিত পড়ুন: চোটে বিশ্বকাপ শেষ, তুলে রাখলেন জাতীয় দলের জার্সিও
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে মার্কোস সেনেসি

চোটে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া লিওনার্দো বালের্দির জায়গায় আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন মার্কোস সেনেসি। টটেনহাম ডিফেন্ডার কানসাস সিটিতে আর্জেন্টিনার বেসক্যাম্পে যোগ দেবেন।
জয়ে শুরু মেক্সিকোর

মেক্সিকো ২–০ দক্ষিণ আফ্রিকা
এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল মেক্সিকো। মেক্সিকো সিটিতে আজ ৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছে মেক্সিকো। ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ।
৪৯ ও ৮৪ মিনিটে দুই লাল কার্ড দেখে ৯ জনের দল হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস।
লাল কার্ড দেখল মেক্সিকোও
৩ লাল কার্ড দেখে ফেলল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ৮৪ মিনিটে ৯ জনের দল হয়ে যাওয়ার পর যোগ করা সময়ের ২ মিনিটে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস।
দক্ষিণ আফ্রিকা এখন ৯ জনের
৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখল দক্ষিণ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেছেন মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। এর আগে লাল কার্ড দেখেন স্ফেফেলো সিথোলে।
মোরার ইতিহাস, হিমিনেজের গোলে ২–০ গোলে এগিয়ে মেক্সিকো
৬৬ মিনিটে মাঠে নামলেন বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবার্তো মোরা, পরের মিনিটেই মেক্সিকোকে ২–০ গোলে এগিয়ে দিলেন রাউল হিমিনেজ।
সিথোলের লাল কার্ডে দক্ষিণ আফ্রিকা ১০ জনের
২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পেলেন সিথোলে। ফ্রি কিক পায় মেক্সিকো।
মেক্সিকো ১–০ দক্ষিণ আফ্রিকা, খেলায় বিরতি
প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে স্বাগতিক মেক্সিকো।
৯ মিনিটে গোলটি করেন মেক্সিকো ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস।
প্রথমার্ধের শেষ দিকে গোল করার তিনটি সুযোগ নষ্ট করে মেক্সিকো।
প্রথম গোল মেক্সিকোর কিনিয়োনেসের
২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি এল মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। ৯ মিনিটে গোলটি করেছেন এই ফরোয়ার্ড।
শুরু হয়ে গেল ২০২৬ বিশ্বকাপ

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বাজিয়েছেন রেফারি। মেক্সিকো সবুজ জার্সি ও দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরে খেলছে।
তিন বছরের জন্য রিয়ালের কোচ মরিনিও
জোসে মরিনিও রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিচ্ছেন সেটি একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেই পর্বও আজ সারা হয়ে গেছে। বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই আজ তিন বছরের জন্য পর্তুগিজ কোচের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।
ওচোয়া নেই মেক্সিকোর একাদশে
রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আসা গিয়ের্মো ওচোয়া অনুমিতভাবেই নেই মেক্সিকোর একাদশে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের গোলবার সামলাবেন রাউল রানহেল। মেক্সিকান ক্লাব গুয়াদালাহারায় খেলেন ২৬ বছর বয়সী রানহেল। জাতীয় দলের জার্সিতে এটি তাঁর ১৫তম ম্যাচ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ম্যাচের জন্য অপেক্ষা
উদ্বোধনী অনুষ্ঠান শেষ। এবার ম্যাচ শুরুর অপেক্ষা। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা দল এরইমধ্যে গা গরম করতে মাঠে ঢুকে গেছে। দক্ষিণ আফ্রিকা দল গান গাইতে গাইতেই ঢুকেছে মাঠে।
আজতেকায় চলছে উদ্বোধনী অনুষ্ঠান

বাংলাদেশ সময় রাত ১টা মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। তার আগে ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে চলছে উদ্বোধনী অনুষ্ঠান। মূলত বিখ্যাত সব সংগীত তারকাদের গান দিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠান।
এবারের বিশ্বকাপে অনেক কিছুই নতুন...

জেনে নিন খেলোয়াড়দের নাম
২০২৬ বিশ্বকাপে খেলছে ৪৮ দল। প্রতি দল স্কোয়াডে ২৬ জন খেলোয়াড় রাখার সুযোগ আছে। দেখুন কোন দলের স্কোয়াডে কারা আছেন।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কী কী থাকছে
‘প্রাসাদের নগরী’ মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকেরা। এ ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশ সময় রাত ১১টায়।
বিস্তারিত পড়ুন নিচের লেখায়:
প্রথম আলোর বিশেষ আয়োজন
বিশ্বকাপ উপলক্ষ্যে এরই মধ্যে প্রথম আলো প্রকাশ করেছে ১১২ পৃষ্ঠার ম্যাগাজিন বিশ্বকাপের বাঁশি, যা পাওয়া যাচ্ছে বাজারে। যা পড়লে জানতে পারবেন ৪৮ দলের শক্তি-দুর্বলতা-সম্ভাবনা। সঙ্গে থাকছে ঝলমলে ফিকশ্চারও।
এ ছাড়া বিশ্বকাপ নিয়ে আজ প্রকাশিত হয়েছে ৪ পৃষ্ঠার মলাট ও ৮ পৃষ্ঠার প্রথম আলোর বিশেষ সংখ্যা। বিশেষ সংখ্যার লেখাগুলো পড়তে পারেন প্রথম আলো অনলাইনে। 
ফুটবলের মহাযজ্ঞে আপনাকে স্বাগত!
আজ ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় পর্দা উঠছে বিশ্বকাপের। আগামী ১৯ জুলাই ফাইনাল পর্যন্ত স্থবির হয়ে থাকবে পুরো বিশ্ব। ৪৮ দলের এই বিশ্বযুদ্ধের প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু হলো প্রথম আলোর লাইভ ব্লগ।
মাঠের লড়াই, ম্যাচের ফলাফল ও পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থা জানতে চোখ রাখুন এখানে। প্রতি মুহূর্তের রিয়েল-টাইম আপডেট, গোল, ম্যাচের বিশ্লেষণ ছাড়াও থাকছে নজরকাড়া সব ছবি ও ভিডিওর লিংক। উত্তর আমেরিকার সঙ্গে সময়ের ব্যবধান ভুলে মাঠের উত্তেজনা সরাসরি অনুভব করতে যুক্ত থাকুন আমাদের সঙ্গে।
ফুটবলের এই মহোৎসবে আপনাকে স্বাগতম!
What's Your Reaction?