কাতার বিশ্বকাপ ফেরাতে পারবে ফ্রান্স, না কি মরক্কোর নতুন গল্প

কাতারের আল বাইত আর বোস্টনের জিলেট স্টেডিয়ামের মধ্যে দূরত্বটা ১০ হাজার কিলোমিটারের বেশি। তবে আজ বোস্টনে ফিরে আসছে চার বছর আগের কাতারের স্মৃতি।

Jul 9, 2026 - 23:06
 0  1
কাতার বিশ্বকাপ ফেরাতে পারবে ফ্রান্স, না কি মরক্কোর নতুন গল্প

কাতারের আল বাইত আর বোস্টনের জিলেট স্টেডিয়ামের মধ্যে দূরত্বটা ১০ হাজার কিলোমিটারের বেশি। তবে আজ বোস্টনে ফিরে আসছে চার বছর আগের কাতারের স্মৃতি। আরও একবার বিশ্বকাপের মঞ্চে যে মুখোমুখি ফ্রান্স-মরক্কো! 

ফুটবলীয় ঐতিহ্যে দুই দলের তুলনা হয় না। এক দল দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন, আরেক দল সেমিফাইনালই খেলেছে মাত্র একবার। সেটিও গতবার সেই কাতারেই, যেবার মরক্কোকে হারিয়ে ফ্রান্স চলে গিয়েছিল বিশ্বকাপের ফাইনালে। তবে দুই দলের শক্তির পার্থক্যটা যে গত চার বছরে কমে এসেছে, তার প্রমাণ মরক্কো দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ফ্রান্স, অন্যদিকে মরক্কো ৭ নম্বরে থেকে খুব বেশি পিছিয়ে নেই। মরক্কো আফ্রিকার ফুটবলের বিজ্ঞাপনও হয়ে উঠছে ধীরে ধীরে। এ বছর আফ্রিকান নেশন্স কাপ জিতেছে নাটকীয় ও বিতর্কিত এক সিদ্ধান্তের পর। এই বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে ড্র করে শুরু। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্ব পেরোনোর পর নকআউটে নেদারল্যান্ডস ও কানাডার বাধা পার হয়ে এখন মরক্কোর স্বপ্ন বহুদূর। 

অন্যদিকে ফ্রান্সও ছুটছে দুর্দান্ত গতিতে। নিজেদের সর্বশেষ সাত ম্যাচেই জয়। দলের তিন তুরুপের তাস কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসে প্রতি ম্যাচেই আতঙ্ক ছড়াচ্ছেন প্রতিপক্ষ রক্ষণে। এমবাপ্পে এখন পর্যন্ত করে ফেলেছেন সাত গোল, আছেন গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসির ঠিক পেছনে। দেম্বেলে করেছেন এই বিশ্বকাপে ফ্রান্সের একমাত্র হ্যাটট্রিক।

হ্যাটট্রিকের পর এমবাপ্পের কোলে উসমান দেম্বেলে

এই দুজন গোল করলেও করানোর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন ওলিসে—এখন পর্যন্ত অ্যাসিস্ট করেছেন পাঁচটি। আর একটি গোল করালেই ছুঁয়ে ফেলবেন এক বিশ্বকাপে পেলের ছয় অ্যাসিস্টের রেকর্ড। উইলিয়াম সালিবা ফিরে আসার পর রক্ষণটা আরও জমাট হয়েছে। আর এই ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের দলীয় গভীরতা। বেঞ্চ থেকে এসেও পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা আছে শেরকি, দুয়ে, থুরামদের। একটাই ছোট দুশ্চিন্তা থাকতে পারে আজ দেশমের, চোটের জন্য মধ্যমাঠের ভরসা অরেলিয়েন চুয়ামেনির আজ মাঠে নামা কিছুটা অনিশ্চিত।

সেনেগাল, ইরাক ও নরওয়েকে গ্রুপ পর্বে হারানো ফ্রান্স শেষ ৩২-এ সুইডেনকে হারিয়েছিল সহজেই। শেষ ষোলোর ম্যাচে অবশ্য প্যারাগুয়ে কঠিন পরীক্ষা নিয়েছে এমবাপ্পেদের। এতটাই যে ম্যাচের পর এমবাপ্পেও বলেছেন, দরকার হলে তারাও শরীরী ফুটবল খেলতে পারেন। 

অনুশীলনে মরক্কো ফুটবল দল

আজ হয়তো তেমন কিছু খেলতে হবে না দিদিয়ের দেশমের দলকে। ব্রাজিল ও নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও মরক্কো যখন চোখে চোখ রেখে কথা বলে, ফ্রান্সের বিপক্ষে তারা নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাইবে। মোহাম্মদ উয়াহবির দলটা ট্যাকটিক্যালি বেশ গোছানো, আছেন ব্যবধান গড়ে দেওয়ার মতো অনেকেই। চোটের জন্য এই বিশ্বকাপে তিন গোল করে ফেলা ফরোয়ার্ড ইসমায়েল সাইবারির নামা হচ্ছে না আজ।

মধ্যমাঠে আজ্জেদিন উনাহি গত ম্যাচেই করেছেন দুই গোল, রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজও নিজেকে মেলে ধরেছেন। গোলপোস্টের নিচে আছেন নেদারল্যান্ডস ম্যাচে টাইব্রেকার জয়ের নায়ক ইয়াসিন বনু। এই দলটা যে আসলেই একটা দল হয়ে খেলছে, সে জন্য কৃতিত্ব দিতে হবে এ বছরেই দলের দায়িত্ব নেওয়া কোচ উয়াহবিকেও। ফ্রান্স ম্যাচের আগে তিনি যেন প্রতিপক্ষকে একটা বার্তাই দিয়ে রাখলেন, ‘আজ আমরা আর কোনো চমক নই, আর এটাই আমাদের বড় গর্বের জায়গা।’

মরক্কো যে চমক নয়, আফ্রিকার ফুটবল তা জানে আগে থেকেই। বাছাইপর্ব পেরিয়ে আফ্রিকা থেকে বিশ্বকাপে খেলা প্রথম দল তারা, আফ্রিকা থেকে বিশ্বকাপের শেষ ষোলোতে যাওয়া প্রথম দলও মরক্কো। ফ্রান্সকে হারালে তারা হয়ে যাবে টানা দুই বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা সপ্তম দল। অন্যদিকে এই ম্যাচ জিতলে ফ্রান্স হবে টানা তিন বিশ্বকাপে অন্তত সেমিফাইনালে যাওয়া তৃতীয় দল।

ইতিহাস বলছে, দুই দেশের সম্পর্ক শুধু ফুটবলের মাঠে সীমাবদ্ধ নয়। বিংশ শতাব্দীর বড় একটা অংশজুড়ে মরক্কো ছিল ফরাসি উপনিবেশ, অন্যদিকে আজও ফ্রান্সে বাস করে সাত লাখের বেশি মরোক্কান বংশোদ্ভূত মানুষ। ঔপনিবেশিক শাসক আর সাবেক উপনিবেশের মুখোমুখি হওয়াটা তাই স্রেফ একটা ফুটবল ম্যাচ নয়; হয়তো তার চেয়েও বেশি কিছু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow