নায়ক নয়, চরিত্রাভিনেতা হতে চান রিজভী

নায়ক হওয়াটা যেমন কঠিন, তেমনি কখনো আমার জন্য অপ্রাসঙ্গিক। আমার মনে হয় সবাই অভিনেতা হতে আসে।

Jul 8, 2026 - 09:55
 0  1
নায়ক নয়, চরিত্রাভিনেতা হতে চান রিজভী
প্রিয় মালতী, ফেউ, ২ষ, প্রেশার কুকারসহ একাধিক সিনেমা ও সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন রিজভী রিজু। সম্প্রতি পেয়েছেন চরকির ‘পাওয়ার হাউস অব টুমোরো অ্যাওয়ার্ড’। তরুণ এ অভিনেতার পথচলার গল্প শোনাচ্ছেন মনজুরুল আলম
তরুণ অভিনেতা রিজভী রিজু

২০১১ সালে সহকারী পরিচালক হিসেবে বিনোদনজগতে পথচলা শুরু। পরিচালক সামির আহমেদ, পিপলু আর খান, আবদুল্লাহ মোহম্মদ সাদ, মেজবাউর রহমান সুমনদের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রিজভী রিজু। ক্যামেরার পেছনে কাজ করলে কী হবে, তাঁর মন পড়ে থাকত গানে। কারণ, গান ছিল তাঁর ভালোবাসা। গান নিয়ে ক্যারিয়ার গড়া ছিল স্বপ্ন। কিন্তু সুযোগ হচ্ছিল না। পরে ২০১৫ সালে সাউন্ড ডিজাইনার হিসেবে চাকরি শুরু করেন। এর মধ্যেই ২০১৯ সালে পরিচালক মেজবাউর রহমান সুমনের হাওয়া সিনেমায় নাম লেখান। রিজুর কথায়, ‘প্রিয় গান নিয়েই যখন থাকা হচ্ছে না, তখন অভিনয় অঙ্গনে একটু ঘুরে আসা যাক—এমন ভাবনা থেকেই প্রথম সিনেমায় নাম লেখাই।’

তরুণ অভিনেতা রিজভী রিজু

অভিনয়ের প্রেমে
হাওয়ায় তাঁর চরিত্রটি দর্শক পছন্দ করেন। পরে আরও কিছু সিনেমায় যুক্ত হন। একসময় মনে হয় অভিনয়ই তাঁর আসল জায়গা। দীর্ঘনিশ্বাস নিয়ে রিজু বলেন, ‘নতুন একটা জগৎ ভালো লাগতে শুরু করে। একসময় মনে হলো আগে তো চাকরি করতে গিয়ে গান হারিয়েছি, এবার আর চাকরির জন্য অভিনয়কে জীবন থেকে হারাতে চাই না। সাহস নিয়ে চাকরি ছেড়ে অভিনয় শুরু করে দিলাম। এখন অভিনয়ই আমার ধ্যানজ্ঞান।’

রিজভী বলেন, ‘আমি আমার যোগ্যতা জানি। নিজেকে কোথায় দেখতে চাই, সেই লক্ষ্যও আমার কাছে পরিষ্কার। নায়ক হওয়াটা যেমন কঠিন, তেমনি কখনো আমার জন্য অপ্রাসঙ্গিক। আমার মনে হয় সবাই অভিনেতা হতে আসে। অভিনয় দিয়ে সে যখন সামনে আসে, তখন হয়তো তাকে নায়কের জায়গায় বসিয়ে দেওয়া হয়। আমি চরিত্রাভিনেতা হতে এসেছি। চারপাশের বহু চরিত্রকে তুলে ধরতে চাই।’ তিনি মনে করেন, নায়কের অনেক সীমাবদ্ধতা কিন্তু চরিত্রাভিনেতাদের চরিত্রের অভাব নেই।

হাওয়া টিমের সঙ্গে রিজভী রিজু

এখন দর্শক চিনছে
বন্ধু ও সহকর্মীরা তাঁকে নাকি বলেন ভাগ্যবান অভিনেতা। কারণ, সময়ের আলোচিত সব নির্মাতা মেজবাউর রহমান সুমন, রায়হান রাফী, নুহাশ হুমায়ূনসহ প্রায় সবার সঙ্গেই কাজ করেছেন। তাঁর মতে, গুণী সব নির্মাতার কাছে তাঁর অভিনয়ের স্কুলিং হয়েছে। এটা তাঁকে অভিনয়ে অনেক বেশি সহায়তা করেছে। গত ঈদুল ফিতরে প্রেশার কুকার সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর অভিনয় পছন্দ করেছেন দর্শক। রিজভী জানালেন, এখন পর্যন্ত প্রেশার কুকার থেকেই সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন। ‘বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের কারণে দর্শক আমাকে চিনতে পারতেন না। অনেকেই বলতেন হাওয়ার পরে আর অভিনয় করিনি কেন? আসলে অভিনয় তো করেছি। কিন্তু অনেকেই চিনতে পারেননি। এটা প্রেশার কুকার সিনেমার পরে শুনতে হচ্ছে না। কদিন আগে একসঙ্গে তিনটি শর্টফিল্ম লোক, ফর সেল ও হুদাই মিস ইউটিউবে প্রচারিত হয়েছে। কাজগুলো দেখে দর্শক কানেক্ট করতে পেরেছেন। এখন দর্শক কাজ দিয়ে চিনছেন।’

গান নিয়েও রয়েছে তাঁর পরিকল্পনা

ক্যারিয়ার ভাবনা
পাশাপাশি আবার গানের সঙ্গে যুক্ত হচ্ছেন রিজু, ‘মহসীন নিধিসহ আমরা কয়েকজন একসঙ্গে গান করেছি।। আমরা আবার গান নিয়ে ফেরার পরিকল্পনা করছি। কিছু স্টেজ শো করব। এটাও আমার কোর জায়গা। হয়তো বড় পরিসরে গান নিয়ে কাজের সুযোগ পাব না। কিন্তু যে সুযোগ পাব, সেটাকেই কাজে লাগাতে চাই। কারণ, অভিনয় কিংবা গান, যা–ই বলেন, হুট করে একজন ম্যাইকেল জ্যাকসন তৈরি হয় না, আবার হুট করে একজন শাকিব খানও তৈরি হয় না। সবাইকেই স্ট্রাগল করে এগোতে হয়।’ এ প্রসঙ্গে জানালেন, আদনান আল রাজীব পরিচালিত অলটাইম দৌড়ের ওপর নাটকের ‘ও বন্ধু লাল গোলাপি’ গানটির কভার করেছিলেন রিজভী। তখন একাধিক ইভেন্ট ও করপোরেট শো করতেন।

‘পাওয়ার হাউস অব টুমোরো অ্যাওয়ার্ড’ হাতে সহকর্মীদের সঙ্গে রিজভী রিজু

‘পাওয়ার হাউস অব টুমোরো’
সিনেমা ও ওটিটিতে সরব থাকলেও নাটকে তাঁর উপস্থিতি কম। তিনি বলেন, ‘আমি নাটকে কাজ করতে চাই। চরিত্র পছন্দ হলেই ছুটে যাব। আসলে আমি সব মাধ্যমেই ভালো সুযোগের অপেক্ষায় আছি।’

গত শুক্রবার চরকির কার্নিভ্যাল থেকে আগামী দিনের সম্ভাবনাময় অভিনয়শিল্পী হিসেবে ‘পাওয়ার হাউস অব টুমোরো অ্যাওয়ার্ড’ পেয়েছেন। রিজু মনে করেন, ‘এই অ্যাওয়ার্ড আমাকে অনেক উৎসাহ দিচ্ছে। মনে হচ্ছে, সঠিক কাজটিই করে যাচ্ছি।’ বর্তমানে বেশ কিছু সিনেমা ও ওটিটির কাজ নিয়ে ব্যস্ত রিজু। সময় হলেই সেগুলো জানাবেন।

রিজভী রিজু

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow