ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা, সমঝোতা ভঙ্গের অভিযোগ তেহরানের

সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার জবাবে মার্কিন হামলা চালানো হয়েছে।

Jul 8, 2026 - 09:55
 0  1
ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা, সমঝোতা ভঙ্গের অভিযোগ তেহরানের

যুদ্ধবিরতির মধ্যে ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে—এমন অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, তাদের বাহিনী ধারাবাহিক শক্তিশালী হামলা শুরু করেছে। একটি আন্তর্জাতিক জলপথে নিরীহ বেসামরিক নাবিকবোঝাই বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার পরিপ্রেক্ষিতে ইরানকে কঠোর মূল্য দিতে হামলা চালানো হচ্ছে।

এক্স পোস্টে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার জবাবে মার্কিন হামলা চালানো হয়েছে। ইরানের এ আগ্রাসন ছিল ‘অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন’।

তবে ইরানের কোথায় হামলা চালানো হয়েছে, তা জানায়নি সেন্টকম।

ইরানি সংবাদমাধ্যম ফারসের বরাত দিয়ে আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক ও কেশম এলাকার কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎসস্থল ও কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। 

ওমান উপকূলের অদূরে হরমুজ প্রণালিতে গত সোমবার অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত লাগার কথা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা এবং একটি স্থায়ী শান্তিচুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা চলমান থাকা সত্ত্বেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ নৌপথে হামলার এ ঘটনা ঘটেছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের এক–পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

সমঝোতা ভঙ্গের অভিযোগ ইরানের

যুদ্ধ বন্ধে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে গত ১৮ জুন একটি সমঝোতা স্মারকে সই করে ইরান আর যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওই সমঝোতার ১০ নম্বর শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, দেশটির জ্বালানি তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞায় ‘অস্থায়ী ছাড়’ বাতিল করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের ১০ নম্বর শর্তের সুস্পষ্ট লঙ্ঘন করেছে।

এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সমঝোতা স্মারক সইয়ের ২০ দিনের কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র শর্তের সুস্পষ্ট লঙ্ঘন করল। এতে প্রমাণিত হয়, মার্কিন প্রশাসনকে কখনোই বিশ্বাস করা যায় না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow